পাওয়ারট্রিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ারট্রিলারের ধাক্কায় আল-আমিন হোসেন নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আল-আমিন হোসেন একই গ্রামের ডালিম হোসেনের ছেলে।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় ভুট্টাগাছ বোঝায় একটি পাওয়ারট্রিলারের সাথে ধাক্কা লাগলে শিশু আলামিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *