Category: বরিশাল

  • বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের

    বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের

    গেল ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।

    জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস (৫০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি এলাকার অনামিকা (২২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা এলাকার সেকান্দার আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সাত হাজার রোগীর মধ্যে ১১৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

    হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন। বর্তমানে এ হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

    স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

  • বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে বর্ণঢ্য আয়োজনে জনপ্রিয় জাতীয় দৈনিক মানবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে কেক কেটে উদযাপন করা হয় মানবকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি এম.আর প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম
    ফরিদ, মতবাদ পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, প্রেসক্লাব সহ-সভাপতি কাজী আল মামুন, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, আরটিভি’র জেলা প্রতিনিধি আলী জসিম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, পাঠাগার সম্পাদক খান

    রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে.এম নয়ন, দপ্তর সম্পাদক এম লোকমান হোসাইন, নির্বাহী কমিটির সদস্য এম মোফাজ্জেল। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ।
    এ সয়ম আরও উপস্থিত ছিলেন, সমকাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী, মানবজমিনের স্টাফ রিপোর্টার জিয়া শাহীন, আজকের পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান খান রফিক, যায়যায় দিন পত্রিকার ব্যুরো প্রধান আরিফুর রহমান, আজকের বার্তা সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, বাংলা নিউজ এর বরিশাল প্রতিনিধি মুশফিক সৌরভ, বাংলাদেশ টুডে বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা, যুগান্তরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি এম.কে রানা, বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি তালুকদার মোহাম্মদ মাসুদ, সাধারণ সম্পাদক মনবীর সোহান, বরিশাল সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি সৈয়দ বাবু, আজকের
    বার্তার যুগ্ম বার্তা সম্পাদক ফিরোজ গাজী, সত্য সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক এম.আর শুভ।

    আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক বাইজিদ আহমেদ, স্বাধীন, কেএম সাদ্দাম হোসেন, ফটো সাংবাদিক
    কামরুজ্জামান জুয়েল রানা, সাকিউজ্জামান মিলন, আব্দুর রহমান, রেদওয়ান রানা, নাসির আহমেদ, আল আমিন
    সাগরসহ অনেকে। পরে জনপ্রিয় জাতীয় দৈনিক মানবণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,
    ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার সহ- প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ রাসেল
    মাহমুদ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবকণ্ঠ একটি পুরনো পত্রিকা। দেশের কল্যাণে এর অবদান অনেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ
    করে সুনাম কুঁড়িয়েছে। পত্রিকাটি আরও অনেক দুর এগিয়ে যাক।

  • বরিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

    বরিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

    বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

    তিনি বলেন, মঙ্গলবার দুপুরের আগে দুই প্লাটুন বিজিবি সদস্য বরিশালে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা এরইমধ্যে টহল কার্যক্রম পরিচালনা করছেন।

    অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীর পাশাপাশি বরিশালসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    বিজিবি সদস্যরা অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দেবেন। পাশাপাশি মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে কাজ করবেন তারা। সেই সঙ্গে বিশৃঙ্খলা প্রতিরোধ করবেন। গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্যও কাজ করবে বিজিবি।

  • বরিশালে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

    বরিশালে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

    পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

    সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেস ক্লাব। এতে একাত্মতা প্রকাশ করে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।

    এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এখন টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

  • বরিশালের নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার

    বরিশালের নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার

    বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে প্রখ্যাত অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় জয়ন্তী নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

    প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ হিসেবে উদ্ধার করা হয়। পরে মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে শনাক্ত করা হয় মরদেহটি এটিএম খালেকুজ্জামানের।

    সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।

    এটিএম খালেকুজ্জামান ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর খুলনায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    ওসি মাহাবুবুর রহমান বলেন, দুপুরে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌপুলিশ ও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়।

    পরে সূত্রপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না।

    মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটিএম খালেকুজ্জামান লঞ্চ যোগে কোথাও যাচ্ছিলেন। দুর্ঘটনা বশত লঞ্চ থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।

  • ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ১১ জনের মৃত্যু

    ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ১১ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৯১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৯১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৪৩৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৪৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৮৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৩৭৫ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪৭৮ জন ছাড়পত্র পেয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চার জন ঢাকাতে এবং সাতজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৭৮৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫০৭ জন মারা যান।

    চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬০ হাজার ৮২৯ জন। এর মধ্যে ঢাকাতে ৯৬ হাজার ৮৪৬ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ৬৩ হাজার ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

    চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ৫১ হাজার ৯৩৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯৩ হাজার ৮৯৬ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ ৫৮ হাজার ৩৯ জন ছাড়পত্র পেয়েছেন।

    বর্তমানে সারা দেশে মোট সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় দুই হাজার ১৬২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) পাঁচ হাজার ৪৩৭ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

    এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৭ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার তিন শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

    গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

  • বিএমপির ২ উপ-পুলিশ কমিশনারের বদলি

    বিএমপির ২ উপ-পুলিশ কমিশনারের বদলি

    জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসপি বা পুলিশ সুপার পদে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একসঙ্গে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়।

    পুলিশ অধিদপ্তরের এসপি মো. হায়াতুন নবীকে একই পদে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, অধিদপ্তরের এসপি মাহফুজুল আলম রাসেলকে এন্টি টেররিজম ইউনিটে, সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি কাজী মো. আবদুর রহীমকে এন্টি টেররিজম ইউনিটে, পুলিশ স্টাফ কলেজের এসপি মনিরুজ্জামানকে এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।

    কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি সাইফুজ্জামানকে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েলকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ঠাকুরগাঁও কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি নাছির উদ্দিন যুবায়েরকে রাজশাহী মহানগর উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

    ডিএমপির উপকমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে এসপি, বিশেষ শাখা, ঢাকা হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

    ফেনীর সাবেক এসপি (বর্তমানে সদর দপ্তরে সংযুক্ত) এসএম জাহাঙ্গীর আলম সরকারকে টুরিস্ট পুলিশের এসপি হিসেবে বদলি করা করা হয়েছে।

    এসপি, বিশেষ শাখা, ঢাকা জাকির হোসেনকে উপকমিশনার, রংপুর মহানগরী পুলিশ হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

    বরিশাল মহানগরীর উপকমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ পুলিশ ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারে, খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি (সংযুক্ত) মোহাম্মদ আয়ূবকে খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহেরকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

    র‍্যাবের উপপরিচালক (এসপি) এস এম ফজলুল হককে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারের এসপি এবং নোয়াখালী পুলিশ সেন্টার (বরিশাল পুলিশ রিজার্ভ ফোর্সে বদলির আদেশপ্রাপ্ত) এসপি ফারহাত আহমেদকে সৈয়দপুর রেলওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • বরিশালে ৪৮ জেলের কারাদণ্ড

    বরিশালে ৪৮ জেলের কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে গেলো ২৪ ঘণ্টায় ৪৮ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এ নিয়ে গোটা অভিযানে গেলো দুই সপ্তাহ বা ১৪ দিনে এখন পর্যন্ত ৪৮০টি মামলায় ৪৮৪ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। পাশাপা‌শি ৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা জ‌রিমানা আদায় করা হয়।

    বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৬১৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৬১৭টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো ১৪ দিনে বরিশাল বিভাগের ১৭৮ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ৬৭৮ বার বি‌ভিন্ন মাছঘাট, ৪ হাজার ৫৯১ বার বি‌ভিন্ন আড়ত ও ২ হাজার ৯২২ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

    আর এ সময়ের অভিযানে ১০ হাজার ৮২৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৫‌ কো‌টি ১২ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ২৫ লাখ ২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

    এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা।

    মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

  • বরিশালে ভূমি সেবা ডিজিটাইজেশন বিষয়ক কর্মশালা

    বরিশালে ভূমি সেবা ডিজিটাইজেশন বিষয়ক কর্মশালা

    ভূমি মন্ত্রণালয় ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে আজ সকালে নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভূমি সেবা ডিজিটাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাহিদ হোসেন পনির, বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব, জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের ভ‚মি কর্মকর্তাবৃন্দ।

  • বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ দিনে ৪০২ জেলের কারাদণ্ড

    বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ দিনে ৪০২ জেলের কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় আরও ৩৬ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এ নিয়ে গত ১১ দিনে ৪০২ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের কাছে থেকে ৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা জ‌রিমানা আদায় করা হয়েছে।

    বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৪৭৮টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো ১০ দিনে বরিশাল বিভাগের ১৪৫ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ১৩২ বার বি‌ভিন্ন মাছঘাট, ৩ হাজার ৬২৮ বার বি‌ভিন্ন আড়ত ও ২ হাজার ৩১৯ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

    আর গেলো ১১ দিনের অভিযানে ৮ হাজার ৮১৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩‌ কো‌টি ৭৫ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১৭ লাখ ৯৭ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা।

    মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।