বরিশালে শ্রমিক আন্দোলনের মুখে সভাপতি আফতাব হোসেন’র পদত্যাগ

অনলাইন ডেস্ক:

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ থেকে ‘আর কোন দাবি নাই, আফতাবের পদত্যাগ চাই’ স্লোগান দেওয়া হয়। এ সময় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রমিক বিক্ষোভ চলার মধ্যেই বাস মালিক গ্রুপের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন আফতাব হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাস মালিক গ্রুপের সহসভাপতি মো. ইউনুস আলী খানের কাছে দায়িত্বভার দিয়ে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন আফতাব। শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে সভাপতির দায়িত্ব পালন করতে না পাড়ার কারণে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেন পদত্যাগ পত্রে।

গত ৩ জানুয়ারি সকালে সড়কের মধ্যে বাস থামিয়ে যাত্রী উঠা-নামা করানোর কারণে এক পরিবহন শ্রমিককে মারধর করেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। এ ঘটনায় তাৎক্ষণিক নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হলেও শ্রমিক অসন্তোষ অব্যাহাত থাকে। এর পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় পদত্যাগ করেন আফতাব হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *