১০ টাকার নোট ধরিয়ে ধর্ষণ: জবানবন্দি দিল শিশুটি

ফেনীর ছাগলনাইয়াতে ধর্ষণের শিকার সাত বছরের শিশুটি আজ রোববার আদালতে জবানবন্দি দিয়েছে। ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানিয়া ইসলাম এই জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে শিশুটির বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে মো. বাহার (২৫) নামের এক যুবক শিশুটির হাতে ১০ টাকার নোট ধরিয়ে দেন। পরে তাকে কোলে করে বাড়ির পাশের নবনির্মিত খালি দোকান ঘরে নিয়ে ধর্ষণ করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা ওই দোকান ঘরে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ওই বখাটে যুবক দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাগলনাইয়া থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি বাহারকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার দুপুরে ফেনী সদর হাসপাতালে ওই শিশুর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আসামি বাহার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *