পটুয়াখালীতে কিশোরী ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

পটুয়াখালীতে কিশোরী ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ১নং ওয়ার্ড নাচনাপাড়া এলাকায় বাসন্তী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করা এক ছাত্রীকে (১৩) মুখ চেপে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দুই বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রাতে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে আসামি জুয়েল(২০) ও মিঠুকে (২০) গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে নির্যাতনের শিকার শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক জুয়েল ও মিঠুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কিশোরীর মা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মেয়ে ও ছোট ছেলেকে ঘরে রেখে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যান। এ সময় ছোট ছেলে কান্নাকাটি করায় ছেলে মেয়েকে বাড়ি পাঠিয়ে দেন তিনি। ছোট ভাইকে নিয়ে বাসায় ফেরার পথে জুয়েল ও মিঠু তার মেয়ের মুখ চেপে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত তালাবদ্ধ টিনসেড ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তিনি গোসল শেষে বাসায় ফিরে মেয়েকে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে খুঁজতে বের হন। তখন ওই দুই ধর্ষক মেয়েকে ফেলে পালিয়ে যায়।

কিশোরীর বাবা জানান, তার মেয়ে বাসন্তী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত বছর পঞ্চম শ্রেণি পাস করে। মেয়েকে পড়ানোর টাকা না থাকায় এ বছর আর তাকে ক্লাস সিক্সে ভর্তি করতে পারেননি। মেয়ে বাসায় মায়ের কাজে সাহায্য করতো। এ সুযোগে তার মেয়েকে দীর্ঘদিন ধরে জুয়েল ও মিঠু উত্ত্যক্ত করে আসছে। তাদের বখাটেপনার ভয়ে মেয়েকে বাসস্ট্যান্ড এলাকায় বোনের বাসায় রেখে এসেছিলেন। গত কোরবানীর ঈদে মেয়ে বাসায় আসে। আজ (বৃহস্পতিবার রাতে) মেয়ের সর্বনাশ করলো তারা। এ ঘটনায় জড়িতদের তিনি শাস্তি দাবি করেন।

এলাকাবাসী জানায়, জুয়েল ও মিঠু দুজনেই মাদকসেবী। জুয়েল কিছুদিন আগে বিয়ে করেছে। এলাকায় তারা বখাটে ছেলে হিসেবে পরিচিত। কোনো কাজকর্ম না করলেও তারা দিব্যি ঘুরে বেড়ায়। তারা এ দুজনেরই শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করায় রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *