Day: November 6, 2023

  • বরিশালে বিপুলপরিমাণ ইয়াবাসহ আটক ২

    বরিশালে বিপুলপরিমাণ ইয়াবাসহ আটক ২

    বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ এক পুলিশ সদস্য ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

    সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বিমানবন্দর থানাধীন রহমতপুর বাস টার্মিনাল থেকে ১৯৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন।

    আটককৃতরা হলেন- বরিশাল জেলা পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। জানাযায়, এই পুলিশ সদস্য পূর্বেও মাদকসহ আটক হয়েছেন। একারনে বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজড রয়েছেন।

    অপর আরেকজন আসামি হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম (৪০)।

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস টার্মিনাল থেকে ১৯৯০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকৃতর একজন পুলিশ সদস্য এবং অপরজন তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।

    তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

  • আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

    আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

    সরকারের পদত্যাগে এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

    একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

    সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এর আগে সোমবার দুপুরে এলডিপির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়।

    ২৮ অক্টোবর রাজনৈতিক সংঘাতের পর এটি বিএনপি ও সমমনা দলগুলোর তৃতীয় বারের মতো অবরোধ কর্মসূচির ঘোষণা।

    বিএনপির দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার সকাল ৬টায় শেষ হচ্ছে।

    অবরোধ কর্মসূচি সফলের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী।

    রিজভী অভিযোগ করেন, বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান চলছে। এখন নারী নেতাকর্মীরাও গ্রেফতার থেকে রেহাই পাচ্ছেন না। নারীদেরকে পুরুষ পুলিশ সদস্যরা গ্রেফতার করছেন, যা কোনো আইনে নেই। র‌্যাবকে আবারও বিরোধী দল দমনে নামানো হয়েছে।

    বিএনপির এই নেতা দাবি করেন, ক্ষমতাসীনরা বাসে আগুন দিয়ে দায় চাপায় বিরোধীদের। বাসে আগুন দিয়ে ধরা পড়ছে আওয়ামী লীগের নেতাকর্মী, যা ইতোমধ্যে প্রমানিত। অথচ তাদের আইনের আওতায় আনা হচ্ছেনা। মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী, আদালত সরকারের কব্জায়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস করলেও মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীরা করছে। এটি একটি সরকারের মাস্টারপ্লানেরও অংশ। যতই ষড়যন্ত্র করা হোক না কেন জনগণ এবার আর একদলীয় নির্বাচন করতে দেবে না।

    পতনের আগে শেষ তাণ্ডব শুরু করেছে সরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাষা বুঝলে অবিলম্বে পদত্যাগ করুন। কোনভাবেই এই গণজোয়ার ঠেকানো যাবে না। আন্দোলন সফল হবেই, জনগণের বিজয় হবেই।

    গ্রেফতারের তথ্য তুলে ধরে রিজভী বলেন, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭৫’র বেশি নেতাকর্মীকে। মামলা হয়েছে ১০টি, আসামী ৯৯৫ জনের অধিক নেতাকর্মী।

  • আ. লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হতে পারে: আমু

    আ. লীগ ক্ষমতায় না আসলে ভাতা বন্ধ হতে পারে: আমু

    আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় না আসলে বিভিন্ন ধরনের ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সহযোগিতা চালু রেখেছেন। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না আসতে পারলে এসব সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

    আজ সোমবার সকালে ঝালকাঠি সদর উপজলোর গাভারামচন্দ্রপুর ইউনয়িনে আওয়ামী লীগ ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আলম ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজলো পরষিদ চয়োরম্যান খান আরফিুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর ময়ের মো. লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার।

    এদিন বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজলো পরিষদ মিলনায়তনে জেলার চারটি উপজেলায় রবি মৌসুমের জন্য ১৪ হাজার ৯০ জন কৃষককে ১৪ হাজার ৯০ বিঘায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখি, সয়াবিন, মুগ, মশুর ও খেসারি চাষের জন্য প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করেন আমির হোসেন আমু। জেলায় রবি মৌসুমের জন্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা এ খাতে কৃষি প্রণোদনা দেওয়া হয়।

    সদর উপজলো নির্বাহী কর্মকর্তা (এইএনও) অনুজা মন্ডলের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজলো পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধদিপ্তররে উপ পরিচালক মনিরুল ইসলাম, নলছিটি উপজলো পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

    এ দিকে ঝালকাঠিতে চার কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলজেরে দুইটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার সকালে ফলক উন্মোচনের মাধ্যমে ভবন দুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

  • রামদা হাতে যুবলীগ নেতার মিছিল, ফেসবুকে সতর্কবার্তা

    রামদা হাতে যুবলীগ নেতার মিছিল, ফেসবুকে সতর্কবার্তা

    বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচিতে রামদা (দেশী অস্ত্র) হাতে নিয়ে মিছিল করেছে যুবলীগের এক নেতা। সেই মিছিলে থাকা ছাত্রলীগের সাবেক এক নেতা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আলোচনার সৃষ্টি করেছে। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের।

    জানা গেছে, রামদা হাতে নিয়ে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রামদা হাতে নিয়ে তার মিছিল করার ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে ওই ইউনিয়নেরই ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগ কর্মী আরিফ রহমান। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে করে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে ছাত্রলীগের সাবেক ওই নেতা লিখেন, ‘ছোট একটি সতর্কবার্তা।’

    ভিডিওটিতে দেখা যায়, বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মৌডুবি বাজারে একটি মিছিল করা হয়। মিছিলটির সামনেই নেতৃত্ব দিচ্ছিলেন যুবলীগ নেতা কাওসার ফরাজী ও ছাত্রলীগের সাবেক নেতা আরিফ রহমান। এসময় রামদা উচিয়ে মিছিল করতে দেখা যায় যুবলীগ নেতা কাওসারকে।

    অবশ্য বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে রামদা হাতে নিয়ে মিছিল করার বিষয়টি স্বীকার করে মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাওসার ফরাজী বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত) সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কি করমু আমরা? আমরা দলের জন্য করছি।’

    এদিকে হাতে রামদা নিয়ে যুবলীগ নেতার মিছিল করার বিষয়টিকে অতিউৎসাহী কর্মকাণ্ড বলছেন আওয়ামী লীগের কেউ কেউ।

    এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখা হবে।’

    বিএনপি-জামায়াতের হরতালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ অক্টোবর উপজেলার মৌডুবি বাজারে মিছিলটি বের করা হয়েছিল।

  • মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

    মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

    পটুয়াখালীর মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম আকন (৩৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

    সোমবার (৬ নভেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শহিদুল ওই গ্রামের হাশেম আকনের ছেলে।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ঘটনার সময় একই বাড়ীর হারুন আকনের পুকুরে মাছ ধরার জন্য ইলেকট্রিক ওয়াটার পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছুক্ষন পরে প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইন মেনে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।