Author: banglarmukh official

  • ছাত্রীর ওপর দিয়ে চলে গেল ট্রাক

    ছাত্রীর ওপর দিয়ে চলে গেল ট্রাক

    টাঙ্গাইলের করটিয়ায় ইটবোঝাই ট্রাকে পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালিয়েছে।

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বিকেলে করটিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মাহফিজা আক্তার (১৪) বাসাইল উপজেলার কাশিল গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও করটিয়া আবিদা খানম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

     স্থানীয়রা জানান, বিকেলে কোচিং শেষে বাড়ি ফিরছিল মাহফিজা আক্তার। করটিয়া বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুর চালায়।

    টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

  • অং সান সু চির নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কানাডা

    অং সান সু চির নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কানাডা

    মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা জাতি গোষ্ঠীর ওপর ধ্বংসযজ্ঞ ও বিতাড়ন ইস্যুতে বিশ্বব্যাপী সমালোচনায় দেশটির নেত্রী অং সান সু চি। একের পর এক বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা হারাচ্ছেন তিনি। এবার তার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করার পদক্ষেপ নিচ্ছে কানাডা।

    সু চির নাগরিকত্ব বাতিলের বিষয়ে কানাডার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হচ্ছে। ওই বিলের ওপর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

    মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটিকে মুসলিমদের ওপর সেনাবাহিনীর বর্বর অভিযানে গণহত্যা আখ্যায়িত করে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন কানাডার সংসদ সদস্যরা।

    রোহিঙ্গা নির্যাতন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের যে প্রতিবেদনে দিয়েছে সেটিও বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে দেশটির হাউস অব কমন্সে।

    নিউইয়র্কে জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পার্লামেন্ট তাকে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছিল। তাই এ বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারি। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার করে বলছি যে, মিয়ানমারের নেত্রী অং সান সু চির কানাডার নাগরিকত্ব আছে কি নেই, সেটি সম্মানসূচক নাকি সম্মানসূচক নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা কোনো পার্থক্য করে না।

  • ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন শাকিব?

    ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন শাকিব?

    আমন্ত্রণপত্রে নাম না দেওয়াসহ সাবেক স্ত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে কিছু অভিযোগের কারণে ছেলে আব্রাম খানের প্রথম জন্মবার্ষিকীতে যাননি শাকিব খান।

    দ্বিতীয় জন্মবার্ষিকীর অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ। আজ ২৭ সেপ্টেম্বর দুই বছর পূর্ণ হলো চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান আব্রাম খানের। সন্তানের জন্মদিন উদ্‌যাপনের জন্য আজ বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় খুব কাছের বন্ধু আর আত্মীয়দের আমন্ত্রণ জানিয়েছেন অপু। এবার আর আগের সেই ভুল করেননি অপু, আব্রামের জন্মদিনের আমন্ত্রণপত্রে মায়ের নামের ওপরে রেখেছেন বাবা শাকিব খানের নাম।

    গত মঙ্গলবার সন্ধ্যায় আব্রামকে সঙ্গে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) যান অপু বিশ্বাস। সেখানে পরিচালক শাহীন-সুমনের নতুন ছবির শুটিং করছিলেন শাকিব খান। শুটিং স্পটে ছেলেকে পেয়ে খুশি হন শাকিব খান। সেখানে ছেলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। কিছু সময় একসঙ্গে সময় কাটান। বাবাকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে বাসায় ফিরে আসে আব্রাম। জানা গেছে, শাকিব খান যেন ছেলের জন্মদিনে উপস্থিত থাকেন, তার জন্য শাকিবকে অনুরোধ করেছেন অপু।

    আব্রাম খানকে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: প্রথম আলোআব্রাম খানকে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খান ও অপুর সন্তান আব্রাম খান ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। গত বছর ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস।

    সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’ বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে, শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয় না দুজনের। এ বছর ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক-নায়িকার সংসারে বিচ্ছেদ ঘটে।

    আজ বৃহস্পতিবার দুপুরে অপু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অনেক ভুলত্রুটি হয়েছে। ওসব আর মনে করতে চাই না। এখন আমার মনে হয়, শাকিব আর আমার মধ্যে সম্পর্কের অবনতির জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছে। এখন আর তাদের কথায় আমি কান দিই না। শাকিব খান আমার সন্তানের বাবা—এটা মনে রেখে আমি এখন পথ চলছি।

  • ড.কামাল হোসেন আকাশে ওড়ার দিবাস্বপ্ন দেখছেন: মেনন

    ড.কামাল হোসেন আকাশে ওড়ার দিবাস্বপ্ন দেখছেন: মেনন

    সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিদ্যুৎ, কৃষি, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, বাণিজ্যিক ঘাটতি মেটানোসহ বাংলাদেশে যখন সকল দিক দিয়ে উন্নতি হচ্ছে, তখন ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী মিলে বিএনপিকে ভোটে জিতিয়ে দিতে ও বিএনপিকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে নানা নামে তারা ঐক্য করার পাঁয়তারা করছে।

    তারা নাম দিচ্ছে জাতীয় ঐক্য কিন্তু তাতে আওয়ামীলীগের মত বৃহৎ দলের কোন সংশ্লিষ্টতা নেই।  তাদের নিজদের পায়ের তলায় কোন মাটি নাই, তাই তারা ভর করার চেষ্টা করছে বিএনপি-জামায়াতের উপর।কিন্তু তারা হয়তো ভুলে গেছে তাদের ভরসার দল বিএনপি গত নয় বছরে নয়টি আন্দোলনও করে দেখাতে পারেনি।  প্রকৃতপক্ষে বিএনপি আন্দোলন আর করতেও পারবে না।  কারণ বিএনপির দলীয় কর্মীদের কোন নৈতিক আদর্শ নেই।  সুতরাং বিএনপির ভরসায় ড.কামাল হোসেন যেভাবে আকাশে উড়াল দিতে চাচ্ছেন তার এই আকাশে ওড়ার স্বপ্ন আর বাস্তবতার আলো দেখবে না।

    বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটন গার্ডেন স্কুল মাঠে ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ, রমনা থানা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা প্রসঙে মেনন আরো বলেন, বাংলদেশকে আর কেউ পিছনে নিয়ে যেতে পারবে না।  যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই স্বপ্নের বাস্তবায়ন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আমাদের বর্তমান সরকারের আমলে বাংলাদেশ এক অবিশ্বাস্য উন্নয়নের পথে এগিয়ে গেছে।

    ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রমনা থানা আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল, ঢাকা মহানগর আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রইসুল আলম ময়না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, ১৯ ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো. হানিফসহ স্থানীয় যুবলীগ, স্বচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

  • লাফালাফির পরিণতি শুভ হবে না: কাদের

    লাফালাফির পরিণতি শুভ হবে না: কাদের

    আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধমকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাব, তা হবে না।’

    আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের সহযোগী সংগঠনের সভার পর সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন। গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সভাটা কবে হবে? এটা তো এখনো ঠিক হয়নি। বিএনপি জোর করে ২৯ তারিখ সভা করবে? কেন এই জেদাজেদি? অনুমোদন ছাড়া আপনি সভা করবেন? এত লাফালাফি কেন?’ তিনি বলেন, ‘১০ বছরে ১০ মিনিটও রাস্তায় নামতে পারেননি। এখন আপনি হঠাৎ করে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করতে ব্যর্থতা ঢাকার জন্য লাফালাফি করছেন। এত লাফালাফির পরিণাম শুভ হবে না। হুমকি-ধমকি দিয়ে আন্দোলন করবেন, আমরা ঘরে বসে ডুগডুগি বাজাব, তা হবে না।’

    কেন্দ্রীয় ১৪–দলীয় জোটের নাগরিক সমাবেশ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে ওবায়দুল বলেন, ১৪ দল পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছে, নিজেরা বসেছে। এখন তারা মহানগর নাট্যমঞ্চে আরও একটু বড় পরিসরে নেতা-কর্মীদের সমাবেশ করবে। এটা বিএনপির সঙ্গে কোনো পাল্টাপাল্টি নয়।

    এক প্রশ্নের জবাবে মন্ত্রী কাদের বলেন, ‘আমাদের মধ্যে কোনো উদ্বেগ নেই, তবে সতর্কতা আছে। আমরা সতর্ক আছি।’

    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। আন্দোলনে ব্যর্থ বিএনপিসহ তাদের সাম্প্রদায়িক দোসররা দেশের রাজনৈতিক অঙ্গনে আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতার ছক আঁটছে। সহিংসতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এটাই আমাদের মেসেজ, ইনফরমেশন। তারা যেভাবে হাঁকডাক, হুমকি-ধমকি শুরু করেছে, সেভাবে দেশে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা হচ্ছে বলে আমরা মনে করছি।’ তিনি বলেন, ‘তারা আজকে জাতীয় ঐক্যের কথা বলছে। কিছুদিন আগে আইআরআইয়ের গবেষণার ফলাফলে দেখা গেছে, আমাদের দলীয় সভাপতির জনপ্রিয়তা ৬৬ শতাংশ ও দলের জনপ্রিয়তা ৬৪ শতাংশ।’

    ওবায়দুল কাদের প্রশ্ন করেন, দেশের ৬৬ শতাংশ মানুষ যে দল ও নেত্রীকে সমর্থন করে, জনতার এই সিংহভাগকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য হবে? এটি আসলে জাতীয় ঐক্য নয়, এটি আসলে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। জনতা নয়, নেতায়-নেতায় ঐক্য। তিনি বলেন, ২০ দলের সঙ্গে ১০ দলের ঐক্য এখনো নড়বড়ে। কারণ, বিএনপি তাদের মূল পার্টনার সাম্প্রদায়িক জামায়াতকে ছাড়া এক পা–ও এগোতে পারবে না। সেই অবস্থায় যুক্তফ্রন্ট এই প্রক্রিয়ায় শর্ত দিয়েছে যে জামায়াত যদি বিএনপির সঙ্গে আন্দোলনে থাকে, তাহলে যে ঐক্য করে সরকার পতনের আন্দোলন সূচনা করতে পারবে না। এই পাঁচ মিশালি জগাখিচুড়ি ঐক্যের কোনো ভবিষ্যৎ আছে বলে আমরা মনে করি না।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমরা সরকারি দল, আমাদের ভরা কলসি। ভরা কলসি নড়ে না। যাদের শূন্য কলসি, তারাই ফাঁকা আওয়াজ করে। আমাদের উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আমরা কারও উসকানির ফাঁদে পা দেব না। দেশের মানুষ খুশি যে নির্বাচন হবে। পরিবেশটা শান্তিপূর্ণ থাকবে, এটাই আমরা চাই। আমরা নির্বাচনের জন্য সুশৃঙ্খলভাবে সংগঠিত হচ্ছি। দেশের অর্ধেক অংশে আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময় কেন আমরা সংঘাত করব? আমরা তো ক্ষমতায় আছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করব না।’

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সমাবেশ ডেকেছে, এখন আমাদের পাল্টাপাল্টি কর্মসূচি নেই। আমাদের নেত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমাদের কর্মসূচি আমরা দেব। কারও কোনো পাল্টাপাল্টি কর্মসূচি আমরা দেব না। তারা সভা করবে, আমরা পাল্টা করব, দেশের মানুষকে আতঙ্কে রাখে এ ধরনের রাজনীতি আমাদের প্রয়োজন নেই। নির্বাচন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে।’

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের নামে সভা–সমাবেশে যদি নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আর সহিংসতা ও নাশকতার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ জবাব দেবে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। শান্তিপূর্ণ সমাবেশ হলে আমরা রাজনৈতিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব। আর সহিংসতা ও নাশকতার দিকে যদি বিএনপি তার দোসরদের পা বাড়ায়, তাহলে তার দাঁতভাঙা জবাব দেবে জনগণ।’

    দলের কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ দেশব্যাপী গণসংযোগ করবে আওয়ামী লীগ। আমরা ভোটারদের কাছে যাব, বাড়িতে বাড়িতে যাব, গণসংযোগ করব। আমরা রাস্তা অবরোধ করে মানুষের জন্য দুর্ভোগ হবে, এমন কোনো সভা–সমাবেশ করব না। আর রাস্তা অবরোধ–বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা নিজেরাই নিয়ম মেনে চলছি। অন্য কেউ নিয়মভঙ্গ করে রাস্তায়, প্রেসক্লাবের সামনে, পল্টনের রাস্তায়, সভা-সমাবেশ করবে, সেটা অ্যালাউ করা হবে না। জনগণের দুর্ভোগ কিছুতেই হতে দেব না।’

    এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকজনের কথা শুনেছি। এর মাধ্যমে সবার আবেগ, সেন্টিমেন্ট আমরা জেনেছি। জনসমর্থনের দিক থেকে বরগুনা আমাদের দলের ঘাঁটি। সেখানে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য সভাটি ডেকেছিলাম।’

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

  • খুনিদের ফাঁসি দাবী করে ইউপি চেয়ারম্যান হত্যার ৫ম দিনেও উত্তাল উজিরপুর

    খুনিদের ফাঁসি দাবী করে ইউপি চেয়ারম্যান হত্যার ৫ম দিনেও উত্তাল উজিরপুর

    বরিশালের উজিরপুরের জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের বিচারের দাবীতে ৫ম দিনেও উত্তাল শোলক ইউনিয়ন।

    বুধবার বিকেল ৪ টায় শোলক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শত,শত বিক্ষুব্ধ নেতাকর্মীরা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল ধামুরা বন্দরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টেম্পুস্ট্যান্ডে প্রতিবাদ সভা করেছে।

    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আঃ হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালী,আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য নুরুল হক সরদার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুদ্দুস ফকির,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী,সম্পাদক জালিজ মাহমুদ শাওন,আওয়ামীলীগ নেতা জলিল কাজী,অলিউল খন্দকার,মিজানুর রহমান বালী,আলাল দেওয়ান,ইউপি সদস্য রবিউল ইসলাম,কালাম মোল্লা, ব্যবসায়ী আবুল কালাম খান,বাবু মোল্লা,মাসুম পারভেজ,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুমন আহম্মেদ ও ছাত্রলীগ নেতা মিরন তালুকদার প্রমূখ।

    বক্তারা সকল খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এবং অচিরেই সকল খুনীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়। এ ছাড়াও উপজেলার জল্লাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। উল্লেখ্য ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় কারফা বাজারে নীজ কাপরের দোকানে বসা অবস্থায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে দুর্বৃত্তরা গুলি করে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।

  • বরিশাল বিমানবন্দরে মতবিনিময় সভা করেছেন ২ মন্ত্রী

    বরিশাল বিমানবন্দরে মতবিনিময় সভা করেছেন ২ মন্ত্রী

    বরিশাল বিমানবন্দরে মতবিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বরিশাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে গতকাল ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বৃহত্তর বরিশাল উন্নয়নের বিভিন্ন বিষয়ে নির্ধারিত আলোচনা ছাড়াও উঠে আসে জাতীয় রাজনীতির প্রসঙ্গ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন বরিশাল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল খালেক, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, কৃষক সমিতির নেতা এনায়েত করিম ফারুক, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা শাহিন হোসেন প্রমুখ।

    মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। ৭১’র পরাজিত শক্তিরা আজ সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ভূলুণ্ঠিত করতে চায় ওরা দেশদ্রোহী। ওরা দেশ ও জনগণের শত্রু। তাই স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষকে আজ সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে’।

    এসময় সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘জাতীয় ঐক্যের নামে আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জোট বেঁধেছে। তারা নির্বাচন বানচাল করে দেশে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায়। আবার ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির সৃষ্টি করতে চায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মুক্তিকামী জনতা অতীতের মতো এবারও সব চক্রান্ত প্রতিহত করবে’।

  • বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

    বানারীপাড়ায় বে-আইনীভাবে তৈরী ভোটার তালিকা দিয়ে উপজেলার উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠিত করায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার বানারীপাড়া সহকারী জজ আদালতে অভিভাবক সদস্য প্রার্থী মনিরুজ্জামান এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক তাহাররুন খানম মামলাটির আদেশ দানে পরবর্তী দিন ধার্য্যরে নির্দেশ দেন।

    মামলায় বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস ছাড়াও অভিযুক্ত অন্যরা হলেন বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনে প্রিজাইডিং অফিসার,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক,অভিভাবক সদস্য প্রার্থী শহিদুল ইসলাম,আনোয়ার হোসেন,ফারুক হোসাইন,সাইদুল ইসলাম,আবুল কালাম আজাদ,আ. জলিল সরদার ও হেলেনুর বেগম।

    মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, গত ৭ আগষ্ট বানারীপাড়ার উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে সভাপতি ও প্রধান শিক্ষক চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেন।ওই তালিকার অনেক ভোটার তালিকা প্রস্তুতের বহু পূর্বে মারা গেছেন। এছাড়া বিদেশে অবস্থান করা ব্যাক্তি অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী সহ অপরাপর ব্যাক্তিকে চূড়ান্ত ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হয়।

    এ ব্যাপারে মনিরুজ্জামান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও ভোটার তালিকা সংশোধন করা হয়নি।এর ধারাবাহিকতায় গত ১৬ আগষ্ট বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক স্মারক আদেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলমকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিলে তিনি ১৯ আগষ্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

    তফসিল অনুযায়ী ২২ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়। নির্বাচনের দিন সঠিকভাবে ভোট গ্রহণ না করে মৃত ব্যাক্তি,ভূয়া ভোটার এমনকি ভোটার নয় এমন ব্যক্তিদের দিয়ে ভোট প্রদান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়ার অপরাপর প্রার্থীদের ব্যালট পেপারের মধ্যে মনিরুজ্জামানের বৈধ ভোটার ব্যালট পেপার ঢুকিয়ে তাদের পক্ষে গণনা করা এবং মিথ্যা অজুহাতে তার ভোট বাতিল করা হয়।

    এরপরেও নির্বাচনে তিনি ৮৯ ভোট প্রাপ্ত হন। সভাপতি ও প্রধান শিক্ষক প্রহসনের নির্বাচন করে অসৎ ও দুর্নীতিবাজদের নির্বাচিত করেন অভিযোগ করে মনিরুজ্জামান ২৫ সেপ্টেম্বর মামলায় অভিযুক্তদের কার্যালয়ে গিয়ে নির্বাচনী ফলাফল ও চূড়ান্ত ভোটার তালিকা বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা তা বাতিল করতে অস্বীকৃতি জানালে বুধবার ২৬ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।

  • বরিশালে রিকশা চালকদের বিক্ষোভ

    বরিশালে রিকশা চালকদের বিক্ষোভ

    চালকদের ওপর জুলুম-নির্যাতন ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা চালকরা।

    বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। বরিশাল রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলাল মল্লিক।

    সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও হোটেল রেস্তোরাঁ শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নামে রিকশা চালকদের ওপর জুলুম-নির্যাতন করছে পুলিশ। খেটে খাওয়া লোকগুলো মানবেতর জীবনযাপন করছেন। দেশ ডিজিটাল হলেও এখন পর্যন্ত রিকশা ডিজিটাল হয়নি। শ্রমিকরা এখন পা চেপে রিকশা চালাতে চান না। তাই ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেয়ার দাবি জানান বক্তারা।

    এর আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

  • বরিশালে দেবর ভাবির প্রেমে বাঁধা দেয়ায় রাতভর গৃহবধুকে নির্যাতন

    বরিশালে দেবর ভাবির প্রেমে বাঁধা দেয়ায় রাতভর গৃহবধুকে নির্যাতন

    নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরে দেবর ও ভাবির পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় এক গৃহবধুকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

    আহত গৃহবধু হলেন লিমা বেগম(২২) সে ৫নং ওয়ার্ড পলাশপুর আলমগীর শেখের স্ত্রী। আহত পরিবার সূত্রে জানাযায়, লিমা বেগমের সাথে পলাশপুর ৩নং গলির বাসিন্দা আলমতাজের ছেলে আলমগীর শেখ (৩৪) সাথে ৮বছর আগে বিবাহ হয়। বিবাহর ২বছর তাদের সংসার ভালোই চলে। কিন্তু তার কিছুদিন পর আলমগীর শেখ বিভিন্ন সময় যৌতুকের জন্য অমানবিক নির্যাতন চালায় লিমার উপর।

    আহত পরিবার সূত্রে আরো জানাযায়, আলমগীর শেখের বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিনের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত রয়েছে। তবে এ বিষয় নিয়ে একাধীকবার স্থানীয় ভাবে শালিস মিমাংসা হয় একাধীকবার। কিন্তু সেই ক্ষোভে গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০টার সময় গৃহবধুকে মারধর করে বসত ঘরের ভিতর আটকে রাখে আলমতাজ বেগম,তার ছেলে আলমগীর শেখ, মেয়ে কলি ও ছেলের স্ত্রী ইয়াসমিন বেগম সহ একাধীক সহযোগী।

    পরে খবর পেয়ে লিমার পরিবার তাকে উদ্ধার করতে গেলে তাদের খুন জখমের হুমকি দেয় স্থানীয় অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গর্ডফাদার আলমতাজ বেগম। পরে কাউনিয়া থানা পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় গৃহবধুকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহত লিমার চোখের উপরে গুরতর ক্ষত হয়।

    বর্তমানে তার অবস্থা আসংকা জনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আহত লিমা বলেন, আমার বড় ভাসুর এর স্ত্রীর সাথে আমার স্বামী অালমগীর শেখের সাথে  ৩/৪বছর যাবৎ পরকিয়া চালিয়ে আসছে । আমি অনেক বার আমার স্বামীকে বাঁধা দিয়েছি। কিন্তু সে তাতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় মারধর করতো। গত ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে আমাকে সবাই মিলে রাতভর নির্যাতন করে। পরে সেই রাতে স্থানীয় মহিলা কাউন্সিলর জাহানারা বেগম উদ্ধার করে তার বাসায় নিয়ে যায়।

    পরের দিন আমার শাশুরী আলমতাজের কাছে আমাকে দিয়ে আসলে সকাল ১০টার সময় বসত ঘরের দরজা আটকিয়ে মারধর করে। এদিকে এ বিষয় অভিযুক্ত আলমতাজ বেগম বলেন, আমাদের উপর সব অভিযোগ মিথ্যা। আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। তবে আহত পরিবার কাউনিয়া থানায় একটি অভিযোগ দিয়েছে শুনেছি। আপনার যা জানার থানা থেকে জানেন। তবে এবিষয় ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর কেফায়েত হোসেন রনি তিনি বলেন,আমি ঢাকায় ছিলাম বিষয়টি আমার অবগত নাই। তবে সঠিক ঘটনা জানার চেষ্টা করতেছি।