ট্রফি প্রদানের জন্য বাফুফেকে বসুন্ধরা কিংসের আলটিমেটাম

স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। এটি তাদের লিগের টানা তৃতীয় শিরোপা। দুই ম্যাচ হাতে রেখে রানার্সআপ নিশ্চিত করেছে আবাহনী। রেওয়াজ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শেষ ম্যাচে ট্রফি তুলে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি।

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিগের দ্বিতীয় পর্বে মুখোমুখি হচ্ছে ২৫ জুলাই বসুন্ধরা কিংস এরেনায়। বসুন্ধরা কিংস বাফুফে বরাবর চিঠি দিয়ে ওই ম্যাচের পর তাদের ট্রফি দেওয়ার অনুরোধ জানিয়েছে।

শনিবার বাফুফেকে দেওয়া চিঠিতে বসুন্ধরা কিংস লিখেছে, যেহেতু ২৫ জুলাই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলা তাদের মাঠে তাই ওই দিন ট্রফি প্রদান করা করলে সবদিক দিয়ে সুবিধা হবে। ওইদিন পুরস্কার বিতরণের আয়োজন করলে দুটি দলকেই এক সঙ্গে পাওয়া যাবে এবং বসুন্ধরা কিংস পুরস্কার আয়োজনে বাফুফেকে সব ধরনের সহযোগিতা করবে।

চিঠিতে বসুন্ধরা কিংস আলটিমেটামও দিয়েছে যে, যদি ২৫ জুলাই আবাহনীর বিপক্ষে তাদের ম্যাচের দিন পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা না হয় তাহলে বাফুফে কর্তৃক পুরস্কার তারা গ্রহণ করবে না।

বাফুফের প্রফেশনাল লিগ কমিটি বিভাগে যোগাযোগ করে জানা গেছে, তারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তৈরি করে রেখেছে এবং রেওয়াজ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শেষ ম্যাচে তা প্রদানের প্রস্তুতি নিচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *