Author: banglarmukh official

  • আদর্শহীন ঐক্য কখনো টিকেনা

    আদর্শহীন ঐক্য কখনো টিকেনা

    নির্বাচনকে সামনে রেখে অনেকেই ঐক্যবদ্ধ হচ্ছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আদর্শহীন ঐক্য কখনো টিকে থাকতে পারে না। তাদের ঐক্যও টিকবে না।
    তিনি বলেন, যারা আজকে একদল, কালকে আরেকদল, পরশু অন্যদল, তাদের কোনো নীতি নেই। নীতিহীন দলকে মানুষ কখনো গ্রহণ করে না।

    শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লি: কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
    ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাইওয়ান-মিনিস্টার হাইটেক পার্কের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরূবা তনু, প্রাইম ব্যাংক লি. এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও রাহেল আহমেদ।

    এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেলুন ও কবুতর উড়িয়ে কারখানার উদ্বোধন করেন এবং কারখানা ঘুরে দেখেন।

  • ৪ অক্টোবর লালদীঘি ময়দানে জনসভা করবে বিএনপি

    ৪ অক্টোবর লালদীঘি ময়দানে জনসভা করবে বিএনপি

    প্রশাসনের অনুমতি মিললে ৪ অক্টোবর নগরীর লালদীঘি ময়দানে জনসভা করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই জনসভার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

    শনিবার দুপুরে নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির কথা জানান তিনি।

    সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু করতে সরকার কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে জানিয়েছেন। কিন্তু গায়েবী মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুরে, হয়রানি-নির্যাতন করাই কী তাদের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা?

    লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে সবার জন্য সমতল ভূমি দরকার। তারা বহর নিয়ে বিভিন্ন জেলায় নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। আর আমাদের রাতের আঁধারে গ্রেফতার করে জেলে রাখছেন। গত ১০ দিনে ১৫১ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বিনা অপরাধে। এটাই কী তবে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ?

    হাইকোর্টের নির্দেশ পুলিশ মানছে না দাবি করে শাহাদাত হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন নিলেও পুলিশ গায়েবী মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এমনকি মামলা না থাকলেও ইয়াবা ও ধর্ষণ মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে।

    ঢাকায় চকবাজার থানা বিএনপির এক নেতা মারা গেছেন ২০১৬ সালে, কিন্তু ২০১৮ সালে এসে সেই মৃত ব্যক্তির নামেও মামলা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা মরেও রেহাই পাচ্ছেন না। সম্মেলনে নগর বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, বিএনপি নেতাদের অফিস ও বাসাবাড়িতে তল্লাশির নামে ভাঙচুর চালানো হচ্ছে য় পরিবারের সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করছে পুলিশ।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ আজিজ প্রমুখ।

  • হাসানাত আবদুল্লাহর সাথে আশোভন আচরন : উপজেলা চেয়ারম্যানকে বের করে দিলো নেতাকর্মীরা

    হাসানাত আবদুল্লাহর সাথে আশোভন আচরন : উপজেলা চেয়ারম্যানকে বের করে দিলো নেতাকর্মীরা

    পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যাদা) বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সাথে অশোভন আচরন করায় ক্ষীপ্ত নেতাকর্মীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনকে আনন্দ অনুষ্ঠান থেকে বের করে দিয়েছে।

    গত শুক্রবার বিকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

    তবে, উপজেলা চেয়ারম্যান বিষয়টি নিছক ভুল বোঝাবুঝি বলে দাবী করছেন। বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, গত ২৭ সেপ্টেম্বর বরিশাল বিমান বন্দরের ভিআউপি লাউঞ্জে আমাদের দক্ষিণাঞ্চলনের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ্র সাথে সরদার খালেদ হোসেন স্বপন অশোভন আচরণ করায় আওয়ামীলীগের দলীয় সকল কর্মসূচিতে তাকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলন বলেন, প্রধানমন্ত্রীর ৭২ তম জন্মদিন পালন অনুষ্ঠান চলাকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন দলীয় কার্যালয়ে প্রবেশ করলে কয়েকশ’ নেতাকর্মী ডাক-চিৎকার শুরু করে।

    এসময় নেতার্মীদের আপত্তির মুখে স্বপন অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

  • জল্লা ইউপি চেয়ারম্যান নান্টুর হত্যাকারীদের বিচারের দাবীতে মানবন্ধন  : বিচার না পেলে ঘরে ফিরবেনা জনতা

    জল্লা ইউপি চেয়ারম্যান নান্টুর হত্যাকারীদের বিচারের দাবীতে মানবন্ধন : বিচার না পেলে ঘরে ফিরবেনা জনতা

    বরিশালের উজিরপুরের জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের বিচারের দাবীতে ৬ষ্ঠ দিনেও মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জল্লা বাসী।

    বৃহষ্পতিবার সকাল ১১ টায় জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু,সমির মজুমদার নের্তৃত্বে বিক্ষুব্ধ হাজার,হাজার নারী,পুরুষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

    এসময় মানবন্ধনে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালী,সমির মজুমদার,শংকর মজুমদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি অসিম ঘরামী,আওয়ামীলীগ নেতা রেজাউল করিম,আনোয়ার বালী প্রমূখ। এসময় হাফিজুর রহমান ইকবাল বলেন দলীয় কোন্দলের কারনেই জনপ্রিয় ইউপি চেয়ারম্যানকে জিবন দিতে হয়েছে।

    অনতি বিলম্বে এমপি’র পি.এস আবু সাইদ ও শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবিরসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এবং অচিরেই সকল খুনীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি। জল্লাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে উল্লেখ্য ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় কারফা বাজারে নীজ কাপরের দোকানে বসা অবস্থায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে দুর্বৃত্তরা গুলি করে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।

    এদিকে উজিরপুরে আলোচিত ইউপি চেয়রম্যান নান্টুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের কাছে জেলা প্রশাসক এর কাছে স্মারক লিপি প্রদান করেন।

    মানবন্ধন ও সমাবেশে উপজেলা হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলিপ কুমার সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অশোক কুমার হাওলাদার,সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু,পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,পুজা উদযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সম্পাদক সহদেব কুমার দাস, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল,হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তাপস চন্দ্র রায়,মাইনোরিটি রাইস ফোরামের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার,সম্পাদক শংকর মজুমদার,সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন বালী, বিমল মাঝি,বর্তমান সভাপতি কামাল হোসেন সবুজ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিয়ন,কেন্দ্রীয় কীর্ত্তন আঙ্গিনার সাধারন সম্পাদক বরুন কুমার মিত্র, জাতীয় পার্টির সম্পাদক হানিফ হাওলাদার,উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, সৈয়দ জাহিদ আলম,বাসুদেব পারুয়া,মাখন লাল রায়,অভিলাস হালদার প্রমূখ।

    সভায় বক্তারা অনিতবিলম্বে নান্টুর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

  • ডিজিটাল নিরাপত্তা আইনে দায়িত্বশীল সাংবাদিকদের ভয় নেই

    ডিজিটাল নিরাপত্তা আইনে দায়িত্বশীল সাংবাদিকদের ভয় নেই

    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাদের ভয় বা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। স্বাধীন সাংবাদিতার নামে যারা অপসাংবাদিকতা করছে, মানুষের চরিত্র হরণ করছে, দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদয়িতকার উপর আঘাত করছে, তাদের দমন করার জন্যই এ আইন করা হয়েছে। যারা প্রকৃত সাংবাদিতা করবেন তাদের ওপর এ আইন প্রয়োগ হবে না। যদি হয় তবে আমরা সাংবাদিক সমাজ এর প্রতিবাদ জানাবো এবং প্রতিরোধ করবো।

    আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়া এবং সাংবাদিকদের বিকাশে বিশ্বাস করেন। যার কারণেই তিনি সাংবাদিকদের কল্যাণের জন্য ট্রাস্ট করে দিয়েছেন, অনেকগুলো আইন প্রণয়ন করেছেন, অবাধ তথ্য আইন এবং সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না এমন আইন তিনিই করেছেন।

    ইকবাল সোবহান চৌধুরী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে এবং এ কাজ অনেক দূর এগিয়েছে। নবম ওয়েজ বোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াও অন্তর্ভূক্ত করা হবে।

    এসময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা: কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগর সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ইসরায়েলি সেনার গুলিতে ৭ ফিলিস্তিনি নিহত, আহত ৫০৭

    ইসরায়েলি সেনার গুলিতে ৭ ফিলিস্তিনি নিহত, আহত ৫০৭

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০৭ জন।

    নিজ ভূমিতে ফেরার আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায়ও গাজায় সীমান্তের কাছে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দখলদাররা।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় নিহত সাত ফিলিস্তিনির মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত ৫০৭ জনের মধ্যে ৩৫টি শিশু, চার জন নারী, দুই জন ত্রাণকর্মী ও দুইজন সাংবাদিক রয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

    নিজ ভূমি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে দখলদার ইসরায়েলি সেনারা। গত কয়েক মাসের বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৯০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

    এসব হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিচারের দাবি উঠলেও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

  • নাটোরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

    নাটোরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

    নাটোরের লালপুর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে জামাই নাসির উদ্দিনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী পাখি (১৯) ও শাশুড়ি মরিয়মকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

    শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিজয়পুর গ্রামের জনৈক খলিলের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসির ওই উপজেলা শালেশ্বর গ্রামের জমশেদ আলীর ছেলে।

    লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নাসির উদ্দিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এরপর রাতে তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। গভীর রাতে নাসিরকে তার শ্বশুর খলিল ডাকা-ডাকি করেন। তখন নাসির কোনো উত্তর দেননি। এসময় স্ত্রী পাখি চিৎকার দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা গিয়ে নাসিরকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল গিয়ে নাসিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়।

    তিনি আরো বলেন, এ ঘটনায় নাসিরের শাশুড়ি ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অপহরণের পর শিশুকে সেতু থেকে নদীতে নিক্ষেপ!

    অপহরণের পর শিশুকে সেতু থেকে নদীতে নিক্ষেপ!

    ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে অপহরণের পর মুন্সীগঞ্জ মুক্তারপুর সেতুর উপর থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় নাজমুল হুদা লিয়ন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে এখনো ওই শিশুকে নদীতে পাওয়া যায়নি।

    বুধবার রাতে ফতুল্লার ভোলাইল এলাকার আবদুল মজিদ থানায় জিডিতে অভিযোগ করেন তার ৫ বছরের ছেলে আহাদ বাবুকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী লিয়ন।

    এদিকে লিয়নকে আটকের পর সে স্বীকার করেছে রাতেই বাবুকে মুক্তাপুরের সেতু থেকে নিচে ফেলে দিয়েছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশী চালাচ্ছে।

    জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আই রোমান খান জানান, মুক্তারপুর সেতুটি মুন্সীগঞ্জ সদর থানার আওতাধীন। বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় জিডির পরে রাতে মুক্তারপুর সেতু এলাকা থেকে মুন্সীগঞ্জ থানা পুলিশ লিয়নকে আটক করে। পরে সে ওই পুলিশের কাছে বাবুকে সেতু থেকে নিচে ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করে। এখন পুরো বিষয়টি তদারকি করছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

  • প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হিজড়ারা

    প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হিজড়ারা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে জামালপুরের হিজড়া সম্প্রদায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন তারা।

    সংগঠনের সভাপতি ও জয়ীতা আরিফা আক্তার ময়ূরীর সভাপতিত্বে হিজড়ারা বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন এবং তৃতীয় লিঙ্গকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে মমতাময়ী মায়ের মতো নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।

  • হেলিকপ্টার লো-ফ্লাই করে ছেলের জনসভা দেখলেন রাষ্ট্রপতি

    হেলিকপ্টার লো-ফ্লাই করে ছেলের জনসভা দেখলেন রাষ্ট্রপতি

    কিশোরগঞ্জে পাঁচ দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার লো-ফ্লাই করে ছেলে রাসেল আহমেদ তুহিনের জনসভা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার বিকেলে জনসভা চলার সময় পুরাতন স্টেডিয়ামের ওপর দিয়ে কয়েকবার চক্কর দেয় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টারটি।

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দলের তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই জনসভার আয়োজন করা হয়।

    শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন। তিনি আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।

    kishorgonj02

    জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সাফল্য কামনা করে দোয়াও করা হয়।

    জনসভায় জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.অধ্যাপক আ ন ম নওশাদ খান, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।