Author: banglarmukh official

  • বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের পুরুষাঙ্গ কাটল প্রেমিকা

    বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের পুরুষাঙ্গ কাটল প্রেমিকা

    প্রেমিকাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ব্লেড দিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রেমিকা। গুরুতর অবস্থায় প্রেমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাকসা পালপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চাকসা পালপাড়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে রহিমা খাতুনের (১৮) সঙ্গে উপজেলার চরপাড়া গ্রামের নুর মোহাম্মদ মিয়ার ছেলে আতিকুল ইসলামের (২২) মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    ভালোবাসার একপর্যায়ে তাদের সম্পর্কে ভাটা পড়ে। কিন্তু হালিমা প্রেমিক আতিকুলকে তবুও মুঠোফোনে বিয়ের চাপ দেয়। পারিবারিক সমস্যা জানিয়ে আতিকুল প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। কিন্তু হালিমা তা মানতে নারাজ।

    গত বুধবার চাকসা পালপাড়া গ্রামে ফুফা নূরাল ফকিরের বাড়িতে পালিয়ে আশ্রয় নেয় আতিকুল। বৃহস্পতিবার রাতে হালিমা জানতে পারে আতিকুল তার বাড়ির পাশে ফুফার বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে মুঠোফোনে আতিকুলকে বারবার দেখা করতে বলে এবং খুদে বার্তা পাঠায় হালিমা।

    কিন্তু এতে রাজি না হওয়ায় মধ্যরাতে হালিমা আতিকুলের সঙ্গে দেখা করতে ওই বাড়িতে যায়। সেখানে গিয়ে বিয়ের দাবি জানায় হালিমা। কিন্তু তাতে রাজি না হওয়ায় ব্লেড দিয়ে আতিকুলের পুরুষাঙ্গ কেটে দেয় হালিমা।

    এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে হালিমা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আতিকুলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে বড় পাঙ্গাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন, বিষয়টি দুঃখজনক। গুরুতর অবস্থায় আতিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে আতিকুলের বড় ভাই মো. নাসির উদ্দিন বলেন, আতিকুলের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রচুর রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়েছে আতিকুল। আমার ভাইয়ের ওপর পরিকল্পিত এ হামলার ঘটনায় মামলা করব। অামার ভাই নিরপরাধ। জোর করে তাকে বিয়ে করতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছে হালিমা ও তার পরিবারের লোকজন।

  • অ্যাসিডে আক্রান্ত দীপিকা

    অ্যাসিডে আক্রান্ত দীপিকা

    অ্যাসিডে আক্রান্ত দীপিকা পাডুকোন। ভয়ের কিছু নেই, আসলে অ্যাসিডে আক্রান্তের ভূমিকায় এবার দীপিকা পাডুকোন। প্রতিটি ছবিতে নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেন দীপিকা। আর সেই লড়াইয়ে এবার অ্যাসিডে আক্রান্তের চরিত্রে দেখা যাবে তাকে।

    মেঘনা গুলজারের ছবিতে অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী। সেখানেই এই ভূমিকায় দেখা যাবে তাকে। আপাতত এই চরিত্রের জন্য এখন নিজেকে তৈরি করছেন নায়িকা। তবে এখানেই থামতে হবে। কেননা এর বেশি এখনও কিছু জানা যায়নি। সব কিছু রয়েছে রহস্যের মোড়কে।

  • বিশ্বব্যাপী সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে!

    বিশ্বব্যাপী সাইবার হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে!

    রাশিয়ার গোয়েন্দাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সিরিজ সাইবার হামলার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং নেদারল্যান্ডস এই অভিযোগ তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সাইবার হামলার পরিকল্পনার জন্য সাতজন রুশ নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে।

    যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সংস্থা হামলার মূল টার্গেট ছিল।

    এদিকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক সাইবার হামলার অভিযোগের ব্যাপারে পশ্চিমাদের ঐক্যবদ্ধ এই অবস্থান রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

    রাশিয়ার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছিল। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছিল দেশটি।

    ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যুক্তরাজ্য তাদের মিত্রদের নিয়ে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আলোচনা করছে। ডাচ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ার সব কর্মকান্ড তুলে ধরে তারা বলতে চাইছেন যে, রাশিয়াকে এমন কাজ বন্ধ করতে হবে।

    পশ্চিমারা রাশিয়াকে একঘরে করে ফেলতে চাইছে। এমন পরিস্থিতি রাশিয়াকে বেকায়দায় ফেলেছে বলে অনেকে মনে করেন।

    রাশিয়ার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে ?
    নেদারল্যান্ডস বলেছে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ‘ওপিসিডব্লিউ’ এর বিরুদ্ধে সাইবার হামলার পরিকল্পনা করা হয়েছিল। এই সংগঠনটি যুক্তরাজ্যে রাশিয়ার সাবেক গুপ্তচরের ওপর রাসায়নিক হামলার ঘটনার তদন্ত করছে। সে কারণে এই প্রতিষ্ঠান সাইবার হামলার লক্ষ্য হতে পারে। এই হামলার পরিকল্পনার জন্য চার জন রুশকে বহিস্কার করেছে নেদারল্যান্ডস।

    যুক্তরাজ্য সরকার রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর বিরুদ্ধে বড় ধরণের চারটি সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছে। যুক্তরাজ্য বলেছে, তাদের দেশের একটি টেলিভিশন নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি সাইবার হামলার টার্গেট ছিল। এমনকি রাশিয়া এবং ইউক্রেনে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানও হামলার টার্গেট হয়েছে।

    যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সংস্থা হামলার মূল টার্গেট ছিল।

    কানাডা বলেছে, মন্ট্রিলভিত্তিক ওয়ার্ল্ড এন্টিডপিং এজেন্সির সিস্টেমে হামলা করে অ্যাথলেটদের তথ্য নেয়া হয়েছে।

    আস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গন, ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং ক্রীড়া প্রতিষ্ঠানে একইধরণের রুশ হামলার প্রমাণ পেয়েছে।

    ডাচ কর্তৃপক্ষ বলেছে, গত এপ্রিল মাসে চারজন সন্দেহভাজনের কাছ থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়েছিল। এই ল্যাপটপ ব্রাজিল, সুইজারল্যান্ড এবং মালয়েশিয়ায় ব্যবহৃত হয়েছিল।

    চারজন সন্দেহভাজন নেদারল্যান্ডসে গিয়ে কি করছিল?
    এই সন্দেহভাজনদের যখন শণাক্ত করা হয়, তখন ডাচ কর্তৃপক্ষ তাদের কাছে কূটনৈতিক পাসপোর্ট পেয়েছিল। তাদের দু’জন ছিল আইটি বিশেষজ্ঞ এবং বাকি দু’জন ছিল সহায়তাকারি এজেন্ট। চারজন একটি গাড়ি ভাড়া করে হেগে মেরিয়ট হোটেলের পার্কিং এ পার্ক করেছিল। এই হোটেল থেকে অল্প দূরত্বে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রতিষ্ঠান ‘ওপিসিডব্লিউ’ এর কার্যালয়।

    ডাচ গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, কার পার্কিং থেকে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ওপিসিডব্লিউ এর ওপর সাইবার হামলা চালানো হয়। ঐ চারজন ভাড়া করা গাড়িটির পিছনে একটি জ্যাকেটের পকেটে ওয়াইফাই প্যানেলের এ্যান্টিনা রেখে সেখান থেকে তা ব্যবহার করেছে।

    গাড়ির পিছনেই তারা ট্রান্সফরমার, কম্পিউটারসহ সাইবার হামলা চালানোর সব যন্ত্র রেখে তা ব্যবহার করেছে। ডাচ গোয়েন্দারা এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।

    ডাচ গোয়েন্দা সংস্থা বলেছে, যখন তাদের সন্দেহভাজন হিসেবে আটকানো হয়, তখন তারা একটি মোবাইল ফোন ধ্বংস করে ফেলার চেষ্টা করেছিল। তাদের কাছে পাওয়া একটি মোবাইল ফোন তারা মস্কোয় রুশ গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছ থেকে সক্রিয় করেছিল।

    রাশিয়া কি বলছে?
    বিভিন্ন দেশ থেকে একের পর এক অভিযোগ তোলার বিষয়টি রাশিয়ার বিরুদ্ধে আরেকটি পরিকল্পিত প্রচারণা বলে দেশটি মনে করছে। যখন অভিযোগের ঝড় উঠেছে, তখন অনেকটা বিলম্বে বৃহস্পতিবার রাশিয়ার সময় বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে এই বক্তব্য দিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কোনো নাগরিক মোবাইল ফোন ব্যবহার করলেই তাকে গুপ্তচর বানানো হচ্ছে। রাশিয়া তাদের বিরুদ্ধে অভিযোগকে ‘উর্বর কল্পনা’ বলে আখ্যা দিয়েছে।

  • নৌকা মার্কায় কেন ভোট চাইতে হবে : শামীম ওসমান

    নৌকা মার্কায় কেন ভোট চাইতে হবে : শামীম ওসমান

    নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নৌকা মার্কায় কেন ভোট চাইতে হবে? আমরা কি কাউকে ক্ষমতায় এসে আগুনে পুড়িয়ে মেরেছি। বরং স্বাধীনতা বিরোধী ওই জামায়াত-বিএনপি জোট সরকারের সময় আমাদের দলের লোকদের নির্মমভাবে হত্যা করেছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা করেছে। তাদের যদি আপনারা ক্ষমতায় আনতে চান তাহলে আমার কোন কথা নাই।

    রাজনীতির নামে যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের ভোট না দেওয়ার আহবান জানিয়েন তিনি ভোটাদের উদ্দেশ্য বলেন, আপনারা সিদ্ধান্ত নিবেন কাকে ভোট দিবেন। যারা আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের, নাকি যারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে তাদের। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করেন। দেশের উন্নয়নে কাজ করেন।

    নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র মতিউর রহমান মতি’র সভাপতিত্বে শনিবার বিকালে ৬ নাম্বার ওয়ার্ডের এর এসওরোড এলাকায় এক নির্বাচনী কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে বিভিন্ন সময় ঘটানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে বলেন, তারা ক্ষমতায় থাকতে এতো লোক মারল কিন্তু আমরা ক্ষমতায় এসে তাদের কোন লোককে মারি নাই। আমার নেত্রীকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করা হল। আমার নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বোমা মেরে ২২ জন লোক হত্যা করা হলো। কেন? আমাদের রক্ত কি রক্ত না? আমাদের রক্ত কি নর্দমার পানি? তাহলে কেন আজ ওই স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি নামক অপশক্তিকে ক্ষমতায় আসতে হবে।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমি মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, যুবলীগ নেতা মহসিন ভুইয়া ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন প্রমূখ।

  • বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করবে কাতার

    বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করবে কাতার

    বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করতে যাচ্ছে কাতার। আগামী মাস থেকে দুটি ভিসা কেন্দ্র চালু হতে যাচ্ছে ঢাকা ও সিলেটে। এই প্রকল্পের মাধ্যমে কাতারে আসার পর ২৪ ঘন্টার মধ্যে কাতারি পরিচয় পত্র পেতে পারবে কর্মীরা। কাতার সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ ছাড়া আরও সাতটি দেশে এ প্রকল্প বাস্তবায়ন করছে কাতার সরকার।

    বাংলাদেশ থেকে কর্মী আসার আগে নিজ দেশে যাবতীয় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে সহজে আসতে পারবে কাতারে। এটি বাস্তবায়নে ইতিমধ্যে ঢাকায় বাংলামোটর এলাকায় এবং সিলেটে কাতার ভিসা কেন্দ্র স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলে আগামী নভেম্বর মাস থেকে কাতারে যেসব বাংলাদেশি কর্মী আসবে, তারা ঢাকা এবং সিলেটে অবস্থিত কাতার ভিসা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা, চুক্তিপত্রে স্বাক্ষর ও বায়োমোট্রিক এনরোলমেন্টের কাজ শেষ করে আসতে হবে।

    কাতার ভিসা কেন্দ্রে চুক্তিপত্র প্রাপ্তির পর পরবর্তী কয়েকটি ধাপে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।প্রকল্প বাস্তবায়নে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় কাজ করছে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ছাড়পত্র পেলে কাতারে আসতে পারবে কর্মীরা।

    অন্যদিকে, বাংলাদেশ কমিউনিটির নেতারা মনে করেন এই প্রকল্প বাস্তবায়ন হলে ভিসা ব্যবসায়ীদের দৌড়াত্ব কমে আসবে। এ প্রসঙ্গে মোঃমানিক হোসেন বলেন,অনেক সময় আমরা অভিযোগ শুনে থাকি, কাতারে আসার পর ভিসা বাতিল করে দেয় প্রতারক ভিসা ব্যবসায়ীরা।আর এখন এক দিকে যেমন কাতারের শ্রম পরিবেশ উন্নত হবে তেমনি বাংলাদেশি শ্রমিকদেরও সুবিধা বৃদ্ধি পাবে। কাতার সরকারের যুগান্তকারী এই পদক্ষেপ’কে আমি স্বাগতম জানাই।

    বর্তমানে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুসারে নির্মান শ্রমিক, চাকুরীজীবি, গৃহকর্মী, মৎসজীবি, ইমামতিসহ কাতারে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছে।

  • মাদারীপুরে মেলায় ঢোকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

    মাদারীপুরে মেলায় ঢোকা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

    একটি মেলায় ঢোকা নিয়ে দুজনের বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতি হয়েছিল। আর এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মাদারীপুরে ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার ভোরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশের আহত সদস্যরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জমান (৩৫), সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম দাস (২৭), পুলিশ সদস্য মো. দেলোয়ার (২৫), সেলিম মিয়া (২২), মো. নজরুল (২৩), সুকদেব (২৫), লিয়াকত (২৪)। অন্যদের নাম জানা যায়নি।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল শুক্রবার রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে বাগেরপাড় এলাকার অন্তর হাওলাদারের (২২) সঙ্গে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম ওরফে খোকন তালুকদারের (২০) হাতাহাতি হয়। এরই জেরে ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরোনো বাসস্ট্যান্ডের আলমগীর হোসেনের দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ ও লাইনের অতিরিক্ত পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের সময় ১০ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৩০ জন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুরোনো বাসস্ট্যান্ড এলাকার আলমগীর হোসেন বলেন, ‘রাতে দুই পক্ষের সংঘর্ষের সময় আমার দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। দোকানের তিনটা ফ্রিজ ভেঙে মালামাল লুট করেছে। দোকানে কেউ ছিল না। কারা এ কাজ করেছে তাদের দেখিনি।’

    মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘মেলায় ঢোকা নিয়ে স্থানীয় দুই তরুণের হাতাহাতি হয়। এরই জের ধরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ৩০ থেকে ৪০টি রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনার পরে আমরা ৫ জনকে আটক করেছি। ঘটনার পর থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করে দেয় পুলিশ। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • কক্সবাজারের জন্য বিশ্বব্যাংকের ৪৩০০ কোটি টাকা

    কক্সবাজারের জন্য বিশ্বব্যাংকের ৪৩০০ কোটি টাকা

    বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের উন্নয়ন, বন ব্যবস্থাপনা এবং গ্রামীণ সড়ক উন্নয়ন এই তিনটি প্রকল্পে বিশ্বব্যাংক ৫১৫ মিলিয়ন মার্কিন ডলার (৪ হাজার ৩০০ কোটি টাকা) অর্থ অনুমোদন করেছে।

    মিয়ানমারে সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয়দানকারী স্থানীয় কমিউনিটিসহ গ্রামীণ জনগণের দারিদ্র্য হ্রাস এবং নতুন জীবিকায়নের সুযোগ সৃষ্টির সহায়ক হিসেবে এই অর্থ ব্যয় করা হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

    বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফান বলেন, এই তিনটি প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ করে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা মানুষের জন্য সুযোগ সৃষ্টি করবে, একই সঙ্গে দেশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষমতার উন্নয়ন ঘটবে।

    বিশ্বব্যাংক সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড প্রকল্পে ১৭৫মিলিয়ন ডলার দেবে। এর মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে সমন্বিত বন ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। উপকূলীয় সবুজ বেষ্টনীসহ প্রায় ৭৯,০০০ হেক্টর বনে গাছ লাগানো হবে।

    বিশ্বব্যাংকের সিনিয়র ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এবং প্রকল্পের টাস্ক টিম লিডার মাধবী পিল্লাই বলেন, উপকূলীয়, পার্বত্য এবং দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে ৪০ হাজার পরিবার এতে লাভবান হবে।

    কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পে দেওয়া হবে ২৪০ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় বৃহত্তম রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভিং প্রকল্পে বাড়তি বরাদ্দ হিসেবে দেওয়া হচ্ছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

  • সাকিব ‘যোদ্ধা’ বলেই বিসিবি আত্মবিশ্বাসী

    সাকিব ‘যোদ্ধা’ বলেই বিসিবি আত্মবিশ্বাসী

    বাঁ হাতের কড়ে আঙুলের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের বিকল্প নেই সাকিব আল হাসানের। অস্ত্রোপচারের আগে সংক্রমণটা দূর করতে হবে তাঁকে। অস্ত্রোপচার যদি ঠিক সময়ে ঠিকঠাক হয়, প্রত্যাশিত সময়ের মধ্যে সেরেও ওঠেন, সাকিব নিজেই জানিয়েছেন, চোট পাওয়া আঙুলটা আর আগের জায়গায় ফিরবে না। আঙুল যদি শতভাগ ঠিক না হয়, সেটির প্রভাব পারফরম্যান্সে পড়বে না তো, এ প্রশ্নটাও আসছে।

    এখনই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না। বিষয়টা সময়ের ওপর ছেড়ে দিতে হবে। তবে শরীরের যেকোনো অংশে বড় অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই আগের জায়গায় ফিরে আসা কঠিন। খেলোয়াড়দের ক্ষেত্রে তো আরও কঠিন। সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ ক্রিকেটেই আছে—মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শুরুতে যেভাবে গতির ঝড় তুলতেন, বারবার শল্যবিদের টেবিলে যাওয়ায় শুরুর সেই গতির সঙ্গে তাঁকে আপস করতে হয়েছে। তবে মানসিকভাবে ভীষণ শক্ত বলে ক্যারিয়ারটা অসময়ে শেষ হতে দেননি। অদম্য সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এখনো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন।

    সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মনে করেন, মাশরাফির মতো সাকিবও মানসিকভাবে ভীষণ শক্ত । আকরামের আশা, আঙুল শতভাগ ঠিক না হলেও সাকিবের পারফরম্যান্সে সেটির প্রভাব পড়বে না, ‘সাকিব ব্যথা নিয়েই যেভাবে ভালো খেলেছে, সে এক একজন যোদ্ধা। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় চোটে পড়ে খেলাই ছেড়ে দিয়েছে, মাশরাফি সেটা করেনি। সাকিবও লড়াকু। কষ্ট হলেও পারফরম্যান্স সে ধরে রাখবে। গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে বিষয়টা আপনি কীভাবে নিচ্ছেন। ওদের অনেক আগ থেকেই চিনি। তারা মানসিকভাবে শক্ত। আশা করি, আগের জায়গায় তারা ফিরে আসবে।’

    সাকিবের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে আঙুলের সংক্রমণ নিয়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শল্যবিদ অস্ত্রোপচারের সিদ্ধান্তে যাবেন না। সাকিবের হাতের সংক্রমণে দলের ফিজিও থিলান চন্দ্রমোহনের দায় কম নয়।

    আকরাম আগেও জানিয়েছেন, কেন বাঁহাতি অলরাউন্ডারের হাতে সংক্রমণ হলো, সেটির কারণ জানতে চাইবেন ফিজিওর কাছে। আজ সেটিরই পুনরাবৃত্তি করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, ‘সাকিব ঝুঁকি নিয়ে খেলেছিল এশিয়া কাপে। আলাপ-আলোচনা করেই খেলেছিল। পরে ওর হাত দেখে আমরা ভয়ই পেয়েছিলাম! ইতিবাচক দিক হচ্ছে গুরুতর কিছু হয়নি। ফিজিওর সঙ্গে আমরা কথা বলব। হাতের অবস্থা এত খারাপ হওয়ার পরও সাকিব গিয়েছিল (খেলতে), ব্যাপারটা ফিজিও আগ থেকেই পরিষ্কার করে দিতে পারত। চোট খেলারই অংশ। খেলোয়াড়দের জন্য সেরাটা করার চেষ্টা করব। অস্ত্রোপচারের পর দেখি কী হয়।’

  • ইউটিউবে গুজব ছড়ানোয় দুজন গ্রেপ্তার

    ইউটিউবে গুজব ছড়ানোয় দুজন গ্রেপ্তার

    ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। তাঁরা হলেন: অনলাইন চ্যানেল এসকে টিভির অ্যাডমিন মো. খালিদ বিন আহম্মেদ (৩০) ও তাঁর সহযোগী হিজবুল্লাহ (২১)।

    রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টর থেকে গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১-এর একটি দল। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।

    র‍্যাব বলছে, গ্রেপ্তার দুজনের মধ্যে খালিদ ছাত্রশিবিরের কর্মী। তাঁর বাবা নূর আহম্মেদ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।

    লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, খালিদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের ডাটরা এলাকায়। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। খালিদের বাবা নূর আহম্মেদ একটি দাখিল মাদ্রাসার শিক্ষক। খালিদ বিভিন্ন টিভি চ্যানেল থেকে সংবাদের ভিডিও সংগ্রহ করে এর সঙ্গে ভয়েস জুড়ে দিতেন। এরপর সম্পাদনা করাতেন। তাঁকে এ কাজে সহযোগিতা করতেন হিজবুল্লাহ। এসব ভিডিও এ সামাজিক যোগাযোগ-মাধ্যম ইউটিউবে এসকে টিভি নামে একটি অনলাইন চ্যানেলে আপলোড করতেন তাঁরা। এভাবে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক গুজব প্রচার করে দেশকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হতো। এসকে টিভির নামে ইউটিউবের চ্যানেলটি দুই বছর ধরে খালিদ পরিচালনা করে আসছেন। সম্প্রতি কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সাবেক বিচারপতি এস কে সিনহার সম্পর্কিত বিষয় নিয়ে নানা ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করেছেন খালিদ।

    ব্রিফিংয়ে জানানো হয়, খালিদের সহযোগী হিজবুল্লাহর বাড়িও চাঁদপুরের ফরিদগঞ্জের কৃষ্ণপুর গ্রামে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। এক বন্ধুর মাধ্যমে খালিদের সঙ্গে হিজবুল্লাহর পরিচয় হয়। তিনি দেড় বছর ধরে এসকে টিভির সঙ্গে জড়িত।

  • চট্টগ্রামে বেওয়ারিশ হিসেবে দুই ‘জঙ্গির’ লাশ দাফনের প্রস্তুতি

    চট্টগ্রামে বেওয়ারিশ হিসেবে দুই ‘জঙ্গির’ লাশ দাফনের প্রস্তুতি

    চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মঘাতী বিস্ফোরণের পর ছিন্নভিন্ন দুই ‘জঙ্গির’ পরিচয় শনাক্ত হয়নি। লাশ দুটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দাফনের জন্য দেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত লাশ দুটির স্বজন দাবি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে কেউ আসেননি।

    এ দিকে র‍্যাবের সঙ্গে গোলাগুলি, অস্ত্র, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে অজ্ঞাতপরিচয় চার জঙ্গির বিরুদ্ধে গতকাল শুক্রবার রাতে মামলা করেছে র‍্যাব।

    গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার উত্তর সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে একটি একে ২২ রাইফেল, তিনটি পিস্তল, পাঁচটি গ্রেনেড ও শক্তিশালী চারটি বোমা আইআইডি (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়। বিস্ফোরণের পর পাওয়া যায় দুটি ছিন্নভিন্ন লাশ। দুজনেই পুরুষ। বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। পরে বাড়িটির সামনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, অস্ত্রগুলোর সঙ্গে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের মিল রয়েছে। চট্টগ্রাম আদালত ভবনে হামলার পরিকল্পনা করতে জেএমবির সক্রিয় সদস্যরা বাড়িটিতে অবস্থান করেছিলেন। অভিযান শুরুর পর বাড়িটির মালিক মাজহার চৌধুরী ও বাড়িটির দেখাশোনাকারী মো. হককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়ে যায় র‍্যাব।

    আজ দুপুর ১২টার দিকে দেখা যায়, বাড়িটির সামনে পুলিশ ও আনসার সদস্যরা পাহারায় রয়েছেন। দরজায় তালা দেওয়া। বাড়িটির সঙ্গে লাগোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও স্থানীয় বাসিন্দারা কেউ বাড়িটির সামনে দিয়ে যাতায়াত করেননি। তারা মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে এলাকার লোকজন কিছুটা ভয়ে রয়েছেন। আবার কখন কী হয়ে যায়। উত্তর সোনা পাহাড় এলাকার বাসিন্দা কৃষক আবুল হোসেন। তিনি বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো ভয়ে আছি।’

    র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, র‍্যাবের সঙ্গে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতেই র‍্যাবের ফেনী ক্যাম্পের উপসহকারী পরিচালক মো. আজাদ বাদী হয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হয়নি। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ দুটির ডিএনএ নমুনা নিয়েছে ক্রাইম সিন ইউনিট। পরবর্তীতে লাশের স্বজন দাবিদার কেউ আসলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

    জোরারগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোজাম্মেল হক র‍্যাবের করা মামলাটি তদন্ত করছেন। তিনি বলেন, পলাতক জঙ্গিদের শনাক্তের চেষ্টা চলছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্র জানায়, কোনো ওয়ারিশ না আসায় লাশ দুটি আঞ্জুমানে মফিদুল ইসলাম কর্তৃপক্ষ নিয়ে গেছে। আঞ্জুমানে মফিদুল ইসলাম চট্টগ্রামের সহকারী পরিচালক সেলিম নাছের বলেন, আজ রাতে নগরের চৈতন্য গলি কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশ দুটি দাফনের প্রস্তুতি চলছে।