শের-ই-বাংলা মেডিকেলে প্রথমবারের মতো কিডনী ডায়ালাইসিস শুরু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথামবারের মতো চালু হয়েছে কিডনী ডায়ালাইসিস। বাইরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে এই চিকিৎসা অনেক ব্যয় বহুল হলেও সরকারী এই হাসপাতালে কিডনী ডায়ালসিস করা যাবে মাত্র ২০ হাজার টাকায়। প্রতিষ্ঠার ৫২ বছরে এই প্রথম দক্ষিনাঞ্চলের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শের-ই বাংলা মেডিকেলে কিডনী ডায়ালসিস শুরু হওয়ায় খুশী রোগী-চিকিৎসক সবাই।

মঙ্গলবার (১২ মে) বেলা ১২টায় পটুয়াখালীর বাউফলের বাহেরচরের মো. খসরু আলম সিকদার নামে এক রোগীর কিডনী ডায়ালসিসের মাধ্যমে হাসপাতালের এই নতুন অধ্যায়ের সূচনা হয়। এ সময় হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন, সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন, নেপ্রোলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. আলী রুমি এবং রেজিস্ট্রার ডা. মানবেন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগে সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম দিকে শের-ই বাংলা মেডিকেলে কিডনী ডায়ালসিসের জন্য দুটি মেশিন পাঠানো হলেও এতদিন সেগুলো ছিলো বাক্সবন্দি। প্যাকেট অবস্থায়ই অকেজো হয়ে যায় কিডনী ডায়ালসিস মেশিন। এ কারনে এর সুফল বঞ্চিত রোগীরা।

দির্ঘদিনের দাবীর প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারী কেন্দ্রিয় ঔষধাগার থেকে ১০টি কিডনী ডায়ালসিস মেশিন পাঠানো হয় শের-ই বাংলা মেডিকেলে। জাপানের নিপ্রো কোম্পানীর তৈরী ওই মেশিনের মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। মেশিন ছাড়াও সহায়ক হিসেবে ৫টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ২টি অটোমেটিক ডায়ালাইজার রিফ্রেশার এবং ডায়ালাইসিস বেড সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়।

সম্প্রতি ওই মেশিনারীজগুলো হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগে পাশে স্থাপন করা হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে কিডনী ডায়ালাইসিস চালু করা হয়। বেলা ১২টায় শুরু হওয়া প্রথম রোগীর কিডনী ডায়ালাইসি শেষ হয় বিকেল ৪টায়।

হাসপাতালের নেপ্রোলজি বিভাগের রেজিস্টার ডা. মানবেন্দ্র দাস জানান, কিডনী রোগীদের ৬ মাসে (প্রতি সপ্তাহে ২ বার) ৪৮বার ডায়ালসিসে প্যাকেজ প্রোগ্রামে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলো ২ লাখ ৪০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত বিল নিয়ে থাকে। কিন্তু উন্নত মেশিনারীজ দিয়ে শের-ই বাংলা মেডিকেলে ৬ মাসের প্যাকেজ ডায়ালসিস করা যাবে মাত্র ২০ হাজার টাকায়। এতে রোগীরা অনেক উপকৃত হবেন।

নেপ্রোলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. আলী রুমি বলেন, করোনার কারনে আপতত সংক্ষিপ্ত পরিসরে ডায়ালসিসের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই ইউনিটে ৪০টি ডায়ালসিস মেশিন স্থাপন করা হবে। শের-ই বাংলা মেডিকেলে কিডনী প্রতিস্থাপন ছাড়া কিডনীর অন্যান্য সকল রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।

১৯৬৮ সালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *