Category: অন্যান্য

  • বিয়ের আগে যে ৫টি কথা প্রতিটি মায়ের উচিত পুত্রকে জানানো

    যেহেতু ছেলের মা একজন নারী, তাই পুত্রবধুর সুবিধা অসুবিধার বিষয় গুলো ছেলের চাইতে তিনিই ভালো বুঝবেন, এটাই স্বাভাবিক। আর তাই বিয়ের আগেই কিছু বিষয় ছেলেকে আগে থেকেই বুঝিয়ে দিলে পারিবারিক সমস্যা এড়ানো যায় সহজেই। আসুন জেনে নেয়া যাক ৫টি কথা যেগুলো সব মায়েরই উচিত বিয়ের আগে ছেলেকে বুঝিয়ে বলা।

    স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা উচিত না অধিকাংশ পুরুষই বিয়ের পর স্ত্রীর সাথে মায়ের তুলনা করে। ‘তোমার চাইতে আমার মায়ের রান্না ভালো’ কিংবা ‘তোমার যায়গায় মা হলে এটা করতেন না’ এই ধরনের নানান রকম কথা স্বামীরা স্ত্রীদেরকে বলে থাকেন। এতে স্ত্রীরা নতুন সংসারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং হতাশায় ভোগে। এই ধরনের কথাবার্তার কারণে শাশুড়ির প্রতি শ্রদ্ধাবোধও হারিয়ে ফেলে অনেক বউ। তাই সব মায়েরই উচিত ছেলেকে বিয়ের আগে বুঝিয়ে বলা যে স্ত্রীকে তাঁরা যেন মায়ের সাথে তুলনা না করে।

    অতিরিক্ত প্রত্যাশা করা উচিত না ছেলেকে বিয়ে করানোর আগে মায়েদের উচিত ছেলেকে বুঝিয়ে বলা যেন তাঁরা স্ত্রী কাছে অতিরিক্ত প্রত্যাশা না করে। নতুন সংসারে সব কিছু গুছিয়ে নিতে স্বাভাবিক ভাবেই নানান রকম সমস্যা হতে পারে। সব কিছু স্বামীর মন মতই হবে এমনটা প্রত্যাশা করা উচিত না একেবারেই। অতিরিক্ত প্রত্যাশা থাকলে ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকবে। তাই নতুন সংসারে প্রত্যাশার পরিমাণ কমিয়ে স্ত্রীর সুবিধা অসুবিধা ও দূর্বলতাগুলো বোঝার চেষ্টা করা উচিত।

    স্ত্রীকে সম্মান করা উচিত আমাদের সমাজে অধিকাংশ নারীরাই স্বামীর কাছে নানান রকম অপমানের স্বীকার হয়। শারীরিক ও মানসিক নির্যাতন গুলো মুখ বুজেই সহ্য করে যায় অধিকাংশ নারী। কিন্তু এতে সংসার জীবন মোটেও সুখের হয় না। তাই ছেলের মায়েদের উচিত বিয়ের আগেই ছেলেকে এই বিষয়ে বুঝিয়ে বলা। ছেলেকে বুঝিয়ে বলা উচিত যে স্ত্রীকে সম্মান করলেই সে তার শ্বশুরবাড়ির সবাইকে ভালোবাসবে। নতুবা নতুন সংসারের সব কিছুর প্রতিই তার বিতৃষ্ণা দেখা দিবে।

    জীবনের প্রতিটি ধাপেই স্ত্রীকে সাহায্য করা উচিত সব স্বামীরই উচিত নিজের স্ত্রীকে জীবনের প্রতিটি ধাপেই সাহায্য করা। ইদানিং বেশিরভাগ নারীই সংসারের পাশাপাশি চাকরী করে থাকেন। ফলে সারাদিন চাকরী করার পর দিন শেষে একা একা সংসার সামলাতে বেশ কষ্ট হয় তাদের। তাছাড়া সন্তানকে স্কুলে নেয়া, ঘর গুছানো, মেহমানকে খাওয়ানো ইত্যাদি নানা কাজ করতে হিমসিম খেতে হয় তাদেরকে। তাই স্বামী উচিত কিছু কাজ স্ত্রীর সাথে ভাগ করে নেয়া।

    আর এই কথাগুলো বিয়ের আগেই নিজের ছেলেকে বুঝিয়ে বলা উচিত মায়ের। স্ত্রীকে সারাজীবন ভালোবাসা প্রকাশ করা উচিত জীবনে যা কিছুই হোক না কেন সারা জীবন স্ত্রীর হাত দুটি ধরে রাখার পরামর্শ দেয়া উচিত মায়ের। বিয়ের আগেই ছেলেকে বলে দিন যে ছেলের জীবনে অনেক সুযোগ আসলেও স্ত্রীর সাথে যেন সে কখনোই প্রতারণা না করে

  • স্বপ্ন ভেঙে যাচ্ছে নদীর সাথে,অসহায় মানুষের দৃষ্টি

    স্বপ্ন ভেঙে যাচ্ছে নদীর সাথে,অসহায় মানুষের দৃষ্টি

    মাহামুদ হাসান:

    বরিশালের চরবাড়িয়া-লামচরির শেষ প্রান্ত বিলীন হয়ে যাচ্ছে নদীভাঙনে।ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।কীর্তনখোলা নদী বয়ে গেছে বরিশালের মধ্যে দিয়ে ।আর বরিশাল সিটি কর্পোরেশনের সিমানার পাশেই অবস্থিত চরবাড়িয়া, লামচরি ইউনিয়ন ।আর এই অঞ্চলের শেষ অংশ নদীগর্ভে বিলীন হবার পথে।

    সরোজমিনে দেখা গেছে লামচরির অনেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে ।অনেক অংশ ভেঙে যাবে যে কোনও মুহূর্তে ।নদী ভাঙন রক্ষা করার জন্য ইতিমধ্যেই ব্যাবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ।কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই নগন্য।অল্প সময়ের মধ্যে ব্যাবস্থা না নিলে বিলীন হয়ে যাবে স্থান টি।

    নদীর ভাঙনের সাথে ,সাথে ভেঙে যাচ্ছে শত,শত মানুষের স্বপ্ন ।তাদের থাকার যায়গা টুকুও বিলীন হয়ে যাচ্ছে নদীর বুকে।তাই আশ্রয় টুকু হারাতে চায়না সাধারণ মানুষ ।তাই অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ স্বপ্ন নিয়ে বেচে থাকা সাধারণ মানুষ ।

  • জেল হতে পারে ফরহাদ মজহার দম্পতির

    শেখ সুমন

    মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার এবং তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। আবেদনটি মঞ্জুর হলে আইনানুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হবে। আর এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে তাদের দু-জনের সর্বোচ্চ দুই বছরের জেল বা কারাদণ্ড হতে পারে। সাজা হলে আইনানুয়ায়ী কারাগারে যেতে হয় আসামিদের।

    মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম আদালতে ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় মামলার বাদী ফরিদা আক্তার ও মামলার ভিকটিম ফরহাদ মজহারের বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় মামলার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

     ফরহাদ মজহারের স্ত্রী মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তরা তদন্ত করে সেই প্রমাণ পেয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে অন্যদের হয়রানি করার অপরাধে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার আবেদন করা হয়েছে। মামলার অনুমতি পেলে তাদের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা হবে। আর অভিযোগ প্রমাণিত হলে ফরহাদ মজহার ও তার স্ত্রীর দুই বছর পর্যন্ত জেল হতে পারে 

    দণ্ডবিধির ২১১ ধারায় বলা হয়েছে,‘কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশে অপরাধবিষয়ক মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে, তাহলে সে ব্যক্তির দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে। আর দণ্ডবিধির ১০৯ হলো সেই অপরাধের সহযোগিতা করা।’

    এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, ফরহাদ মজহারের স্ত্রী মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তরা তদন্ত করে সেই প্রমাণ পেয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে অন্যদের হয়রানি করার অপরাধে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার আবেদন করা হয়েছে। মামলার অনুমতি পেলে তাদের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা হবে। আর অভিযোগ প্রমাণিত হলে ফরহাদ মজহার ও তার স্ত্রীর দুই বছর পর্যন্ত জেল হতে পারে।

    অন্যদিকে মামলার বাদী ফরিদা আক্তার জাগো নিউজকে বলেন, ‘আমরা অনলাইন পত্রিকায় ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নিউজ দেখেছি। মামলার কোনো কাগজ এখনো হাতে পাইনি। কাগজ হাতে পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করব।’

    ফরহাদ মজহারের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মামলার কাগজ হাতে পাওয়ার পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

    ফরহাদ মজহারের আরেক আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আমরা মামলার বাদীর সঙ্গে কথা বলে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেব।

    উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১নং হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

    নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের বাস থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

    ফরহাদ মজহারের নিখোঁজের ঘটনায় ওইদিন রাতেই স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং- ০৪। এর আগে তিনি জিডি করেছিলেন। জিডি নং- ১০১।

  • কবি বলেছেন 

    কবি বলেছেন 

    – হুজাইফা রহমান

    পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাটি বলেছেন কবি।
    পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কথাটিও বলেছেন কবি।
    সবথেকে উদার কথাটিও বলেছেন কবি।
    সবথেকে সংকীর্ণ কথাটিও বলেছেন কবি।
    পৃথিবীর সবচেয়ে সত্য কথাটি বলেছেন কবি।
    পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথাটিও বলেছেন কবি।
    সকলের গণ জাগরণের কথা কবি বলেছেন।
    আবার সকলের হতাশার কথাও কবি বলেছেন।
    পৃথিবীর যত অভাগারে আশা দিয়েছেন কবি।
    পৃথিবীর যত পথ ভোলারে পথ দেখিয়েছেন কবি।
    কবি এই পৃথিবীর মানুষের কাছে তাই দেবদূত।
    কবি এই পৃথিবীর মানুষের কাছে তাই পূজিত।
    মানুষের বিবেক জাগ্রত করে তুলেছেন কবি।
    সর্বদা মানুষ ও মানবতার কথা বলেছেন কবি।
    আমি জানি, সত্য-ই কবি এই পৃথিবীর মহানুভব।
    সবার মনের প্রেম, বিরহ, দ্রোহের কথা করেন অনুভব।

  • টপ অব দ্য ডে

    টপ অব দ্য ডে

    ঝলমলে শতরানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ যুবাদের বড় জয়ের নায়ক তৌহিদ হৃদয়। রান তুলেছেন তিনি বলের সঙ্গে পাল্লা দিয়ে।

    ১২০ বলে ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় করেছেন ১২০ রান। শতরানের পথে তৃতীয় উইকেটে অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে যোগ করেছেন ১৯২ রান। তৌহিদের এই ইনিংসে ভর করে ৩৩৫ রানের পাহাড় গড়ে ২৬২ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

  • মাশরা‌ফিকে রাইড দি‌য়ে ঢাকায় চালু হলো উবারম‌টো

    মাশরা‌ফিকে রাইড দি‌য়ে ঢাকায় চালু হলো উবারম‌টো

    ঢাকায় উবা‌রের মোটরসাই‌কেল ‘উবারম‌টো’ চালু হ‌য়ে‌ছে। প্রথম যাত্রী হি‌সে‌বে উবারম‌টোর রাইড নেন‌ বাংলাদেশ জাতীয় ক্রি‌কেট দ‌লের অ‌ধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

    আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টায় চালু হয় উবারম‌টো। এর মধ্য দিয়ে উবা‌রের একই অ্যা‌পসে ট্যা‌ক্সির পাশাপা‌শি মোটরসাই‌কেল ফিচার‌টিও যুক্ত হ‌লো। প্রথম রাইড নেওয়ার পর ক্রি‌কেট তারকা মাশরা‌ফি ব‌লেন, রাইড নি‌য়ে আমি খু‌শি। যানজটে ব‌সে না থে‌কে দ্রুত আসতে পারলাম। পার্টনার আমা‌কে হেল‌মেট পর‌তেও উৎসা‌হিত করলেন।

    অ্যাপস্ সংশ্লিষ্টরা জানান, এতোদিন ঢাকায় শুধু উবারে কার-ট্যাক্সি মিলতো। এখন থেকে মোটরসাইকেলও মিলবে। উবারমটোতে বেইস ফেয়ার ৩০ টাকা। ট্রিপের সময় প্রতি মিনিট ১ টাকা ও প্র‌তি কি‌লোমিটারের ভাড়া ১২ টাকা।

    সরকার রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়নের আগেই এ নিয়ে উবারমটোসহ ৫টি সক্রিয় মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপস্‌ চলছে ঢাকায়।

    গত ফেব্রুয়ারি মাসে ভারতের হায়দ্রাবাদ শহরে প্রথম মোটরাসাইকেল রাইড শেয়ার সেবা দেওয়া শুরু করে উবার। পরের মাসে বেঙ্গালুরুতে চালু হয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ব্যাংককে উবার ‘মোটরসাইকেল ট্যাক্সি সার্ভিস’ চালু করে। কিন্তু ভারত ছাড়া উবারমটো আর কোথাও ততোটা জায়গা করে নিতে পারেনি। ঢাকায় গত বছরের ২২ নভেম্বর চালু হয় আন্তর্জাতিক অন ডিমান্ড ট্যাক্সি সার্ভিস উবার। পরের মাস ডিসেম্বরে চালু হয় পাঠাও। দুই সপ্তাহ আগে কিছুটা বাড়তি ভাড়ায় পাঠাও কারস নামে একই অ্যাপসে চালু হয়েছে ট্যাক্সি সার্ভিসও।

  • বিদেশি লিগে বিধি-নিষেধ বিসিবির

    বিদেশি লিগে বিধি-নিষেধ বিসিবির

    তাঁরা দুজন গতবারও ছিলেন একই দলে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরেও বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি সাকিব আল হাসানকে ধরে রাখার পাশাপাশি ড্রাফট থেকে নিয়েছে তামিম ইকবালকেও।

    আর এই দলভুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে পেশোয়ারের স্থানীয় পশতু ভাষায় তাঁদের দুজনের ‘টুইট’ করা নিয়ে যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে অকারণ সমালোচনার ঝড়, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যেও তোলপাড়টা কম নয়। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে ক্রমেই বাংলাদেশি খেলোয়াড়দের দুয়ার উন্মোচিত হওয়ার সময়েই যে তাঁদের এ ধরনের আসরে খেলার সুযোগ সংকুচিত করে দেওয়া হয়েছে। বিসিবিই করে দিয়েছে সেটি। দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন ঠিক করেছে, এখন থেকে এর চুক্তিভুক্ত ক্রিকেটারদের বছরে সর্বোচ্চ দুটির বেশি বিদেশি লিগে খেলার এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হবে না।

    সেই সঙ্গে চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য দেশের ফার্স্ট ক্লাস প্রতিযোগিতা এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) এবং বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগ) খেলাও বাধ্যতামূলক করেছে। এর আগেও এই আসরগুলোতে খেলার নির্দেশনা ছিল। তবে সেটা এবারের মতো আনুষ্ঠানিক ছিল না কখনোই। গত পরশু বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটারদের প্রত্যেককে পাঠানো চিঠিতে ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি বিদেশি লিগে খেলার এনওসি নিয়েও নিজেদের কঠোর অবস্থান জানায় দিয়েছে বিসিবি। বোর্ড থেকে এ রকম চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানসহ জাতীয় দলের আরো বেশ কয়েকজন ক্রিকেটারও।

    তবে এঁদের প্রত্যেকেই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।

    এই মুহূর্তে সেটি খুব স্বাভাবিকও। কারণ প্রতিদিন বিসিবি থেকে নানা বিধি-নিষেধের এত চিঠি তাঁদের কাছে যাচ্ছে যে ছড়িয়ে পড়েছে ‘চিঠি আতঙ্ক’ও! গতকালই যেমন এক চিঠিতে যেকোনো বিষয়েই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যার ব্যত্যয় হলে নিশ্চিত আর্থিক জরিমানা এড়াতে মুখে কুলুপ এঁটেছেন ক্রিকেটাররা। যদিও সর্বোচ্চ দুটি বিদেশি লিগে খেলার নিয়ম করে দেওয়াটা যে পছন্দ হয়নি, সেটি অনানুষ্ঠানিকভাবে প্রকাশে দ্বিধা ছিল না কারো। এঁদেরই একজন বলছিলেন, ‘একটা সময় ছিল, যখন বিদেশের লিগে বাংলাদেশের একজনই (সাকিব) খেলত। এখন দিন দিন বিদেশে আমাদের ক্রিকেটারদের চাহিদা বাড়ার সময়ে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কাই। ’

    যদিও বিসিবি বলছে আন্তর্জাতিক ক্রিকেটের সময় জাতীয় দল যাতে চোটের ধাক্কায় নাকাল না হয়, সে জন্যই বিদেশি লিগে খেলতে দেওয়ার ক্ষেত্রে তাঁদের কঠোর মনোভাব। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সার্বিক দিক বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্তটি নিয়েছি। একেই আমাদের পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটসূচি খুব ঠাসা, তার ওপর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারও আছে। এর সঙ্গে জড়িত খেলোয়াড়দের ইনজুরি ব্যবস্থাপনার বিষয়টিও। আমরা চাই আন্তর্জাতিক খেলার সময় আমাদের সেরা খেলোয়াড়দের সবাইকে পেতে। তাই বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না কাউকেই। ’ এমনকি কারো কারো ক্ষেত্রে মিলতে পারে বিদেশে মাত্র একটি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্রও। সেটি কোন ক্ষেত্রে? তাও নির্দিষ্ট করেছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘কেউ যদি একই বছরে টি-টেন টুর্নামেন্টও খেলে, তাহলে সে টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলতে পারবে একটি। কেউ ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেললে তার জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। ক্রিকেটারদের যে চিঠিটা আমরা দিয়েছি, তাতে এসব কিছুরই উল্লেখ আছে। ’

    এই নিয়মে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সাকিব আল হাসানের। কারণ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশিদের মধ্যে তাঁর চাহিদাই সবচেয়ে বেশি। আগামী ১৪ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে শুরু হতে যাওয়া নতুন ফরম্যাটের ক্রিকেট টি-টেনের আসরে তাঁর পাশাপাশি দল পেয়েছেন তামিম ও মুস্তাফিজুর রহমানও। পরেরজন গত বছর সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে গিয়ে পাওয়া কাঁধের চোটে ছিলেন লম্বা সময় মাঠের বাইরে। অস্ত্রোপচার করিয়ে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তবেই ফিরেছিলেন মাঠে। সাকিব-তামিম-মুস্তাফিজরা যদি পরের বছরও ১০ ওভারের ক্রিকেট খেলেন, তাহলে ২০১৮ সালে তাঁরা দেশের বাইরে খেলতে পারবেন শুধু একটি টি-টোয়েন্টি লিগেই। সে ক্ষেত্রে আইপিএল, সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) নাকি পিএসএল? বাছবেন কোনটি? বাংলাদেশি ক্রিকেটারদের দুয়ার ক্রমেই উন্মুক্ত হওয়ার সময়ে এই সংকটটা সাকিবের মতো না হলেও তামিম বা মুস্তাফিজেরও কম নয়!

  • এবার প্রাডো গাড়ি থেকে উদ্ধার সিংহ ও বাঘ শাবক, আটক ২

    এবার প্রাডো গাড়ি থেকে উদ্ধার সিংহ ও বাঘ শাবক, আটক ২

    প্রাডো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় যশোরে দুটি সিংহ শাবক ও দুটি বাঘ (লেপার্ড ক্যাট) শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু (৩১) ও নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূইয়ার ছেলে রানা মিয়া (২৮)। সোমবার শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাডো গাড়ি থেকে এসব শাবক উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল।

    যশোরের বিভাগীয় বন কর্মকর্তা জানান, প্রাণী চারটির মধ্যে বড় দুটি সিংহের বাচ্চা বলে মনে হচ্ছে। অপর দুটি বাঘ প্রজাতির। এদের বলা হয় লেপার্ড ক্যাট। এগুলো সচারচার বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম বা মিজোরাম অঞ্চলের চা বাগানে দেখা যায়। চিতা বাঘের মতো দেখতে। তবে এগুলো বিরল।

    আর সিংহের বাচ্চা আমাদের দেশের না। এগুলো বাইরের কোনো দেশ থেকে আনা হতে পারে।

    পুলিশ সুপার জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন চারটি বাঘের বাচ্চা পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাডো গাড়িতে দুটি কাঠের বাক্সে লুকিয়ে রাখা ওই চারটি শাবক উদ্ধার করা হয়। আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। একই সাথে প্রাণী চারটি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। জিপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

    চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বাচ্চাগুলোকে খাঁচা থেকে বের করে শনাক্তের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাথমিকভাবে দুটি শাবককে সিংহের এবং দুটিকে লেপার্ড (বাঘ প্রজাতি)  শাবক হিসেবে শনাক্ত করেন।

  • শুল্ক গোয়েন্দার অভিযানে ড্রোনসহ বিপুল পরিমাণ ফোন আটক

    শুল্ক গোয়েন্দার অভিযানে ড্রোনসহ বিপুল পরিমাণ ফোন আটক

    রাজধানীর বিভিন্ন মার্কেটে চোরাই ফোন আটকের অভিযানে নেমে শুল্ক গোয়েন্দারা অত্যাধুনিক ড্রোনসহ বিপুল পরিমাণ ফোন আটক করেছে। গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গুলশান, বসুন্ধরা সিটি মার্কেট ও ধানমণ্ডি এলাকায় অবৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোন সেট আটকে বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফোর্স এবং বিটিআরসি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বসুন্ধরা মার্কেটের ৯টি দোকান, গুলশান এভিনিউর ১টি ও ধানমণ্ডির অরচার্ড পয়েন্টে ১টিসহ মোট ১১টি দোকানে এই অভিযান চালানো হয়। এই অভিযানে চোরাইপথে আনীত আইফোন১০ সহ অন্যান্য মূল্যবান ব্র্যান্ডের প্রায় ২ শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। এইসব ব্র্যান্ডের মধ্যে আইফোন, স্যামসাং গ্যালাক্সি এস৮, নোকিয়া এক্স৩, ব্ল্যাকবেরি রয়েছে।

    আটককৃত মোবাইল সেটগুলোর মধ্যে ১৫টি আইফোন১০, অন্যান্য মডেলের আইফোন ১১৮টি, অ্যাপল আইপ্যাড ৮টি, স্যামসাং ৫৮টি, নোকিয়া ২টি সহ আরো অনেক ব্র্যান্ডের সেট রয়েছে। আটক এসব মোবাইলের দাম প্রায় এক কোটি টাকা। দোকানগুলোর মধ্যে ফোন এক্সচেঞ্জ থেকে বেশি সংখ্যক চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গুলশান ও বসুন্ধরা মার্কেটের ফোন এক্সচেঞ্জের দুটো শো-রুম থেকে মোট ৮৮টি দামি সেট উদ্ধার করা হয়েছে। ফোন এক্সচেঞ্জের গুলশান শো-রুম থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে।

    এটি এখন আমদানি নিষিদ্ধ পণ্য।

  • বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইতালির ফুটবলারদের অবসরের হিড়িক

    বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইতালির ফুটবলারদের অবসরের হিড়িক

    ছয় দশক পর বিশ্বকাপ থেকে বাদ ইতালি। এই ধাক্কা যেন কোনোভাবেই সইতে পারছে না দেশটির ফুটবল। তাই বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর দলের ফুটবলারদের যেন অবসর নেয়ার হিড়িক পড়ে গেছে। ইতোমধ্যে দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার অবসরের ঘোষণা দিয়েছেন।
    অবসর নেয়া ফুটবলারদের মধ্যে জিয়ানলুইজি বুফনের বিষয়টা আগে থেকেই অনুমিত ছিল। কারণ বিশ্বকাপের পর অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন গোলপোস্টের এই অতন্ত্র প্রহরী। যেহেতু দল চূড়ান্তপর্বে কোয়ালিফাই করতে পারেনি, তাই ৩৯ বছর বয়সী বুফনের অবসরে যাওয়ার ঘোষণাটা সেভাবে আকস্মিক ছিল না।
    তবে বুফন ছাড়াও এরই মধ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিযেছেন ডিফেন্ডার আন্দ্রে বার্জাগলি, মিডফিল্ডার ড্যানিয়েলে ডি রোসি ও জর্জিও চিলিয়েনি। এর মধ্যে ৩৬ বছর বয়সী বার্জাগলি ৭৩ ম্যাচ খেলেছেন ইতালির জার্সি গায়ে। আর ৩৪ বছর বয়সী রোসি ইতালির হয়ে চতুর্থ সর্বোচ্চ ১১৭ ম্যাচ খেলে গোল করেছেন ২১টি। আর ৩৩ বছর বয়সী ডিফেন্ডার চিলিয়েনি ৯৬ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৮ গোল।
    এর আগে সোমবার রাতে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের বাছাই থেকেই বিদায় হয়ে যায় ইতালির। দুই লেগ মিলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ১৯৫৮ সালের পর প্রথম দলটি বিশ্বকাপের বাইরে ছিটকে পড়ে। এই সময়টাকে দেশের ফুটবলের অন্ধকার সময় উল্লেখ করে রোসি বলেন, ‘আমাদের ফুটবলে এটা অন্ধকার সময়| বিশেষ করে যারা বিগত দুই বছর দলের সঙ্গে আমরা ছিলাম তাদের জন্য আরও বেশি অন্ধকারাচ্ছন্ন।’
    অপরদিকে চিলিয়েনি আশা করেছেন তরুণদের হাত ধরে ফের ঘুরে দাঁড়াবে ইতালির ফুটবল। তিনি বলেন, ‘আমাদের অনেক তরুণ ছেলে আছে। আগামী কয়েক বছর তাদের জন্য একইভাবে ভালবাসা ও সমর্থন দিয়ে যেতে হবে।’
    বার্জগাল ইতালির এই ব্যর্থতাকে ‘একটা যুগের সমাপ্তি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ফুটবলে এটি আমার জীবনের সবচেয়ে বড় হতাশার ঘটনা।’