আরও এক মাস বন্ধ থাকছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বব্যাপী চলমান করোনার দুর্যোগের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ পেয়েছে।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো বিষয়ে ডা. দীপু মনি বলেছিলেন- ‘বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই আগামী ৩ অক্টোবরের পরও ছুটি বাড়ছে। কত দিন ছুটি বাড়ছে, সেটা আমরা জানিয়ে দেব। তবে ধাপে ধাপে ছুটি বাড়ানো ছাড়া অন্য কোনো যৌক্তিক পদ্ধতি আমাদের কাছে নেই।’

কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে, সে ব্যাপারে তিনি বলেছিলেন- ‘বিশ্ববিদ্যালয় আগে খোলার বিষয়টি বিবেচনায় রেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির ব্যাপারটি বিবেচনা করব। আবার শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথাও বিবেচনা করব, তবে কোনো অবস্থাতেই আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *