লিটন-মুশফিক এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে

৩৬০ রানের পাহাড়সমান লক্ষ্য। শুরুটা যেমন মারকুটে দরকার ছিল, ঠিক তেমন না হলেও বেশ দেখেশুনেই খেলতে থাকেন দুই ওপেনার সৌম্য সরকার আর লিটন দাস। তাদের ৪৯ রানের উদ্বোধনী জুটিটি ভাঙে পাওয়ার প্লে’র দশম ওভারে এসে।

জাসপ্রিত বুমরাহ বেরিয়ে যাওয়া একটি ডেলিভারি সৌম্যর ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের হাতে। ২৯ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৫ রান করেন বাঁহাতি এই ওপেনার।

এরপরই সবচেয়ে বড় ধাক্কাটা খায় বাংলাদেশ। সৌম্য ফেরার ঠিক পরের বলেই দুর্দান্ত এক ইয়র্কারে সাকিব আল হাসানকে বোল্ড করেন বুমরাহ। বিশ্বসেরা অলরাউন্ডার ফেরেন গোল্ডেন ডাকেই।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন লিটন আর মুশফিকুর রহীম। তৃতীয় উইকেটে তারা এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন ৩৫ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। লিটন ৩৫ আর মুশফিক ২০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

এর আগে লোকেশ রাহুুল আর মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৫৯ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করায় ভারত।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের কাছে নাকাল হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশের বিপক্ষে আজ (মঙ্গলবার) কার্ডিফে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শুরুতে বেশ দেখেশুনে খেলেছেন তারা। পাওয়ার প্লে’র প্রথম ১০ ওভারে ভারত তুলতে পারে ১ উইকেটে মাত্র ৩৪ রান।

কার্ডিফে রোদ বৃষ্টির লুকোচুরির দিনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই বল পেরোতেই বৃষ্টিতে খেলা বন্ধ করে দিতে হয়।

তবে একটু বিরতি দিয়ে আবারও শুরু হয় ম্যাচ। আর নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার।

এরপর দ্বিতীয় উইকেটে মাটি কামড়ে ব্যাটিং শুরু করেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। ১৪তম ওভারে এসে তাদের ৪৫ রানের জুটিটি ভাঙেন রুবেল হোসেন। টাইগার পেসারের দুর্দান্ত এক ডেলিভারি ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয় রোহিতের। ভারতীয় ওপেনার তখন ১৯ রানে।

তারপর ৪৭ রানে কোহলি বোল্ড সাইফউদ্দিনের বলে। আর রুবেলের দ্বিতীয় শিকার হয়ে ২ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বিজয় শঙ্কর। ১০২ রানেই ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে ভারত।

সেখান থেকে দলকে টেনে তুলেন রাহুল আর ধোনি। পঞ্চম উইকেটে এই যুগল গড়েন ১৬৪ রানের বড় জুটি। ৯৯ বলে ১২ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০৮ রান করে রাহুল পার্টটাইম লেগস্পিনার সাব্বির রহমানের শিকার হন।

তবে অভিজ্ঞ ধোনিকে আটকে রাখা যায়নি। শেষ ওভারে এসে সাকিব আল হাসান বোল্ড করেন তাকে। ৭৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংসে ৮ বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কা হাঁকান ভারতকে দুইটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রুবেল আর সাকিব। একটি করে উইকেট মোস্তাফিজ, সাইফউদ্দিন আর সাব্বির রহমানের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *