ফরিদপুরে বিয়ের দাওয়াত না পেয়ে হামলা, আহত ৩০

ফরিদপুরে বিয়ের দাওয়াত না পেয়ে হামলা, আহত ৩০

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাওয়াত না পেয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ঘর-বাড়ি, দোকান ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার ছোট পাইককান্দি গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা বিয়ে করেন। ওই বিয়ে ও বৌভাত অনুষ্ঠানে দলাদলির কারণে গ্রাম্য মাতবর সিরাজ মোল্লাকে দাওয়াত না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। এরই জের ধরে শুক্রবার সকালে সিরাজ মোল্লা ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়।

এ সময় আত্মরক্ষার জন্য জুনাইদ মোল্লা দৌড়ে সিরাজ মোল্লার প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেন। সিরাজ মোল্লা ও তার সমর্থকরা এতে আরও ক্ষিপ্ত হয়ে ইউসুফ মোল্লার বাড়িঘর ভাঙচুর করেন। এরপর দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যপারে কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু বলেন, এলাকায় দলাদলি রয়েছে। এক দলের লোক অন্য দলে যোগদান ও বিয়ের দাওয়াত নিয়ে মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *