চোরদের চিনে ফেলায় বিধবাকে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে সমেলা বেগম (৫৭) নামের এক বিধবাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমেলা বেগম ওই গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে হোসেন আলী বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন। নিহত সমেলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সমেলা বেগম রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। অন্যঘরে তার ছেলে স্ত্রী-সন্তাদের নিয়ে ঘুমিয়ে ছিলেন।

গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে সমেলা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তারা নিহতের শরীরে থাকা স্বর্ণের চেন ও কানের দুল, ঘরে থাকা নগদ পাঁচ হাজার টাকাসহ ব্যাটারিচালিত অটোরিকশার চাবি নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিধবার ঘরে চুরি করতে আসা চোরদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার চেষ্টায় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *