Author: banglarmukh official

  • বরিশাল নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু

    বরিশাল নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু

    বৃহষ্পতিবার (০৪ অক্টোবর) সকালে সারা‌দে‌শের সাথে এক‌যো‌গে বরিশালেও ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্যমে উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামের আউটার ষ্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম।

    এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

    এরআগে মেলার উদ্বোধন উপলক্ষে নগরের সদর রোড জিলা স্কুল মোড় থে‌কে আউটার স্টে‌ডিয়াম পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারী প্রতিষ্ঠানসমূহ মিলিয়ে দুইশত স্টলে তাদের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেছেন। পাশাপাশি এসকল ষ্টলে স্ব স্ব দপ্তরের কর্মকান্ড, নাগরিক সেবা, লক্ষ্য পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সেবাগ্রহিতাদের প্রদান করা হচ্ছে।

  • এবার মার্কিন অস্ত্রাগারে যুক্ত হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

    এবার মার্কিন অস্ত্রাগারে যুক্ত হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

    আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে সামরিক শক্তিতে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর সেই ধারাবাহিকতায় রাশিয়া-চীনের পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করছে অন্যতম পরাশক্তির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স প্যাথ্রিক শানাহান জানিয়েছেন, শিগগিরই তাদের অস্ত্রাগারে মহাকাশের এ অত্যাধুনিক প্রযুক্তিটি যোগ করা হবে।

    এ ব্যাপারে তিনি বলেছেন, হাইপারসনিক যোগ করছি আমাদের অস্ত্রাগারে। আর সেটা খুব শিগগির। যে সময় লাগবে আশা করেছিল মানুষ, তার আগেই।

    এদিকে বুধবার দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, আমরা খুব দ্রুত হাইপারসনিক নিয়ে মহাকাশে উড়তে যাচ্ছি এবং যা মানুষের প্রত্যাশার তুলনায় বেশি আধুনিকও হবে। এছাড়া সংবাদমাধ্যম বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা রাশিয়া এবং চীনের মনোযোগের কেন্দ্র হয়ে উঠেছে। যদিও তাদের হাইপারসনিক প্রোগ্রামের উন্নয়ন হয়েছে আগেই।

    সাধারণত, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঘণ্টায় তিন হাজার ৮০০ মাইলের বেশি গতিতে চলে। যা শব্দের গতির তুলনায় কমপক্ষে পাঁচগুণ বেশি। সর্বপ্রথম রাশিয়া বিশ্বের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝালের’ সফল পরীক্ষা চালিয়েছিল।

  • ২০ অক্টোবর সোহরাওয়ার্দীতে জনসভা করতে চায় যুক্তফ্রন্ট

    ২০ অক্টোবর সোহরাওয়ার্দীতে জনসভা করতে চায় যুক্তফ্রন্ট

    সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। এ নিয়ে আজ যুক্তফ্রন্টের পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর আবেদন করা হয়েছে।  আবেদনপত্র নিয়ে যান যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান ও ইকবাল কবির।

    আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আতিকুর রহমান বলেন, ‘আমরা আশা করছি জনসভার অনুমতি পাবো।

    তিনি অভিযোগ করে বলেন, ‘এর আগে ময়মনসিংহে জনসভার অনুমতি চেয়েও পাইনি। আগামীকাল শুক্রবার সিলেটেও জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অনুমতি মেলেনি। একটি গণতান্ত্রিক দেশে এটা কাম্য নয়।

  • রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

    রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

    রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়ন ও নির্যাতনের পর বলপূর্বক বাস্তুচ্যুত করার জেরে মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনে এ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছে।

    ইউরোপীয় ইউনিয়নের তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলে বার্তা সংস্থা থমসন রয়টার্স জানিয়েছে, এটা হলে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বাজার থেকে শুল্কমুক্ত সুবিধা হারাতে হতে পারে মিয়ানমার। এছাড়া মিয়ানমারের লাভজনক বস্ত্রশিল্প নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারে শত শত মানুষ।

    তবে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে না। রোহিঙ্গা নিধন বন্ধের জন্য মিয়ানমারকে সুযোগ দেবে সংস্থাটি।

    সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর মিয়ানমারের দু’টি সামরিক ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ইইউ’ও এবার মিয়ানমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে।

    এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের সম্পদ বাজেয়াপ্ত করাসহ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

    তবে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়নি ইইউ। গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য সেনাপ্রধানসহ মিয়ানমারের শীর্ষ ছয় জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

  • ব্যাঙের সঙ্গে অদ্ভুত মিল ট্রাম্পের!

    ব্যাঙের সঙ্গে অদ্ভুত মিল ট্রাম্পের!

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। সেটা সরাসরি হোক বা টিভিতে। শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাম্পের দিকে ভালোভাবে তাকিয়ে থাকলে একটা বিষয় লক্ষ্য করতে পারবেন। সেটা হচ্ছে- ট্রাম্পের থুতনি ও মুখের সঙ্গে ব্যাঙের অদ্ভুত মিল।

    মাইকেল মিচেল নামে একজন কৌতুকের ছলেই এই বুদ্ধিদীপ্ত কাজটিই করেছেন। তিনি ট্রাম্পের থুতনি ও মুখকে লেজবিহীন উভচর প্রাণি ব্যাঙের সঙ্গে তুলনা করেছেন।

    মিচেল টুইটারে ট্রাম্পের ব্যাঙ আকৃতির কিছু মুখভঙ্গি পোস্ট করেছেন বলে ইন্ডিপেন্ডেন্টের ইন্ডি হান্ড্রেট তথ্য জানিয়েছে। একই সঙ্গে সেই ছবিগুলোর নিচে রসাত্মক কিছু কথা লিখেছেন তিনি। যেমন একটি ছবিতে তিনি লিখেছেন- মুখে ব্যাঙের ছবি আঁকা ট্রাম্প আমাদের তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। অপর একটি পোস্টে লিখেছেন- গুগলে ‘‘ডেনাল্ড ট্রাম্প’’ লিখে সার্স দেয়ার পর প্রেসিডেন্ট ব্যাঙ বলছেন, ‘যারা এই নিচু মানের আতিথেয়তায় কষ্ট পেয়েছেন, প্রতিজ্ঞা করছি তাদের জন্য এর চেয়ে ভালোকিছু করা হবে।’

    এছাড়া ট্রাম্পের ছবিসহ অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ব্যাঙ ঘোষণা দিচ্ছেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমরা যা কিছু করতে পারি সবই করবো, আমরা অবশ্যই জলাভূমি সোয়াম্প রক্ষা করবোস সেখানে আমার পরিবার আছে।’

    টাইম ম্যাগাজিনে আরেকটি ছবি আর্ট করে মিচেল ক্যাপশনে লিখেছেন, ‘টাইম ম্যাগাজিনের বর্ষসেরা হয়েছেন প্রেসিডেন্ট ব্যাঙ। তিনি সাংবাদিকদের বলছেন, ‘আমি তাই করেছি, মুখে ব্যাঙ আকিঁয়ে অন্যরাও তা করতে পারে।’

    মাইকেল মিচেলের এই কৌতুকের পর অন্যরাও তার সঙ্গে যোগ দেন। তারাও ট্রাম্পের ব্যাঙ আঁকানো মুখের অবয়ব নিয়ে মজা করতে থাকেন টুইটারে।

  • ইসরায়েলের কারাগার থেকে সিলেটের মাঠে!

    ইসরায়েলের কারাগার থেকে সিলেটের মাঠে!

    ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত নির্যাতন, নিপীড়নের শিকার ফিলিস্তিনিরা। পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের। তাদেরই একজন সামেহ মারাবা। তিনি ফিলিস্তিন জাতীয় দলের স্ট্রাইকার। মাতৃভূমির জন্য লড়তে গিয়ে ইসরায়েলের কারাগারে যেতে হয়েছে মারাবাকে।

    সামেহ মারাবা এখন সিলেটে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ খেলতে এসেছেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ফিলিস্তিন। তাদের প্রতিপক্ষ তাজিকিস্তান।

    সামেহ মারাবা দেশের জন্য যুদ্ধ করেছেন। ২০১৪ সালের ২৮ এপ্রিলের ঘটনা। কাতার থেকে প্রশিক্ষণ নিয়ে ফিলিস্তিনে ফিরছিলেন মারাবা। জর্ডান দিয়ে ফেরার পথে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হাতে আটক হন তিনি। হামাসের জন্য অর্থ ও যোগাযোগ সংক্রান্ত সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয় মারাবার বিরুদ্ধে। ইসরায়েলের ডিটেনশন ক্যাম্পে প্রথমে ৪৫ দিন কাটে সামেহ মারাবার। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘ ৮ মাস কারাবন্দি ছিলেন মারাবা।

    কারাগারের স্মৃতি এখনও সামেহ মারাবাকে শিউরে তুলে। তিনি বলছিলেন, ‘বিভীষিকাময় সেইসব দিনের কথা মনে পড়লেও কষ্ট হয়। আমাকে বিনা কারণে আটকে রাখা হয়েছিল। অন্ধকার কুঠুরিতে হাঁটু গেড়ে বসে সারাদিন পার হতো। শারীরিক অত্যাচার করা না হলেও মানসিক অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। সূর্যের আলো দেখতে পেতাম না। নিজের প্রিয়জনদের সাথে দেখা হবে কিনা, জানতাম না।’

    ইসরায়েলের অগ্রাসনে নিয়মিত ফুটবল খেলারই সুযোগ হয় না ফিলিস্তিনিদের। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০ নম্বরে ফিলিস্তিনকে ‘নিরাপত্তাহীনতার’ অজুহাত দেখিয়ে গাজা কিংবা পশ্চিম তীরে ম্যাচ বাতিল করে দেয় ইসরায়েল। এমনকি সীমান্তে ফিলিস্তিন দলকে আটকে দেয়ার ঘটনাও অহরহ।

    ২০০৬ বিশ্বকাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে পারেনি ফিলিস্তিন। ইসরায়েল বাহিনী তাদেরকে সীমান্তে আটকে দিয়েছিল। এছাড়া ২০১০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়েও ইসরায়েল বাহিনীর বাধায় পড়তে হয় ফিলিস্তিন দলকে। তাদেরকে বহির্গমন ভিসা দেয়নি ইসরায়েল!

    এসব নিয়ে পুরো ফিলিস্তিন ক্ষুব্ধ, সামেহ মারাবাও ক্ষুব্ধ। তিনি বলছিলেন, ‘এসব নিয়ে পুরো ফিলিস্তিন ক্ষুব্ধ, সামেহ মারাবাও ক্ষুব্ধ। তিনি বলছিলেন, ‘ইসরায়েল আমাদের ওপর দখলদারিত্ব চালাচ্ছে। আমাদের স্বাধীনতা হরণ করছে তারা।’

    তবে বঙ্গবন্ধু কাপ খেলতে আসা সামেহ মারাবা সেসব নিয়ে এখন ভাবছেন না। তার ভাবনাজুড়ে এখন এই টুর্নামেন্টে ভালো করা। ফিলিস্তিনের জার্সি গায়ে ১৫ ম্যাচে ৮ গোল করেছেন সামেহ মারাবা।

  • ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ

    ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ

    সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা। সকাল ৭টা থেকে তারা এই অবরোধ শুরু করে। শাহবাগ মোড়ের সবদিকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

    গতকাল বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাত সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। তাদের দাবি, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।

    মন্ত্রিসভায় অনুমোদনের আগে গত ১৭ সেপ্টেম্বর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের কোটা তুলে দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছিল সরকার গঠিত সচিব কমিটি। মন্ত্রিসভার বৈঠকে সচিব কমিটির সেই সুপারিশই অনুমোদন দেওয়া হয়।

  • অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না দেশ

    অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না দেশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু বর্তমানে যারা আছেন তারাই নন, তরুণ তথা আগামী প্রজন্ম যাতে উন্নত জীবন পায়, সেই পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ স্বাধীন দেশ। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না, ভিক্ষা করে চলবে না। নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে এ দেশকে গড়ে তুলবে, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে জাতির পিতা এটাই সব সময় চাইতেন। তিনি (বঙ্গবন্ধু) বলতেন- ‘ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না।’ ভিক্ষুক জাতি হিসেবে নয়, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে চলেছি।’

    আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা পাঁচ বছর ক্ষমতায় ছিলাম। বাংলাদেশ তখন খাদ্যে স্বয়ংসম্পন্ন ছিল। সাক্ষরতার হার ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং রাস্তাঘাট ব্যাপকভাবে তৈরি করেছিলাম।

    দেশের জন্য সেটা স্বর্ণযুগ ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, কিন্তু ২০০১ সালে বেশি ভোট পেয়েও কোনো একটা চক্রান্তের কারণে ক্ষমতায় আসতে পারিনি। সাতটি বছর মানুষের জীবন থেকে হারিয়ে যায়।

    শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে ফের জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে মানুষের জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি। জাতির পিতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। জাতি হিসেবে আমাদের পরিচয় তিনি দিয়ে গেছেন। জাতির যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনমান উন্নত করা, তাদের সুন্দর জীবন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

    উন্নয়ন মেলা-২০১৮ তরুণদের প্রতি উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব আয়োজন তারুণ্যের জন্য। যারা দেশকে কিছু উন্নতি দিতে পারবে, নিজের ভাগ্যও গড়তে পারবে। তাদের পরিবারগুলোও সুন্দরভাবে বাঁচবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রেখে ধাপে ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আজকের শিশু, আগামী দিনের তরুণ; তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

    শেখ হাসিনা বলেন, উন্নয়ন কোনো একটি জায়গায় নয়, সারাদেশে ছড়িয়ে দিচ্ছি। আশা করি, এই উন্নয়ন মেলার মাধ্যমে আমাদের দেশের মানুষ তাদের জন্য আমরা কী উন্নয়ন করলাম এবং সে উন্নয়নের মধ্য দিয়ে তারা কিভাবে নিজের ভাগ্যকে গড়তে পারবে, সেটা দেখার সুযোগ তারা পাবে এবং সেই সুযোগটা তারা গ্রহণ করবে। সেই চিন্তা থেকেই আজকের এই উন্নয়ন মেলা।

    উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে চলবে তিন দিনের এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে উন্নয়ন মেলার থিম সং’টি শোনানো হয়। এছাড়াও সরকারের গৃহীত উন্নয়ন পদক্ষেপের একটি ভিডিও চিত্রও দেখানো হয়।

    এবারের উন্নয়ন মেলার প্রতিপাদ্য ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

    এছাড়াও উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উপজেলার উপকার ভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

  • বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সরকারী ফলাফল ঘোষণা

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সরকারী ফলাফল ঘোষণা

    শেখ সুমন:

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সরকারী ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।আজ ৩ অক্টোবর বুধবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেছেন।সরকারী ফলাফলে নৌকা প্রতীকে সেরনিয়াবাত সাদিক অাব্দুল্লাহ মেয়র, ২৪ কাউন্সিলর ও সংরক্ষিত ৭ নারী কাউন্সিলরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

    স্থগিত থাকা ৯ টি কেন্দ্র পুনরায় ভোট গ্রহণ শেষে ৬কাউন্সিলর ও ৩ সংরক্ষিত নারী কাউন্সিলরের ফল ঘোষণা হবে।

    গত ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ফল ঘোষণা করা হলেও অনিয়মের অভিযোগে বরিশাল সিটি নির্বাচনের ফল দুই মাসের বেশি সময়েও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)।

  • খুলনায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

    খুলনায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

    খুলনায় মিথুন মন্ডল নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিথুন তেতুলতলার ১০নং গেট এলাকার মৃত প্রশান্ত মন্ডলের ছেলে।

    মিথুনের মা প্রণীতা মন্ডল জানান, মিথুনের বাবা নেই। এ কারণে সম্পত্তির লোভে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পরে ঘেরের পাশের তেতুল গাছে লাশ ঝুলিয়ে দেওয়া হয়। মিথুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

    তবে পুলিশ প্রাথমিকভাবে এতে আত্মহত্যা মনে করছে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে মিথুন আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।