রাজশাহীতে পুকুরের পানিতে মিলল ৩৭৫ রাউন্ড গুলি

রাজশাহীতে পুকুরের পানিতে মিলল ৩৭৫ রাউন্ড গুলি
রাজশাহীর তানোর উপজেলার একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৫ রাউন্ড গুলি পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে মাছ ধরতে জাল ফেলা হলে পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিগুলো পানি থেকে জালে উঠে আসে। পুলিশ জানিয়েছে, গুলিগুলো অনেক পুরনো। বিষয়টি তারা তদন্ত করছেন।
জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান জানান, তানোরের কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের এ পুকুরটির মালিকের নাম আবদুস সাত্তার। মাছ চাষের জন্য তিনি অন্য এক ব্যক্তিকে পুকুরটি ইজারা দিয়েছেন।
সোমবার তার লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। তখন গুলিগুলো উঠে আসে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। তখন গুলিগুলো জব্দ করে থানায় নেওয়া হয়।
এএসপি রাজ্জাক আরও জানান, গুলিগুলো অনেক পুরনো। এসব গুলি এখন আর রাইফেলে ব্যবহার হয় না। স্থানীয়রা ধারণা করছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে হয়তো গুলিগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত নয়। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তদন্ত শেষেই এ ব্যাপারে মন্তব্য করা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *