ছাত্রলীগ সভাপতি জয়ের কাছে বরিশালের মানুষের প্রত্যাশা স্বপ্নের মতো

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন::

বরিশালের সন্তান আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণার খবরে আনন্দের জোয়ারে ভাসছে গোটা বরিশালের মানুষ। গতকাল শনিবার রাতে তাঁর নাম ঘোষণা করা হলে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন হাটে বাজারে মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দনের ঝড় ওঠে। বরিশাল ছাত্রলীগের সর্বস্থরের নেতাকর্মীরা আল নাহিয়ান খান জয়ের ছবি দিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানায়।

বিএম কলেজের ছাত্র আবির রহমান বলেন, ‘আমাদের বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। আনন্দে বাবুগঞ্জ বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে। নতুন সভাপতির কাছে আমার একটাই দাবি, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়।

বরিশালের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রত্যাশা আল নাহিয়ান খান জয় বরিশালের সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পাওয়ায় বরিশাল ছাত্রলীগের রাজনীতি আরও বেগবান হবে।

বহু বছর পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেল বরিশালের সন্তান আল নাহিয়ান খান জয়। তিনি সভাপতির দায়িত্ব পাওয়ায় বরিশালের সর্বস্থরের রাজনৈতিকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বরিশালে ছাত্রলীগের মধ্যে কোনঠাসা অনেক নেতা প্রকাশ্যে না আসলেও জয়ের সভাপতি হওয়ায় তারাও জয়কে অভিনন্দন জানিয়েছে। তাদের আশা দলীয় কোন্দল নয় অথবা গ্রুপের রাজনীতি নয় জয় আমাদের সবার। এলাকার সন্তান হিসেবে বরিশালের উন্নয়নে ভূমিকা রাখবে।


আল নাহিয়ান খান জয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আলী খানের ছেলে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার হাত ধরে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন।

বরিশাল জেলা স্কুলে অধ্যয়নরত অবস্থাতেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি দেয়া জয় উপজেলা ছাত্রলীগেও সম্পৃক্ত ছিলেন। এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন জয়। তার দক্ষ নেতৃত্বের কারণেই এই কলেজে ছাত্রলীগের কার্যক্রম অনেকটা এগিয়ে যায়।

এদিকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনে আইন বিভাগে ভর্তি হন আল নাহিয়ান খান জয়। বর্তমানে তিনি অপরাধবিজ্ঞান বিভাগে মাস্টার্স করছেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর পর পরই তার ডাক আসে কেন্দ্রীয় কমিটিতে।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জয়ের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বাবা আব্দুল আলীম খানের হাতে উপজেলা ছাত্রলীগের পথচলা। এরপর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য , ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে সরিয়ে দেয়া হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সংগঠনটির ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে। একইসঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *