Day: November 4, 2019

  • বরিশালে জেএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    বরিশালে জেএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে রাজু মজুমদার নামের এক জেএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাজুর লাশ উদ্ধার করা হয়। সে (রাজু) ওই গ্রামের ভ্যান চালক জালাল মজুমদারের পুত্র ও উপজেলার এবিআর মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলো।

    মৃত রাজুর বাবা জালাল মজুমদার সাংবাদিকদের জানান, প্রায় দেড় বছর আগে তার স্ত্রী মারা যায়। এরপর থেকেই রাজু প্রায় সময় অন্য মনস্ক থাকতো। গত ২ নভেম্বর জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে রাজু মোবাইল ফোনে মায়ের গান শুনছিলো। রবিবার পরীক্ষা না থাকায় সারাদিন রাজু ঘরের মধ্যে দিন কাটিয়েছে। রাতে কাউকে কিছু না বলে সে ঘর থেকে বের হয়। রাত নয়টার মধ্যেও রাজু ঘরে না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুজি করে না পাওয়ায় তারা হতাশ হয়ে পরেন।

  • খোকাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় নির্দেশ :প্রধানমন্ত্রী

    খোকাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় নির্দেশ :প্রধানমন্ত্রী

    নিউইয়র্কে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি নেতা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার খোঁজখবর নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আইনগত বাধা থাকলেও তিনি যেন নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন এ জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    রোববার নিউইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেখতে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

    এ সময় তিনি সাংবাদিকদের জানান, সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় খোকার দেশের ফেরার ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

  • সাদেক হোসেন খোকা আর নেই

    সাদেক হোসেন খোকা আর নেই

    অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আর নেই।

    নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ বেলা ১টার সময় তিনি ইন্তেকাল করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।

    ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।

    ২০১৪ সালের ১৪ মে মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এ সময়কালে দেশে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর কয়েকটিতে তাকে সাজাও দেয়া হয়েছে।

  • বরিশালে দেনাদারের ছুরিকাঘাতে প্রাণ গেল পাওনাদারের

    বরিশালে দেনাদারের ছুরিকাঘাতে প্রাণ গেল পাওনাদারের

    বরিশাল নগরীর কশাইবাড়ি পোল এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রুহুল আমিন নামে এক যুবক নিহত। সোমবার দুপুরে তর্কাতর্কির একপর্যায়ে সুমন নামে এক যুবক তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে রুহুল আমিন গুরুতর আহত হলে উদ্ধার করে হাসাপালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়- কশাইবাড়ি এলাকার বাসিন্দা রুহুল আমিনের কাছ থেকে সাম্প্রতিকালে টাকা ধার নেয় একই এলাকার সুমন। এই টাকা অনেক আগেই দেওয়ার কথা থাকলেও তা দেই দেব করে টালবাহানা করে আসছে সে। যা নিয়ে দুইজনের মধ্যে একাধিকার বিরোধও দেখা দেয়। সেই টাকা সোমবার দুপুরে চাইতে গেলে রুহুল আমিনের সাথে সুমনের বাকবিতন্ডা হয়। এতে সুমন রেগে গিয়ে একপর্যায়ে হাতে থাকা ধারালো ছুরি আল আমিনের পেটে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে শেবাচিমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতক সুমন এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।

    এই তথ্য নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সাথে এ ঘটনায় একটি মামলার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

  • মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তরুণী এখন জনপ্রিয় অভিনেত্রী

    মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তরুণী এখন জনপ্রিয় অভিনেত্রী

    বয়সের তুলনায় সংগ্রামটা করেছেন তিনি অনেক বেশি। এটা যেমন ক্যারিয়ারের জন্য তেমনি বেঁচে থাকার জন্যও। মাত্র দুই বছরের ক্যারিয়ার তার। টেলিজগতে জনপ্রিয়মুখ হয়ে উঠেছেন ঐন্দ্রিলা শর্মা।

    শুধু অভিনেত্রী হিসেবে নন, তার অসম্ভব মনের জোর ও ক্যান্সারের বিরুদ্ধে তার লড়াকু মনোভাবের জন্যেও তিনি সবার প্রিয়। সিনিয়ররা আদর করে, জুনিয়ররা ভালোবেসে জড়িয়ে রাখে। অনেকের কাছে তিনি অনুপ্রেরণাও।

    মুর্শিদাবাদের ছোট শহর থেকে কলকাতায় এসেছিলেন পড়াশোনা করতে। তার পরে কীভাবে হয়ে উঠলেন অভিনেত্রী, সেই গল্প ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন ঐন্দ্রিলা। আর সেটা জানাতে গিয়েই বললেন মৃত্যুকে জয় করে ফেরা সেই করুণ কাহিনির কথাও।

    ঐন্দ্রিলা জানান, ২০১৫ সালে তার ক্যানসার ধরা পড়ে। ক্যানসারের ট্রিটমেন্টটা অসম্ভব পেনফুল। সেটা মুখে প্রকাশ করতে পারেন না তিনি। তারউপর ছিলো বোন ম্যারো টেস্ট, বায়োপসি টেস্ট। আর কেমোর যন্ত্রণা তো ছিলোই। সেটা ভয়াবহ। এসব কিছু জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিলো এই অভিনেত্রীর।

    ঐন্দ্রিলার ভাষ্যে, ‘অনেকে এই কথাগুলো বলতে পছন্দ করে না। বা বলতে চায় না হয়তো, পুরনো মেমরিগুলো চলে আসে বলে। কিন্তু আমার মনে হয় যদি আমার কথা শুনে, এখন যাঁরা সাফার করছেন, তাদের ফ্যামিলি বা তারা একটু হলেও সাহস পান, তবে সেটা আমার কাছে একটা বড় একটা অ্যাচিভমেন্ট।

    যারা ফিল করেছে বা সামনে থেকে দেখেছে তারা ছাড়া বোঝা সম্ভব নয় ক্যান্সারের ভয়াবহতা। কিন্তু একটা জিনিস, খুব হেল্প করেছে। সেটা হলো মনের জোর। ফ্যামিলি সাপোর্ট তো সব সময়েই পেয়েছি। তবে সঙ্গে ছিলো মনের জোর। আমি কখনো ভাবিনি যে, আমার জীবন এখন শেষ।

    যেটা হয় সাধারণত, ক্যানসার নামটা শুনলেই তো মনে হয় এখানেই যেন জীবনটা ফুলস্টপ হয়ে যাবে। কিন্তু এই ভাবনাগুলো কিন্তু শারীরিক অবস্থাকে আরও খারাপ করিয়ে দেয়। মনের জোরটা রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি সেটা পেরেছিলাম।’

    কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘ঝুমুর’ দিয়ে আলোচনায় আসেন মিষ্টি হাসির ঐন্দ্রিলা। এরপর তিনি জনপ্রিয়তা পান ‘জীবনজ্যোতি’ সিরিয়ালে। বর্তমানে তার অভিনীত ‘জিয়নকাঠি’ও তুমুল হিট দুই বাংলার সিরিয়ালপ্রেমীদের কাছে। এখানে জাহ্নবী চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা।

  • গলচিপায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১৯টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

    গলচিপায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১৯টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

    পটুয়াখালীর গলচিপায় অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়িসহ ১৯টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার আমখোলা এলাকার বাদুরা বাজারে এই ঘটনা ঘটে।

    আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজোয়ান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

    তিনি জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে দুপুরে গকুল ইলেকট্রনিক্স নামের দোকানে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে মুহূর্তেই পাশের দোকান ও বাসাবাড়িতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ও বরগুনা জেলার আমতলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকাল ৫টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে ৩টি বসতঘর ও ১৬টি ব্যাবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে।

  • চলন্ত বাসে অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা

    চলন্ত বাসে অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা

    আরও একবার রাতে চলন্ত বাসে যাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো চালক ও তার সহকারীর বিরুদ্ধে। তবে ধস্তাধস্তিকালে ওই ছাত্রী লাথি দিয়ে জানালার কাচ ভেঙে ফেললে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ সময় বাসচালকের দুই সহকারীকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। গত শনিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, বাসের ওই যাত্রী নবম শ্রেণির শিক্ষার্থী। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বাড়ি হলেও
    রাজধানীর মিরপুরে এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করে। এর পাশাপাশি মডেলিং ও অভিনয় করে।
    আটক হওয়া ব্যক্তিরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া গ্রামের কবির হোসেনের ছেলে জুয়েল (২৮) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দনকান্দি গ্রামের আলতু মিয়ার ছেলে আশিক (২২)। তারা দুজনই চালকের সহকারী।

    আটক হওয়া দুজন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালকের নাম হারুন মিয়া ও তার বাবার নাম মৃত আবদুল কুদ্দুস বলে জানিয়েছে। তবে বাসচালকের ঠিকানা জানাতে পারেনি তারা।

    মাওনা মহাসড়ক থানার ওসি মঞ্জুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় নাটকের শুটিংয়ে অংশ নিতে মিরপুর থেকে রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তায় নামে সে। পরে সেখান থেকে সে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী চ্যাম্পিয়ন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে উঠে।

    পুলিশ কর্মকর্তা আরও জানান, কিছুদূর যাওয়ার পর কৌশলে বাস থেকে অন্য যাত্রীদের নামিয়ে দেয়া হয়। তবে এ সময় চালক স্কুলছাত্রীকে আশ্বস্ত করে জানায়, তাদের সমস্যা থাকলেও তাকে গন্তব্যে পৌঁছে দেবে। পরে বিভিন্ন এলাকা ঘুরে গন্তব্যে পৌঁছে না দিয়ে স্কুলছাত্রীকে নিয়ে শ্রীপুরের মাওনা উড়াল-পথে চলে আসে তারা। সেখানে উড়াল-পথের উপর বাসের ভেতর তারা স্কুলছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণচেষ্টা চালায়।

  • নলছিটি সিটিজেন ফাউন্ডেশন(এনসিএফ) পক্ষ থেকে  এসএসসি পরীক্ষার্থীকে আর্থিক সহায়তা

    নলছিটি সিটিজেন ফাউন্ডেশন(এনসিএফ) পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীকে আর্থিক সহায়তা

    ঝালকাঠী প্রতিনিধি//আরিফুর রহমান আরিফ:

    অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) পক্ষ থেকে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের হতদরিদ্র এসএসসি পরীক্ষার্থী শিউলী আক্তারকে আর্থিক সহায়তার মাধ্যমে ফরম পূরণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সোমবার ৪ (নভেম্বর) দুপুরে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিল আকন্দ, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, এস.আর সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য সিটিজেন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো- ১/সংগঠনটি সর্বদা অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে। ২/প্রতি উপজেলার গরীব ও মেধাবীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা। ৩/অসহায় ও দুস্থদের সার্বিক সহায়তা করা। ৪/দুরারোগ্য ও ব্যয়বহুল চিকিৎসার রোগে আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান। ৫/গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ৬/যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো। ৭/মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ রোধসহ সামাজিক অপরাধসমূহের বিরুদ্ধে সবাইকে সচেতন করা ও খেলাধুলা ও সামাজিক কাজকর্মে ছাত্র-যুবকদের অংশগ্রহণে সাহায্য করা। ৮/যেকোনো ধরনের বিরোধ বা বৈষম্যের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করা। ৯/বৃক্ষরোপণ, পরিছন্ন ও পরিবেশবান্ধব কর্মকান্ডে অংশগ্রহণ করা। ১০/সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা এবং কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করা

  • বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি

    বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি

    বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খানকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে।

    আমজাদ হোসেন খান ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের খুলনা ও বরিশাল অফিসে বিভিন্ন বিভাগে গূরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমজাদ হোসেন খান ২০১০ সাল থেকে খুলনা ও বরিশাল বিভাগে ব্যাংকিং সেবা বঞ্চিত প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। পেশাগত জীবনে দাপ্তরিক প্রয়োজনে তিনি জাপান, স্পেন, থাইল্যান্ড ও নেপাল এ প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি একজন রোটারিয়ান, বাংলাদেশ অর্থনীতি সমিতি ও খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সন্ধানী ডোনার ক্লাব, খুলনার উপদেষ্টা।

  • বাংলাদেশ ক্রিকেট দলকে  শুভেচ্ছা জানিয়েছেন বিসিসি মেয়র সাদিক

    বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসি মেয়র সাদিক

    ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ৭ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। পাশাপাশি মেয়র আশা করেন আগামী ম্যাচ গুলোতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে।