বাবা ব্যস্ত মালিকের পুকুর পাহারায়, মালিক ব্যস্ত মেয়েকে ধর্ষণে

কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাবা বেশ কিছুদিন ধরে কৃষ্ণপুর এলাকায় তাজুল ইসলাম মজুমদারের (৪২)মাছের পুকুরে পাহারাদারের কাজ করতো। পুকুরের পাশেই একটি টিনের ঘরে বাবা-মা ও এক ভাইসহ বসবাস করতো ওই কিশোরী।

গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুকুরের মালিক তাজুল ইসলাম মজুমদার কৌশলে ঘরের উত্তর পাশে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর মা ঘুমিয়ে ছিলেন এবং বাবা পুকুর পাহারায় ব্যস্ত ছিলেন। ঘটনার পর ওই কিশোরী কান্নাকাটি করতে থাকে। কিশোরীর ভাই ফিরোজ মাহমুদ বাইরে থেকে এসে কান্নার কারণ জানতে চাইলে তাজুল ইসলাম তাকে মারতে আসে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযুক্ত তাজুল ইসলাম মজুমদার কৃষ্ণপুর এলাকার মৃত আবু তাহের মজুমদারের ছেলে।

এদিকে শুক্রবার ঘটনাটি স্থানীয় উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে জানালে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে কিশোরীর বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে লাকসাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *