Author: banglarmukh official

  • ফেঁসে যেতে পারেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক

    ফেঁসে যেতে পারেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক

    স্টাফ রিপোর্টার ॥ ফেঁসে যেতে পারেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সিরাজুল ইসলাম। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ডাক্তার এসএম মোঃ সিরাজুল ইসলামের তদন্ত করতে বরিশালে আসছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব। বুধবার বার্তা প্রেরণের মাধ্যমে শেবাচিম কর্তৃপক্ষ জানতে পারেন আজ স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান আসছেন সাবেক পরিচালক ডাক্তার এসএম মোঃ সিরাজুল ইসলামের দুর্নীতির অভিযোগের তদন্ত করতে। জানা যায়, সাবেক পরিচালক থাকাকালীন ১০ কোটি টাকার টেন্ডার, টেন্ডার  ছাড়াই কন্ট্রাক্ট সার্ভিস ৩ বছর চালান, ব্লাড  ব্যাংকে ৩ জনকে নিয়োগ দেয়া, কাজ না করিয়ে বিল উত্তোলন করা, প্রতি বছরের ন্যায় হাসপাতালের টেন্ডারের কাজগুলো একজনকে পাইয়ে দেয়া ও হাসপাতালের টেন্ডার অনুযায়ী সার্ভিসিং কাজ না করানো। এ সকল দুর্নীতির মধ্যে ১০ কোটি টাকার টেন্ডার উৎকোচের মাধ্যমে নির্দিষ্ট এক কোম্পানীকে পাইয়ে দেয়া প্রধান। এটি প্রমাণিত হলে আদালতে যাওয়ার পাশাপাশি স্থগিত হয়ে যেতে পারে তার পেনশন। তবে সব নির্ভর করবে তদন্ত কমিটির উপর। তিনি আজ সকালে এসে বরিশাল সার্কিট হাউজে অবস্থান করছেন। পরে তদন্তের জন্য সকাল ১০ টায় শেবাচিমে যান। সেখানে বিগত দিনে পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো দেখেন ও পর্যালোচনা করেন বলে জানগেছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান সাংবাদিকদের জানান, সাবেক পরিচালকের বিরুদ্ধে আনিত অভিযোগুলোর সঠিক তদন্ত করা হবে।

  • এসএসসি পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি

    এসএসসি পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি

    ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে ।
    শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুমোদন দিয়ে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। ১ ফেব্রুয়ারি বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। এবার শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও লেখাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হচ্ছে না।
    সময়সূচি অনুযায়ী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আগামী ২৫ ফেব্রুয়ারি সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
    দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এক্ষেত্রে ৬ মার্চের মধ্যে সব ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হবে। কারিগরি বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।
    শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও লেখাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্তনম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গেহ ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েসবাইটে অনলাইনে পাঠাবে।
  • বসনিয়ার কসাইয়ের বিচারের সময় পরিক্রমা

    বসনিয়ার কসাইয়ের বিচারের সময় পরিক্রমা

    নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ট্রাইব্যুনালে রাদকো ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ডের  মধ্যে দিয়ে দীর্ঘ ২২ বছর অপেক্ষার পরে বিচার পেল বসনিয়ার স্রেব্রেনিকা ও সারায়েভোতে গণহত্যার শিকার হওয়া মুসলিমরা। বসনিয়ার কসাই বলে খ্যাত ম্লাদিচের বিচারের সম্মুখীন হওয়ার সময় পরিক্রমাটা সংক্ষেপে পাঠকের জন্য তুলে ধরা হল-
    জুন ১৯৯১, যুগোস্লাভিয়ায় ভাঙন
    স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্যে যুগোস্লাভিয়ার ভাঙনের শুরু হয়। সার্ব নেতৃত্বাধীন যুগোস্লাভিয়ান সেনাবাহিনী ১০ দিনের যুদ্ধ শেষে স্লোভেনিয়া ত্যাগ করে, তবে ক্রোয়েশিয়ার যুদ্ধটি ১৯৯৫ সাল পর্যন্ত অব্যাহত থাকে।
    এপ্রিল ১৯৯২, বসনিয়ায় যুদ্ধ শুরু
    বসনিয়ার দুই তৃতীয়াংশ এলাকার দখল নেয়ায় বসনিয়ায় থাকা সার্বীয়রা এবং রাদকো ম্লাদিচের নেতৃত্বে সারায়েভো অবরোধ শুরু হয়। এর এক মাস পরেই বসনিয়াতে সার্ব বাহিনীর কমান্ডার হন ম্লাদিচ। ৪ বছরব্যাপী অবরোধে ১১ হাজার ৫শ মানুষের মৃত্যু হয়।
    জুলাই ১৯৯৫, স্রেব্রেনিকা গণহত্যা
    ম্লাদিচের নেতৃত্বে তার সেনাবাহিনী স্রেব্রেনিকা দখল করে। সেখানে ৭ হাজারেরও বেশি মুসলিম পুরুষ ও কিশোরকে স্রেফ হত্যা করা হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে সার্ব বাহিনীর উপর বিমান হামলা করে ন্যাটো। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফরমার যুগোস্লাভিয়া ম্লাদিচ ও সাবেক বসনীয়-সার্ব নেতা রাদোভান কারাদিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে।
    ১ নভেম্বর, ১৯৯৫ ডেটন চুক্তি সাক্ষর
    ১৯৯৫ সালে ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়া যুদ্ধের অবসান হয় এবং সেখানে দুটি রাষ্ট্র সৃষ্ট হয়। একটি বসনীয় ও সার্বদের নিয়ে, আরেকটি মুসলিম ও ক্রোয়েশীয়দের নিয়ে।
    ১৯৯৭, ম্লাদিচের পলায়ন
    ম্লাদিচের সন্ধানে পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং ন্যাটোর শান্তিরক্ষী বাহিনীর অভিযান জোরদার হয়। কিন্তু পরিবার ও সার্বিয়ায় তার সমর্থকদের সহায়তায় তাদের চোখে ফাঁকি দিয়ে পলাতক থাকেন ম্লাদিচ। তাকে ফুটবল খেলার মাঠে দেখা যায়, এমনকি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের জনপ্রিয় রেস্তোরাতে তোলা তার ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়।
    ২৬ মে, ২০১১ ম্লাদিচ গ্রেফতার
    সার্বিয়ার উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে ম্লাদিচ গ্রেফতার হন। ওই বছরের জুনে জাতিসংঘ ট্রাইবুনালের সম্মুখীন হন তিনি।
    ১ ডিসেম্বর, ২০১৬ অভিযোগের শুনানির সমাপ্তি
    ইউরোপে ন্যুরেমবার্গ ট্রায়ালের পরে সবচেয়ে গুরুত্বপুর্ণ গণহত্যা বিষয়ক অভিযোগের শুনানির শেষ হয়। জাতিসংঘ ট্রাইব্যুনাল ৫৩০ দিনব্যাপী শুনানিতে ৫৯১ জনের সাক্ষ্য গ্রহণ করে এবং ১০৬টি ভিন্ন অপরাধের ১০ হাজার প্রমাণ যাচাই বাছাই করে।
    ২২ নভেম্বর, ২০১৭ ম্লাদিচ দোষী সাব্যস্ত
    স্রেব্রেনিকা হত্যাকাণ্ডের ২০ বছর পর ৭৪ বছর বয়সী ম্লাদিচকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
  • বিএনপি মানে হাওয়া ভবনের দুর্নীতি ও লুটপাট, বিএনপি মানে অগ্নিসন্ত্রাস:ওবায়দুল কাদের

    বিএনপি মানে হাওয়া ভবনের দুর্নীতি ও লুটপাট, বিএনপি মানে অগ্নিসন্ত্রাস:ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে রয়েছে। আর বিএনপি মানে হাওয়া ভবনের দুর্নীতি ও লুটপাট, বিএনপি মানে অগ্নিসন্ত্রাস। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও অন্ধকারে পতিত হবে। বাংলার মানুষ আর বিএনপির অন্ধকারে আর যাবে না।
    বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর নুরজাহান ভবন চত্বরে বাংলা একাডেমীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও সাবেক উপাচার্য প্রফেসর মযহারুল ইসলামের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।
    তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের রক্তাক্ত ইতিহাস বাংলার মানুষ ভোলে নি। ২০১৩-১৪ সালের অগ্নি-সন্ত্রাসের কথাও ভুলে যায়নি। ক্ষমতায় থাকতে তারা সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া, মঞ্জুরুল ইমাম, আহসানউল্লাহ মাস্টারসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। মা-বোনদের ধর্ষণ করেছে। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীর রক্ত ঝরিয়েছে। রক্তের নদী আর কান্নার দরিয়ায় ভাসিয়েছে মানুষকে। এখন তারা আবার লোক দেখানো মায়াকান্না করছে।
    শেখ হাসিনাকে মানবতার নেত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, মহান আল্লাহপাক বঙ্গবন্ধুকে সৃষ্টি করেছেন বাংলার স্বাধীনতার জন্য আর শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। শেখ হাসিনা এখন সারা বিশ্বের বিষ্ময়। সোয়া ৬ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে তিনি উদারতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দলের তা চোখে পড়ে না।
    খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ফটোসেশনের জন্য তিনি (খালেদা জিয়া) একবার বিশাল গাড়িবহর নিয়ে কক্সবাজার গিয়ে শো-ডাউন করেছেন। তার দলের মহাসচিবও একবার গিয়েছিলেন। অথচ আমি ২৫ দিন রোহিঙ্গাদের পাশে ছিলাম। কোনটা মন থেকে আর কোনটা লোক দেখানো তা মানুষ বোঝে।
    বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি নেত্রী লন্ডনে চলে গেলেন, আন্দোলন থাকলো তার ভ্যানিটি ব্যাগে। এই বছর না সেই বছর, আন্দোলন হবে কোন বছর। পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও গাছ ধ্বংস করার আন্দোলনের সঙ্গে বাংলার মানুষ আর নেই।
    দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে, সেটা যেন অসুস্থ না হয়। যারা উন্নয়ন করবেন আর সকলের সঙ্গে ভাল আচরণ করবেন আগামী নির্বাচনে তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। দুঃসময়ের নেতাকর্মীদের কাছে টেনে নিন। দলে অনুপ্রবেশকারী আগাছাদের ঠাঁই দিবেন না। দল ক্ষমতায় না থাকলে ৫ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।
  • সরকারের পতন স্বাভাবিকভাবে করতে পারবোনা : ফখরুল

    সরকারের পতন স্বাভাবিকভাবে করতে পারবোনা : ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পতন স্বাভাবিকভাবে করতে পারবো বলে মনে হয় না। এদের বিদায় ঘটাতে হাতিয়ার লাগবে। রুখে দাঁড়াতে হবে। কারণ এরা জনগণের অধিকার কেড়ে নিয়ে বন্দুক, পিস্তল হাতে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। তাই সবাইকে জেগে উঠতে হবে। সরকারকে বিদায় করতে না পারলে আমরা সবাই ব্যর্থ হবো, সেই সঙ্গে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ।
    বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    ছাত্রদল সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, শহীদ উদ্দীন চৌধুরী, কামরুজ্জামান রতন, সুলতান সালাহ উদ্দীন টুকু, আমিরুল ইসলাম আলীম, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ, সহসভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
    মির্জা ফখরুল বলেন, যে কোনো মূল্যে বর্তমান দখলদারী ক্ষমতাসীন সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কেন না দেশের মানুষ এদের কাছ থেকে মুক্তি পেতে চায়, চায় পরিবর্তন। শুধু ভাই ভাই বলে স্লোগান না দিয়ে অঙ্গীকার করতে হবে। আমরা যদি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে পারি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই তারেক রহমান নির্বাসন থেকে দেশে আসবেন, অন্যথায় নয়।
    প্রধান আলোচক শামসুজ্জামান দুদু বলেন, এই ছাত্রদল বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছে। স্বৈরাচারের পতন ত্বরান্বিত করেছিল। আমাদের নেত্রী প্রধানমন্ত্রীকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি গ্রহণ করছেন না। আগামী দিনে ছাত্রদল রাজপথেই মীমাংসা করবে স্বৈরাচার থাকবে না কি গণতান্ত্রিক সরকার থাকবে।
  • ‘সাদিক আব্দুল্লাহর নাম ভাঙিয়ে চাঁদাবাজী’ থানায় সাধারন ডায়েরী সাদিক আব্দুল্লাহর

    ‘সাদিক আব্দুল্লাহর নাম ভাঙিয়ে চাঁদাবাজী’ থানায় সাধারন ডায়েরী সাদিক আব্দুল্লাহর

    বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে চাঁদাবাজীর অভিযোগ বেশ কিছু দিন ধরে আলোচনায় ছিল।

    দলের বিভিন্ন স্তরের নেতারা তাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এমন মিশনে নামলেও শেষ পর্যন্ত সেই ফাঁদ থেকে বেড়িয়ে আসলেন সাদিক আব্দুল্লাহ। এবার চাঁদাবাজ ওই নেতাদের বিরুদ্ধে নিজেই আইনের আশ্রয় নিলেন সাদিক। ১৯ নভেম্বর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন তিনি। (ডায়েরী নং-১১৫৯)।

    সাদিক উল্লেখ করেন, অতিসম্প্রতি তার জনপ্রিতায় ইর্ষান্বিত হয়ে একটি মহল রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে বরিশালসহ দেশের বেশকিছু দলীয় নেতাকর্মী এমনকি সরকারী কর্মকর্তা/কর্মচারির  নিকট বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে ফোন করে ‘সাদিক আবদুল্লাহ’ পরিচয় দিয়ে টাকা দাবী করছে। যার ফলে আমার সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং ঐসব সম্মানিক ব্যক্তি বিভ্রান্তি এবং প্রতারণার শিকার হচ্ছেন ।

    ঐসব অপরাধী এবং কুচক্রী মহলের মুখোশ উন্মোচন করতে আইনের আশ্রয় নিলেন।

  • ২০২২ সালের মধ্যে রেলওয়ের আওতায় আসছে বরিশালসহ ৮ জেলা

    ২০২২ সালের মধ্যে রেলওয়ের আওতায় আসছে বরিশালসহ ৮ জেলা

    ২০২২ সাল নাগাদ দেশের আরও ৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। মঙ্গলবার তিনি সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জেলাগুলো হচ্ছে, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান ও কক্সবাজার। মজিবুল হক বলেন, বর্তমানে দেশের ৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত। পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোকেও নেটওয়ার্কের আওতায় আনা হবে। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডর ডাবল লাইনে উন্নীতকরণ, বিদ্যমান রেলপথের মানোন্নয়ন, রোলিং স্টক সমস্যা দূরীকরণ, জনবলের দক্ষতা বৃদ্ধি এবং রেলওয়ের আয় বৃদ্ধি তথা বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নের জন্য ২০১০ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ২০ বছরে বাস্তবায়নের জন্য রেলওয়ে মহাপরিকল্পনা সরকার অনুমোদন করেছে। এ মহাপরিকল্পনা বাস্তবায়নের পর শেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, বরগুনা ও মাগুরা এ ৭টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে বলে জানান রেলমন্ত্রী।

  • বরিশাল মহানগর আ’লীগের সাধারন সম্পাদকসহ ২০ জনকে আদালতের শোকজ

    বে-আইনীভাবে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ২০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় শোকজ এর আদেশ দিয়েছে আদালত। ২১ নভেম্বর মঙ্গলবার বরিশালের সিনিয়র সহকারী জজ হাদিউজ্জামান বিচারাধীন সদর আদালত এ আদেশ দেন।

    গত ১৯ নভেম্বর বরিশাল সদর উপজেলার মহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রার্থী পারভিন বেগম মামলাটি দায়ের করেন। মামলায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম জাহাঙ্গীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মহম্মদ আলী হাওলাদার, দাতা সদস্য এ কে এম মনজুরুল ইসলাম শাহীন, অভিভাবক সদস্য আফজাল সরদার, খোকন সরদার, রাজিব খান, শহীদ মোঃ হোসাইন, মহিলা অভিভাবক সদস্য মোসাঃ মুন্নি, বিদ্যোৎসাহী সদস্য কবির মেম্বার, শিক্ষক প্রতিনিধি সদস্য আমির হোসেন, নুরুল ইসলাম, বরিশাল সদর উপজেলার ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরিশাল জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিদ্যালয় পরিদর্শক, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়। বাদী মামলার আরজীতে আদালতে বলেন, তিনি বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটি গঠনে গত ৩১ মে ঘোষিত তফসিল অনুসারে অভিভাবক সদস্য পদে প্রার্থী হন।

    ১৫ জুন নির্বাচন কমিশনার পারভিন সহ অন্যান্য সদস্যদের নাম বৈধ প্রার্থী তালিকা ঘোষণা করেন। পারভিন মনোনয়ন প্রত্যাহার না করলেও তাকে বাদ দিয়ে বিবাদীরা অজ্ঞাত কারনে নির্বাচন ছাড়াই বে আইনীভাবে ম্যানেজিং কমিটি গঠন করেন। ওই কমিটি ২৫ আগস্ট মাত্র অক্ষরজ্ঞান সম্পন্ন কবির মেম্বারকে বিদ্যোৎসাহী সদস্য করে ২৬ অক্টোবর অনুমোদন চেয়ে শিক্ষা বোর্ডে পাঠায়। এব্যাপারে শিক্ষাবোর্ড এ অভিযোগ দায়ের করেও ফল পাওয়া যায়নি। গত ৯ নভেম্বর সভাপতি সম্পাদক নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেন। বাদী প্রতিবাদ করলে গত ১৬ নভেম্বর স্থানীয় বিবাদীরা তাকে তাদের বে আইনী কর্মকান্ড চালানোর জোড় হুমকি দেয়। তিনি বিবাদীদের বে আইনী কর্মকান্ডে নিষেধাজ্ঞার আদেশ দাবী করে মামলা দায়ের করলে আদালত কেন বিবাদীদের কর্মকান্ডে নিষেধাজ্ঞা দেয়া হবেনা আগামী ২১ দিনের মধ্যে তার কারণ দর্শাতে সকল বিবাদীকে আদেশ দেয়া হয় বলে আদালত সূত্র জানায়।

  • কুমিল্লায় স্ত্রীর মৃত্যু শোকে স্বামীর মৃত্যু

    কুমিল্লায় স্ত্রীর মৃত্যু শোকে স্বামীর মৃত্যু

    স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে বাড়ির পাশে এসে স্বামীও জ্ঞান হারিয়ে মারা গেছেন।  আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার বামনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে।

    মারা যাওয়া দুই জন হলেন, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বামনিশাইর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও তার স্ত্রী একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রিফা আক্তার (২৪)। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

    নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রিফা আক্তার স্বামীর বাড়ির পুকুরের ঘাটলায় বসে মোবাইল ফোনে ঢাকায় স্বামী আনোয়ারের সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরের পানিতে ডুবে যান। বাড়ির লোকজন পুকুর হতে তার নিথর দেহ উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে স্বামী আনোয়ার হোসেন রাতে ঢাকার রামপুরা থেকে বামনিশাইরের নিজ বাড়িতে রওনা দেন। রাত তিনটায় তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছান। এ সময় তিনি স্ত্রীর নাম ধরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পথচারীরা তার লাশ দেখে বাড়িতে খবর দেন।

    স্ত্রী-স্বামীর এ মৃত্যুর সংবাদ শুনে এলাকাবাসী বামনিশাইর গ্রামের বাড়িতে ভিড় জমায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    আনোয়ারের বড় বোন শিউলী বেগম বলেন, তার ভাই ঢাকার রামপুরার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে তার ভাই বাড়িতে আসার পথে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

    এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্বামী-স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • শতাব্দীর সেরা ফুটবল একাদশে জায়গা পেলেন যারা

    শতাব্দীর সেরা ফুটবল একাদশে জায়গা পেলেন যারা

    ফুটবল জগতে বর্তমানে চলছে বার্সা ও রিয়ালের শাসন আর তাই শতাব্দীর সেরা একাদশেও দেখা মিলল তাদের রাজত্বের।   সম্প্রতি এই শতাব্দীর সেরা একাদশ প্রকাশ করেছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)।

    ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাছাই করা শতাব্দীর সেরা একাদশে বার্সেলোনার জয়জয়কার। ছয়জনই বার্সার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ৩ জন। বাকি দু’জন আলাদা ক্লাবের।

    ছয়জন আবার স্পেনের খেলোয়াড়। এরা হলেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, সার্জিও রামোস, জেরার্ড পিকে ও ইকার ক্যাসিয়াস। সবাই লা লিগায় খেলে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন। অর্থাৎ, স্প্যানিশ ফুটবলের অাধিপত্য স্পষ্ট। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এফসি বার্সেলোনা।

    একাদশে বার্সার বর্তমান ও সাবেক ছয় তারকা হলেন লিওনেল মেসি, থিয়েরি অঁরি, জাভি, ইনিয়েস্তা, পুয়োল ও পিকে। এর মধ্যে ক্লাব ফুটবল ক্যারিয়ারে আর্সেনাল ও বার্সার হয়ে ইউরোপ মাতিয়েছেন ফ্রেঞ্চ আইকন অঁরি।

    রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আছেন রামোস ও কিংবদন্তি গোলরক্ষক ক্যাসিয়াস। বায়ার্ন মিউনিখের বিশ্বকাপ জয়ী জার্মান আইকন ফিলিপ লাম ও লিভারপুলকে প্রতিনিধিত্ব করছেন ইংল্যান্ডের সাবেক আইকনিক মিডফিল্ডার স্টিভেন জেরার্ড।

    সবচেয়ে বেশি ১১ বার উয়েফার টিম অব দ্য ইয়ার’র অংশ হওয়ার গৌরব অর্জন করেন রোনালদো। মেসি আটবার বর্ষসেরা টিমে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। ক্যাসিয়াস, পুয়োল, রামোস ও ইনিয়েস্তা ছয়বার করে। পাঁচবার করে লাম, পিকে, জাভি ও অঁরি। তিনবার নাম লিখিয়েছেন জেরার্ড।

    ৪-৩-৩ ফর্মেশনে উয়েফা মনোনীত শতাব্দীর সেরা একাদশ সাজানো হয়েছে। প্রতিপক্ষের রক্ষণভাগ ব্যতিব্যস্ত রাখবেন অঁরি, মেসি ও রোনালদো। মাঝমাঠ থেকে আক্রমণের কৌশল সাজাবেন ইনিয়েস্তা, জাভি ও জেরার্ড। গোলরক্ষককে সুরক্ষা দিতে ডিফেন্স (সেন্টারব্যাক) সামলাবেন পুয়োল ও পিকে। লেফটব্যাকে লাম ও ডান প্রান্ত থেকে ছুটবেন রামোস। গোলবার বিপদমুক্ত রাখতে থাকছে ক্যাসিয়াসের বিশ্বস্ত হাত।

    উয়েফার একাদশ নিয়ে সোস্যাল মিডিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। ভিন্নমত দেখিয়েছেন অনেকেই। ক্যাসিয়াসের জায়গায় জিয়ানলুইজি বুফন, পিকের পরিবর্তে কারো পছন্দ ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো।

    জিনেদিন জিদান, রোনালদো, রোনালদিনহো, দিদিয়ের দ্রগবা, পাওলো মালদিনিসহ সাবেক অনেক তারকার অনুপস্থিতি মানতে পারছেন না ফুটবলপ্রেমীরা। এদের রাখা উচিত ছিল বলে মত দিয়েছেই অনেকেই।