বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা
নিউজ ডেস্কঃ
বরিশাল নগরীর ১০নম্বর ওয়ার্ড বালুরমাঠ (আব্দুর রাজ্জাক কলোনি) এলাকায় নবম শ্রেণিতে পড়ুয়া একছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মাসুম হাওলাদার নামে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতয়ালি মডেল থানায় শনিবার (০৮ জুন) অভিযুক্ত মাসুমসহ তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। স্কুলছাত্রীর বাবার অভিযোগ, গত ২ জুন সকাল ৯টার দিকে তার মেয়ে নানির বাসা থেকে নিজ বাসায় ফিরছিল। পথে প্রতিবেশী মাসুম হাওলাদার তার এক সহযোগীকে নিয়ে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে মুখে চেপে ধরে তুলে নিয়ে যায়। নিজেদের বাড়িতে নিয়ে তার মা ও বোনের সহযোগিতায় ওই কিশোরীকে ঘরে আটকে রাখে। এ সময় হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় মাসুম। এক পর্যায়ে তাকে মারধরও করে সে। স্কুলছাত্রীর বাবা বলেন, ‘মেয়ে বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। বিষয়টি টের পেয়ে তারা আমার মেয়েকে ছেড়ে দেয়। পরে মেয়ে বাড়ি গিয়ে বিষয়টি আমাদের জানায়।’ এদিকে মামলা দায়েরের পর অভিযুক্ত মাসুমের খোঁজে তার বাড়ি যায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী মেয়ের বাবা একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *