রোহিঙ্গাদের জন্য ভাসানচরে ২৩১২ কোটি টাকার আশ্রয়ণ প্রকল্প

রোহিঙ্গাদের জন্য ভাসানচরে ২৩১২ কোটি টাকার আশ্রয়ণ প্রকল্প

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ২ হাজার ৩১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে একটি আশ্রয়ণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। যেখানে এক লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দেওয়া হবে।

রোহিঙ্গাদের আবাসন প্রকল্পসহ মঙ্গলবার একনেকের বৈঠকে ১০ হাজার ৯৯ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মোট ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৪৮ কোটি ২৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। খবর বাসসের।

এ সময় পরিকল্পনা সচিব মো. জিয়াউল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. মফিজুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব কে এম মোজ্জামেল হকসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ইতোমধ্যেই মিয়ানমারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আশা করছি ২ থেকে ৩ মাসের মধ্যে সেদেশের নাগরিকরা ফেরত যাওয়া শুরু করবে। এরপরও তারা যতদিন এখানে অবস্থান করবেন তাদের জন্য অস্থায়ী ভিত্তিতে ভাসানচরে ব্যবস্থা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সব সময় বাণিজ্যিক লাভ দেখে প্রকল্প হাতে নেয় না। মিয়ানমার থেকে আসা সেদেশের নাগরিকরা কষ্টে আছেন। তাদের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করি আমরা নিজেদের টাকায় কাজ শুরু করলেও বিদেশিরা সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এক বছরের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের সবগুলো পাকা রাস্তা পুর্নবাসনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে নতুন রাস্তা না করে পুরনো রাস্তাগুলো আবার পাকা করতে হবে। এছাড়া এখন থেকে রাস্তা তৈরির সময় দু’পাশে জলাধার এবং ধীর গতির যান চলাচলের ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *