Author: banglarmukh official

  • ইন্দোনেশিয়ার রাস্তায় লাশ আর লাশ

    ইন্দোনেশিয়ার রাস্তায় লাশ আর লাশ

    ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবারের ভূমিকম্প এবং সুনামিতে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট বলছেন, মৃতের সংখ্যা ‘হাজার হাজার’ হতে পারে। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে লাশ।

    ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ বিভাগ রবিবার তাদের সর্বশেষ যে হিসাবে দিয়েছে তাতে বলা হয়েছে শুক্রবারের ভূমিকম্প এবং তা থেকে সৃষ্ট সুনামিতে সুলাওয়েসি দ্বীপে কমপক্ষে ৮৩৪ জন মারা গেছে।

    কিন্তু কর্মকর্তারা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা বলেছেন, নিহতের সংখ্যা ‘হাজার হাজার’ হতে পারে।

    কেন এই আশঙ্কা – দুর্যোগের দুদিন পর তার কারণ ব্যাখ্যা করতে শুরু করেছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।

    শুক্রবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং তার ফলে সৃষ্ট ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সুলাওয়েসি দ্বীপের পালু এবং আরো কয়েকটি শহরে আঘাত করে।

    জাতীয় দুর্যোগ বিভাগ বলছে, তারা প্রথমে যা ভেবেছিলেন ভূমিকম্প এবং সুনামিতে আরও বেশি জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, বহু মানুষ এখনও বিধ্বস্ত ঘরবাড়ির নিচে আটকা পড়ে আছে।

    পালু শহরে মানুষজন নিজেরাই ধ্বংসাবশেষের নিচে স্বজন প্রতিবেশীদের খুঁজছেন।

    দুর্যোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মদ সাউগি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ধ্বংসস্তূপ সরাতে আমাদের এখন জরুরি ভিত্তিতে ভারি যন্ত্রপাতি দরকার। শরীরের শক্তি দিয়ে একাজ আর সম্ভব হচ্ছে না।

    ডঙ্গালা নামক একটি শহরের পরিণতি নিয়ে গভীর আশঙ্কা রয়েছে। প্রত্যন্ত এই শহরটি থেকে এখনও তেমন কোনো খবর পাওয়া যাচ্ছে না।

    রেডক্রস বলেছে, ১৬ লাখের মত মানুষ শুক্রবারের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে ‘এই ট্রাজেডি আরো করুণ চেহারা নিতে পারে।

    শহরের ৩,৩৫,০০০ মানুষের অনেকে এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ বিধ্বস্ত ঘরবাড়ির নিচে আটকা পড়ে আছে।

    শহরের রোয়া রোয়া নামে একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা ২৪ জনকে জীবিত বের করে এনেছেন। আরো অনেক সেখানে আটকা পড়ে আছে বলে ধারনা করা হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। খোলা জায়গায় তাঁবু খাটিয়ে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আফটার-শক অর্থাৎ বড় ভূমিকম্পের পর ছোটো ছোটে যে কাঁপুনি হয়, তার ভয়ে শনিবার সারারাত পালুর লোকজন ঘরের বাইরে ছিলেন।

    একটি আশ্রয় কেন্দ্রে বসে পালুর বাসিন্দা রিসা কুসুমা এএফপি সংবাদ সংস্থাকে বলেন, প্রতি মিনিটে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ আসছে। খাবার পানি প্রায় পাওয়াই যাচ্ছে না। দোকানপাট বাজার সব লুট হয়ে যাচ্ছে।

    শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার যে ভূমিকম্প হয় তার উৎপত্তিস্থল ছিল উপকূলের খুব কাছে, মাত্র ১০ কিলোমিটার দূরে। ফলে খুব দ্রুত জলোচ্ছ্বাস তীরে চলে আসে।

    স্থানীয় একটি উৎসবের কারণে সে সময় বহু মানুষ পালুর সমুদ্র সৈকতে ছিল। ফলে তাদের অনেকেই সুনামি থেকে পালানোর সময় পায়নি।

    ঘরবাড়ি ছাড়াও ভূমিকম্প ও সুনামিতে শহরের শপিং মল, মসজিদ, হোটেল, সেতু বিধ্বস্ত হয়েছে। পালু বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারও মারা গেছেন।

  • জাতীয় ঐক্যের ফল শূন্য বলে মন্তব্য করেছেন: অর্থমন্ত্রী

    জাতীয় ঐক্যের ফল শূন্য বলে মন্তব্য করেছেন: অর্থমন্ত্রী

    জাতীয় ঐক্যের ফল শূন্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘এর ফল শূন্য। এসব দিয়ে কিছুই হবে না।’ সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেল একাডেমি আয়োজিত এক ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

    অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে উল্টো জানতে চান—জাতীয় ঐক্য কারা করেছে। এরপর তিনি বলেন, ‘জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো জিরো জিরো।’

    আজ রোববার দুপুরে বাংলাদেশ ফিমেল একাডেমি মিলনায়তনে এই সেমিনার হয়। সেমিনার শেষে সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, নির্বাচনকারী সরকারে কারা থাকবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে, তারাই নির্বাচনকালীন সরকারে থাকবে। অন্য কেউ থাকবে না। ২০১৪ সালে যে প্রক্রিয়ায় দেশে নির্বাচন হয়েছে, সেভাবেই এই দেশে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে। তাই যথাসময়েই নির্বাচন হবে।

    বিএনপির মতো একটি বড় দলকে নির্বাচনে আনার বিষয়ে সরকারের কোনো বিশেষ উদ্যোগ আছে কি না, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো বিশেষ উদ্যোগ নেই। বিএনপি একসময় বড় দল ছিল। এখন আছে কি না আমার সন্দেহ আছে।’

    সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জনসেবায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশের মানুষ ভালো, তাদের কোনো কিছুর সুযোগ দিলে তারা পথ বের করে নেয়। যেকোনো ভালো কাজ তারা করতে পারে।

    শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু উদ্যোগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রীর বিশেষ কিছু চিন্তাভাবনা আছে। কিন্তু আমি তাঁর সব কথা রাখতে পারি না। তার মানে এই নয় যে এসব চিন্তাভাবনা ভালো নয়। সমস্যা হচ্ছে টাকার। প্রধানমন্ত্রী চান একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষাকে বিনা মূল্যে করে দিতে। তাঁর কথা হলো মানুষ শিক্ষিত হলে মানসিকতায় পরিবর্তন আসে, দেশপ্রেম আসে। যেকোনো কাজ তারা করতে পারে। আমি বলেছি, এটা ধীরে ধীরে করতে হবে।’

    বাংলাদেশ ফিমেল একাডেমির দাতা সদস্য ও সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।

    বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল আলম, ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য কায়েছ চৌধুরী, পলা ইসলাম, আবদুল মোতালেব, ফিমেল একাডেমির অধ্যক্ষ নাজমা বেগম প্রমুখ।

  • দুদকে হাজির হননি তিতাসের দুই কর্মকর্তা

    দুদকে হাজির হননি তিতাসের দুই কর্মকর্তা

    দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হলেও হাজির হননি তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের দুই কর্মকর্তা। দুজনই সময় চেয়ে দুদকে আবেদন করেছেন।

    তাঁরা হলেন তিতাসের পাইপলাইন ডিজাইন বিভাগের একটি শাখার ব্যবস্থাপক সাব্বের আহমেদ চৌধুরী এবং ইলেকট্রিক্যাল কোরেশন কন্ট্রোল (ইসিসি) বিভাগের ব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিকুর রহমান। এই দুই কর্মকর্তাকে আজ রোববার দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে নোটিশ দিয়েছিল দুদক। ২০ সেপ্টেম্বর তাঁদের তলব করে চিঠি পাঠান অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমান। দুদক সূত্র জানায়, দুজনই সময় চেয়ে দুদকে আবেদন করেছেন।

    এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের অবৈধ সংযোগ, সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে দিয়ে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তাঁরা। এ ছাড়া তিতাসের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এ অনুসন্ধানের আওতায় রয়েছেন।

    দুদক সূত্র জানায়, ২০১৭ সালের অক্টোবর মাসে দুদক এ অভিযোগ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে এর দায়িত্ব ছিল উপ-পরিচালক আহমারুজ্জামানের। প্রেষণে দুদকে আসা এই কর্মকর্তা সম্প্রতি পদোন্নতি পেয়ে নিজ প্রতিষ্ঠান পুলিশে ফিরে গেলে নতুন অনুসন্ধানের দায়িত্ব পান দুদকের আরেক উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান। তাঁর নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য দুই সদস্য হলেন উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মোহাম্মদ শাহজাহান মিরাজ।

    জানা গেছে, অভিযোগ সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছিলেন আগের অনুসন্ধান কর্মকর্তা। নতুন অনুসন্ধানের দায়িত্ব পেয়ে এ কে এম মাহবুবুর রহমান ও তাঁর দল তিতাসের দুই কর্মকর্তাকে তলব করলেও তাঁরা সময় প্রার্থনা করলেন।

    এদিকে, তিতাসের দুর্নীতি নিয়ে আরেকটি অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। ইতিমধ্যে তিতাসের এমডিসহ ৮ কর্মকর্তাকে দুদকে তলব করেছেন তিনি। তিতাসের এমডি মীর মশিউর রহমান, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম আবদুল ওয়াদুদ ও ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৌধুরীকে কাল সোমবার দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

    মঙ্গলবার তলব করা হয়েছে তিতাসের নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, টিঅ্যান্ডটি শাখার (গাজীপুর) ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক মো. আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।

  • তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

    তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপি

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়েছে বিএনপি। আজ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় এ দাবি জানানো হয়।

    বিএনপির জনসভা চলাকালীন রাজধানীর কয়েকটি এলাকা থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। জনসভাস্থল শাহবাগের কাছ থেকে আটক করা হয় কয়েকজন যুবককে।

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা। ছবি: দীপু মালাকাররাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা। জনসভা থেকে দলের পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সাত দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির সাত দফা দাবি হলো:

    ১. খালেদা জিয়ার মুক্তি

    ২. জাতীয় সংসদ বাতিল করা

    ৩. সরকারের পদত্যাগ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা

    ৪. সুষ্ঠু নির্বাচনে স্বার্থে ভোটকেন্দ্রে বিচারিক ক্ষমতাসহ সশস্ত্রবাহিনী নিয়োগ

    ৫. নির্বাচনে ইভিএম ব্যবহার না করা

    ৬. নির্বাচনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং তাদের ওপর বিধিনিষেধ আরোপ না করা

    ৭. ক. বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার

    খ. তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত রাজনৈতিক মামলা স্থগিত ও নতুন মামলা না দেওয়া

    গ. পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার না করা

    ঘ. কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের এবং সাংবাদিকদের আন্দোলন ও মত প্রকাশের কারণে দেওয়া মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়া

    আজ বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা শুরু হয়। বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হলেও দুপুর ১২টা থেকে জনসভাস্থলে ছোট-ছোট মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা আসতে শুরু করেন। বেলা দুইটা পর্যন্ত কয়েক হাজার নেতা-কর্মী সেখানে জড়ো হয়েছেন।

    জনসভাস্থলের আশপাশের এলাকা থেকে কয়েকজন যুবককে আটক করে পুলিশ। ছবি: দীপু মালাকারজনসভাস্থলের আশপাশের এলাকা থেকে কয়েকজন যুবককে আটক করে পুলিশ,আজকের জনভার প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধান বক্তা দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এতে সভাপতির ভাষণ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতা-কর্মীর বিরুদ্ধে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সরকারবিরোধী একটি বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার মধ্যেই বিএনপি এই জনসভা করছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পয়লা অক্টোবর থেকে নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন।

    ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও বিএনপির সমাবেশে অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি। এই জনসভা বিএনপি একাই করছে।

  • সাবেক বিএনপি নেতা ফজলুল হক হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন

    সাবেক বিএনপি নেতা ফজলুল হক হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন

    বরিশাল সিটি কর্পোরেশনের ৩নংওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি মোঃ সেরাজুল হক মৃধার বড় ভাই ও ৩ নংওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক মৃধা হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্মালিল্লাহে …রাজেউন) ।

    শনিবার ২৯ সেস্টেম্বর রাত ১২টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

    ৩০ সেস্টেম্ভর রোববার জোহর বাদ জানাজা শেষে তার নিজ বাড়ি পুরানপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    তার এই মৃত‌্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাছাড়া রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছে।

  • ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গসহ ফেসবুকের কর্মীরাও হ্যাকিংয়ের শিকার

    ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গসহ ফেসবুকের কর্মীরাও হ্যাকিংয়ের শিকার

    ফেসবুকের খুব বাজে সময় যাচ্ছে। আবার নয় কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনাকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

    এর আগে গত আগস্ট মাসেই কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক। এবারের ঘটনায় ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন।

    গত শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, হ্যাকাররা ডিজিটাল টোকেন চুরি করে নিয়েছে। যার মাধ্যমে পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে, যা ফেসবুকের সবচেয়ে বাজে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। প্রতি মাসে প্রায় ২২০ কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অ্যাকাউন্টের কোনো তথ্য অপব্যবহার করেছে, নাকি ব্যক্তিগত তথ্য চুরি করেছে, তা এখনো ঠিক করতে পারেনি তারা।

    এখনো আক্রমণকারী সম্পর্কে বা কোন দেশের ব্যবহারকারী বেশি আক্রান্ত হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি। তবে ফেসবুকের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি বড় ধরনের আক্রমণ। এ বছরের শুরুতে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য ফেসবুক থেকে হাতিয়ে তা রাজনৈতিক কাজে লাগানোর অভিযোগ ওঠে যুক্তরাজ্যের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে। বিশ্বজুড়ে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ফেসবুককে। বিশ্বজুড়ে হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক প্রচার শুরু হয় ওই সময় থেকেই। ফেসবুকের যে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা গেছে, তাতে পাঁচ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা হ্যাকারের হাতে ছিল।

    ফেসবুকের এ নিরাপত্তা ত্রুটি ২০১৭ সালের জুলাই মাস থেকে ছিল। কিন্তু গত মঙ্গলবার তা ধরা পড়ে। ফেসবুকের ভিউ অ্যাজ ফিচারটির ব্যবহার হঠাৎ বেড়ে যাওয়ায় অসংগতি ধরতে পারেন ফেসবুকের কর্মকর্তারা। ভিউ অ্যাজ ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিংস যাচাই করার সুবিধা দেয়, যার মাধ্যমে প্রোফাইল অন্যদের কাছে কেমন দেখাবে তার নিয়ন্ত্রণ রাখতে পারেন ব্যবহারকারী। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডার্কট্রেসের পরিচালক জাস্টিন ফিয়ের বলেছেন, ‘এ ঘটনার প্রভাব বিশাল।

    ফেসবুকের নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন নিরাপত্তা ত্রুটির বিষয়টিকে জটিল বলে উল্লেখ করেছেন। তিনি তিনটি বিশেষ সফটওয়্যার ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন। ফেসবুক বলছে, তারা ত্রুটি শনাক্ত করার পরপর গত বৃহস্পতিবারেই তা বন্ধ করে দেয়। তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও কংগ্রেস, আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশনকে বিষয়টি অবহিত করে। আয়ারল্যান্ডে ফেসবুকের ইউরোপীয় অঞ্চলের সদর সপ্তর অবস্থিত।

    আইরিশ কর্তৃপক্ষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, ফেসবুক কর্তৃপক্ষ হ্যাকের ধরন ও ব্যবহারকারী ঝুঁকি সম্পর্কে পরিষ্কার জানাতে পারেনি। পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর ডিজিটাল কি রিসেট করেছে তারা? এর বাইরে ভিউ অ্যাজ ফিচারটিও বন্ধ করে দিয়েছে। এর বাইরে আরও চার কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরীক্ষা করছে ফেসবুক। ফেসবুক বলছে, নয় কোটি ব্যবহারকারীকে আবার ফেসবুকে নতুন করে লগইন করতে হবে।

    এ ছাড়া ফেসবুক দিয়ে লগইন করা হয় এমন অ্যাপেও নতুন করে লগইন করা প্রয়োজন হবে। শুক্রবার এ ঘটনায় ফেসবুকের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা করেছেন দুই ফেসবুক ব্যবহারকারী। প্রায় ছয় হাজার ব্যবহারকারী জাকারবার্গের ফেসবুক পেজে এ–সংক্রান্ত অভিযোগ করেছে।

  • বরিশালে কর্মরত দুই ডাক্তারকে কৈফিয়ত তলব করা হয়েছে

    বরিশালে কর্মরত দুই ডাক্তারকে কৈফিয়ত তলব করা হয়েছে

    কর্মরত দুই ডাক্তারকে কৈফিয়ত তলব করা হয়েছে।ডিউটি কালীন সময়ে কর্মস্থলে না পাওয়ায় তাদেরকে শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    আগৈলঝাড়া উপজেলা ৫০শয্যার হাসপাতালের দুই ডাক্তারকে এই শোকজ করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান।

    হাসপাতালের ইউএইচএএফপিও ডা. মো. আলতাফ হোসেন জানান, শুক্রবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় ডাঃ জ্যোতি রানী বিশ্বাস ও মনন রায় হাসপাতালে উপস্থিত না থাকায় তাদের শোকজসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন, অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসান। অতিরিক্ত সচিবের সাথে বরিশাল সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন ও প্রকৌশলী মো.আলতাফ হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ১৬৪৩০’ নম্বরে আইনি সহায়তা পেয়েছেন ৩২ হাজার

    ১৬৪৩০’ নম্বরে আইনি সহায়তা পেয়েছেন ৩২ হাজার

    কাজী সাইফুলঃ

    দরিদ্র, অসহায়, নির্যাতিতসহ পিছিয়ে পড়া সব শ্রেণিপেশার মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে ‘১৬৪৩০’ নম্বরে আইনি সহায়তা দেওয়া হয়।

    টোল ফ্রি এই নম্বরটির যাত্রা শুরুর পর থেকে এতে ফোন করে আইনি সহায়তা নিয়েছেন ৩২ হাজার ৮৮৬ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮৮৭ জন এবং পুরুষ ২২ হাজার ৯৯৯ জন। ২০১৬ সালের ২৮ এপ্রিল টোল ফ্রি ১৬৪৩০ নম্বরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এরপর থেকেই সরকারি আইনি সহায়তায় ‘জাতীয় হেল্পলাইন’ হিসেবে নম্বরটি ব্যবহৃত হচ্ছে। যা সরকারি অর্থায়নের মাধ্যমে ‘সরকারি আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান’ প্রকল্পের অধীনে জাতীয় পর্যায়ে কাজ করছে এই কলসেন্টার সার্ভিস। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে পাওয়া তথ্য অনুসারে ২০১৬ সালের ২৮ এপ্রিল টোল ফ্রি সার্ভিসটি চালুর পর একই বছরের ডিসেম্বর পর্যন্ত মোট ১১ হাজার ১৫ জন নারী-পুরুষ এর মাধ্যমে সেবা নিয়েছেন।

    এরপর ২০১৭ সালে সেবা নেন ১১ হাজার ১০৬ জন। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩ হাজার ৮৬ জন নারী এবং ৭ হাজার ৬৭৯ জন পুরুষ, অর্থাৎ মোট ১০ হাজার ৭৬৫ জন ভুক্তভোগী এর সুফল ভোগ করেছেন। আর লিগ্যাল এইডের এই সফলতার পেছনে সার্বিকভাবে সহায়তা করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। লিগ্যাল এইডের এমন সফলতার পেছনে দুইটি কারণ রয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

    প্রথমত, টোল ফ্রি লিগ্যাল এইড সার্ভিসে ফোন করে মানুষ মন খুলে যে পরামর্শ চায়, তা পাচ্ছে। এবং দ্বিতীয়ত, লিগ্যাল এইড সার্ভিসে জনগণ আশানুরূপ সুবিধা পেয়ে বিষয়টিকে তারা অন্যদের মাঝে প্রচার-প্রচারণার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আনিসুল হক বলেন, ‘আমাদের পক্ষ থেকে এটা তো নতুন একটি সেবা প্রকল্প। তাই এটি শুরু করতে গিয়ে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি আর সেই অভিজ্ঞতার আলোকে আমরা সেবাটির আরও উন্নতিকরণের চেষ্টা করছি।

    আইনি পরামর্শ, আইনগত তথ্য, কাউন্সিলিং, মামলা/মোকদ্দমা করার প্রাথমিক তথ্য, সরকারি আইনি সেবা সম্পর্কিত যেকোনও পরামর্শ, অভিযোগ দিতে ‘১৬৪৩০’ নম্বরে টোল ফ্রি কল করে সহায়তা পাওয়া যাবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। কল করা ছাড়াও নম্বরটিতে ম্যাসেজ, লিগ্যাল এইডের ফেইসবুক মেসেঞ্জার বা তাদের অ্যাপস্ ব্যবহার করেও ভুক্তভোগীদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত রাখা হয়েছে। নারী-পুরুষ, শিশু নির্বিশেষে যেকোনও ব্যক্তি এ সুবিধা ভোগ করতে পারেন।

    সরকারি আইনি সেবা পাওয়ার যোগ্যতা: যারা দরিদ্র ও অসহায় এবং নিজ খরচে মামলা পরিচালনা করতে পারেন না তাদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়।

    এই সুবিধা পেতে আবেদন করতে পারেন যারা: (ক) অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক গড় আয় সুপ্রিম কোর্টে আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে ১ লাখ টাকার বেশি নয়; (খ) কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ১ লাখ ৫০ হাজার টাকার বেশি আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা; (গ) যেকোনও শ্রমিক যার বার্ষিক গড় আয় ১ লাখ টাকার বেশি নয়; (ঘ) যেকোনও শিশু; (ঙ মানব পাচারের শিকার যেকোনও ব্যক্তি; (চ) শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু; (ছ) নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুরে; (জ) যেকোনও উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের লোক; (ঝ) পারিবারিক সহিংসতার শিকার অথবা সহিংসতার ঝুঁকিতে আছেন এমন যেকোনও সংক্ষুব্ধ ব্যক্তি; (ঞ) বয়স্ক ভাতা পাচ্ছেন এমন যেকোনও ব্যক্তি; (ট) বিজিডি কার্ডধারী দুঃস্থ মাতা; (ঠ) এসিড দগ্ধ নারী বা শিশু; (ণ) যেকোনও প্রতিবন্ধী; (ত) আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থনে অসমর্থ ব্যক্তি; (থ) বিনাবিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থন করার যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল; দ) আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি এবং (ধ) জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল হিসেবে বিবেচিত ব্যক্তি।

    এ জাতীয় আরও কিছু সেবা প্রকল্প বাস্তাবায়নে মন্ত্রণালয় থেকে কোনও উদ্দোগ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। তাই আপাতত লিগ্যাল এইডের সঙ্গে নতুন কিছু যুক্ত করা সম্ভব হচ্ছে না। তবে এইটুকু বলতে পারি, নিশ্চই এই সেবা সম্প্রসারিত হবে।

    এবং আরও কিছু সেবা যদি এর সঙ্গে যোগ করে জনগণের উপকরা করা যায়, তবে অবশ্যই আমরা তা করবো। কেননা, লিগ্যাল এইড সার্ভিসটি আমাদের একটি অগ্রাধিকার প্রকল্প।’ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. জাফরোল হাছান বলেন, ‘লিগ্যাল এইডের কলসেন্টার সেবার পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইন্টারনেট সুবিধা প্রদান ও প্রত্যেককে পৃথক পৃথক মোবাইল নম্বর সরবরাহের প্রক্রিয়া চলছে। এতে জনগণ আরও দ্রুত সময়ের মধ্যে কর্মকর্তাদের মাধ্যমে আইনি সুবিধা পাবেন বলে আমরা মনে করছি।

  • অসুস্থ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে হাসপাতালে দেখতে গেলেন সাদিক আব্দুল্লাহ।

    অসুস্থ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে হাসপাতালে দেখতে গেলেন সাদিক আব্দুল্লাহ।

    শেখ সুমন:

    বরিশাল মহানগর সাত নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফারুক হুমায়ুন এর অস্ত্রপচার হওয়ায় তাকে ঢাকাস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দেখতে যান বরিশাল সিটিকর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

    এসময় তিনি অসুস্থ আবুল হুমায়ুন এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তার পরিবারের সদস্যদের সাথে এসময় কথা বলেন সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি অসুস্থ সভাপতির দ্রুত সুস্থতা কামনা করেন

  • আয়োজিত হলো ডিই.সি.বি আন্তঃ স্কুল ও কলেজ প্রথম বিতর্ক চ্যাম্পিয়নশীপ।

    আয়োজিত হলো ডিই.সি.বি আন্তঃ স্কুল ও কলেজ প্রথম বিতর্ক চ্যাম্পিয়নশীপ।

    হুজাইফা রহমান:

    গতকাল শুক্রবার নগরীর আছমতআলী খান এ.কে ইনস্টিটিউশনে ডিবেটার্স কমিউনিটি অফ বরিশাল ( ডিই.সি.বি ) এর আয়োজনে আয়োজিত হলো ডিই.সি.বি আন্তঃ স্কুল ও কলেজ প্রথম বিতর্ক চ্যাম্পিয়নশীপ দুই হাজার আঠারো। অনুষ্ঠানে সহযোগিতা করেন লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার । মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেন ,জাতীয় অনলাইন দৈনিক বাংলারমুখ টুয়েন্টিফোর ডটকম। শুক্রবার সকাল নয়টা ত্রিশ মিনিটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ,বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি শফিক আমিন। সভাপতিত্ব করেন ,ডিই.সি.বি র সভাপতি শেখ সুমন। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন , প্রফেসর মাসুম বিল্লাহ। উপস্থাপনায় ছিলেন মোঃ আবু সুফিয়ান শেখ।

    অনুষ্ঠানে স্কুল পর্বে ষোলোটি এবং কলেজ পর্বে আটটি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কলেজ পর্বে চ্যাম্পিয়ন হয় সরকারি সৈয়দ হাতেমআলী কলেজে। রানার্সআপ হয় আলেকান্দা সরকারি কলেজ। স্কুল পর্বে চ্যাম্পিয়ন হয় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয় , আছমতআলী খান এ.কে ইনস্টিটিউশন।