স্বরূপকাঠিতে জন্মাষ্টমীর অনুষ্ঠান দেখে ফেরার পথে স্কুলছাত্রীকে ধর্ষণ

পিরোজপুরের স্বরূপকাঠিতে জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকার ভদ্রাংক গ্রামে। ঘটনার পর থেকে ওই গ্রামের বাবুল মণ্ডলের ছেলে ধর্ষক বাসুদেব মণ্ডল ও তার এক সহযোগী পালাতক রয়েছে। এ ব্যাপারে শনিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার খায়েরকাঠি গ্রামের হত দরিদ্র এক মিস্ত্রীর স্ত্রী তার মেয়েকে নিয়ে শুক্রবার রাতে পাশের গ্রাম ভদ্রাংক আশ্রমে জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে যান। সেখান থেকে ভোর বেলা তারা বাড়ি ফেরার পথে মায়ের অগোচরে ছাত্রীটিকে বাসুদেব মণ্ডল ও তার এক সহযোগী পার্শ্ববর্তী পানের বরজের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এরপর ছাত্রীটি বাড়ি গিয়ে মাকে বিষয়টি জানালে এলাকার লোকজন ইউনিয়ন চেয়ারম্যান শেখর সিকদারকে জানায়। চেয়ারম্যান ধর্ষিতা ও তার মাকে থানায় পাঠিয়ে দিলে পুলিশ তাদের বক্তব্য শুনে মামলা রজু করে।

মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মো. মাহফুজুর রহমান জানান, বাদীর অভিযোগ পেয়ে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। সহযোগী ছেলেটি উজিরপুর উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।

স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, মামলা রুজু করার পর রাতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *