Author: banglarmukh official

  • ফেসবুকের ১৪তম জন্মদিনে যা বললেন জাকারবার্গ

    ফেসবুকের ১৪তম জন্মদিনে যা বললেন জাকারবার্গ

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আজ ১৪তম জন্মদিন।  প্রতিষ্ঠানটির দীর্ঘ ১৪ বছরের পথ চলা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ।

    জাকারবার্গ লিখেছেন- এটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি রুম থেকে আমরা কত দূরে এসেছি তা প্রতিফলিত করার ক্ষণ।  পৃথিবীকে আরও কাছাকাছি নিয়ে আসতে আমাদের অার কত দূর যেতে হবে তা নিয়ে ভাবার সময়।  পাশাপাশি আমাদের আরও ভাল করতে কী করা প্রয়োজন তা নিয়ে ভাবতে হবে।

    মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকেন এ পথে হেঁটে আমি কী শিখেছি।  ফেসবুক যখন শুরু করি তখন আমার বয়স ছিল ১৯।  আমি তখন একটি কোম্পানি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় বা গ্লোবাল ইন্টারনেট সার্ভিস সম্পর্কে কিছু্ই জানতাম না।
    ওই বছরগুলোতে আমি অনেক ভুল করেছি।  অনেকগুলো টেকনিক্যাল ভুল ও লোকসানের চুক্তি করেছি।  আমি ভুল মানুষকে বিশ্বাসও করেছি।  অনেক সময় প্রতিভাবানদের ভুল ভূমিকায় অবতীর্ণ করেছি।  অনেক গুরুত্বপূর্ণ ট্রেন্ড মিস করে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ি।  আমি একের পর এক এমন পণ্য উৎপাদন করে উন্মোচন করেছি। যেগুলো শুধু লোকসানের মুখই দেখেছে।

    তবে আমরা যে ভুলগুলোকে এড়িয়ে টিকে আছি এমনটি নয়।  বরং আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক তা সমাধানের চেষ্টা করতে হবে।  আমরা জানি বার বার ব্যর্থ হব।  কিন্তু ব্যর্থ হলেও চেষ্টা করে যাওয়াই উন্নতির একমাত্র পন্থা।

    তবে আমরা এ পথ চলার এখনো উষালগ্নেই আছি এবং উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করছি। এই ১৪ বছরের পথ চলায় বন্ধু, পরিবার ও মানুষকে কাছাকাছি আনতে আমরা যতটুকুই করতে পেরেছি তার জন্য গর্ববোধ করছি।  এটা সত্যিই মর্যাদার যে আপনাদের সঙ্গে এ পথ চলার সঙ্গী হতে পেরেছি।

  • মুমিনুলের কাছে ছুটে গিয়ে কী বললেন লঙ্কান ধারাভাষ্যকার রোশান?

    মুমিনুলের কাছে ছুটে গিয়ে কী বললেন লঙ্কান ধারাভাষ্যকার রোশান?

    ম্যাচ শেষে সংবাদ সম্মেলন কক্ষের সামনে অপেক্ষায় মাহমুদউল্লাহ আর মুমিনুল হক। এমন সময় মুমিনুলের দিকে ছুটে যান রোশান আবেসিংহে। গিয়েই বলেন, অভিনন্দন মুমিনুল! তুমি কি জানো আজ তোমার কী কী রেকর্ড হয়েছে?

    মুমিনুলের উত্তরের আগেই শ্রীলঙ্কান এ ধারাভাষ্যকার বলে যান, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুমি দুই ইনিংসে সেঞ্চুরি করেছ। বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন তোমার।

    রবিবার শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে মুমিনুল প্রথম ইনিংসে করেন ১৭৬ রান ও দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক।

    শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে কৃতিত্বপূর্ণ ড্র করেছে বাংলাদেশ।

    হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর প্রথম টেস্টে তার দলের বিপক্ষে মুমিনুল করলেন জোড়া সেঞ্চুরি। প্রতিপক্ষ দলের হলেও পারফরম্যান্সের কৃতিত্ব তো দিতেই হয়। তাই তো মুমিনুলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত লঙ্কানদেরই ধারাভাষ্যকার রোশান আবেসিংহে।

  • বরিশালের ইতিহাসে বানারীপাড়া ডিগ্রী কলেজে প্রথম নারী অধ্যক্ষ আফরোজা বেগম

    বরিশালের ইতিহাসে বানারীপাড়া ডিগ্রী কলেজে প্রথম নারী অধ্যক্ষ আফরোজা বেগম

    বেগম রোকেয়া ও সুফিয়া কামালের পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে নারী জাগরণের ধারাবাহিকতায় এবার বানারীপাড়া ডিগ্রী কলেজে নারী অধ্যক্ষ হিসেবে মোসাম্মৎ আফরোজা বেগম যোগদান করেছেন।

    রোববার তিনি শুধু বানারীপাড়ায় নয় গোটা বরিশালের ইতিহাসে ডিগ্রী কলেজে একমাত্র ও প্রথম নারী অধ্যক্ষ হিসেবে বানারীপাড়া ডিগ্রী কলেজে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।তার যোগদান উপলক্ষে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষানুরাগী সদস্য বানারীপাড়া পৌরসভার মেয়র ও বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল সহ কলেজ গর্ভনিং বডির সদস্য ও শিক্ষক-কর্মচারী]বৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আবু জাহের,শাহে আলম হাওলাদার,বিনোদ বিহারী হালদার ও বিউটি মজুমদার,প্রভাষক ও পৌর কাউন্সিলর এমাম হোসেন,প্রভাষক কামরুল হাসান ও গোলাম সরোয়ার,গর্ভনিং বডির শিক্ষানুরাগী সদস্য জাহিদ হোসেন জুয়েল,অভিভাবক সদস্য আলতাফ হোসেন,দিলীপ কুমার দাস শিবু ও আ. সালাম,পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,সৃজন বন্ধু সংঘের সভাপতি ডা. সাগর চন্দ্র শীল প্রমূখ।

    প্রসঙ্গত কলেজ গর্ভনিং বডির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ওয়াহিদুজ্জামান চান,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১২ জন প্রার্থীর মধ্য থেকে মেধাবী মোসাম্মৎ আফরোজা বেগম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

  • প্রশ্ন ফাঁস- জড়িতদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

    প্রশ্ন ফাঁস- জড়িতদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদচলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে প্রশ্ন ফাঁসের বিষয়ে ১১ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

    আজ সচিবালয়ে পাবলিক পরীক্ষাসংক্রান্ত জাতীয় মনিটরিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, চলতি এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা যাচাই করবে ওই কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
    শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়াচ্ছে যারা, তারা ধরা পড়বেই। এটা সময়ের ব্যাপার মাত্র। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছড়ানো বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা হয়েছে।
    তিনি আরও জানান, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনো পরীক্ষার্থী হলে মোবাইল ফোন নিয়ে গেলে তার পরীক্ষা বাতিল করা হবে।

    উল্লেখ্য, পূর্বসিদ্ধান্ত অনুসারে কেন্দ্রসচিব পরীক্ষার হলে শুধু একটি সাধারণ মানের ফোন নিতে পারবেন। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবার ব্যাপক কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হলেও প্রথম দুই দিনে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। মূল প্রশ্নের সঙ্গে তা মিলেও যায়।

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের উচ্চপর্যায়ের কমিটিতে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিটিআরসি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা।
    শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই কমিটি পরীক্ষা বাতিলের সুপারিশ করলে পরীক্ষা বাতিল করা হবে।
    এদিকে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) তুলে দেওয়ার বিষয়ে একটি সেমিনার করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

    সারা দেশে মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১০ বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে শুধু আট বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন।

  • বরিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা- আসছে এসএসএফ

    বরিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা- আসছে এসএসএফ

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। মামলার রায়কে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি ও ২০ দলীয় জোটের শরিক দল। ওই দিনই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো সফর-সূচি সাজানো হচ্ছে নিরাপত্তার ছক ধরে। সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে বিশেষ নিরাপত্তা বাহিনী ছাড়াও থাকছে বোমা নিষ্ক্রিয়কারী দল। আশপাশে থাকবে প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব ও পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে দফায় দফায় অনুষ্ঠিত হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক।

    এদিকে রোববার প্রধানমন্ত্রীর আসার আগেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ’র একটি দল বরিশালে এসে পৌঁছেছে। রোববার বেলা ১১টার দিকে নগরীর বান্দ রোড পুলিশ অফিসার্স মেসের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. আবুল ফজল, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সিইও কর্নেল শরিফুজ্জামান, বরিশাল র‌্যাব-৮ এর সিইও উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব প্রমুখ।

    মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. শাখাওয়াত হোসেন জানান, জনসভাস্থলসহ বরিশাল নগরীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিপুল-সংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে নগরীর প্রত্যেকটি ছাত্রাবাস, মেস ও আবাসিক হোটেলগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

    মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. শাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ’র একটি দল রোববার বরিশালে এসে পৌঁছেছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বরিশালে।

    জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, হেলিকপ্টারযোগে ৮ ফেব্রুয়ারি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পায়রা নদীর তীরে লেবুখালী এলাকায় অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে শেখ হাসিনা সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামে অবতরণ করবেন। এরপর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

    জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হবে গোটা জেলা।

  • বরিশালে ৪২ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী- যোগ দেবেন আ.লীগের জনসভায়

    বরিশালে ৪২ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী- যোগ দেবেন আ.লীগের জনসভায়

    আগামী ৮ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও তিনি যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।

    প্রধানমন্ত্রীর সফরে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরে অপেক্ষমান অর্ধশতাধিক প্রকল্পের তালিকা বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ৪২টি উদ্বোধনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ৩৩টি ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ।

    তিনি জানান, সর্বোশেষ ৭৫টি প্রকল্পের তালিকা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। যারমধ্যে উদ্বোধনযোগ্য ও ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য প্রকল্প রয়েছে। তবে যেকোনো সময় এগুলো পরিবর্তন হতে পারে। না হলে এগুলোই চূড়ান্ত। উদ্বোধনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল একাডেমিক ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল।

    বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) বরিশালের নিবাসীদের নব নির্মিত ডরমিটরি ভবন, বরিশাল সদরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আধুনিকায়ন ও শক্তিশালীকরণ শীর্ষক ভবন নির্মাণ প্রকল্প, বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্প, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (বি-টাইপ), মেহেন্দিগঞ্জ থানা কমপ্লেক্স ভবন।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় আগৈলঝাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গৌরনদী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উজিরপুর উপজেলার হারতা-বানারীপাড়া বর্ডার রাস্তায় ২৮০ মিটার প্রি-স্ট্রেস গার্ডার ব্রিজ, বানারীপাড়া উপজেলাধীন চৌমোহনা জিসি-বানারীপাড়া হেড কোয়ার্টার ভায়া বিশারকান্দি, ওমারের পাড় রাস্তায় নান্দুগার নদীর ওপর ২৯০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালীগঞ্জ ব্রিজ।

    জেলা পরিষদের আওতাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার দেশ রত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় বরিশালে সদরে অবস্থিত ৩ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার, ২ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন আলু বীজ হিমাগার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের

    আওতাধীন বরিশাল নগরের রুপাতলী এলাকায় ১৬ এমএলডি শোধন ক্ষমতাসম্পন্ন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩১ শয্যা বিশিষ্ট মেহেন্দিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

    শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতাধীন শহীদ আরজু মনি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পৃথক সাত তলা দু’টি একাডেমিক ভবন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, হিজলা ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, হিজলার সংহতি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জের উলানিয়া মোজাফ্ফর খান ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন। বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় বঙ্গবন্ধু অডিটরিয়াম ভবন। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতায় বরিশাল সদরের কড়াপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্ভোধন করা হবে। এর বাহিরে পাঁচটি প্রকল্পের নাম এখনো জানা যায়নি।

    অপরদিকে ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন বরিশাল পুলিশ সুপার (এসপি) অফিস নির্মাণ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স নির্মাণ, নারী কারারক্ষীদের বাসভবন নির্মাণ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় নির্মাণ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্সটিটিউট নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ, মুলাদী থানা ভবন নির্মাণ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেল নির্মাণ প্রকল্প।

  • বিশ্ব ক্যান্সার দিবস আজ রোববার

    বিশ্ব ক্যান্সার দিবস আজ রোববার

    হুজাইফা রহমানঃ

    ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) অনুমিত হিসাব বলছে, বাংলাদেশে প্রতিবছর নতুন করে ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আর বছরে মারা যাচ্ছে ৯১ হাজার মানুষ। পাঁচটি বিষয় প্রাণঘাতী এই রোগের জন্য দায়ী। অতিরিক্ত ওজন, ফল ও সবজি কম খাওয়া, শারীরিক কাজের অভাব, তামাক এবং মদ সেবনকে সব ধরনের ক্যান্সারের এক-তৃতীয়াংশের জন্য দায়ী করা হয়। ফ্রান্স লিগ ক্যান্সার অ্যাগেইনস্ট ক্যান্সার (ক্যান্সাররোধী সংগঠন) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৫ সালে ক্যান্সারে বিশ্বব্যাপী ৮৮ লাখ রোগী মারা গেছেন।

    প্রতি ছয়জনে মারা গেছেন একজন। হৃদরোগের পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়। এই সংগঠনগুলোর মতে, ২০১০ সালে বিশ্বে ক্যান্সার চিকিৎসার ব্যয় ছিল এক লাখ ১৬ হাজার কোটি ডলার। ঝুঁকির ধরন অনুসারে, ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার নিরাময়যোগ্য। সাধারণত পাঁচ ধরনের ক্যান্সার প্রাণঘাতী। ফুসফুস ক্যান্সারে ১৬ লাখ ৯০ হাজার রোগীর মৃত্যু হয়। এ ছাড়া স্তন ক্যান্সারে ৫ লাখ ৭১ হাজার, পাকস্থলী ক্যান্সারে ৭ লাখ ৫৪ হাজার, কোলন ও অন্ত্র ক্যান্সারে ৭ লাখ ৭৪ হাজার এবং যকৃৎ ক্যান্সারে ৭ লাখ ৮৮ হাজার জনের মৃত্যু হয়েছে।

  • একুশে বইমেলায় আসছে ভিন্নধারার কাব্যগ্রন্থ ‘কাব্যখেয়া

    একুশে বইমেলায় আসছে ভিন্নধারার কাব্যগ্রন্থ ‘কাব্যখেয়া

    হুজাইফা রহমানঃ

    একুশে বইমেলা ২০১৮ তে নতুন প্রজন্মের ভিন্ন ধারার কাব্যগ্রন্থ এস. কে. লুনার সম্পাদনায় “কাব্যখেয়া”। দুই বাংলার প্রবীন কবিদের পাশাপাশি নবীন কবিদের ভিন্ন ধারার কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি আসছে। কাব্যগ্রন্থটিতে কবি নির্মলেন্দু গুন এর কবিতা থাকবে, ভারত-বাংলাদেশ দু’ দেশের কবির লেখা থাকবে, নবীন ও প্রবীনের সংমিশ্রিত লেখা থাকবে।

    বিভিন্ন ধরনের কবিতা থাকায় ভিন্ন স্বাদ পাবে পাঠক। “কাব্যখেয়া” কাব্যগ্রন্থে যাদের লেখা থাকছেঃ কবি নির্মলেন্দু গুন, ইউসুফ মিয়াজী, ইয়াসিন হীরা, উৎপল সরকার, এইচ.এম.জুলহাস কিবরিয়া, এড. সিরাজ আহমেদ, এস.কে.লুনা, কামরুল আলম, কাজী মারুফ, জামান অহিদ, জোনাকি আক্তার, জাকারিয়া হোসাইন সাজিদ, নঈমুদ্দিন সেখ, নুরুন নাহার(বিপ্লবী), নাহিদা আক্তার, প্রণয় আচার্য্য, প্রবীর কুমার চৌধুরী, মাসুদ রানা মাসুদ, মোসাম্মৎ আফরোজা বেগম, মোঃ আবদুর রহমান, মিলি ইসলাম, মোঃ গোলাম রাব্বানী, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ জিল্লুর রহমান, মুয়াজ বিন এনাম, মারুফ বিল্লাহ, রাহাত ভাই, লিমা ইসলাম, শফিক আমিন, শাহিদুল ইসলাম সাগর, শাহ জুনায়েদ, সাঈফ জামান, সনত বিশ্বাস ও হুজাইফা রহমান (মাতুব্বর)।

  • ৩২ ধারা বাতিলের দাবীতে বরিশালে বাসদের মানববন্ধন

    ৩২ ধারা বাতিলের দাবীতে বরিশালে বাসদের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, বরিশাল:

    ডিজিটাল আইনের নামে বাক স্বাধীনতা হরনে ৫৭ ধারার আদলে প্রনীত ৩২ ধারা বাতিলের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ। সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বদরুদ্দোজা সৈকত, জেলা ছাত্রফ্রন্টের সদস্য সচিব সন্তু মিত্র, জেলা মহিলা ফোরামের সভাপতি জহুরা প্রমুখ। বক্তারা ৫৭ ধারার আদলে প্রনীত ৩২ ধারা বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

  • বরিশালে অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত

    বরিশালে অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত

    স্টাফ রিপোর্টার:

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

    জানা গেছে, দক্ষিণ মোল্লাপাড়া এলাকার এনজিও ব্রেভ অফিসের সামনে স্থানীয় কামাল হাওলাদার মুদি ব্যবসা ও হাবিবুর রহমান হাওলাদারের কম্পিউটার এবং লাইব্রেরীর দোকানে শনিবার গভীর রাতে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান দুটি সম্পূর্ণ ভস্মিভুত হয়। খবর পেয়ে রবিবার ভোরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।