রাজশাহীতে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন র‌্যাবের নতুন সিও

রাজশাহীতে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন র‌্যাবের নতুন সিও

রাজশাহী অঞ্চলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেছেন র‌্যাব-৫ এর নব নিযুক্ত অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহ্ফুজুর রহমান।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

র‌্যাব-৫’র অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা নিয়ে র‌্যাব-৫ গঠিত। এসব জেলার বেশিরভাগই সীমান্ত সংলগ্ন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত সংলগ্ন শিবগঞ্জ ও নাচোল এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য প্রবেশ করে। এরই মধ্যে বিষয়টি র‌্যাবের নজরদারিতে আনা হয়েছে।

এ ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাহ্ফুজুর রহমান।

এ সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে র‌্যাব-৫ অধিনায়ক বলেন, মাদকের সঙ্গে যদি কোনো র‌্যাব সদস্য জড়িত থাকেন আর তার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সাংবাদিকদের কাছ থেকে মহানগর ও জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির খোঁজখবর নেন র‌্যাব-৫ অধিনায়ক। পরে তার রাজশাহীতে যোগদানের পর থেকে চলমান বিশেষ অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, যোগদানের পর গত ১২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত রাজশাহীতে র‌্যাবের আভিযানে ১ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ১২০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর ১৩তম অধিনায়ক হিসেবে ১২ জুন যোগদান করেন মাহফুজুর রহমান। মাহ্ফুজুর রহমান ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২৫ জানুয়ারি ১৯৯৯ তারিখে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

মাহ্ফুজুর রহমান বান্দরবান জেলা, এপিবিএন ঢাকা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মুন্সিগঞ্জ জেলা ও টাঙ্গাইল জেলাসহ পুলিশ হেড কোয়ার্টার্সে এআইজি (এনসিবি-ইন্টারপোল), এআইজি (ক্রাইম-৩) পদেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে তিনি বিপিএম-সেবা পদকে ভূষিত হন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *