পদ্মা সেতুতে বসল ১২তম স্প্যান, দৃশ্যমান ১৮০০ মিটার

মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে পদ্মা সেতুর ১২তম স্প্যান বসানো হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর এ স্প্যান বসানো হয়। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর ১ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হলো।

প্রকৌশলী সূত্রে জানা যায়, স্প্যানটি অস্থায়ী ভাবে বসানো হয়েছে। পরবর্তীতে স্প্যানটি সেতুর ২৮-২৯ নম্বর পিলারের উপর স্থানান্তর করা হবে। ২৮ ও ২৯ পিলারের কাজ সম্পন্ন না হওয়ায় এবং স্প্যান রাখার জায়গা সঙ্কুলান না হওয়ার কারণে এটি অস্থায়ীভাবে ২০-২১ নম্বর পিলারের বসানো হয়েছে।

২৮-২৯ নম্বর পিলার সম্পন্ন হওয়ার পর এটি সরিয়ে নেয়া হবে। ৫-এফ নম্বর স্প্যানটি গত শুক্রবার বসানোর পরিকল্পনা থাকলেও ঘূর্ণিঝড় ফণীর কারণে তা বাতিল করা হয়।

এদিকে, সোমবার সকাল ৮টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের ৫-এফ নম্বর স্প্যান নিয়ে রওনা হয় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন তিয়ান-ই। সকাল ১০টার দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেন সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের কাছে পৌঁছে। এরপর টানা আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে ১২তম স্প্যানটি সেতুর উপর বসানো সম্পন্ন করে।

সেতুতে ২৯৪ পাইলের মধ্যে ২৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। বাকি ৩২টি পাইল ড্রাইভের কাজ চলছে। ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ২৫টি পিলারের। বাকি ১৭টি পিলারের কাজ চলছে। ৪১টি স্প্যানের মধ্যে বসানো হয়েছে ১২টি স্প্যান। আরও ২৯টি স্প্যান বসবে। এছাড়া ১৩তম স্প্যানটি মে মাসেই বসানো কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *