বরিশালে ২ জনকে কুপিয়ে হত্যা

বরিশালে ২ জনকে কুপিয়ে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তার ও মাছের ঘেরের দখল নিয়ে বিরোধের জেরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের ফিড ব্যবসায়ী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহমেদ।

ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে। নিহত দুইজনের লাশ মর্গে রয়েছে।

নিহত ইদ্রিস হাওলাদারের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার বাদী ছিলেন নিহত ইদ্রিস হাওলাদার। মৎস্য ঘেরে হামলা ও লুটপাটের মামলায় প্রায় চার মাস আগে বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার, তার ভাই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ও আসাদ হাওলাদার জেল-হাজতে ছিলেন।

নিহতদের পরিবারের অভিযোগ, মামলার আসামিরা দুইজনকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, রোববার ভোররাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতলা ব্রিজের পশ্চিমপাড় অতিক্রমকালে সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে দুজনকেই এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইদ্রিস হাওলাদার মৃত্যুবরণ করেন। গুরুতর আহত সাগর হাওলাদার রোববার সকাল সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিস হাওলাদারের দায়ের করা মামলার আসামিরা তাকে (ইদ্রিস) হত্যার হুমকি দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই তার স্বামী ও দেবরকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *