রিফাত হত্যা: রাব্বি ও সাইমুন রিমান্ডে

বরগুনায় বেলায় প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত আসামি মো. আল কাইয়ুম ওরফে রাব্বি আকনের সাতদিন ও জড়িত সন্দেহে গ্রেফতার কামরুল হাসান সাইমুনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড আদেশ দেন।

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে গ্রেফতার হওয়া রাব্বি আকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় সাইমুনকেও পুনরায় পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রাব্বি আকনের সাতদিন ও কামরুল হাসান সাইমুনের তিনদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সাইমুনকে এ নিয়ে চতুর্থ দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।’

রিফাত হত্যা মামলায় এপর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বর্তমানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *