Author: banglarmukh official

  • ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েই নিখোঁজ!

    ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েই নিখোঁজ!

    আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) প্রেসিডেন্ট মেং হংওয়েই নিখোঁজ রয়েছেন। চীনে যাওয়ার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন তিনি। তবে ইন্টারপোল ও চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

    শুক্রবার রাশিয়ান সংবাদ মাধ্যম এমনটি জানিয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তে নেমেছে ফরাসি পুলিশ।

    ৬৪ বছর বয়সী মেং চীনের নাগরিক। তার স্ত্রী ফ্রান্সের লিওন শহরে বসবাস করেন। তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গত সেপ্টেম্বরের শেষ চীনে যাওয়ার পর থেকে মেং নিখোঁজ রয়েছেন।

    ইন্টারপোলের ৯৫ বছরের ইতিহাসে প্রথম কোনো চীনা নাগরিক হিসেবে পরিচালকের দায়িত্ব পালন করছেন মেং। ২০১৬ সালের নভেম্বরে চার বছর মেয়াদে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

  • ভাইরাল ছবিটির আসল ব্যাখ্যা

    ভাইরাল ছবিটির আসল ব্যাখ্যা

    গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রিকশার পাশে দাঁড়িয়ে থাকা এক ছেলে রিকশায় বসা সমাবর্তনের গাউন পরিহিত এক বৃদ্ধকে স্যালুট দিচ্ছেন।

    যেখানে পিতাকে রিকশার আসনে বসিয়ে পুত্র নিজের গাউন পরিয়ে দিয়েছেন ধরে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করে, ‘এটি কনভোকেশনের সেরা ও শ্রেষ্ঠ ছবি। নিশ্চিত সে পৃথিবীর সব থেকে সুখী পিতা, নিজে রিকশা চালিয়ে সন্তানকে পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। স্যালুট গর্বিত পিতা ও তাঁর সন্তান কে।’

    কিন্তু আদতে কী ‘ভাইরাল’ হওয়া ছবির ব্যাখ্যা ঠিক ছিল? প্রশংসা করার পাশাপাশি এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এরপর ব্যাখ্যা দিলেন ভাইরাল হওয়া ছবির গ্র্যাজুয়েট লিটন মোস্তাফিজ। যিনি ছবিটি তুলেছিলেন সেই শাহরিয়ার সোহাগও মুখ খুলেছেন। ফেসবুকে দেওয়া ছবিটি নিয়ে তাদের সেই ব্যাখ্যা তুলে ধরা হলো।

    লিটন মোস্তাফিজের স্ট্যাটাস:
    স্যালুট…

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে এ ছবির একটি বিশেষ অংশ গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছবির ওই অংশটি সম্ভবত বিভিন্ন গ্রুপ হয়ে ব্যক্তি থেকে আরম্ভ করে জাতীয় পর্যায়ের গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

    ফটোগ্রাফার শাহরিয়ার সোহাগ গতকাল অপরাজেয় বাংলার সামনে থেকে এ ছবিটি তোলেন। রিকশায় যিনি বসে আছেন তিনি আমাদের গর্বিত একটি অংশ। মনেই হয়নি সে মুহূর্তে তিনি অন্য একটি অংশ। পৃথিবীর আর সব বাবার মতো এ বাবার চোখেও আমি স্বপ্ন খুঁজে পাই। মোটেও মনে হয়নি তার গায়ের ঘাম লাগলে দুর্গন্ধ হয়ে উঠবে আমার গাউন। এমন ঘামের চর্ম শরীরে বেড়ে ওঠা আমার। আমি বিশ্বাস করি পৃথিবীর চাকা এ ‘পিতা’দের ঘামে ও দমে ঘোরে।

    আমরা যখন খুব আনন্দ করছিলাম তখন তিনি আনমনা নজরে আমাদের দিকে তাকিয়ে থাকেন। বিষয়টি আমি বুঝে ‘পিতা’কে ডাক দেয়। তিনি সাড়া দেন। আমি আমার গাউন, হুড খুলে ‘পিতা’কে পরিয়ে দেই। তারপর ছবি তোলা হয়। একজন গর্বিত গ্রাজুয়েট মনে হচ্ছিলো তখন আমার। এঁদের রক্ত ঘামানো অর্থেই আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি। এ ‘পিতা’র পোশাক দেখে স্যালুট না করে পারিনি। এ ছবি তুলে রাতেই ফেইসবুকে পোস্ট করেন ফটোগ্রাফার। ছবিটি ভাইরাল হলে দেখা যায় অনেকেই আমাকে ভুল বুঝছেন। বিভিন্ন গণমাধ্যমে ছবিটি নিউজ হয়ে গেছে। দুঃখিত আমি যে, মুখ ঘোলা করার জন্য। তবুও বলি, এসব মানুষের মাথা খালি বলেই আমাদের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুড! যাঁরা ভুল বুঝেছেন আমি তাঁদের কাছে ক্ষমা চাচ্ছি ফটোগ্রাফারের হয়ে। এসব মানুষেরা আমাদের সত্যিকার বাবা-ই। কারণ আমি নিজেও কৃষকের লাঙলের ফালা বেয়ে উঠে এসেছি।

    শাহরিয়ার সোহাগের স্ট্যাটাস: 
    প্রোফেশনালি কিংবা শখের বসে ছবি তোলা আমার নেশা। লেখালেখি করি বিধায় কৌতূহলটাও বেশি। ক্যামেরা নিয়ে সেদিন ঘুরতে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার মামা লিটন মোস্তাফিজ ও তার বন্ধুরা সমাবর্তন উদযাপন করছিলো। তাদেরও কিছু ছবি তুললাম।

    অপরাজেয় বাংলার সামনে আসতেই একজন বৃদ্ধ রিকশায় বসে অনেকক্ষণ টুপি উড়ানো দেখছিলেন। কৌতূহল নিয়ে কাছে গেলাম আমি আর মামা। “তাঁর ছেলেও নাকি পাশ করেছে।” আমি বিস্তারিত অনুসন্ধান কিংবা জেরা করার প্রয়োজন মনে করিনি। কারণ এমন ঘটনা এখন অহরহ। গ্রাম থেকে উঠে আসা ছেলেমেয়েরাই এই গ্রাজুয়েটের একটা বড় অংশ। উনার সন্তান সমাবর্তন টুপি পরেছেন বা পরবেন সে যাই হোক, উনি একজন বাবা। তারও সন্তান আছে। আর আজ যারা গ্রাজুয়েট তারাও কোনো না কোনো বাবার সন্তান। অনেককে শুনেছি তাকে বাবা বলে সম্বোধন করতে। আর এত মানুষের বাবা ডাকে উনি তখন আবেগপ্লুত।

    আমি আমার তোলা কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। অনেকে অনেক ভাবেই ছবিগুলোতে অতিরঞ্জিত ক্যাপসন ব্যবহার করেছেন। অনেকে আবার ছবি নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন। নিজের ভালো লাগার জায়গা থেকে ছবিগুলো পোস্ট করার পর ছবিগুলো রীতিমত ভাইরাল।

    আলোচনা কিংবা সমালোচনাকে পাশ কাটিয়ে নিজেকে গ্রাজুয়েট ভাবুন আর বৃদ্ধর ক্লান্ত মুখে নিজের বাবাকে কল্পনা করুন। বাবারা তো একই রকম হয়। আলাদা শুধু চেহারাটা। সব বাবাদের ভেতরটা একই রকম। এখন থেকে রিকশায় উঠলে কিংবা যে কোনো কাজে বয়োজ্যেষ্ঠদের যেন সম্মান করি। কারণ আমাদের বাবারা আমাদের কারো কাছ থেকেই যেন কষ্ট না পান। সব বাবারা ভালো থাকুক। এপারে কিংবা ওপারে।

  • আইপিএলে অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি!

    আইপিএলে অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি!

    ভারতের বর্তমান ক্রিকেট দলে অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। জাতীয় দলের পাশাপাশি আইপিএলে দীর্ঘ ছয় মৌসুম ধরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। তবে দলটির ফ্র্যাঞ্চাইজির কর্তারা ব্যাটসম্যান কোহলির পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও অধিনায়ক কোহলিতে খুশি নন। তাই আপাতত যা খবর, আসন্ন আইপিএলে বেঙ্গালুরুর অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।

    এখন প্রশ্ন হচ্ছে, বিরাটের জায়গায় বেঙ্গালুরুর ক্যাপ্টেন কে হবেন? এক্ষেত্রে ফ্রাঞ্জাইজি সূত্র থেকে যা জানা যাচ্ছে, আপাতত এবি ডি ভিলিয়ার্সের দিকেইনেজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ড্যানিয়েল ভেট্টোরিকে সরিয়ে গ্যারি কার্স্টেনকে কোচ হিসেবে বেছে নিয়েছে বেঙ্গালুরু। আশিস নেহরা থাকছেন। আইপিএলের প্রতিটা মৌসুমেই হেভিওয়েট টিম গড়ে বেঙ্গালুরু। কিন্তু টুর্নামেন্ট শেষে সাফল্যের নিরিখে ঝুলিতে কিছুই থাকে না। প্রচুর খরচ করে টিম গড়েও দিনের শেষে ফলাফল শূন্য। আর সে জন্য কিছু অংশে বিরাটের নেতৃত্বকেই দায়ি করছেন কর্তারা।

    কিছুদিন আগেও একবার খবর রটেছিল কোহলিকে নেতৃত্ব থেকে সরাচ্ছে বেঙ্গালুরু। পরে অবশ্য ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সেই খবরের সত্যতা অস্বীকার করা হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যদিও এখনও সরকারিভাবে বিরাটকে নেতৃত্ব থেকে সরানোর খবর প্রকাশ করেনি বেঙ্গালুরু। তবে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন অধিনায়ক হিসাবে বেঙ্গালুরুর পক্ষে ডি ভিলিয়ার্সের নাম ঘোষণা করা হবে।

    চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপাতত বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন তিনি। কয়েকদিন আগে এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন, এবার পাকিস্তান সুপার লিগেও তাকে দেখা যাবে।

  • ঢাকার রাজপথ দখলের ক্ষমতা রয়েছে: শামীম ওসমান

    ঢাকার রাজপথ দখলের ক্ষমতা রয়েছে: শামীম ওসমান

    নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের রাজপথে আমরা লাখো লোক নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় স্বাধীনতার পক্ষের শক্তি আমরা প্রস্তুত আছি।

    একটি ডাক দিবে, আমরা ভীমরুলের চাকের মতো ঢাকার রাজপথ দখল করার ক্ষমতা রয়েছে।
    আজ বৃহস্পতিবার দুপুরে ইসদাইর বাংলা ভবনে নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

    শামীম ওসমান আরো বলেন, সামনে ধাক্কা আসতেছে। এটাই শেষ লড়াই। ওদের সমস্ত শক্তি প্রয়োগ করবে। দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল ফেলছে। শকুনরা সব আকাশে উড়ছে। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত তারা সব শক্তি প্রয়োগ করবে।

    আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের একেএম সামসুজ্জোহা স্টেডিয়ামে সমাবেশ করবেন জানিয়ে শামীম ওসমান নেতাকর্মীদের বলেন, গত ৩ অক্টোবর রাতে কয়েকজন নেতাকে ফোন দিয়ে বলেছিলাম, জেলার মাথা-মাথা নেতাগুলোর সাথে একটু কথা বলব। এখন দেখি হাজার হাজার লোক। আসলে আমাদের সংসারটা বড় হয়ে গেছে। খোদার কাছে শুকরিয়া আদায় করছি- আমাদের সংসারের ঐক্য দেখে। ডাক দিয়েছি বৈঠকের, হয়ে গেল সবাবেশ।

  • কোটা বহাল রাখার দাবিতে শনিবার মহাসমাবেশ

    কোটা বহাল রাখার দাবিতে শনিবার মহাসমাবেশ

    ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে মুক্তিযোদ্ধার সন্তানরাা।

    বৃহস্পতিবা সকাল থেকে শাহবাগের চৌরাস্তার মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নেন।

    আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ২ দিনের মধ্যে যদি তাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে শনিবার বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশ করবেন তারা।

    ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা ছাড়াও তাদের অন্য দাবিগুলো হলো- মুক্তিযোদ্ধা পরিবারের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সুরক্ষা আইন, রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়া ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা।

    প্রসঙ্গত, গতকাল বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাত সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। তাদের দাবি, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।

  • ইরানি জনগণ যুক্তরাষ্ট্রকে চড় মারবে: খামেনি

    ইরানি জনগণ যুক্তরাষ্ট্রকে চড় মারবে: খামেনি

    ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর বাকযুদ্ধ। তারই জের ধরে এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, নিষেধাজ্ঞা মোকাবেলা করে ইরানি জনগণ যুক্তরাষ্ট্রের গালে আরেকটি চড় মারবে। বৃহস্পতিবার রেভ্যুলুশনারি গার্ডের প্রধান কর্মকর্তা ও বাসিজ মিলিশিয়াদেরি একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

    এ সময় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ ও অর্থনৈতিক সংকটের কারণে ইরানের জনগণ স্পর্শকাতর একটি সময় পার করছে। তিনি আরও বলেন, ‘স্রষ্টার দয়ায় আমরা নিষেধাজ্ঞা মোকাবেলা করব এবং নিষেধাজ্ঞাকে মোকাবেলার মানে হচ্ছে আমেরিকাকে পরাজিত করা। নিষেধাজ্ঞা মোকাবেলা করার ফলে আমেরিকা অবশ্যই ইরানি জনগণের কাছ থেকে আরেকটি চড় খাবে।’

    খামেনি বলেন, ‘দেশ, অঞ্চল ও বিশ্বের বিশেষ করে ইরানের জনগণের অবস্থা স্পর্শকাতর হয়ে পড়েছে। স্পর্শকাতর এই হিসেবে যে, একদিকে আমরা ক্ষমতাবান দাম্ভিক ও সাম্রাজ্যবাদী আমেরিকার রাজনীতিবিদদের চিৎকার শুনছি, আরেকদিকে দেশের অর্থনৈতিক সমস্যা এবং দুর্বল জনগণের একটি বৃহৎ অংশের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।’

    উল্লেখ্য, পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৬ সালে ইরানের চুক্তি হয়েছিল। ওই চুক্তি থেকে মে মাসে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

  • আগামী ২১ অক্টোবর বসবে সংসদের শেষ অধিবেশন

    আগামী ২১ অক্টোবর বসবে সংসদের শেষ অধিবেশন

    দশম জাতীয় সংসদের সর্বশেষ (২৩তম) অধিবেশন বসতে যাচ্ছে আগামী ২১ অক্টোবর। বৃহস্পতিবার ওইদিনের এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    সংসদ সচিবালয় থেকে জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২১ অক্টোবর রবিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেছেন।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি এ অধিবেশন আহ্বান করেছেন।

  • বোর্ড চাইলে পছন্দমতো চিকিৎসক পাবেন খালেদা

    বোর্ড চাইলে পছন্দমতো চিকিৎসক পাবেন খালেদা

    কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াক দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং সরকারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

    একইসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্য নয় এমন তিনজনসহ স্বল্প সময়ের মধ্যে খালেদার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির দুই সদস্য বিএসএমএমইউর চিকিৎসক আবদুল জলিল চৌধুরী ও বদরুন্নেসা আহমেদ নতুন এই বোর্ডে থাকবেন।

    আদালত বলেছেন, আবেদনকারী (খালেদা জিয়া) তার পছন্দ অনুসারে ফিজিওথেরাপিস্ট, গাইনোকোলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। তবে পাঁচ সদস্যের বোর্ডের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়া বিএসএমএমইউ-এর বাইরের পছন্দ মতো বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে পারবেন।

    দেশের বিশেষায়িত কোনো প্রাইভেট হাসপাতালে খালেদার চিকিৎসা করার নির্দেশনা সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

    আদালতে আজ খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কামরুল ইসলাম সজল, রাগিব রউফ চৌধুরী, এহসানুর রহমান, আতিকুর রহমান, ফাইয়াজ জিবরান প্রমুখ।

    আদেশের পর এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে ও চিকিৎসাসেবায় ৫ সদস্যের একটি বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএসএমএমইউর চিকিৎসক আবদুল জলিল চৌধুরী ও বদরুন্নেসা আহমেদ এ বোর্ডে থাকবেন।

    আদালত বলেছেন, অপর তিনজন সদস্য সরকার মনোনয়ন করবে। তবে ওই তিনজনের কেউই কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের স্বাচিপ ও ড্যাবের বর্তমান বা অতীত সদস্য সমর্থক হতে পারবেন না। বোর্ডকে দ্রুত খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি ও চিকিৎসাসেবা শুরুর নির্দেশও দিয়েছেন আদালত।

    চিকিৎসার নির্দেশনার বিরুদ্ধে আপিল করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আদেশ দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলাম। যে ধরনের আদেশ দিয়েছেন তাতে মনে হয় না আপিল করার প্রয়োজন হবে। তবে, আদেশ হাতে পাওয়ার পরে দেখি কোন বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে কিনা। তারপর সিদ্ধান্ত নিবো।

    এর আগে গত ২৫ সেপ্টেম্বর এই শুনানি ১ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছিল। পর্যায়ক্রমে পর-পর দুই দিন শুনানি শেষে আদেশের জন্য এই দিন ঠিক করা হয়।

    তারও আগে দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তার আইনজীবীরা। গত ৯ সেপ্টেম্বর রিটটি দায়েরের পর এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, রিটে বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশ এবং এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

    প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। রায় ঘোষণার পরপরই তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

  • মাশরাফি দেশের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী

    মাশরাফি দেশের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী

    ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটে কত ভালো করছি, মাশরাফি সেখানে নড়াইলের।’ নড়াইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় সম্পদই তো আপনাদের, মাশরাফি।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ক্রীড়াপাগল সেটা নতুন করে বলাইবাহুল্য। দেশের মাঠে খেলা হলে প্রধানমন্ত্রীর মাঠে উপস্থিত যাওয়াই সেটা প্রমাণ করে। নিয়মিত ক্রীড়াবিদদের খোঁজ-খবর রাখা থেকে শুরু করে ক্রীড়া উন্নয়নে সর্বোচ্চ অবদান প্রধানমন্ত্রীর। কয়েকদিন আগেও ইনজুরিতে এশিয়া কাপ শেষ করে দেশে ফিরে আসা তামিম ইকবালের খোঁজ নেন তিনি সরাসরি ফোন করে। প্রয়োজনে বিদেশে গিয়ে হলেও চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এবার অধিনায়ক মাশরাফিকে উল্লেখ করলেন দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে।

    ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’- শীর্ষক রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।

    অনুষ্ঠানের শুরুতেই থিম সং পরিবেশন করা হয়। এ ছাড়া গত সাড়ে নয় বছরে উন্নয়নের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধনের পর বরগুনা জেলার আমতলী, বাগেরহাট জেলার ফকিরহাট, নড়াইল জেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

    ভিডিও কনফারেন্সে নড়াইলের লোহাগড়ার একজন উপকারভোগীর কথার প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এই যে তার মনের যে চেতনা, কারও কাছে হাত পেতে চলব না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে মানুষের কাছে ভিক্ষা করে চলতে হতো। আজকে তার পুনর্বাসন হয়েছে এবং নিজের কাজ নিজে করে খেতে পারছেন। এটাই সব থেকে বড় কথা। এভাবে যেন আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি।

    তিনি বলেন, কোনো মানুষকে যেন কারও কাছে হাত পেতে বা ভিক্ষা করে চলতে না হয়। সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। সেটাই আমরা করে যাচ্ছি এবং আমর তা করে যাব। দেশকে সেভাবে গড়ব।

  • বরিশালে স্মারকলিপি প্রদান : শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে সিগারেট বিক্রি বন্ধ চায় তরুনরা

    বরিশালে স্মারকলিপি প্রদান : শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে সিগারেট বিক্রি বন্ধ চায় তরুনরা

    বরিশাল ব্যুরো//

    বর্তমান সমাজ ব্যবস্থায় মাদক ঘিরে ধরেছে যুব সমাজকে। তামাক বা সিগারেটই মাদক প্রহনের ১ম স্তর। প্রথমে বন্ধুদের সাথে একটা দুইটি সিগারেট। পরে তাদেরই পাল্লায় পরে মাদকের অন্য অন্য শাখায় প্রবেশ।

    বরিশালের সর্বত্ব মাদকের হাতছানি। তার মধ্যে অলিতে গলিতে সিগারেট ও তামাকের দোকান। এমনকি প্রায় প্রতিটি স্কুল কলেজের সামনেও চলছে এর ক্রয় বিক্রয়। নেই কোন আইনের বালাই। এই অবস্থা থেকে উত্তরণে নগরীর স্কুল ও কলেজের সামনে যেন সিগারেট বিক্রি না হয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপি দিয়েছে, তরুনদের সংগঠন দি অডেশাস্।

    বুধবার বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয় গত ২৭ মে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার এবং বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলের আশপাশের দোকানে সিগারেটসহ তামাক ও তামাকজাত পণ্য বিক্রি বন্ধে সরকার ব্যবস্থা নেবে।

    আগামীতে পাঠ্যপুস্তকে আলাদাভাবে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে। এছাড়া ধূমপান ও তামাক নিয়ন্ত্রন আইন এর ৬ এর ক ধারায় বলা আছে, “অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোন ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না, অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরন কাজে নিয়োজিত করবেন না বা করাবেন না।

    এ বিধান লংঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হবে এবং ওই ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে, পর্যায়ক্রমে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডনীয় হবে। দি অডেশাস্ এর সভাপতি সাইদুর রহমান পান্থ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সংগঠনের সহ সভাপতি মোঃ রুম্মান, দুর্জয় সিংহ জয়, অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, সানজিদা বৃষ্টি, আসাদুজ্জামান মিরাজ, জুয়েল ইসলাম ধ্রুব, শুভ সিকদার, নীলা বাড়ৈ ও কামরুজ্জামান জুয়েল।