পরিত্যক্ত পুকুরে মিলল কিশোরীর লাশ

মায়ের সঙ্গে রাতে ঘুমিয়ে ছিল কিশোরী লিমা আক্তার (১৪)। ভোরে লিমার লাশ মেলে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে। কীভাবে খুন হলো লিমা, তা পরিবারের লোকজনই বুঝতে পারছে না।

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ওই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুশকুল গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম লিমা আক্তার (১৪)। নিহত লিমা মৃত আহমদ হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মায়ের পাশেই শুয়ে ছিল লিমা। রাতে কে বা কারা তাকে মেরে পাশের পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়। পরে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রায়পুর ইউনিয়নের বাইন্নাদীঘি এলাকার মো. জামালকে (২২) আটক করেছে পুলিশ। জামাল মাদকাসক্ত বলে জানা যায়। ঘটনাস্থল থেকে স্বর্ণালংকার ও সিমবিহীন মোবাইল উদ্ধার করা হয়েছে।

নিহতের ভাই মো. হান্নান বলেন, ‘লিমা মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। কীভাবে সে খুন হলো জানি না।’

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) ইকরামুজ্জামান বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *