চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন ওবায়দুল কাদের, ব্রিফিংয়ে চিকিৎসক

হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থারও আরও উন্নতি হয়েছে। তার হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেয়া হয়েছে। প্রেসার স্থিতিশীল রয়েছে। শুধু তাই নয়, চিকিৎসকের ডাকেও সেতুমন্ত্রী সাড়া দিচ্ছেন। পাশাপাশি তার ইনফেকশন অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে।

ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য ডা. ফিলিপ কোহের নেতৃত্বাধীন গঠিত মেডিকেল বোর্ডের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসার এসব আপডেট জানান বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

এর আগে, ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি তৃতীয় দিনের মতো আজ দুপুরে ব্রিফ করেন। ব্রিফিং এ উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।

পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে সমবেতদের চিকিৎসা বিষয়ক অগ্রগতি অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা, সহ-সভাপতি সুমন এবং সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটি নেতৃবন্দসহ হাইকমিশনের কর্মকর্তাগণ।

প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকালে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে রয়েছেন ওবায়দুল কাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *