অনশনেও বিভক্ত বিএনপি

দলীয় বিভক্তিতে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এদিকে, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা সমাবেশ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন।

অপরদিকে, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা প্রতীকী অনশন পালন করেন।

একই সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির প্রতীকী অনশন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এতে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক ও সহকারী সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

অনশন ও সমাবেশ থেকে বিএনপির নেতৃবৃন্দ আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও সমাবেশে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা।

এদিকে বিএনপির প্রতীকী অনশন ও সমাবেশ উপলক্ষে বিএনপির কার্যালয়সহ সদর রোডের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় বিএনপি এ অনশন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *