Author: banglarmukh official

  • বিএনপি নেতা আমান-আলম গ্রেফতার

    বিএনপি নেতা আমান-আলম গ্রেফতার

    গ্রেফতার হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। আজ রাত সাড়ে ৯টার দিকে নাজিম উদ্দিনের মহাখালীর ডিওএইচসের বাসা থেকে র‌্যাব-১ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারি ইসরাফিল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যরা দুই নেতাকে র‌্যাব-১ কার্যালয়ের দিকে নিয়ে গেছে।

    এর আগে বিকালে ঢাকা ফেরার পথে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে। নয়া পল্টনের কার্যালয় থেকে নির্বাহী কমিটির সভার পরিচয়পত্র সংগ্রহ করে কার্যালয়ে নিচ থেকে গ্রেফতার করা হয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে।

    এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বিচারে একের পর এক নেতা-কর্মীদের পুলিশ গ্রেফতার করছে। এ ছাড়া নেতাদের বাসায় পুলিশ তল্লাশির নামে তান্ডব অব্যাহত রেখেছে।’

  • মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে পুলিশকে কাজ করতে হবে

    মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে পুলিশকে কাজ করতে হবে

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বলেছেন, মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

    ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন,বাংলাদেশ পুলিশ দেশের প্রাচীণতম প্রতিষ্ঠান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

    রাষ্ট্রপতি বাণীতে উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়লগ্নে বাংলাদেশ পুলিশের প্রথম ‘সশস্ত্র প্রতিরোধ’ দেশপ্রেম ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

    মো: আবদুল হামিদ বলেন, বিগত বছরগুলোতে অকুতোভয় পুলিশ সদস্যগণ জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সদস্য মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। ‘আমি তাদের এ বীরত্বপূর্ণ অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি’।

    বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে এ তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের এ গতিকে ত্বরান্বিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথ ভূমিকা পালন করবে- এটাই দেশবাসীর প্রত্যাশা।

  • হিজরাদের টাকা না দেয়ায় ১৫ দিনের শিশুকে পানিতে ফেলে হত্যা

    হিজরাদের টাকা না দেয়ায় ১৫ দিনের শিশুকে পানিতে ফেলে হত্যা

    তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সমাজ এবং সরকার থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। তাদেরকে যেন অবহেলিত ভাবা না হয়, সেজন্য দেয়া হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। তাও তারা যেন থেমে নেই। বাসাবাড়িতে গিয়ে তাকা চাওয়া, রাস্তা-ঘাট, দোকানপাট থেকে জোর করে টাকা আদায় করা যেন তাদের নিত্য কাজ হয়ে দাঁড়িয়েছে।

    টাকা দিতে না চাইলেই শুরু হয় নানা রকম নির্যাতন। অনেক সময় মানসম্মানের ভয়ে অনেকে টাকা দিয়ে দেয়। আর যারা দেয় না তাদের হেনস্থা করে ছাড়া হয়। কিন্তু এবার তারা অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে।

    যাত্রাবাড়ীর একটি এলাকায় টাকা না দেয়ায় হিজরারা ১৫ দিনের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ীর শনিআখড়ার শেখদী এলাকায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছে। সবাই এই ঘটনায় অভিযুক্ত হিজরাদের শাস্তি দাবি করছে।

    জানা গেছে, গত বুধবার দুপুরে আনুমানিক প্রায় একটার দিকে যখন কেউ বাসায় ছিলোনা তখন হিজরারা বাসায় আসে এবং তারা টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় শিশুটির বাক প্রতিবন্ধী মাকে বেঁধে তার ১৫ দিনের শিশুকে টয়লেটের বালতিতে উপুড় করে ফেলে তালা মেরে চলে যায়। প্রায় ১০ মিনিট পর তালা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।

  • ‘কোনো অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না’

    ‘কোনো অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না’

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন,  জিয়াউর রহমান চেয়েছিলেন বাংলাদেশ একটি সন্ত্রাসী জঙ্গী রাষ্ট্রে পরিণত হোক।
    জিয়া যা করেছে, এরশাদ এবং খালেদা জিয়াও তাই করেছেন। ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের পথ বন্ধ করে দেন। বলেন, দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, কোনো অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকায় যে প্রক্রিয়ায় নির্বাচন হয় একই প্রক্রিয়ায় সংবিধান অনুযায়ী বাংলাদেশেও আগামী নির্বাচন হবে। গত নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত কি করেছে তা এদেশের মানুষ দেখেছে। তারা আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মেরেছে।
    শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম এমপি এসব কথা বলেন।
    কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, দলের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম আরও বলেন, পাকিস্তানীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। অথচ দেশি-বিদেশি ষড়যন্ত্রে এদেশের মির্জাফররা তাকে হত্যা করে। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা পুরো বাঙালি জাতির আশা-আকাংখাকেও হত্যা করেছে। বঙ্গবন্ধুর খুনী বলেই জিয়া বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। তিনি বলেন, যারা মার্শাল-ল জারি করে ক্ষমতায় আসে তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। জিয়াউর রহমান পাকিস্তানীদের নীলনকশা বাস্তবায়ন করেছিলেন, আর খালেদা জিয়া গোলাম আজম, নিজামী, মুজাহিদসহ যুদ্ধাপরাধী জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় ও মন্ত্রীত্ব দিয়ে পুরস্কৃত করেছেন। তিনি বলেন, একসময় এ বাংলাদেশ ছিল জঙ্গী সন্ত্রাসীর দেশ, আমেরিকা এদেশকে কালো তালিকাভূক্ত করেছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন বিশ্বনেতারা। দুর্নীতির মামলায় খালেদার যখন বিচার করা হচ্ছে, তখন পুলিশের উপর হামলা করছে বিএনপি।
    বিশেষ অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব ও নজিরবিহীন উন্নয়ন হয়েছে। অল্প সময়ের মধ্যে দেশকে এত উন্নয়ন এত অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা শেখ হাসিনার প্রশংসা করছে। তিনি আরও বলেন, নেতা-কর্মীদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং দেশের উন্নয়ন-অগ্রগতির তথ্য প্রচারসহ তা জনসম্মুখে তুলে ধরতে হবে। সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে মজবুত করে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় এনে ২০৪১ সালে দেশকে উন্নত দেশে রূপান্তর করতে হবে।

  • ২২তম প্রধান বিচারপতি “সৈয়দ মাহমুদ হোসেন”

    ২২তম প্রধান বিচারপতি “সৈয়দ মাহমুদ হোসেন”

    অবশেষে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের ২২তম প্রধান বিচারপতির নিয়োগ ফাইলে স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

    আগামী কর্মদিবসেই এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এর আগে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নাম শোনা যাচ্ছিল। তার নিয়োগ প্রায় চূড়ান্ত বলেই নিশ্চিত করেছিল সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। তবে শেষ পর্যন্ত আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকেই দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    এর আগে আইন মন্ত্রণালয় থেকে দুজনের নাম প্রস্তাব দিয়েই সার-সংক্ষেপ পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।

    ’ এদিকে গতকাল রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নিয়োগের ফাইলে স্বাক্ষর করেন বলে জানা গেছে। ওই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

  • কীর্তনখোলার তীরে কবি শফিক আমিন এর জন্মদিন পালন

    কীর্তনখোলার তীরে কবি শফিক আমিন এর জন্মদিন পালন

    হুজাইফা রহমান:

    এক ঝাঁক তরুন কবি সাহিত্যিকদের নিয়ে কীর্তখোলার পাড়ে (ত্রিশ গোডাউন) উদযাপন করা হলো কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর জন্মদিন। বিকেল সাড়ে চারটায় সবুজ ঘাসের গালিচায় আসন করে বসে মোম জ্বেলে কেক কেটে উৎসব শুরু হয়। কেক খাওয়া শেষে কবি’র বন্ধু রাকিব হাসান বাদল সুমধুর কণ্ঠে একটি গান শোনাল।

    তারপরেই তরুণ শিল্পী হুজাইফা রহমান শোনাল রবীন্দ্র সংগীত। ফাকে ফাকে রঙ্গ-তামাশায় মাতিয়ে রাখেন কবি আতিকুর রহমান হিমু। পুরো অনুষ্ঠান জুড়ে নিরব শ্রোতার ভূমিকায় ছিল কবি আবদুর রহমান। অনন্দকে খুব বেশী উজ্জীবিত করেন সাহিত্য প্রেমি শান্ত রয় ও মিসেস রয়। গোটা উৎসবকে ঘিরে স্থীর হাস্যোজ্জল মুখ নিয়ে মাথা উঁচু করে বসে ছিল কবি অনিন্দ্য দ্বীপ।

    কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী সদ্য মওলানার ভূমিকায় চাতুরতার শীর্ষে অবস্থান করেছে। যদিও মলানার ব্যপক প্রতাশার আংশিক অপূর্ণই থেকে গেছে। কবি লুনা আহমেদ একটা গান শোনাবার প্রস্তুতি নিয়ে সবাইকে কথার প্যাঁচে ভুলিয়ে রাখেন। সার্বক্ষণিক অনুষ্ঠানটি ধারণে ব্যস্ত ছিলেন সর্ব কণিষ্ঠ কবি হুজাইফা রহমান।

    যদিও এ সবের মধ্যে সে পাঠ করে শুনিয়েছে কবি শফিক আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। অতঃপর চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

    মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

    মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি চত্বরে এ মেলা উদ্বোধন করেন তিনি।
    ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আরও বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান।
    অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ক্যামেরুন, সংযুক্ত আরব আমিরাত ও সুইডেনসহ বিভিন্ন দেশ থেকে আগত কবি ও সাহিত্যিকরা কবিতা আবৃতি করেন।
    বাংলা একাডেমি চত্বর ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজন করা হয়েছে এবারের মেলা। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী এবছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
    সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১২টি চত্বরে বিন্যস্ত করা হয়েছে। একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১৩৬টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬৩টি প্রতিষ্ঠানকে ৫৮৩টি ইউনিটসহ মোট ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫৩৬ বর্গফুট আয়তনের ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
    গ্রন্থমেলা ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। ২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার। শিল্প-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-সমকালীন প্রসঙ্গ এবং বিশিষ্ট বাঙালি মনীষীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে।

  • বঙ্গভবনে গেলেন প্রধানমন্ত্রী

    বঙ্গভবনে গেলেন প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাত ৮টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।

    এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং উপ দফতর সম্পাদক বিল্পব বড়ুয়া।

    জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের এই সিদ্ধান্ত সরাসরি রাষ্ট্রপতিকে জানাতেই বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

    বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেয়।

    এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • যশোরে ৮ থানায় ১৪ মামলা, আটক ৯০

    যশোরে ৮ থানায় ১৪ মামলা, আটক ৯০

    যশোর কোতোয়ালীসহ ৮টি থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৪টি নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ৩৮১ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব মামলার আসামিদের মধ্যে ৯০ জনকে আটক করা হয়েছে।

    নাশকতার পরিকল্পনার অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে তিনটি। এসব মামলায় ৯০ জনকে আসামি করা হয়েছে এবং আটক করা হয়েছে ১৭ জনকে। কোতোয়ালী থানার ওসি (অপারেশন) শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
    মণিরামপুর থানায় নাশকতার মামলা হয়েছে দুটি। মামলা দুটিতে ৪৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করা হয়েছে। আটক করা হয়েছে বিএনপি ৮ নেতা-কর্মীকে।
    ঝিকরগাছা থানার ওসি মেহেদি মাসুদ জানান, নাশকতার অভিযোগে এ থানায় মোট তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে আসামি করা হয়েছে ৬০ জনকে। আসামিদের মধ্যে ১৫ জনকে আটক করা হয়েছে।
    অভয়নগর থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে এ থানায় একটি মামলা হয়েছে। যেখানে ৬৮ জনকে আসামি করা হয়েছে। আটক করা হয়েছে ৭ জনকে।
    কেশবপুর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, কেশবপুর এলাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় ৪২ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে ১৪ জনকে আটক করা হয়েছে।
    বাঘারপাড়া থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় আসামি করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক টিএস আইয়ুবসহ ১৮ নেতা-কর্মীকে। ওসি মঞ্জুরুল আলম বলেন, এ মামলার আসামিদের মধ্যে ১১ জনকে আটক করা হয়েছে।
    শার্শা থানার ওসি এম মসিউর রহমান জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে এ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটিতে ২২ জনকে আসামি করা হয়েছে এবং আটক করা হয়েছে ১৪ জনকে।
    বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, পোর্ট থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ৩৪ জনকে আসামি করা হয়েছে, আটক করা হয়েছে ৭ জনকে।

  • ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বইমেলা স্থগিত

    ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বইমেলা স্থগিত

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অনুষ্ঠানের চেয়ার, টেবিল, মঞ্চ, বইয়ের স্টল ভেঙে ফেলা হয়েছে। এসময় ছাত্রলীগের একপক্ষ চেয়ার ভাঙ্গার পর কলেজের পুকুরে ছুঁড়ে ফেলে দেয়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের পর থেকে কলেজের স্টাফ কাউন্সিলের বৈঠক থেকে বইমেলা আপাতত স্থগিত করা হয়েছে।

    বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ভাষার মাসের শুরুতে ভাষা শহীদদের স্মরণ করে গত দুই তিন বছর ধরে ২১ দিনব্যাপী বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। কলেজের ক্যাম্পাসের এক অংশে বইমেলার স্টল, খাবারের দোকানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এবছর কলেজের বইমেলার প্রধান অতিথি করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনকে।
    আজ বিকেল তিনটায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মোহনের নাম অতিথি তালিকায় না থাকায় অনুষ্ঠান শুরুর আগে অতিথি করা আর না করা নিয়ে কলেজ ছাত্রলীগের মধ্যে বিরোধ দেখা দেয়।

    কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বুলবুল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ গ্রুপের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। এর এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে উভয় গ্রুপে সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ও লাঠির আঘাতে কমপক্ষে ৬ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বুললু (২৩) ও কলেজ ছাত্রলীগ নেতা মিথেলস প্রসাদকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। লাঠিহাতে থাকা কিছু বহিরাগত যুবকদের তাড়া করে বের করে দিয়ে পুলিশ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয়। সংঘর্ষে ছাত্রলীগ নেতা মিথেলস প্রসাদ, আব্দুস সবুর, আরিফুজ্জামান মৃদুল, মুকুল ইসলামসহ ৬ জন আহত হয়েছে।

    বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বুলবুল জানান, তিনিসহ ছাত্রলীগ নেতা মিথেলস প্রসাদ, আব্দুস সবুর, আরিফুজ্জামান মৃদুল, আহত হয়েছেন। তিনি বলেন, তাদের উপর অন্যায়ভাবে অতর্কিত হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে।

    বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, কলেজ শাখা ছাত্রলীগের মধ্যে বিরোধ নেই। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটলো তা তিনি বলতে পারেন না। তিনি দাবি করেন মুকুল ইসলাম নামের জেলা ছাত্রলীগের এক নেতাও আহত হয়েছেন।

    বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, কলেজের স্টাফ কাউন্সিলের বৈঠক থেকে বইমেলা আপাতত স্থগিত করা হয়েছে।