Author: banglarmukh official

  • মোবাইল নম্বর ঠিক রেখে চালু হল অপারেটর পরিবর্তন সেবা

    মোবাইল নম্বর ঠিক রেখে চালু হল অপারেটর পরিবর্তন সেবা

    দেশে প্রথমবারের মত চালু হলো মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করার সুবিধা। মঙ্গলবার বিটিআরসির সম্মেলন কক্ষে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে এ সেবা প্রদানের নোটিফিকেশন পত্র প্রদান করা হয়। এসময় বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, কমিশনের বিভিন্ন বিভাগের কমিশনার, মহাপরিচালক এবং লাইসেন্সের জন্য নোটিফিকেশন প্রাপ্ত প্রতিষ্ঠান ইনফোজিলিয়ান বিডি টেলিটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনফোজিলিয়ান ছাড়াও মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নামের এই সেবা প্রদানের জন্য আরও চারটি কনসোর্টিয়াম সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

    প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ ও লিথুনিয়ার যৌথ কোম্পানি গ্রিন টেক মিডিয়াফোন লি., ব্রাজিল বাংলাদেশ কনসোর্টিয়াম, বাংলাদেশ ও পোল্যান্ডের যৌথ কোম্পানি রিভ নম্বর লি. এবং বাংলাদেশ ও মিসরের যৌথ কোম্পানি রয়েল গ্রিন লি.। এমএনপি লাইসেন্স প্রদান সংক্রান্ত টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে ইনফোজিলিয়ান সর্বোচ্চ নম্বর পেয়ে এ সেবা প্রদানের যোগ্যতা অর্জন করে। বিটিআরসি সূত্র জানিয়েছে, গত ১৫ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে বিটিআরসি কর্তৃক লাইসেন্স প্রদানের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়। পরবর্তীতে কমিশনের ২০৮তম সভায় সরকার পূর্বানুমোদন জ্ঞাপন করায় এমএনপি গাইডলাইনের সকল শর্ত পালন সাপেক্ষে ওই প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর গত ০১ নভেম্বর ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে লাইসেন্স প্রাপ্তি সংক্রান্ত একটি নোটফিকিশেন পত্র ইস্যু করা হয়। লাইসেন্স প্রাপ্তির পরবর্তী ৬ মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে দেশের মোবাইল গ্রাহকের কমপক্ষে ১ শতাংশ, ১ বছরের মধ্যে ৫ শতাংশ এবং ৫ বছরের মধ্যে ১০ শতাংশ-কে এ সেবার আওতায় নিয়ে আসতে হবে।

    একজন সেবা গ্রহীতা ৩০ টাকার বিনিময়ে প্রতিবারের জন্য অপারেটর বদল করতে পারবেন। লাইসেন্স প্রাপ্তির জন্য নোটিফিকেশন প্রাপ্ত ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে এমএনপি গাইডলাইনের শর্তানুযায়ী লাইসেন্স অ্যাকুইজিশন ফি ১০ কোটি টাকা, বাৎসরিক লাইসেন্স ফি ২৫ লক্ষ টাকা, রেভেনিউ শেয়ারিং (২য় বছর থেকে) ১৫ শতাংশ হারে, ব্যাংক গ্যারান্টি ১০ কোটি টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে ২য় বছর থেকে বাৎসরিক নিরীক্ষাকৃত আয়ের ১ শতাংশ বিটিআরসিকে প্রদান করতে হবে । এমএনপি চালুর ফলে এক অপারেটরের নম্বরে অন্য অপারেটরের সংযোগ নেয়া যাবে। গ্রাহক যে অপারেটরের সেবা পছন্দ করবে, বিনা দ্বিধায় সেই অপারেটরের সংযোগ নিতে পারবেন। এ জন্য নিজের ফোন নম্বরটিও পাল্টাতে হবে না। এ সেবা প্রবর্তনের ফলে মোবাইল অপারেটরদের মধ্যে গুণগত সেবা প্রদানের প্রতিযোগিতা এবং মোবাইল গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের ৭২ টি দেশে এ সুবিধা চালু রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ২০১১ সালে এবং পাকিস্তানে এই সেবা ২০০৭ সাল থেকে চালু রয়েছে।

  • পিএসজি ছেড়ে রিয়ালের দিকে ঝুঁকছেন নেইমার

    পিএসজি ছেড়ে রিয়ালের দিকে ঝুঁকছেন নেইমার

    পিএসজিতে যাওয়ার মাত্র দু’‌মাসের মধ্যেই জানা গেল এমন খবর। নেইমার যে কোনও মুহূর্তে পিএসজি ছেড়ে দিতে পারেন।

    কেন না নতুন ক্লাবে খুব একটা খুশিতে নেই তিনি। কাভানির সঙ্গে মনোমালিন্যই এর কারণ। তাই তিনি স্পেনে ফিরতে চাইছেন।

    সূত্রের খবর, ইতোমধ্যে নেইমারের বাবা দেখা করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ‌ফিওরেন্তিনা পেরেজের সঙ্গে। তাও আবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিবর্ত হিসেবে ছেলে নেইমারের খেলার বন্দোবস্ত করতে। নেইমারের বাবার এই সাক্ষাতের খবর সামনে আসতেই কানাঘুষো শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে নেইমার আবার লা লিগায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন।

    স্প্যানিশ পত্রিকা ‘‌মুন্ডো ডিপোর্টিভো’‌-এর খবর নেইমার সিনিয়র আর পেরেজ ব্রাজিলীয় এই ফুটবলার তারকার ট্রান্সফারের ব্যাপারেই কথা বলেছেন। ২০১৩ সালে নেইমারকে সান্টোস থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল রিয়েল।

    কিন্তু সেই সময় তা পূর্ণতা পায়নি। কিন্তু নেইমারকে নেওয়ার জন্য বের্নাব্যুর দরজা যে চিরকালই খোলা, তা এবারে নেইমার সিনিয়রের রিয়ালের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করাতেই প্রমাণ পাওয়া গেল। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ২০২১ সালে রোনালদোর চুক্তি শেষ হলে তবেই নেইমারকে নেওয়া সম্ভব।

    খবর যা রটে, তার কিছুটা তো বটে। তবে রোনালদো যদি রিয়াল ছাড়েনও, সেক্ষেত্রে কি রোনালদোর পরিবর্ত হিসেবে নেইমারকে পছন্দ হবে কিনা জিদানের, সেটিও অনে বড় প্রশ্ন হয়েই থাকবে। ‌ অনেক যদি, কিন্তু আছে। তবে নেইমার সিনিয়রের এই আচমকা রিয়াল প্রেসিডেন্টের সঙ্গে দেখা করাটা স্রেফ জল্পনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ‌‌

  • মন্দের ভালো

    মন্দের ভালো

    গত মাসে হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান হার্ভি ওয়াইনস্টিনের যৌন হয়রানির অভিযোগের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিতর্কটা। এরপর একে একে উঠে এসেছে চলচ্চিত্র পরিচালক জেমস টোব্যাক, ব্রেট রেটনার থেকে অভিনেতা কেভিন স্পেইসির নামও।

    ধারাবাহিকভাবে এ ধরনের অভিযোগ উঠে আসাটাকে অভিনেত্রী মিশেল ফাইফার বলেছেন, দীর্ঘদিন ধরে হলিউডে চলতে থাকা এ ধরনের অপরাধের একটি চিত্র। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লাভ ফিল্ড’ তারকা বলেন, ‘হলিউডে আমার পরিচিত সব নারীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন। আর এটাই প্রমাণ করে এই সমস্যা কতটা গুরুতর। এসব নিয়ে আমরা কখনো আলোচনা করতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত এগুলো জনসমক্ষে প্রকাশিত হলো। ’

    তিনি মনে করেন, হার্ভি বিতর্কটা হচ্ছে মন্দের ভালো। কেননা এর মাধ্যমে যে আলোচনার সূত্রপাত হয়েছে, তা হয়তো ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধ করতে সক্ষম হবে

  • আত্মঘাতী গোলে স্বপ্নডুবির পথে বাংলাদেশ

    আত্মঘাতী গোলে স্বপ্নডুবির পথে বাংলাদেশ

    ক্রীড়া প্রতিবেদক : দুর্ভাগা বাংলাদেশ। মাত্র ৩০ সেকেন্ডের ফেরে পড়ে অনূর্ধ্ব-১৯ দলের এএফসি চ্যাম্পিয়নশিপে মূলপর্বের স্বপ্ন বিলীন হতে বসেছে! পুরো ম্যাচ ঠেকিয়ে ইনজুরি টাইমের শেষ মিনিটে আত্মঘাতী গোলে হেরে গেছে উজবেকিস্তানের সঙ্গে।

    এই হারের জ্বালা তীরে এসে তরী ডোবার মতোই। গ্রুপে এখন ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের রানার্স-আপ হওয়ার বাস্তব সম্ভাবনা কমে গেছে অনেকখানি। এখানেই বড় হয়ে ধরা পড়ছে স্বপ্নডুবির শঙ্কা।

    ঠিক যেভাবে তাজিকিস্তানের সঙ্গে খেলেছিল, সেই কৌশলেই কাল বাংলাদেশ নেমেছিল উজবেকিস্তানের বিপক্ষে। সোজাসুজি ড্রয়ের লক্ষ্যে। এর চেয়ে বড় করে ভাবারও খুব সুযোগ নেই। কিন্তু সত্যি সত্যি একটা সুযোগ সামনে এসে দাঁড়িয়েছিল ১০ মিনিটে। কাউন্টারে সুফিল উজবেক গোলরক্ষককে একা পেয়েও পারেননি বল জালে পাঠাতে। লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ার পর সবাই মিলে নেমেছিল গোল ঠেকানোর মিশনে।

    সফলভাবে ঠেকিয়েছেও। বাংলাদেশ কোচ মাহবুব হোসেন রক্সি বলেছেন, ‘তাজিকিস্তানের চেয়েও শক্তিশালী উজবেকিস্তান, ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি অনেক ভালো তারা। এর পরও আমাদের বিপক্ষে ওরকম ওপেন করতে পারেনি। দ্বিতীয়ার্ধে একবার তারা ওপেন করেছে, কিন্তু গোল করতে পারেনি। পুরো ম্যাচ আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে, কৌশল অনুযায়ী পারফরম করেছে। উজবেকিস্তান আধিপত্য করলেও চাপে ফেলতে পারেনি। মাঝমাঠে আমাদের ব্লক ভালো হয়েছে। ডিফেন্সও খুব ভালো খেলেছে, তাই গোলের ক্লিয়ার চান্স পায়নি সেভাবে। কিন্তু দুর্ভাগ্য ম্যাচ শেষের ৩০ সেকেন্ড আগে গোল খেয়ে সব কিছুই অর্থহীন হলে গেল। ’ ৪ মিনিট ইনজুরি টাইমের শেষ মিনিটে শুধু গোলের দুর্ভাগ্য নয়, সেটাও হয়েছে আত্মঘাতী। একটা শট ঠেকাতে গিয়েছিলেন আতিকুজ্জামান, কিন্তু এতক্ষণ ভালো খেলা এই ডিফেন্ডারের বাঁ পায়ে লেগে বল ঢুকে গেছে বাংলাদেশের জালে। ম্যাচে ফেরার চেষ্টা করারও সুযোগ নেই আর!

    গোলের পরপরই বাঁজে শেষ বাঁশি আর হতাশায় ভেঙে পড়ে বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশ কোচের কণ্ঠেও প্রকট হয়ে ধরা পড়েছে এমন হারের আক্ষেপ, ‘নেহাৎ ভাগ্যটা খারাপ বলেই আমরা হেরে গেলাম। তাতে মূলপর্বে যাওয়া কঠিন হয়ে গেল। শেষ ম্যাচে তাজিকিস্তানকে হারতে হবে বেশি গোলে। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। আসলে অনেক হিসাব-নিকাশ সামনে চলে আসবে। এই ম্যাচটা ড্র করতে পারলে আমাদের ভালো সুযোগ ছিল। ’ ম্যাচটা ড্র হলে মূলপর্বে যেতে সেরা পাঁচ রানার্স-আপে থাকার ভালো সম্ভাবনা থাকত। তখন কাল শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে এবং উজবেকিস্তানের কাছে তাজিকিস্তান হারলে স্বপ্নপূরণের পথেই থাকত বাংলাদেশ। এখন বেঁচে আছে কেবল গাণিতিক সম্ভাবনা, যা বাস্তবে মেলানো কঠিনই।

  • শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন অনিশ্চিত

    শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের গঠনতন্ত্র সাংঘর্ষিক এবং পক্ষপাতদুষ্ট দাবি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে ৬ সাংবাদিক (প্রেসকাবের সদস্য) জিয়াউদ্দিন বাবু, কাজল ঘোষ, মো: শাহজাহান হাওলাদার, মনোবীর আলম খান, এম ফোরকান ও আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে। আদালতের বিচারক মো: হাদিউজ্জামান মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে মামলার বিবাদীদের নালিশীতে বর্ণিত বিষয়গুলো সম্পর্কে কারণ দর্শানোর নির্দেশ দেন। মামলার আইনজীবী অ্যাড. আজাদ রহমান এজাহারের বরাত দিয়ে বলেন, আগামী ১০ নভেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের নির্বাচনী তফসিল ঘোষণার দিন ধার্য করে সভা আহবান করা হয়েছে। ১১ নভেম্বর বিশেষ জরুরি সাধারণ সভা আহবান করে আলোচ্য বিষয়াবলীর উপরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন মামলার বাদীরা। বিষয়গুলো হচ্ছে-বিশেষ জরুরি সভার আলোচ্যসূচি সিংহভাগ সহযোগী সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ বিষয়ে গঠনতন্ত্রের ধারা-উপধারা সংযোজন এবং ১০ নভেম্বর প্রেসকাব নির্বাচন সংক্রান্ত আলোচ্যসূচি। মামলার বাদীগণ দাবি করেছেন, প্রেসকাব নির্বাচনের পূর্বে আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের একটি সাংবাদিকবান্ধব গঠনতন্ত্র রচনা করা একান্ত জরুরি হয়ে পড়েছে। যেহেতু প্রেসকাবের গঠনতন্ত্র দীর্ঘদিনের পুরনো এবং অসংগতিপূর্ণ ও সময়োপযোগী নয়; তাই গঠনতন্ত্রের নিম্নোক্ত আলোচ্য বিষয়গুলো সংশোধন করা প্রয়োজন:- প্রস্তাবগুলো হল-“মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত বা নীতি-আদর্শ পালনকারী কোন সাংবাদিক বা ব্যক্তি, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ বা সমাজের নিন্দিত কোন ব্যক্তি প্রেসকাবের সদস্যপদ পাবার জন্য আবেদন করতে পারবেন না বা করলে তা সরাসরি অগ্রহণযোগ্য হবার বিধান রাখতে হবে (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১)”। “২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’-এ সকাল ১০টা থেকে একটানা রাত ১১টা পর্যন্ত প্রেসকাবের সাধারণ সভা ও বার্ষিক নির্বাচনের দিন ও সময় পরিবর্তন করে যে কোন উপযুক্ত সময়ে সভা ও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণ করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪ এর ধারা ২)”। বরিশাল প্রেসকাবের যে সকল সহযোগী সদস্যদের সদস্য পদ প্রাপ্তির ৩ বছর সময় অতিক্রম হবে তাদের পেশাগত কর্মকা- পুনর্বিবেচনাপূর্বক পূর্ণাঙ্গ সদস্য পদ প্রদানের বিধান সহজতর করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ ২ এর ৪ ধারা)”। বরিশাল প্রেসকাবের সদস্যপদ প্রদানের লক্ষ্যে ৩/৪ (তিন
    চতুর্থাংশ) অংশ হ্যাঁ সূচক ভোট পাবার পর সদস্য পদ প্রদানের বিধানের স্থলে সংখ্যাগরিষ্ঠ ভোটে সদস্য পদ প্রদানের বিধানের ব্যবস্থা করতে হবে (প্রেস কাবের গঠনততন্ত্রের অনুচ্ছেদ ২ এর ধারা ৩)”। প্রেসকাবের সদস্য পদ পাবার পরে তিন বছর অতিক্রম না হলে কোন সদস্য বা সদস্যরা প্রেসকাব নির্বাচনে অংশ নিতে পারেন না-এমন বিধান বাতিল করে ভোটাধিকারপ্রাপ্ত সদস্যরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার বিধান করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩ এর ধারা ৩)”। প্রেসকাব নির্বাচন প্রতি বছর না করে ২ বছর পর পর করার বিধান করতে হবে, সেক্ষেত্রে কার্যকরী পরিষদের মেয়াদকাল ১ বছরের পরিবর্তে ২ বছর করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪ এর ধারা ২)”। পরপর ২ বছর কোন সদস্য সাধারণ সম্পাদক বা সভাপতির দায়িত্ব পালন করলে পরের বছর প্রেসকাবের নির্বাচনে ওই পদে অংশগ্রহণ না করতে পারার বিধান বাতিল করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩ এর ধারা ২)”। প্রেসকাবের নির্বাচনে যেসকল প্রার্থী নির্বাচিত হবেন তাদের দায়িত্বভার গ্রহণের পূর্বে শপথ বাক্য পাঠের বিধান গঠনতন্ত্রে সংযোজন করতে হবে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শহীদ আবদুর রব সেরনিয়াবাত ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হওয়ায় ওই দিন তার শাহাদৎবরণ দিবস উপলক্ষে প্রতি বছর তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানটি গঠনতন্ত্রে সংযোজিত করতে হবে। এছাড়া কোন সহযোগী সদস্য দুই বছরের মধ্যে প্রেসকাবের পূর্ণ সদস্য পদ লাভ করতে ব্যর্থ হলে কাবে তার সহযোগী সদস্য পদ বাতিল করা হবে বলে গঠনতন্ত্রে অগণতান্ত্রিকভাবে ধারা/উপধারা সন্নিবেশিত করে সহযোগী সদস্যদের স্বার্থ পরিপন্থী গঠনতন্ত্র সংশোধনে পাঁয়তারা চলছে। এছাড়া কথিত বাছাই কমিটির মাধ্যমে কাবের বিদ্যমান গ্রুপিংকে প্রাধান্য দিয়ে খোঁড়া ও অবিশ্বাস্য অজুহাত এনে সিংহভাগ সহযোগী সদস্যদের সদস্যপদ বাতিলের অপর একটি গঠনতন্ত্র পরিপন্থী প্রক্রিয়া চলমান আছে। প্রকাশ থাকে যে, এক-দুই বিবাদীগণ উপরোক্ত আলোচ্য বিষয়গুলোতে অবৈধ প্রভাব খাটিয়ে বিশেষ জরুরি সাধারণ সভা বে-আইনিভাবে সাধারণ সম্পাদকের মাধ্যমে ১১ নভেম্বর আহবান করেছেন। যাহাও গঠনতন্ত্র পরিপন্থী। বাদী পক্ষ আবেদনে গঠনতন্ত্র সংশোধনপূর্বক একটি সাংবাদিকবান্ধব গঠনতন্ত্র না করা পর্যন্ত শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের আগামী নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে বা নির্বাচন সংক্রান্ত কোন তফসিল ঘোষণা না করতে পারে বা কোন বিশেষ জরুরি সাধারণ সভা আহবান করতে না পারে বা নতুন কোন সদস্য পদ প্রদান করতে না পারে বা সহযোগী সদস্যদের কথিত বাছাই প্রক্রিয়া কার্যকর করতে না পারে বা বাছাই করার ন্যূনতম কোন উদ্যোগ গ্রহণ করতে না পারে তৎমর্মে বিবাদীদের প্রতিকূলে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অত্র দরখাস্ত শুনানি সাপেক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারির আদেশ প্রদান করার আবেদন করেছেন। এ কারণে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা জটিলতার কারণে আসন্ন প্রেসকাব নির্বাচন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আহুত বিশেষ জরুরি সাধারণ সভার আলোচ্যসূচি মামলার নালিশীতে অন্তর্ভুক্ত থাকায় আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই সভা স্থগিত থাকবে।

  • বরিশাল শের–ই–বাংলা মেডিকেলের শিশু বিভাগ শয্যা ৪০, রোগী ৩২০

    বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গত ৩০ অক্টোবর গৌরনদী থেকে ছেলেকে নিয়ে এসেছেন মুন্নি বেগম। এসে দেখেন বিছানা খালি নেই। তাই মেঝেতে বিছানা করে অন্য শিশুর সঙ্গে রাখা হয়েছে।
    একই দিন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছেন রোজিনা বেগম। তিনি বলেন, খালি না থাকায় তিন শিশুর সঙ্গে এক বিছানায় রেখে তার চিকিৎসা চলছে।

    মুন্নি বেগম ও রোজিনা বেগম বলেন, তাঁদের সন্তানেরা হঠাৎ করে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়েছে। উপায় না দেখে সন্তানকে হাসপাতালে নিয়ে এসেছেন।
    চিকিৎসকেরা জানান, আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ ঠান্ডায় লেগে শিশুরা শ্বাসকষ্ট, জ্বর, সর্দিকাশি নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। হাসপাতালে শিশুদের জন্য বিছানা বরাদ্দ আছে ৪০টি। রোগীর সংখ্যা তিন শতাধিক। তাই এক বিছানায় তিন-চারজন শিশুকে রাখা হচ্ছে। মেঝেতেও একই অবস্থা। পা ফেলার জায়গা পর্যন্ত নেই। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
    হাসপাতালটির শিশুবিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক এম আর তালুকদার মুজিব বলেন, ঠান্ডায় এক থেকে ছয় মাস বয়সের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। গত বৃহস্পতিবার ভর্তি ছিল ৩২০ জন শিশু। এত বেশি শিশুর চিকিৎসা দেওয়া খুব কঠিন।

    সরেজমিনে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি বিছানায় তিন থেকে চারটি করে শিশু রাখা হয়েছে। মেঝেতে একেকটি বিছানায় দুই থেকে তিনজন করে শিশু আছে। মেঝেতে বিছানা করায় পা ফেলার জায়গা পর্যন্ত নেই। এর মধ্যেই কাজ করছেন চিকিৎসক ও সেবিকারা।
    শিশু বিভাগের রেজিস্ট্রার ও পরিচালকের কার্যালয়ে থাকা তালিকা থেকে জানা যায়, গত বৃহস্পতিবার হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি হওয়া ৩০ শিশুকে বাদ দিলে বাকি ২৯০টি শিশু শ্বাসকষ্ট, জ্বর, কাশি ও বুকে কফ নিয়ে ভর্তি হয়েছে।

    সেবিকা হাসিনা খানম বলেন, স্বাভাবিক সময়ও বিছানার তুলনায় কয়েক গুণ শিশু বেশি ভর্তি থাকে। কিন্তু সেটা দুই শর বেশি হয় না। গত ১০ দিনে শিশু রোগীর সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে।

    সদর উপজেলার সাহেবের হাট এলাকা থেকে আসা জুয়েল রানা বলেন, হাসপাতালে বিছানা নেই, মেঝেতেও জায়গা নেই। বাধ্য হয়ে এক বিছানায় দুই শিশুর পাশে আমার শিশুকে রেখেছি। জ্বর, কাশি ও বুকে কষ্ট হচ্ছিল। এখন একটু ভালো।’

    রহমতপুর এলাকার বাসিন্দা তাহমিনা বেগম বলেন, সোমবার রাতে দুই মাস বয়সের শিশুর শ্বাসকষ্ট দেখে সহ্য করতে পারছিলেন না। দ্রুত হাসপাতালে আসেন তিনি।
    জানতে চাইলে হাসপাতালের বহির্বিভাগের দায়িত্ব পালন করা শিশু বিশেষজ্ঞ সালেহ আল-দ্বীন-বিন নাসির রাসেল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২০০ শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে। এদের বেশির ভাগই ভাইরাসে আক্রান্ত। অনেককেই অন্তর্বিভাগে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সময়ে শিশুদের উষ্ণ রাখার চেষ্টা করতে হবে। বাইরের ঠান্ডা যেন শিশুর শরীরে না লাগে, সেদিকে লক্ষ রাখতে হবে। প্রয়োজনে হাত-পা মোজা দিয়ে ঢেকে রাখতে হবে। রাতে যাতে শিশুর ঠান্ডা না লাগে, সেদিকে লক্ষ রাখতে হবে।

  • ঘটনাবহুল ৭ নভেম্বর আজ

    ঘটনাবহুল ৭ নভেম্বর আজ

    আজ ৭ নভেম্বর, ঘটনাবহুল ও আলোচিত দিন। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে। বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। জাসদ পালন করে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে। আর প্রগতিশীল দল ও সংগঠনগুলোর অনেকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে।
    ৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন পৃথক কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে ৮ নভেম্বর সেখানে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছিল।

    নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের তারিখ পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ‘রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন (সিপিএ) হচ্ছে। এতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য আমরা ১১ নভেম্বর শনিবার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’
    সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সমাবেশের অনুমতি এখনো পাইনি। তবে আশাবাদী অনুমতি পাব।’

    বিএনপির সূত্র জানায়, সিপিএ সম্মেলনের কারণে এবার ৭ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো ও ফাতিহা পাঠের কর্মসূচি রাখা হয়নি। দলের মহাসচিবও যাচ্ছেন না। তবে এ ব্যাপারে দলের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে এ কর্মসূচি পরে পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
    জাসদের একাংশ আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা করবে। এতে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অংশ নেবেন। খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ ‘মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করেছে। একই সময়ে জাতীয় গণতান্ত্রিক লীগ ও জয় বাংলা মঞ্চ নামের দুটি সংগঠন যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ কর্মসূচি দিয়েছে।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এর আড়াই মাস পর ৩ নভেম্বর শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে তিনি মুক্ত হন।

  • বাংলাদেশের মানুষ জিয়া নামের মানুষটিকে চিনতো না’

    অনলাইন ডেস্ক

    বাংলাদেশের মানুষ জিয়া নামের মানুষটিকে চিনতো না মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেননি। জিয়া মারা যাওয়ার পর তার দল যারা করছেন, তারা তাকে স্বাধীনতার ঘোষক বানাতে চাইছেন।

    বাংলাদেশের মানুষ জিয়া নামের মানুষটিকে চিনতো না। আজ ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আমাদের স্বাধীনতা ও বর্তমান বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

    ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যই প্রমাণ করে, তারা প্রধান বিচারপতিকে নিয়ে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিলেন। সুতরাং যারা ষড়যন্ত্র করতে চেয়েছিলেন তাদের বিচার হওয়া প্রয়োজন।

    আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন

  • আম্পায়ারকে সাব্বিরের গালি

    আম্পায়ারকে সাব্বিরের গালি

    বিপিএলের পঞ্চম আসরে দুর্দান্ত ফর্মে আছে সিলেট সিক্সার্স। ঘরের মাঠে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি।

    একইসঙ্গে দলটির খেলোয়াড়দের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে।  উদ্বোধনী ম্যাচে দেরিতে টস করতে যাওয়ায় অধিনায়ক নাসির হোসেনকে সতর্ক করার পর এবার আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে বসলেন আইকন সাব্বির রহমান। এজন্য জরিমানার কবলেও পড়ছেন তিনি।

    রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় আম্পায়ার মাহফুজুর রহমানকে গালি দেওয়ার অভিযোগ উঠেছে সাবিাবরের বিরুদ্ধে।

    জানা যায়, মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়াতেই এমন আচরণ করেছেন সাব্বির। আচরণবিধি লঙ্ঘন করায় তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ (প্রায় দেড় লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

    ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর কুমিল্লার বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নেয় সিলেট সিক্সার্স। পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সিলেট।

  • সৌদি আরবে ১১ রাজপুত্রসহ একাধিক মন্ত্রী আটক

    সৌদি আরবে ১১ রাজপুত্রসহ একাধিক মন্ত্রী আটক

    সৌদি আরবে নবগঠিত দুর্নীতি দমন কমিটি দেশটির ১১জন রাজপুত্র, বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করেছে। সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও করা হয়েছে রদবদল।

    শনিবার সৌদি বাদশাহ নিজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে ওই দুর্নীতি দমন কমিটি গঠন করেন। যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করার এবং যে কারো উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা দেয়া হয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমান

    এই কমিটি গঠন করার কয়েকঘণ্টার মধ্যেই গ্রেফতার করার ঘটনা ঘটলো। আটককৃতদের নাম এবং তাদেরকে আটক করার কারণ সম্পর্কে এখনো কিছুই স্পষ্ট করা হয়নি।

    তবে, সৌদি গণমাধ্যম আল-অ্যারাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে সৌদিতে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল এই বিষয়গুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।

    যুবরাজ সালমান ন্যাশনাল গার্ড মন্ত্রী প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে এবং নেভি কমান্ডার এডমিরাল আব্দুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল সুলতানকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে এসপিএ। তবে, তাদের কেন পদচ্যুত করা হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। সূত্র : বিবিসি