বরগুনায় আইসোলেশন ওয়ার্ডের নার্স করোনায় আক্রান্ত

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়াল।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন খান।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য করোনাভাইরাসে সংক্রমিত ওই নার্স কয়েক ধাপে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে দায়িত্ব পালন করেছেন। করোনায় সংক্রমিত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি বরগুনা জেনারেল হাসপাতালে করোনা বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তবে তাকে আইসোলেশনে নেয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন খান যুগান্তরকে বলেন, ইতিমধ্যে আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এ ছাড়া তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *