Author: banglarmukh official

  • উদ্ভট আচরণে বিমানে টেপ দিয়ে বেঁধে রাখা হলো নারীকে!

    উদ্ভট আচরণে বিমানে টেপ দিয়ে বেঁধে রাখা হলো নারীকে!

    যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারী যাত্রীকে ফ্লাইটের ভেতর টেপ দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। বুধবার একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে ডালাস ফোর্ট ওর্থ থেকে শার্লোট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

    জানা যায়, বিমান উড্ডয়নের পরপরই হঠাৎ করে সেই যাত্রী তার আসন ছেড়ে সোজা ককপিটে চলে যান। শার্লিন স্যারিয়েন হ্যারিয়োট নামে ৩৬ বছর বয়সী সেই নারী ককপিটে যাওয়ার সময় ফ্লাইট অ্যাটেনডেন্টরা পেছনের সিটে বসে ছিলেন। এ সময়েই তাকে সামনে যেতে দেখে থামতে বলা হয়। নির্দেশনা অমান্য করে সেই নারী সামনে এগিয়ে গেলে তাকে তাড়া করে ধরে ফেলে ফ্লাইট অ্যাটেনডেন্টরা। এ সময় তিনি আরো অস্থির হয়ে ওঠেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের আঘাত করতে উদ্যত হন।

    এরপর তাকে ফ্লাইটেই বেঁধে রাখা হয়। এ সময় বিমানের সামনের দিকের প্রথম শ্রেণীর সিটে তাকে টেপ ব্যবহার করে শক্ত করে আটকে রাখা হয়। ফ্লাইটে আটকে রাখার সময়েও তিনি তিনজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করেন। এ ঘটনায় সেই নারীকে এফবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।

    সূত্র : ফক্স নিউজ

  • স্ত্রীকে হত্যার পর আত্মঘাতী হন পাকিস্তানের মন্ত্রী বিজারানি

    স্ত্রীকে হত্যার পর আত্মঘাতী হন পাকিস্তানের মন্ত্রী বিজারানি

    স্ত্রী ফারিয়াকে গুলি করে হত্যা করার পর আত্মঘাতী হন পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মীর হাজর খান বিজারানি। স্ত্রী ফারিহাকে তিনি তিনবার গুলি করেন। এরপর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন।

    পাকিস্তানের টিভি চ্যানেল জিইও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার আসল কারণ এখনো জানা না গেলেও পুলিশের ধারণা দাম্পত্য কলহ ও পারিবারিক বিবাদ থেকেই হয়তো এমন ঘটনা ঘটেছে।

    পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্রাইম সিনে পাওয়া সবকটি গুলির খোসা একই অস্ত্রের। মন্ত্রী বিজারানির মাথায় একটি আর তার স্ত্রীর গায়ে তিনটি বুলেটের ক্ষত। ঘটনার সময় তাদের বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল।

    মীর হাজর খান বিজারানি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি প্রাদেশিক এবং কেন্দ্রীয় উভয় সরকারেই মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী ফারিহা রাজাক ছিলেন পেশায় সাংবাদিক।

  • পার্লামেন্টে পৌঁছাতে ১ মিনিট দেরি, অনুতপ্ত ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ!

    পার্লামেন্টে পৌঁছাতে ১ মিনিট দেরি, অনুতপ্ত ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ!

    সময়মতো ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস-এ হাজির হতে পারেননি। আর এ কারণে নিজেকে অপরাধী ভেবে পদত্যাগ করেছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী লর্ড মাইকেল বেটস। যদিও তার পদত্যাগপত্র গ্রহণ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

    প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, তার পদত্যাগের কারণ যৌক্তিক মনে হয়নি। তাছাড়া তিনি যথারীতি তার দায়িত্ব পালন করবেনও বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে মাইকেল বেটসের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

    ওয়াশিংটস পোস্টের খবরে বলা হয়, গত বুধবার হাউজ অব লর্ডস-এ পৌঁছতে মাইকেল বেটসের ৬০ সেকেন্ডেরও কম দেরি হয়। এর জন্য তিনি গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। তবে এতেও তিনি ক্ষ্যান্ত হননি, পরবর্তীতে পদত্যাগপত্র দিয়ে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান। তার সেই পদত্যাগের ঘোষণার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

    লর্ড বেটস তার সতীর্থদের উদ্দেশে বলেন, ‘আমি যথা সময়ে আমার জায়গায় উপস্থিত হয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নের জবাব না দিয়ে অশোভন আচরণ করায় আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি সব সময়ই বিশ্বাস করেছি সরকারের পক্ষে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাব দিতে আমাদের উচিত সর্বোচ্চ মান নিশ্চিত করা। আমি আমার জায়গায় উপস্থিত থাকতে না পারায় প্রচণ্ড লজ্জিত এবং এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগের আবেদন করছি।’

    এ সময় পার্লামেন্টে ‘নো’ ‘নো’ শব্দের প্রতিধ্বনি শোনা যায়। এবং তার সহকর্মীরা তাকে থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি কোনো কথায় কান না দিয়ে বেরিয়ে যান।

  • সাতছড়িতে অস্ত্রের ৭টি বাঙ্কারের সন্ধান

    সাতছড়িতে অস্ত্রের ৭টি বাঙ্কারের সন্ধান

    হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের অরণ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আবারও অভিযান চালিয়েছে র‌্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযানে নামেন র‌্যাব-৯ এর সদস্যরা।

    র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যোনের অরণ্যে অভিযানে ৭টি বাঙ্কারের অস্তিত্বও পাওয়া গেছে। অভিযানে একটি বাঙ্কারের অস্ত্র পাওয়া গেলেও বাকি ৬টিতে এখন কোনো কিছু পাওয়া যায়নি। তবে কি পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে করা হয়েছে তা দুপুর সাড়ে ১২টায় র‌্যাবের ডিজি সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলেও তিনি জানান।

    এর আগে, ২০১৪ সালে সাতছড়িতে ৪ দফায় ৬ বার অস্ত্র ও গোলাবারুদ পায় র‌্যাব। ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দফায় ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, ১টি বেটাগান, ৬টি এসএলআর, ১টি অটো রাইফেল, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেন র‌্যাবের সদস্যরা।

    এরপর ১৬ অক্টোবর থেকে ৪র্থ দফার ১ম পর্যায়ে উদ্যানের গহীন অরণ্যে মাটি খুড়ে ৪র্থ দফায় ৩টি মেশিন গান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়।

    সর্বশেষ ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজি’র ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

  • রাজ্জাকের একাদশের বাইরে থাকা নিয়ে যা বললেন সুজন

    রাজ্জাকের একাদশের বাইরে থাকা নিয়ে যা বললেন সুজন

    বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্কোয়াডে আবদুর রাজ্জাকের অন্তর্ভুক্তিতে চমকে উঠেছিল সবাই। মূলত, সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজে চোটে পড়ায় জরুরি ভিত্তিতে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তাই সবাই মনে করেছিল হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে দেখা যাবে তাকে। কিন্তু না, এমনটা হয়নি। দলে থেকেও মূল একাদশের বাইরে তিনি। আর তাতেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

    এদিকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে প্রথম টেস্টে দেখা গেছে কোনো টেস্ট না খেলা সানজামুল ইসলামকে। ২৮ বছর বয়সি এই স্পিনার ৩৭ ওভার বোলিং করে মেডেন নিয়েছেন মাত্র ২টি। ৩.৪৫ ইকোনমি রেটে রান দিয়েছেন ১২৮।

    এ ব্যাপারে গতকাল দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘রাজ্জাকের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, তবে অনেক দিন সে জাতীয় দলের সেটআপে ছিল না। সানজামুলের প্রতি আমাদের আত্মবিশ্বাস বেশি ছিল। সে সেটআপে ছিল, অনেক দিন ধরে আছে জাতীয় দলের সঙ্গে। রাজ্জাকের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। আমরা ভেবেছি যে সানজামুল হয়তো এই কন্ডিশনে বেশি দিতে পারবে। এখানে অন্য কোনো কারণ নেই।’

    আকস্মিকভাবে রাজ্জাককে ডাকা আনার ব্যাপারে খালেদ মাহমুদ সুজন আরও বলেন, পরিকল্পনা ছিল বলেই রাজ্জাককে নেয়া হয়েছে দলে। হঠাৎ করে নিয়ে আসা হয়নি। তবে দল নির্বাচনে যখন আমরা বসেছি, অধিনায়ক ছিল, আমরা চিন্তা করেছি রাজ্জাককে একটু সময় দেয়া দরকার। আরেকটু কাজ করলে হয়তো ওর জন্য সহজ হবে।

  • ৯ বছরে ১২ হাজার নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার

    ৯ বছরে ১২ হাজার নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৯ বছরে ১২ হাজার ৮৫০ জনের বেশি নেতা-কর্মী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করা হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রণীত প্রতিবেদনেও বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

    শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভায় সাংগঠনিক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন ফখরুল।

    বিএনপির এই মুখপাত্র বলেন, সারা দেশে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন করে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। বিচারবহির্ভুত হত্যাকাণ্ড (ক্রসফায়ার) আশঙ্কাজনক হারে বেড়েছে। নিরাপত্তা হেফাজতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

  • পদত্যাগ করলেন ওয়াহ্‌হাব মিঞা

    পদত্যাগ করলেন ওয়াহ্‌হাব মিঞা

    দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পরপরই পদত্যাগ করেছেন গত ২ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। দৃশ্যত প্রধান বিচারপতি পদে নিয়োগ না পেয়ে চাকরির মেয়াদের ১০ মাস আগেই পদত্যাগ করলেন ওয়াহ্হাব মিঞা। তবে গতকাল রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে তা প্রকাশ করেননি তিনি। পদত্যাগের কারণ দেখিয়েছেন ব্যক্তিগত।

    তার আগে গতকাল দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগের আদেশে রাষ্ট্রপতি সই করেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।’ এরপর বিকালে আইন মন্ত্রণালয় নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাই কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি ওয়াহ্হাব মিঞা। তার দুই বছর পর ২০০১ সালের শুরুতে হাই কোর্ট বিভাগে বিচারপতির দায়িত্ব শুরু করেন সৈয়দ মাহমুদ হোসেন। এদিকে প্রধান বিচারপতি নিয়োগে স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

    এদিকে গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গভবনের ফটকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিচারপতি ওয়াহ্হাব মিঞার পদত্যাগপত্র গ্রহণ করেন।  রাষ্ট্রপতি বরাবরে দেওয়া ওই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী, আমার অনিবার্য ব্যক্তিগত কারণবশত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদ হইতে এতদ্বারা পদত্যাগ করিলাম। অনুগ্রহপূর্বক এই পদত্যাগপত্রখানা গ্রহণ করিয়া আমাকে বাধিত করিবেন।’ বিকালে আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারপতি সুপ্রিম কোর্টের কার্যালয় থেকে নিজের জিনিসপত্র নিয়ে গেছেন বলেও সূত্র নিশ্চিত করেছে। পরে রাতে বিচারপতি ওয়াহ্হাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

    বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার পদত্যাগপত্র পেয়েছেন কিনা— এ বিষয়ে জানতে চাইলে তা স্পষ্ট না করে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  বলেন, ‘শুক্রবার ছুটির দিন, তাই রাষ্ট্রপতির কাছে এমন কিছু পৌঁছার সম্ভাবনা নেই।’

    বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকেই দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছিল। শেষের দিকে তার নিয়োগ অনেকটাই চূড়ান্ত বলে জানিয়েছিল সূত্রগুলো। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। এ বৈঠকের পরই রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া যায়। বিচারপতি ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে কিছু মতামত পাওয়া গেছে। তারা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতে রায় এসেছিল, ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত জানিয়েছিলেন বিচারপতি ওয়াহ্হাব মিঞা। যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি ওয়াহ্হাব মিঞার দ্বিমত ছিল। এ ছাড়া যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে আপিল বিভাগের অন্য বিচারপতিরা দণ্ড দিলেও তিনি দিয়েছিলেন খালাস। সুপ্রিম কোর্টের তথ্যানুসারে, জামালপুরের প্রয়াত আবদুস সাত্তার মিঞা ও প্রয়াত সৈয়দা তাহেরা বেগমের ঘরে ১৯৫১ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারপতি। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    পদত্যাগের নজির : জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রুহুল আমিন ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে ডিঙিয়ে যথাক্রমে বিচারপতি কে এম হাসান ও বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও বিচারপতি এম এম রুহুল আমিনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে ডিঙিয়ে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে ডিঙিয়ে বিচারপতি তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল। যদিও পরে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়োগ দেওয়া হয় বিচারপতি এম এ মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে। এ ছাড়া সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে নিয়োগের সময়ও ফের বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙানো হয়। যার ফলে দীর্ঘ ছুটিতে গিয়ে পরে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। এরপর জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনায় সবশেষ গতকাল বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগ করলেন।

    নতুন প্রধান বিচারপতির শপথ আজ : আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল তার এই নিয়োগ চূড়ান্ত করার পর আজ তাকে শপথের জন্য ডাকা হয়েছে। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

    আড়াই মাস আগে বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর সৈয়দ মাহমুদ হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে তাঁকে। নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাবেন ২০২১ সালের ৩০ নভেম্বর।

    নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা গত নভেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রধান বিচারপতির পদটি শূন্য ছিল। রাষ্ট্রপতি তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে দায়িত্ব পালন করে যেতে বলেন। সময় গড়ালেও প্রধান বিচারপতি নিয়োগ না হওয়ায় বিভিন্ন অনুষ্ঠানে প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সব সময়ই প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার বলে জানিয়েছেন তিনি। এমনকি গতকাল দুপুরেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার মনে হয় রাষ্ট্রপতি আজকেই কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম ঘোষণা করবেন।’ এর ঘণ্টাখানেকের মধ্যে বঙ্গভবন থেকে তা নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগের আদেশে রাষ্ট্রপতি সই করেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।’

    এদিকে গতকাল সন্ধ্যায় প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংবিধানের ৯৫(২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ তার শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।’ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।’ আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগ পাওয়া সৈয়দ মাহমুদ হোসেন বিএনপি সরকার আমলে ২০০৩ সালে হাই কোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে তিনি আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে তিনি আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছিলেন।

    বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর। বিএসসি ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন তিনি। তার দুই বছর পর আইন পেশা শুরু করেন হাই কোর্টে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত দুটি সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মাহমুদ হোসেন। আপিল বিভাগে এখন যে পাঁচজন বিচারপতি রয়েছেন, তার মধ্যে আবদুল ওয়াহ্হাব মিঞা জ্যেষ্ঠতম। তার পরেই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জ্যেষ্ঠতার ক্রমে এর পরে রয়েছেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

    অ্যাটর্নি জেনারেলের স্বস্তি : নতুন প্রধান বিচারপতি নিয়োগে স্বস্তিবোধ করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। গতকাল বিকালে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমি খুব খুশি। স্বস্তিবোধ করছি। অপেক্ষার অবসান হলো।’ তিনি বলেন, এখন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, শনিবার নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে অংশ নেব। এ ছাড়া রবিবার অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রধান বিচারপতির কোর্টে নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাব। প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হলেও কোনো বিব্রতকর পরিস্থিতি ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

  • আইপিএলে মনের মতো দল গড়লেও হতাশ প্রীতি

    আইপিএলে মনের মতো দল গড়লেও হতাশ প্রীতি

    আইপিএলে এবার একদম ঢেলে দল সাজিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সাফল্য পেতে নিলামের টেবিলে মরিয়া ছিলেন প্রীতি জিনতারা। তাই রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, হরভজন সিংদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে তারা।

    তবে মনের মতো দল গড়লেও এখনও আফসোস করছেন প্রীতি জিনতা। নিলামের পরেই কিংস ইলেভেন পাঞ্জাবের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই প্রীতি জিনতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘নিলামের পরে যে বিষয়ে আমার খারাপ লেগেছে তা হল সন্দীপ শর্মাকে ধরে রাখতে না পারা। তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা ভীষণ দুঃখজনক ছিল। তবে এটাই দেখে ভাল লাগছে যে নিলামে তার জন্য রীতিমতো যুদ্ধই বেধে গিয়েছিল।’’

    এখানেই না থেমে প্রীতি আরও বলেছেন, ‘‘এটাই প্রমাণ করে যে কঠোর পরিশ্রমী, যার সঙ্গে কাজ করাটাই মজার, সে পুরস্কৃত হবেই। আমরা তাকে হারালেও দিনের শেষে ও কিন্তু বিজয়ী। স্যান্ডি তোমাকে অভিনন্দন, তোমাকে আমি মিস করব।’’

    সন্দীপ শর্মাকে নিলামের টেবিলে ৩ কোটি টাকা দিয়ে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুধুমাত্র প্রীতি জিনতাই নন, ‘বন্ধু’ হরভজনকে ধরে রাখতে না পেরে একইভাবে হতাশ হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানীও। ‌‌

  • অসুস্থ আল্লামা শফীকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    অসুস্থ আল্লামা শফীকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শফীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক কোনো উদ্দেশ্যে নয়, শুধু অসুস্থতার জন্যই তাকে (আল্লামা শফী) দেখতে গিয়েছিলেন তিনি।

    এসময় আসাদুজ্জামান খাঁন কামাল জানান, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিচার হচ্ছে। বিচারের রায় যা হবে, তা কার্যকর হবে। এখন সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রোপাগান্ডা চালানোর প্রশ্নই আসে না।

    হেফাজতে ইসলাম প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আসাদুজ্জামান খাঁন কামাল ফটিকছড়ির নানুপুরে জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদরাসার মিলাদ মাহফিলে যোগ দেন।

  • ফেসবুক লাইভে আসছেন খালেদা জিয়া

    ফেসবুক লাইভে আসছেন খালেদা জিয়া

    ফেসবুক লাইভে আসছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় তার বক্তব্য ফেসবুকে লাইভ করা হবে। শনিবার সকাল ১০টা থেকে সভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার এই ভাষণ সকাল সাড়ে ১০টার দিকে লাইভ করা হবে।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি  নিশ্চিত করে জানান, ফেসবুকের তিনটি পেজ থেকে বিএনপি প্রধানের ভাষণ দেখা যাবে। এগুলো হলো: Facebook.com/bnp.communicationFacebook.com/bnpbd.org ও Facebook.com/bnplivenettv

    রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মে‌রি‌ডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি শেষ হয়েছে।