Author: banglarmukh official

  • কর্ণফুলীতে ৪ নারীকে ধর্ষণের প্রমাণ মিলেছে

    কর্ণফুলীতে ৪ নারীকে ধর্ষণের প্রমাণ মিলেছে

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একই বাড়ির চার নারীকে ধর্ষণের ঘটনার প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় ওই নারীদের ধর্ষণের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

    গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী থানাধীন বড়উঠান ইউনিয়নের ওই বাড়িতে ডাকাতির পর তাদের ধর্ষণ করা হয়। ওই নারীদের তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী। অন্যজন বেড়াতে আসা ননদ। তাদের একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

    এ ঘটনার পর পটিয়া ও কর্ণফুলী থানায় মামলা করতে গিয়ে হয়রানির শিকার হন ভুক্তভোগী নারীরা। পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে ঘটনার পাঁচ দিন পর ১৭ ডিসেম্বর রাতে মামলা নেয় কর্ণফুলী থানা পুলিশ।

    কর্ণফুলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, ভিকটিমদের কয়েক দফা পরীক্ষা করা হয়েছে। বুধবার সর্বশেষ রিপোর্টেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার পর ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মোহাম্মদ সুমন ওরফে আবু (২৩) ও কালু নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

  • প্রধানমন্ত্রীকে খালেদার আইনি নোটিশ

    প্রধানমন্ত্রীকে খালেদার আইনি নোটিশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

    নোটিশে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

    বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি জিয়া পরিবার নিয়ে প্রধান মন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মুখে নানা কথা বললেও অভিযোগ প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছি।

    সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল (মঙ্গলবার) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রীর কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর শাহিদা রফিক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • রসিক নির্বাচন হবে গ্রহণযোগ্য : সিইসি

    রসিক নির্বাচন হবে গ্রহণযোগ্য : সিইসি

    রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের বিদ্যমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এখন পর্যন্ত যে অবজারভেশন-পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

    বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রসিক নির্বাচনে মাত্র একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা থাকলেও তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি।
    সিইসি বলেন, রসিকে গোটা তিনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা ছিল। সম্পূর্ণভাবে সিকিউরড হলেই তখনই এটা ব্যবহার করা হবে।

    এর আগে ইসির কর্মকর্তারা জানিয়েছিলেন, ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১৪১ নম্বর কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এজন্য সব ধরনের মহড়া ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

    এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা টেকনিক্যাল বিষয়। কারিগরি টিম পরীক্ষা-নিরীক্ষা করছে। এখনও কনফার্ম করতে পারছি না ইভিএম হবে কি-না। শতভাগ নিশ্চিত না হয়ে তো ব্যবহারের যেতে পারি না। বৃহস্পতিবার সকালেই নিশ্চিত হওয়া যাবে।

    এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, রসিকে আমরা মডেল নির্বাচন করতে চাই। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী সিটি নির্বাচনে যেন আমরা এ মডেল ব্যবহার করতে পারি।

    তিনি আরও জানান, এ নির্বাচনে সাড়ে পাঁচ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলাবাহিনী নিয়োজিত থাকবে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছে।

    প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

  • বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় শ্রমিকের মৃত্যু

    বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় শ্রমিকের মৃত্যু

    ফাইজুল ইসলাম

    বরিশালের গৌরনদীতে যাত্রীবাহি বাসের চাপায় নাঈম (২৫) নামে অটো রাইস মিলের এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।  আহত হয়েছেন একজন ভ্যান চালক। আজ সকাল সাড়ে ৭ টায় গৌরনদী ‍উপজেলার বার্থী কালিবাড়ি মন্দির সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত নাঈম (২৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে ও  গৌরনদীর এলাহী অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, নাঈম ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে হেটে নাস্তা করার জন্য এলাহি অটো রাইসমিল থেকে বার্থীর দিকে আসছিলো। এসময় মাদারীপুর থেকে বরিশালগামী বিসমিল্লাহ নামের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশাপাশি ওইসময় বাসটি আরো একটি ভ্যানকে ধাক্কা দিলে তার চালকও আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক বা অন্যকাউকে পাওয়া যায়নি।

  • পিরোজপুরে হত্যা মামলার আসামির মৃত্যু

    পিরোজপুরে হত্যা মামলার আসামির মৃত্যু

    কাজী সাইফুল

    পিরোজপুরে মো. জাকির হোসেন তালুকদার নামে (৫৪) এক হাজতির মৃত্যু হয়েছে। জাকির তালুকদার কাউখালী উপজেলার জীবগাঁ শাতুরিয়া গ্রামের মৃত মোখলেজ তালুকদারের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মো. শামীম ইকবাল জানিয়েছেন, পিরোজপুরের কাউখালী উপজেলার চাঞ্চল্যকর এনামূল হত্যা মামলার আসামি জাকির হোসেন তালুকদার গত দু’মাস ধরে জেল হাজতে আটক ছিলেন। বুধবার ভোর সোয়া ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

  • ডিআইজির কাছে ৭৩ মাদকসেবীর আত্মসমর্পণ

    ডিআইজির কাছে ৭৩ মাদকসেবীর আত্মসমর্পণ

    মাহামুদ হাসান

    বরিশাল রেঞ্জের ডি আই জি মোঃ শফিকুল ইসলাম বিপিএম এর উদ্যোগে ও নির্দেশনায় পি‌রোজপুর জেলা পুলিশের আয়োজনে এক মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রেঞ্জ ডি আই জির  সাথে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, চিত্র নায়ক মোঃ জা‌য়েদ খানসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এসময় আরো উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগন। এ অনুষ্ঠানে পি‌রোজপুর জেলার চিহ্নিত ৭৩ জন মাদকসেবী-ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে। যা‌দের প্র‌ত্যেক‌কে সেলাই মেশিন/‌রিক্সা/ভ্যান/গ্যাস সিলিন্ডার দিয়ে পুনর্বাসিত করেন রেঞ্জ ডিআইজি।

  • বরিশাল লাইভ ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক’র পিতার মৃত্যূ

    বরিশাল লাইভ ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক’র পিতার মৃত্যূ

     অনলাইন সংবাদমাধ্যম বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম মিলনের বাবা ডা: হাবিবুর রহমান হৃদরোগে অাক্রান্ত হয়ে অাজ দুপুর ১০ টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
    এদিকে বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদকের পিতার মৃত্যূতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ ২৪.কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌধুরী ,নিরবাহি  সম্পাদক বাবলু মিয়া ,ব্যবস্থাপনা সম্পাদক প্রদীপ কুমার পাল ,সহ সম্পাদক মো: আলী হায়দার ,বার্তা  সম্পাদক শেখ সুমন সহ সকল সাংবাদিকবৃন্দ ।
  • মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় মামলা

    মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় মামলা

    রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সোমবার ছিনতাইকারীর থাবাতে মায়ের কোল থেকে রাজপথে পড়ে ছয় মাসের শিশু আরাফাতের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়েছে। সেই মামলার আসামি ছিনতাইকারীকে ধরতে পুলিশের তিনটি টিম মাঠে নেমেছে।

    দফায় দফায় অভিযান চালানো হচ্ছে দয়াগঞ্জের নামা পাড়া বস্তিতে। গতকাল বস্তিটিতে গিয়ে দেখা গেছে আতংক বিরাজ করছে। তবে বস্তিবাসী পুলিশের এই ভূমিকায় খুশি। তারা বলেন, সব সময় পুলিশের এমন অভিযান চললে এ বস্তিটি ছিনতাইকারী ও মাদকমুক্ত হতে পারতো।

    এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে একজন এএসআইকে সাসপেন্ড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পুলিশের কেউ বিষয়টি স্বীকার করতে চাইছেন না। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গতকাল রাতে বলেন, এ ধরনের ঘটনা আমরা জানা নেই।

    শরিয়তপুরের শাহ আলম তার স্ত্রী আকলিমা, বড় ছেলে আলামিন (৪) ও ছয় মাসের ছেলে আরাফাতকে নিয়ে গত রবিবার রাতে শরিয়তপুর থেকে লঞ্চ যোগে ঢাকার পথে রওয়ানা হন। সোমবার ভোর ৫টার দিকে সদরঘাটে নেমে শনির আখড়ায় যাওয়ার জন্য একটি রিক্সা নেন।

    আরাফাতকে কোলে নিয়ে রিকশার বাম দিকে বসেন আকলিমা। ডানদিকে আলামিনকে নিয়ে বসেন শাহ আলম। তাদের ছেলে আলামিন অসুস্থ। তাকে চিকিৎসা করাতেই তাদের ঢাকায় আসা। ভোর ৬টার দিকে দয়াগঞ্জ এলাকা পার হওয়ার সময় এক ছিনতাইকারী আকলিমার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ সজোরে টান দিয়ে নিয়ে যায়।

    এ সময় কোলে থাকা শিশু আরাফাতকে নিয়ে তিনি পড়ে যান রাস্তায়। আরাফাত ঘটনাস্থলেই মারা যায়। মিডিয়ার মাধ্যমে এ খবর জেনে সারা দেশে তোলপাড় শুরু হয়। ঘটনাস্থলে যান ঊর্ধ্বতন পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা। তখন থেকেই ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানতে পেরেছে, একজন ছিনতাইকারী ব্যাগটি ছো মেরে টেনে নিয়ে গলি পথে দৌড়ে পালিয়ে যায় নামা পাড়া বস্তির দিকে। এলাকাবাসী জানায় এ বস্তিতে অনেক ছিনতাইকারী বসবাস করে। তারা মাদক সেবন করে। রাত থেকে ভোর পর্যন্ত সুযোগ পেলেই দয়াগঞ্জ এলাকায় ছিনতাই করে তারা।

    আজ মঙ্গলবার দুপুরে দয়াগঞ্জ এলাকার নামাপাড়া বস্তিতে গিয়ে দেখা গেছে বাসিন্দারা আতংকগ্রস্ত। নতুন কাউকে বস্তিতে দেখে তাদের সবার চোখ তার দিকে। খোকন নামের একজন জানালেন, সকাল বিকাল পুলিশ অভিযান চালাচ্ছে। যে কারণে এখানকার বাসিন্দারা আতংকিত। তবে তিনি পুলিশের এ ভূমিকায় খুশি বলে জানান। তিনি বলেন, ‘বস্তির মাদকসেবী, ছিনতাইকারীরা পুলিশের ভয়ে পালিয়ে গেছে। যে কারণে বস্তিতে এখন শান্তি। সব সময় যদি এমন থাকতো তাইলে ভালো লাগতো। ‘

    পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্তে নেমে পুলিশ ওই এলাকার নামা পাড়া বসি্ততে কয়েক দফা অভিযান চালিয়েছে। শুধু থানা পুলিশই নয় ডিবিরি সিরিয়াস ক্রাইম ইউনিটের সদস্যরাও নেমেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দয়াগঞ্জের যে স্থানে ঘটনাটি ঘটেছে তার কাছেই একটি ক্লোজ সার্কিট ক্যামেরা পাওয়া গেছে। কিন্তু সেই ক্যামেরায় ঘটনাটি নেই। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, আরাফাতের বাবা ছিনতাইকারীর বর্ণনা দিতে পেরেছেন। সেই বর্ণনা থেকে অনেকটা এগুতে পারবে পুলিশ।

    এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে যাত্রাবাড়ী থানার এএসআই বদরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলের ১০০ গজ দূরেই দায়িত্ব পালন করছিলেন যাত্রাবাড়ী থানার এএসআই বদরুলের নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য। কাছাকাছি দায়িত্বরত থাকা সত্বেও ছিনতাইয়ের ঘটনা ঘটায় দায়িত্ব অবহেলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে নাম প্রকাশ করে কোনো পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকার করতে চাননি।

  • আগামী নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

    আগামী নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

    আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই নেতার মধ্যে এ নিয়ে আলোচনা হয়।

    বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়ে এও বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তুরস্ক করছে বলে তারা (তুরষ্কের পক্ষ থেকে) জানিয়েছেন।

    বৈঠকে বেগম জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও ড. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

    বৈঠকের পর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যার উদ্ভব হয়েছে, তা সরজমিনে দেখার জন্য ও রোহিঙ্গাদের কিভাবে তাদের দেশে স্বসন্মানের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে ফেরত নিয়ে যাওয়া যায়, তার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে তারা এখানে এসেছেন। তুরস্ক সরকার ও তাদের জনগন রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত সহানুভুতিশীল। সেজন্য তারা প্রথম থেকে কাজ করছেন। উনারা (তুরস্ক) মনে করেন, রোহিঙ্গাদের তাদের দেশে নিজ বাসভুমিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং পুরোপুরিভাবে একটা স্থায়ী সমাধান করা প্রয়োজন। তার জন্য অন্যান্য দেশগুলোর সঙ্গে বিশ্ব সংস্থাগুলোর সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করছেন।

    ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচনসহ নানা বিষয়েও আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, তাদের (তুরস্ক) সঙ্গে আলাপ হয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন চলছে।

    আসন্ন নির্বাচনের কি অবস্থা দাঁড়াবে, আমরা সেই নির্বাচনে আমাদের ভুমিকা কি থাকবে, সরকারের ভুমিকা কেমন আছে এবং দেশ কেমন চলছে। সরকার কী ভুমিকা পালন করছে দেশের একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    ‘আগামী নির্বাচন নিয়ে বিএনপি কী ভূমিকার কথা তুরষ্ককে জানিয়েছে’-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে আমরা আমাদের বক্তব্য বলেছি, তারা তাদের মতামত দিয়েছেন।

    রোহিঙ্গাদের ব্যাপারে তুরস্ক আন্তর্জাতিকভাবে কি ভুমিকা রাখছে? এমন আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, তারা মনে করেন রোহিঙ্গাদেরকে সসম্মানে তাদের স্বদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এজন্য একটি স্থায়ী সমাধান করা প্রয়োজন। এই লক্ষ্যে তারা আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে অন্যান্য দেশগুলোর সঙ্গে কথা বলছে।

    ফিলিস্তিনের জেরুসালেম ইস্যুতে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই ইস্যুতে তারা সম্পূর্ণ প্যালেস্টাইনের পক্ষে রয়েছেন।

    বৈঠক চলাকালে হোটেল সোনারগাঁও এবং এর আশেপাশে কঠোর নিরাপত্তা চোখে পড়ে।

  • বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তুরস্ক পাশে থাকবে

    বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তুরস্ক পাশে থাকবে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থে একযোগে কাজ করা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

    দুই নেতা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোসহ দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পরস্পরকে সমর্থন করার অঙ্গিকারও পুনর্ব্যক্ত করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত তুর্কী প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আজ এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।

    বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মামুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।

    তুরস্কের পক্ষে ছিলেন-উপ-প্রধানমন্ত্রী ও তুর্কি-বাংলাদেশ যৌথ কমিশনের কো-চেয়ার বেকির বোজাগ ও বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক প্রমুখ।

    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুই দিনের সরকারি সফরে গতকাল সোমবার বাংলাদেশে আসেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিবৃতিতে আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তুরস্ক পাশে থাকবে।

    তিনি বাংলাদেশ ও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে ধন্যবাদ জানান।

    তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে খুবই সুদৃঢ় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। তিনি বলেন, তুরস্কের গণতন্ত্র ও সরকারের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা তুরস্ক ভুলে যায়নি।

    শেখ হাসিনা বলেন, তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে।

    তিনি বলেন, ‘আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোসহ দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পরস্পরকে সমর্থন করার অঙ্গিকারও পুনর্ব্যক্ত করেছি। ’

    শেখ হাসিনা বলেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, পর্যটন ও যোগাযোগের মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা সংহত করার ব্যাপারেও তিনি তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

    তিনি আশা প্রকাশ করেন যে, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), শিল্প উৎপাদন, স্ট্যান্ডার্ডাইজেশন, সামর্থ্য বিনির্মাণ, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বিনালি ইলদিরিমকে ধন্যবাদ জানান।