Author: banglarmukh official

  • সন্ধ্যায় ড. কামালের বাসায় জাতীয় ঐক্যের বৈঠক হচ্ছে না

    সন্ধ্যায় ড. কামালের বাসায় জাতীয় ঐক্যের বৈঠক হচ্ছে না

    জাতীয় ঐক্যের আন্দোলন-কর্মসূচি চূড়ান্ত করতে ড. কামালের বাসায় আজ সন্ধ্যায় কোনো বৈঠক হচ্ছে না।

    বৈঠকের বিষয়ে ড. কামাল হোসেন নিজেও জানেন না। এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মোস্তফা আমিন।

    আজ সোয়া চারটার দিকে তিনি জানান, ড. কামালের বাসায় যে বৈঠক হবে, এ তথ্য তিনি নিজেই জানেন না। হোস্ট যদি নিজেই না জানে, সেখানে বৈঠক হয় কি করে।

    উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বিএনপিসহ জাতীয় ঐক্যের নেতাদের বৈঠক থেকে জানানো হয়, পরবর্তী বৈঠক হবে ড. কামালের বাসায় ১১ অক্টোবর সন্ধ্যায়।

  • নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য

    নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য

    খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন পরিষদের ১ম সাধারণ সভা বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
    সভায় মহানগরীর উন্নয়নে স্বল্প সময়ের মধ্যে ১ হাজার ৪৩১ কোটি টাকার দু’টি প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

    সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নগরবাসীকে দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। অনুমোদনকৃত প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি কাউন্সিলরদের সহযোগিতাসহ সরকারি-বেসরকারি সকল সেবামূলক সংস্থাকে দায়িত্ব পালনে যত্নবান হওয়ার আহবান জানান।

    এসময় খুলনা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধনকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ড্রেনের ওপর ও ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা অপসারণসহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

    কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

  • বরিশাল গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দুই জনের

    বরিশাল গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দুই জনের

    বরিশাল গৌরনদীর বাইচখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিএমএফ পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

    বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

    গৌরনদীর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, সকালে মাওয়া থেকে যাত্রীবাহী বাস বিএমএফ পরিবহন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর পৌনে ২টার দিকে গৌরনদীর বাইচখোলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন প্রায় ১০ জন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি শেখ আতিয়ার রহমান।

  • বরিশালে বৃষ্টির মধ্যে প্রাইভেট পড়তে গিয়ে প্রাণ গেল শাওনের

    বরিশালে বৃষ্টির মধ্যে প্রাইভেট পড়তে গিয়ে প্রাণ গেল শাওনের

    বরিশালে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ঝড়ো বাতাসে গাছ ভেঙে চাপা পড়ে মেহেদী হাসান শাওন (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত শাওন নবগ্রাম রোড এলাকার শহীদুল ইসলামের ছেলে এবং নগরীর চৌমাথা এলাকায় বিআইটিসি কলেজের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম কলেজছাত্র শাওনের স্বজনদের বরাত দিয়ে জানান, শাওন সকালে চৌমাথায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রাইভেট পড়তে বের হয়। নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আসলে বৃষ্টির কারণে নারিকেল গাছের নিচে অপেক্ষা করছিল। এ সময় ঝড়ো বাতাসে পুরনো নারিকেল গাছটি ভেঙে শাওনের ওপর পড়ে। এতে সে গাছের নিচে চাপা পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলে টানা ১৮ ঘণ্টা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বুধবার বিকেলের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যা ৭টা থেকে বৃষ্টির বেগ বৃদ্ধি পায়। একই বেগে বৃষ্টি অব্যাহত ছিল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টার দিকে সূর্যের দেখা মেলে।

    বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিচুর রহমান জানান, ২৪ ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রতিণ্টায় সর্বোচ্চ ১৮ কিলোমিটার।

  • পুঁজিবাজারে আসছে আইসিবির দেড় হাজার কোটি টাকা

    পুঁজিবাজারে আসছে আইসিবির দেড় হাজার কোটি টাকা

    পুঁজিবাজারে আসছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) দেড় হাজার কোটি টাকা। দুই হাজার কোটি টাকার বন্ড বিক্রি করে তার মধ্য থেকে দেড় হাজার কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

    পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৭ জুলাই আইসিবির ২ হাজার কোটি টাকার নন-কনভারটিবল ফিক্সড রেট সাবর্ডিনেট বন্ড অনুমোদন করে।

    ওই অনুমোদনের প্রায় দুই মাস পর বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএসইসির ৬৬০তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয় বন্ড বিক্রির ৭৫ শতাংশ অর্থ বাধ্যতামূলকভাবে আইসিবিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অথবা ইউনিটে বিনিয়োগ করতে হবে।

    এই কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপত্র মো. সাইফুর রহমান জানিয়েছেন, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থের কমপক্ষে ৭৫ শতাংশ আইসিবিকে বাধ্যতামূলক শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্সে ১৯৯৬’র ২সিসি ক্ষমতা বলে এ শর্ত বেঁধে দেয়া হয়েছে।

    গত ১৭ জুলাই আইসিবির দুই হাজার কোটি টাকার বন্ড অনুমোদনের সময় বিএসইসি জানায়, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন, ফিক্সড রেট এবং অতালিকাভুক্ত সাবর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসয়ন হবে।

    এই বন্ড বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট হাউস এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য এক কোটি টাকা।

    বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ আইসিবি চারটি উদ্দেশ্যে ব্যয় করবে বলে জানায় বিএসইসি।

    এগুলো হলো :

    এক. প্রাইমারি ও সেকেন্ডারি বাজারে বিনিয়োগ পরিকল্পনায় বাজার সৃষ্টিকারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন।

    দুই. এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও এনআরবি ইন্ডাস্ট্রিয়াল ফান্ড এর উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ।

    তিন. অবকাঠামোগত উন্নয়ন ও সরকারের প্রাধিকারভুক্ত খাতে বিনিয়োগ।

    চার. পিপিপি প্রকল্পে বিনিয়োগ।

    ওই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয় কর্পোরেট শেয়ারহোল্ডারের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিকটও এই বন্ড ইস্যু করা হবে। আইসিবির আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সাইফুর রহমান।

    এদিকে গত মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক জানায়, আইসিবির ইস্যু করা সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগকৃত অর্থ ব্যাংকের পুঁজিবাজার বিনিয়োগ সীমার বাইরে থাকবে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকগুলোকে আইসিবির সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৬ ক (১) (খ) ধারার বিধান পরিপালন থেকে অব্যাহতি দেয়া হয়।

    ব্যাংক কম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অব্যাহতি প্রদান করে বাংলাদেশ ব্যাংক। এই প্রজ্ঞাপনে সই করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

    এতোদিন পুঁজিবাজারের মাধ্যমে কেনা যেকোনো ধরনের বন্ড ব্যাংকের পুজিবাজার বিনিয়োগ সীমার অন্তর্ভুক্ত হতো। আইন অনুযায়ী ব্যাংকগুলো তার আদায়কৃত বা পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের মোট পরিমাণের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে না।

  • ৯ কেন্দ্রে পুনঃভোটগ্রহন: নির্বাচনী এলাকা ছাড়তে হবে বহিরাগতদের

    ৯ কেন্দ্রে পুনঃভোটগ্রহন: নির্বাচনী এলাকা ছাড়তে হবে বহিরাগতদের

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৯টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহন উপলক্ষে ১২ অক্টোবর দিবাগত রাত ১২টার আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

    কর্মজীবী ও নিয়িমিত বসবাসকারী মানুষ ব্যতীত অন্য কেউ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে থাকতে পারবেনা এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বুধবার বিএমপির পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

    আগামী ১২ তারিখ দিবাগত রাত ১২টা থেকে ১৩ তারিখ রাত ১২টা পর্যন্ত লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিনচালিত যে কোন ধরনের নৌ-যান এবং ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, বেবী ট্যাক্সি/অটোরিক্সা, ইজিবাইক ও নসিমন/করিমন/ভটভটি/টমটমসহ সব ধরনের স্থল যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও ১১ তারিখ রাত ১২টা থেকে ১৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

    যেসব কেন্দ্রে পুনঃভোটগ্রহন অনুষ্ঠিত হবে, কাউনিয়া সাধুর বটতলা এলাকার ৪ নং কেন্দ্রো সৈয়দ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়-১(পুরুষ), পুলিশ লাইন রোড এলাকার ৫৮ নং কেন্দ্রের ফারিয়া কমিউনিটি সেন্টার(পুরুষ), সদর রোড এলাকার ৬৭ নং কেন্দ্রের সরকারি মহিলা কলেজ (নিচ তলা ও ২য় তলা)-মহিলা, সদর রোড এলাকার সিটি কলেজ কেন্দ্র নং ৬৮ (পুরুষ), ৮২ নং কেন্দ্র শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিঃ কলেজ-১(কটন স্পিনিং ভবন ও জুট সেড)- পুরুষ, ৮৩ নং কেন্দ্র শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিঃ কলেজ-২ (প্রশাসনিক ও একাডেমি ভবন)-মহিলা, নবগ্রাম রোড এলাকার ৮৭ নং কেন্দ্রের আর এম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়(পুরুষ), রুপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৯৪ নং কেন্দ্র (পুরুষ), বটতলা এলাকার রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র নং ৯৯।

  • টুর্নামেন্টে না খেলেই ফিরছেন তাসকিন

    টুর্নামেন্টে না খেলেই ফিরছেন তাসকিন

    আফাগানিস্তান প্রিমিয়ার লিগ’র (এপিএল) চলতি আসরে আর মাঠে নামা হলো না টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদের।  হঠা‍ৎই স্ত্রী’র অসুস্থতার খবর শুনে দেশে ফিরে আসছেন তিনি।  এর আগে, কান্দাহার নাইটসের হয়ে টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিতে ১ অক্টোবর দেশ ছেড়েছিলেন তাসকিন।

    ৬ ও ৭ অক্টোবর টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ খেলে দু’টিতেই হারে কান্দাহার নাইটস।  যদিও কোনো ম্যাচেই তাসকিন একাদশে ছিলেন না।  গতকাল রাতে হঠাৎ খবর পান, স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ।  এরপরই অস্থির হয়ে পড়েন তাসকিন।

    উল্লেখ্য, বৃহস্পতিবারও কান্দাহারের ম্যাচ আছে।  তবে দেশে ফিরে আসার কারণে টুর্নামেন্টে আর খেলার সুযোগই হল না এই টাইগার পেসারের।

  • ইভাঙ্কাকে ‘ডিনামাইট’ বললেন ট্রাম্প

    ইভাঙ্কাকে ‘ডিনামাইট’ বললেন ট্রাম্প

    প্রায় নিয়মিতই বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকা তার স্বভাব। তা সে বিরোধীদের সম্পর্কেই হোক বা প্রশাসনিক প্রধান সম্পর্কে। তালিকা থেকে বাদ যায় না নিজের পরিবারের সদস্যরাও। মুখ খুললেই বিতর্ক তৈরি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৈনন্দিন বিষয় হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনামে থাকেন তিনি। এবারও একইভাবে নিজের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের মেয়েকে ‘ডিনামাইট’এর সঙ্গে তুলনা করলেন তিনি।

    জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দিয়েছেন নিকি হ্যালি। মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচমকাই হ্যালির এ সিদ্ধান্তে রীতিমতো তোলপাড় মার্কিন কূটনৈতিক মহল। শুরু হয়েছে প্রবল জল্পনা। এমন পরিস্থিতিতে নিজের মেয়েকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। যদিও পরে নিজেকে শুধরে নেন তিনি।

    বলেন, এমন কোনো পদক্ষেপ নিলেই বিরোধীরা স্বজনপোষণের অভিযোগে সরব হবে। নিজের এই সুপ্ত ইচ্ছা প্রকাশ করার সময়ই ইভাঙ্কাকে ‘ডিনামাইট’ বলে সম্বোধন করেন ট্রাম্প।

    তিনি বলেন, ‘জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ইভাঙ্কা ‘ডিনামাইট’এর মতো কাজ করতে পারবে। তবে আমি বলছি না যে আমি তাকেই নিযুক্ত করব। কারণ তাহলে অনেকেই ‘নেপোটিজম’ নিয়ে সরব হবে।’

    উল্লেখ্য, কূটনীতি ও বিদেশনীতির বিষয়ে অত্যন্ত স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন নিকি হ্যালির নিয়োগ আগেই আমেরিকায় বিতর্ক উসকে দিয়েছিল। সম্প্রতি প্যালেস্তাইন ইস্যুতে তার বক্তব্যে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কিছুটা বিবাদে জড়িয়ে পড়েন হ্যালি। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা ল্যারি কুডলি বলেছিলেন, হ্যালি তার নিজের একতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। কূটনীতিবিদরা মনে করছেন ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জন্যই নিকির পদত্যাগ।

  • গভীর রাতে আমির খানের বাড়িতে দীপিকা, নানা গুঞ্জন

    গভীর রাতে আমির খানের বাড়িতে দীপিকা, নানা গুঞ্জন

    গভীর রাতে আমির খানের বাড়িতে পাওয়া গেল দীপিকা পাড়ুকোনকে। আর বেরিয়ে যাওয়ার বলিউড অভিনেত্রী ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়। এরপর থেকে চারদিকে নানা গুঞ্জন ডালাপালা মেলছে। কী করছিলেন দু’জনে? দীপিকা কি আর রণবীর সিংয়ের সঙ্গে নেই? রণবীর তো দীপিকার সঙ্গে ছিলেন না। তাই বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, এমনটাও নয়। তাহলে কী করছেন দু’জন?

    ভারতীয় গণমাধ্যমের খবর, শাহরুখের সঙ্গে সবার প্রথমেই জুটি বেঁধেছেন দীপিকা। কিং খানের সঙ্গে দীপিকার ডেবিউ ফিল্ম ‘ওম শান্তি ওম’ রীতিমত সুপারহিট। তাই এবার আমিরের সঙ্গেই কাজ করতে চলেছেন তিনি, মনে করা হচ্ছে এমনটাই।

    আমিরের সঙ্গে কিছুদিন আগেই দেখা করে গেছে ‘ব্রহ্মাস্ত্র ডুয়ো’ আলিয়া ভাট এবং অয়ন মুখোপাধ্যায়। এবার পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক সিদ্ধার্থ কাপুর এবং দীপিকাকে দেখা গেল আমিরের বাড়িতে।

    আগামী ৮ নভেম্বর আমিরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পাচ্ছে।  মনে করা হচ্ছে, আমির ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। গুলশন কুমারের বায়োপিক নিয়েই কাজ শুরু করছেন আমির, বিটাউনে গুঞ্জন এমনটাই।

    কেউ কেউ আবার বলছেন, দীপিকা এবার পা রাখতে চলেছেন প্রযোজনায়। তাই আমিরের সঙ্গে পরামর্শ করছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’কে সঙ্গে নিয়েই প্রযোজনায় প্রথম খাতা খুলতে চান নাকি দীপিকা।

  • ক্রমেই দুর্বল হচ্ছে তিতলি, শঙ্কা নেই বাংলাদেশে

    ক্রমেই দুর্বল হচ্ছে তিতলি, শঙ্কা নেই বাংলাদেশে

    নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ পাওয়া ‘তিতলি’ আজ বৃহস্পতিবার সকালে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। ফলে এই ঘূর্ণিঝড় নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্ক বা ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ রাশেদুজ্জামান।

    তিনি বলেন, ভারতের উডিষ্যা রাজ্যের গোপালপুরে আঘাত হানলেও তা পুরো শক্তি নিয়ে বাংলাদেশে আসার আশঙ্কা নেই। বরং নিম্নচাপ আকারে আসবে। ফলে উপকূলীয়সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে হতে পারে। একইসঙ্গে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের ওপর দিয়ে বাতাসের গতিবেগ বাড়বে।

    যদিও আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে খুলনা আবহাওয়া অধিদফতর জানান। খুলনা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে দুপুরের দিকে খুলনা ও সুন্দরবন সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে। পরে সেই শঙ্কা কেটে গিয়ে যায়।

    এর আগে, আজ বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অন্ধ্র-উড়িষ্যা উপকূলে ‘তিতলি’র তাণ্ডবের খবর দেয় স্থানীয় ও কলকাতাভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম। আবহাওয়া অধিদফতর জানায়, অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় আঘাত হানার সময় ‘তিতলি’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। অন্ধ্রে প্রলয়কাণ্ড চালিয়ে উত্তরের দিকে এসে উড়িষ্যার গানজাম জেলায় আছড়ে পড়ার সময় এর তীব্রতা কিছুটা কমে যায়। সেসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত।

    এদিকে, তিতলির ক্ষয়ক্ষতি মোকাবলোয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় অঞ্চলের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্যোগকালীন জরুরি ত্রাণ সহায়তার প্রস্তুতি হিসেবে বিভিন্ন গুদামে ১০ হাজার ১৩২ টন চাল মজুদ রাখা হয়েছে।