প্রেমের অপরাধে মারধরের পর তরুণীকে অর্ধনগ্ন করে গ্রাম ঘোরালেন মোড়ল

অন্য সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ আদিবাসী এক তরুণীকে বেধড়ক মারপিটের পর অর্ধনগ্ন করে গ্রামে ঘুরিয়েছেন স্থানীয় জনগণ। অর্ধনগ্ন করে গ্রামে ঘোরানোর সাজায় সায় ছিল ওই তরুণীর পরিবারেরও। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার তেমাচি গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির একটি দৈনিক বলছে, তেমাচির ভিলালা সম্প্রদায়ের ১৯ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ভিল সম্প্রদায়ের এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দু’জনের এই প্রেমের কথা জানাজানি হয়ে যায় গ্রামবাসীদের মাঝে।

পরে গ্রামের মোড়লরা সালিশি বৈঠক ডাকেন। বৈঠকে সিদ্ধান্ত হয় ওই তরুণীকে লাঠি দিয়ে মারধর করার। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে অর্ধনগ্ন করে পুরো গ্রামে ঘোরানো হয়।

ভিডিওতে দেখা যায়, মোড়লদের কাছে প্রাণভিক্ষা চাইছেন ওই তরুণী। কিন্তু তার কান্না শুনে কেউই এগিয়ে আসেননি। এমননি তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করা হয়।

মঙ্গলবার এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। আলিরাজপুর জেলার জোবাট পুলিশের সাব ডিভিশনাল অফিসার আর সি ভাকর বলেছেন, তরুণীকে মারধরের ঘটনার কথা আমাদের কানে এসেছে। কিন্তু এখন পর্যন্ত ওই তরুণী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ঘটনা তদন্ত করতে পুলিশ গ্রামে গিয়েছিল। কিন্তু ঘটনার পর থেকে তরুণী ও তার বাবা গ্রাম ছেড়ে চলে গিয়েছেন। যে কারণে ওই তরুণীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *