Category: প্রচ্ছদ

  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা ছিল

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা ছিল

    পর্দা উঠছে ২১তম ফুটবল মহাযজ্ঞের। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ৮১ হাজার দর্শক তার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন সেই মহাযজ্ঞের। সাথে সাথে টিভি সেটে চোখ রেখেছে সারা বিশ্বের কোটি কোটি দর্শক।

    বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

    অনুষ্ঠানের শুরুতে গান গেয়ে মাতিয়ে তুলেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্রিটিশ রক মিউজিক তারকা রবি উইলিয়ামস। ছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার রোনালদো। এছাড়াও আরও ছিলেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা, অপেরা আইকন প্লাসিদো ডমিঙ্গো ও জনপ্রিয় শিল্পী জুয়ান দিয়েগো ফ্লোরেজ।

    জানা যায়, ১৯৮০ সালে মস্কো অলিম্পিকের পর এটাই রাশিয়ায় সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। তাই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতেই একটু ব্যাতিক্রমভাবে আয়োজন করে দেশটি।

    উল্লেখ্য, রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের ফুটবল বিশ্বকাপ।

  • সৌদির জালে দারুণ এক গোল রাশিয়ার

    সৌদির জালে দারুণ এক গোল রাশিয়ার

    চোখ ধাঁধানো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাঠে নেমেছে রাশিয়া ও সৌদি আরব। ম্যাচের ১২ মিনিটে কর্ণার থেকে ইউরি গাজিনস্কিয়ি দারুণ এক গোল দিয়ে স্বাগতিক রাশিয়াকে এগিয়ে দেন।

    রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।

    রাশিয়া একাদশ
    গোলরক্ষক: ইগর আকিনফিভ
    রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ
    মধ্যমভাগ: ইউরি গাজিনস্কিয়ি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ
    আক্রমণভাগ: ফেদর স্মলভ।

    সৌদি একাদশ

    গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ।
    রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি।
    মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি।
    আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।

  • বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা এখন বিএনপির ইস্যু

    বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা এখন বিএনপির ইস্যু

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার চিকিৎসা নিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্বেগ নেই, তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি।বিএনপি রাজনীতির করার কোন ইস্যু খুঁজে পাচ্ছে না। জনগণ তাদের কোন ইস্যুতে সাঁড়া দিচ্ছে না। এখন তারা বেগম জিয়ার শারিরীক অবস্থাকে নিয়ে নতুন করে ইস্যু খুঁজছে। অসুস্থতা এখন রাজনৈতিক ইস্যু, তার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা এখন বিএনপির ইস্যু।

    আজ দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, গত নয় বছরে নয় মিনিটেরও একটি আন্দোলন করতে পারেনি বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি মনে করেছে নির্বাচন পরবর্তীকালীন জ্বালাও-পোড়াও আন্দোলন করে সরকার হটানো যাবে। তারা কোন ইস্যুতে সফল হতে পারেনি।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব ইস্যুতে ব্যর্থ হয়ে এখন বারবার রমজানের ঈদ, কোরবানির ঈদ এবং বিভিন্ন পরীক্ষার পর আন্দোলনের কথা বলে আশা দিয়ে আসছেন। তারা জানে জনগণ তাদের কোন আন্দোলনে সাড়া দিবে না।

    বিএনপি’র নেত্রীকে দণ্ড দিয়েছে আদালত, কারাগারে গিয়েছেন আদালতের নির্দেশে এবং তিনি কারাগারে আছেন আদালতের নির্দেশে। তারপর বেগম জিয়া হাইকোর্ট ও আপিল বিভাগে আদালতের আদেশেই জামিন পেয়েছেন। অন্যান্য মামলায়ও শুনানি চলছে। সবকিছুই চলেছে আদালতের রুল মোতাবেক, রাজনীতির কোন সংস্পর্শ নেই।

    সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ দেশের সব ধরনের সড়ক, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত ঈদ যাত্রায় কোন ধরনের যানজট ও দুর্ঘটনা ঘটেনি। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেক স্বস্তিদায়ক।

    এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়াসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

  • ছিলেন রাস্তার ফল বিক্রেতা, মাতাবেন বিশ্বকাপ মঞ্চ

    ছিলেন রাস্তার ফল বিক্রেতা, মাতাবেন বিশ্বকাপ মঞ্চ

    চরম দারিদ্র দেখেছেন শৈশবে। রাস্তায় ফল বিক্রি করতেন। দারিদ্রের চরমতম সীমায় পৌঁছানো সেই মেয়েই এবার বিশ্বকাপের উদ্বোধনে গোটা পৃথিবীর নজর কাড়বেন। তিনি নাতালিয়া ভোদিয়ানোভা।

    বৃহস্পতিবার লুঝনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি সৌদি আরব ও রাশিয়া। প্রথম ম্যাচ যে শহরে খেলা হবে সেই নিঝনি নোভগারদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নাতালিয়া ভোদিয়ানোভা-ই।

    নাতালিয়া এক জন সুপার মডেল। বিশ্বকাপে বিশেষ দায়িত্বে থাকছেন তিনি। ১৫ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন এই রুশ তরুণী। এরপর আন্তর্জাতিক এক মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি।

    দরিদ্র পরিবারের এই মেয়েটিই পরবর্তীকালে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার- মারিও টেস্টিনো, আরিনো লেইভিৎজ, স্টিভেন মেইসেলদের পোশাকে র‌্যাম্প মাতিয়েছেন। ভোগ, ভ্যানিটি ফেয়ার, কসমোপলিটন-এর মতো আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন ম্যাগাজিনের প্রচ্ছদেও দেখা গেছে তাকে।

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী করবেন নাতালিয়া? জানা গেছে, বিশ্বকাপ ট্রফি নিয়ে ইকার ক্যাসিয়াসের সঙ্গে মাঠে যাবেন তিনি। বিশ্বকাপ রাখা আছে লুই ভ্যুঁতো-র সুদৃশ্য বাক্সে। বিশেষ দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত নাতালিয়া জানিয়েছেন, রাশিয়ার জনগণ বিশ্বকাপকে স্বাগত জানাতে প্রস্তুত। দেশ ও ফিফা বিশ্বকাপের ট্রফি-র প্রতিনিধিত্ব করতে পারব ভেবে দারুণ আনন্দ হচ্ছে।

  • বিএনপি মহাসচিবের চোখের চিকিৎসা করা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

    বিএনপি মহাসচিবের চোখের চিকিৎসা করা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

    বিএনপির লোকেরা দাবি করেন বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। মানলাম। কিন্তু তিনি কি করেছেন? এতিমের টাকা মেরেছেন। এখন জেলে আছেন। আর বর্তমানে দেশের সকল খাতে উন্নয়ন করছেন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকার। কিন্তু বিএনপির লোকেরা বলেন, দেশে কোন উন্নয়ন হয়নি। তাদের মহাসচিব তো বলেছেন, তিনি নাকি কোন উন্নয়ন দেখতে পান না। আমার তো মনে হয় তার (মির্জা ফখরুল) চোখের চিকিৎসা করা দরকার। একটা ভালো চশমা দরকার। তাহলে তিনি দেখতে পাবেন দেশের উন্নয়ন হয়েছে কিনা।

    আজ বৃহস্পতিবার দিনাজপুর খানসামা কাচিনীয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যূৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, খানসামাতে যেমন উন্নয়ন হয়েছে। সারাদেশে একই রকম উন্নয়ন হয়েছে। আবার কোথাও কোথাও প্রয়োজন অনুযায়ী বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও এদেশে শেখ হাসিনার দরকার বলে উল্লেখ করেন তিনি।

    প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২৮.২৩৭ কিমি ওভারহেড লাইন স্থাপণ করে উপজেলার ৫টি ইউনিয়নের ৪৬টি গ্রামে দুই হাজার ১৮টি পরিবারে বৈদ্যুতিক সংযোগ সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী। এরমধ্যে ১৯৮৫টি আবাসিক ও ১৬টি বাণিজ্যিক, ১৫টি সেচ গ্রাহক এবং ২টি শিল্প সংযোগ দেয়া হয়।

    খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার শাহের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু ও সফিকুল ইসলাম প্রমুখ।

  • সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ, অভিনেত্রী সা‌দিয়া গ্রেফতার

    সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ, অভিনেত্রী সা‌দিয়া গ্রেফতার

    সিনেমা বানানোর কথা বলে আড়াই কো‌টি টাকা আত্মসা‌ৎ মামলায় স্বামীসহ চিত্রনা‌য়িকা সা‌দিয়া আফ‌রিনকে গ্রেফতার ক‌রে‌ছে সিআই‌ডি। মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে সাদিয়া ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করা হয়।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিজানুর রহমান খাঁনের সাথে ২০১৩ সালে চিত্রনায়িকা সাদিয়া আফরিনের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে সাদিয়া আফরিন বলে যে আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।

    বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভের দিক দেখিয়ে সাদিয়া আফরিন ও তার স্বামী তাদের নিকট মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন। যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা তাদের প্রদান করে।

    বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বার বার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে তালবাহানা শুরু করে। এরপর টাকা ফেরত চাইলে চিত্রনায়িকা সাদিয়া আফরিন সাফ জানিয়ে দেয় সে টাকা দিতে পারবে না, আপনি যা পারেন করেন।

    উপায়ান্তর না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলাটি সিআইডি অধিগ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইম (সিরিয়াস ক্রাইম স্কোয়াড)-এর একটি বিশেষ দল চিত্রনায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামীকে গত ১২/০৬/২০১৮ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

  • মনোনয়নপত্র নিলেন ২৫ প্রার্থী

    মনোনয়নপত্র নিলেন ২৫ প্রার্থী

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার এসব প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    মনোনয়নপত্র সংগ্রহ করা দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের এবং এসহানুল মাহবুব। এছাড়া ২৭টি ওয়ার্ডের মধ্যে কয়েকটিতে ২১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত জানান, এখনও পর্যন্ত ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঈদের কারণে আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত তিনদিন মনোনয়নপত্র দেয়া বন্ধ থাকবে। সোমবার থেকে ফের মনোনয়নপত্র দেয়া শুরু হবে।

    প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ জুন পর্যন্ত জমা দেয়া যাবে মনোনয়নপত্র।

  • চাঁদ দেখা গেছে, কাল মালয়েশিয়ায় ঈদ

    চাঁদ দেখা গেছে, কাল মালয়েশিয়ায় ঈদ

    মালয়েশিয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে নিশ্চিতকরণ সভা শেষে সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা সূত্রে জানা যায়, ইয়াং দ্বি-পারতুং আগং এবং প্রধানমন্ত্রী চাঁদ দেখা কমিটির সাথে একমত পোষণ করেছেন। তাই মালয়েশিয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র উদুল ফিতর পালন করা হবে।

  • বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার করা হচ্ছে

    বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার করা হচ্ছে

    বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির অজস্র নেতাকর্মীদের গুম করা হয়েছে। অবরুদ্ধ গণতন্ত্রের মধ্যে আমরা কথা বলতে পারছি না। গুম-খুনের বিরুদ্ধে যে কথা বলতে চাচ্ছে, তাকেই গুম অথবা খুন করা হচ্ছে। মাদকবিরোধী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের এখন ক্রসফায়ার করা হচ্ছে।

    আজ সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

  • স্পেনের নতুন কোচ ফার্নান্দো

    স্পেনের নতুন কোচ ফার্নান্দো

    গোটা বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক একদিন আগে বরখাস্ত হয়েছেন স্পেনের কোচ হুলেন লোপেতেগি।আর কয়েক ঘণ্টার মধ্যেই লোপেতেগির বিকল্প খোঁজে নিয়েছে স্পেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফার্নান্দো ইয়েরো। বোল্টন ওয়ান্ডারার্সের সাবেক এই ডিফেন্ডারের অধীনেই রাশিয়া বিশ্বকাপে খেলবেন পিকে-ইনিয়েস্তারা।

    ফার্নান্দো ইয়েরো স্পেনের জাতীয় ফুটবল দলের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী কোচ হিসেবে হুলেন লোপেতেগির নাম ঘোষণা করে। বিশ্বকাপ শেষ হলেই তিনি দায়িত্ব নেবেন বলেও জানায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

    রিয়ালের সঙ্গে চুক্তির খবরের ঠিক একদিন পর বুধবার লোপেতেগিকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তার শূন্যস্থান পূরণে ফার্নান্দো ইয়েরোর নাম ঘোষণা করা হয়।

    ফার্নান্দো ইয়েরো এর আগে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি মালাগা ফুটবল ক্লাবের পরিচালকের দায়িত্বেও ছিলেন।