Author: banglarmukh official

  • বিভাগীয় কমিশনারের আশ্বাসের ৮ রুটে সড়ক অবরোধ স্থগিত

    বিভাগীয় কমিশনারের আশ্বাসের ৮ রুটে সড়ক অবরোধ স্থগিত

    বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার বিকেলে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। এর আগে গতকাল সোমবার জেলার নলছিটির জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এ সময় কুয়াকাটা থেকে আসা একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা।

    এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্টে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। গত ১৮ ডিসেম্বর থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির গাড়ি বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৮টি রুটে চালাতে না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়। এরই ধারাবাহিকতায় বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর নামকস্থানে অবস্থান নিয়ে মালিক সমিতি বরিশাল মালিক সমিতির গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

    বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের বিষয়ে ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, বিভাগীয় কমশিনারের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের জিরো পয়েন্টের অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে।

  • বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি

    বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি

    বরিশালের দর্শকদের সাথে প্রতারণা করলেন অন্তর জ্বালা ছবির নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি। বরিশালে আসার কথা বলে কাউকে না জানিয়েই প্রোগ্রাম বাতিল করেন তারা। যার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে বরিশালের সিনেমা দেখার দর্শকরা। আজ মঙ্গলবার বরিশালে আসার কথা ছিল তাদের। নায়ক জায়েদ খান তার নিজস্ব ফেইসবুক পেইজেও বরিশালে আসার বিষয়ে পোষ্ট দিয়েছিলেন আজ মঙ্গলবার দুপুরের দিকে। তাদের আসার কথা শুনে বরিশাল নগরীর অভিরুচি সিনেমা হল ও বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) উপস্থিত হয়েছিল অনেক দর্শক। দর্শকরা তাদের অপেক্ষায় থাকে কয়েক ঘন্টা।

    দুপুর ১১ টায় বরিশালে আসার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত বরিশালের কারও ফোন ধরেননি আর কাউকে ফোনও করেননি তারা। যার কারনে বরিশালের দর্শকসহ কেউই জানতে পারেনি নায়ক জায়েদ খান ও নায়িকা পরিমনি কখন আসছেন ,না আসছেন না! বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল অভিরুচি সিনেমা হল কর্তৃপক্ষ লোক মারফত জানতে পারে তারা বরিশালে আসবেন না। তাদের বরিশালে না আসার কথা শুনে ক্ষুদ্ধ হয়ে উঠে অভিরুচি সিনেমা হলের দর্শকরা। ক্ষিপ্ত হয় হল কর্তৃপক্ষের উপর।

    এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে হল কর্তৃপক্ষ চলে যায়। পরে সিনেমা হলে আগত দর্শকরাও ভারাক্রান্ত মন নিয়ে চলে যায়। দর্শকদের মধ্যে অনেককে ফুল নিয়ে আসতে দেখা গেছে। বরিশালে আসা না আসার বিষয়ে জানতে অন্তর জালা ছবির নায়ক জায়েদ খানের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলে তিনি রিসিভ করেননি। এবিয়ে জানতে চাইলে বরিশাল অভিরুচি সিনেমা হলের ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কবির জানান, আজ মঙ্গলবার সকাল ১১ টায় বরিশালে আসার কথা ছিল তাদের। দুপুর সাড়ে ১২ টায় অভিরুচি সিনেমা হলে দর্শকদের সাথে ছবি দেখার কথা ছিল। কিন্তু ১১ টার পরে তারা কারও ফোন রিসিভ করেনি তাই আমারা তাদের আসা না আসার বিষয়ে জানতে পারিনি। বিকেল ৩ টার দিকে লোক মারফত জানতে পারি তারা বরিশালে আসবেন না। তাদের না আসার কথা শুনে সিনেমা হলে উপস্থিত উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে উঠে।

  • বরিশাল লাইভ ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক’র পিতার মৃত্যূ

    বরিশাল লাইভ ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক’র পিতার মৃত্যূ

    জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম মিলনের বাবা ডা: হাবিবুর রহমান হৃদরোগে অাক্রান্ত হয়ে অাজ দুপুর ১০ টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
    এদিকে বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদকের পিতার মৃত্যূতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল লাইভের প্রধান সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, সম্পাদক এ.এফ.এম অানোয়ারুল হক, প্রধান নির্বাহী সম্পাদক অারেফিন ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক কাজী অাফরোজা,সহ সম্পাদক রাফসান হক, প্রতিষ্ঠাতা সাঈদ বারীসহ অন্যরা।
  • সব উন্নয়ন কাজে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আছে : প্রধানমন্ত্রী

    সব উন্নয়ন কাজে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আছে : প্রধানমন্ত্রী

    দেশের যেকোনো উন্নয়ন কাজেই সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও কাজ করছে।

    আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    তিনি বলেন, আমরা যখনই সরকার গঠন করেছি, চেয়েছি সশস্ত্র বাহিনীকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছে। দুর্যোগ-দুর্বিপাকেও অগ্রভাগে থাকছে সশস্ত্র বাহিনী। কোনো কঠিন কাজে দরকার পড়লেই এগিয়ে আসে আমাদের সেনাবাহিনী।

    সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে আমরা কেবল শহরভিত্তিক নয়, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়েও কাজ করছি।

  • টিটু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

    টিটু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

    রাজধানীর কদমতলী থানাধীন হুমায়ুন কবির টিটু হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহাগ ওরফে বড় সোহাগ, মামুন শেখ ও রবিন শেখ।

    আজ সোমবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

    ২০১০ সালের ২৬ নভেম্বর হুয়ামুন কবির টিটুকে রাজধানীর কদমতলী থানাধীন আউটার সার্কুলার রোড (নোয়াখালী পট্টি) এলাকার নান্নু জেনারেল স্টোরের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার এ দিলেন আদালত।

  • অপহরণের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

    অপহরণের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

    মাদারীপুরের শিবচরে অপহরণের ৬ দিন পর ওবায়দুর চোকদার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মাদবরেরচর এলাকার পুরাতন জাহাজঘাট এলাকার নদীর মধ্যে মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মারুফ (২০), ইমরান (১৮), মনির(১৭) ও রাকিব (২০) নামের চার যুবককে আটক করেছে পুলিশ। তবে আটক মারুফ ও তার বাবা ঘটনার মূলহোতা বলে পুলিশ জানিয়েছে।

    গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের দোকানে গেলে ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। নিহত ওবায়দুর উপজেলার মাদবরের চর ইউনিয়নের পূর্ব খাড়াকান্দি গ্রামের রতন চোকদারের ছেলে। সে খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

    শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওবায়দুরকে অপহরণের পর বুধবার সন্ধ্যায় একটি নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা দাবি করে। এরপর থেকেই ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে গত শুক্রবার শিবচর থানায় জিডি করা হলে পুলিশ কৌশলে মারুফ নামের যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করলে পুলিশ অন্যদের আটক করে এবং তাদের দেয়া তথ্যানুযায়ী মরদেহটি উদ্ধার করে।

  • দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

    দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

    ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর বেলা ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর এখানে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।

    সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন পশ্চিম জোন-১ এর জোনাল চেয়ারম্যান মরহুম এম আব্দুর রহিম।

    এসময় মিত্রবাহিনীর এই অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার ফরিদ ভাট্টি ও কর্নেল শমসের সিংয়ের নেতৃত্বে একটি চৌকস দল এম আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। এ দিনটি দিনাজপুরবাসীর জন্য একটি গৌরবের দিন। দিবসটি পালন উপলক্ষে দিনাজপুরে বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  • নেপালকে বিধ্বস্ত করে শুরু বাংলাদেশের মেয়েদের

    নেপালকে বিধ্বস্ত করে শুরু বাংলাদেশের মেয়েদের

    সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে বিধ্বস্ত করেছে নেপালকে।

    বাংলাদেশের বিশাল জয়ে বড় অবদান তহুরা খাতুনের। তিনি ৩২, ৬৯ ও ৭২ মিনিটে গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন। অনচিং মগিনি দুটি গোল করেন ১৩তম মিনিট ও প্রথমার্ধের বাড়িয়ে দেয়া সময়ে। অন্য গোলটি করেছেন মনিকা চাকমা ১১ মিনিটে।

    দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। মঙ্গলবার বাংলাদেশ খেলবে ভুটানের বিরুদ্ধে। একই দিন নেপালের প্রতিপক্ষ ভারত।

  • ট্রাম্পকে পুতিনের ধন্যবাদ

    ট্রাম্পকে পুতিনের ধন্যবাদ

    মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর দেয়া তথ্যের ভিত্তিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে রেহাই পেয়েছে রাশিয়া।যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি।

    রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের কাজান গীর্জায় আত্মঘাতী হামলা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।

    এফএসবির এক বিবৃতিতে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক সাতজন সমর্থককে গ্রেফতারের কথা জানানো হয়।

    শনিবারেই হামলাটি করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। সিআইএর কাছ থেকে তথ্য পেয়ে পরিকল্পনা বানচাল করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

    হোয়াইট হাউস ও ক্রেমলিন নিশ্চিত করেছে, এই ঘটনার পর সন্ত্রাসী হামলা বিষয়ে আগাম তথ্য দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

    দুই প্রেসিডেন্টের ফোনালাপের সময় রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে সবসময় সন্ত্রাসী হুমকি বিষয়ক তথ্য জানাবে রাশিয়া।

    হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনা ঘটার আগেই সন্ত্রাসীদেরকে আটক করা গেছে। না হলে এই হামলায় বহু মানুষ নিহত হবার আশঙ্কা ছিল।

    রোববার ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী দল পিটার্সবার্গের গীর্জা ও অন্যান্য স্থানে বিস্ফোরন ঘটানোর লক্ষ্যে কাজ করছিলো।

    রাশিয়ান সংবাদ সংস্থা ইতার-তাস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ তে ১৮টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করার কথা জানিয়েছে এফএসবির পরিচালক আলেক্সান্দার বোর্তনিকভ।

  • জনি হত্যা : ৮ মাসেও তদন্তে অগ্রগতি নেই

    জনি হত্যা : ৮ মাসেও তদন্তে অগ্রগতি নেই

    যুবদল নেতা জনি হত্যাকাণ্ডের প্রায় ৮ মাস পেরিয়ে গেছে, তবে মামলার তদন্তে অগ্রগতি নেই। হত্যায় জড়িত সম্ভাব্য বেশ কয়েকজন আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়ে জামিনে আত্মগোপনে রয়েছেন। সিসি ক্যামেরায় হত্যার দৃশ্য ধরা পড়লেও নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ছাড়া সিলগালা করায় কয়েকদিন বন্ধ থাকলেও পুনরায় চালু হয়েছে পরীবাগের সাকুরা বার।

    মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, হত্যার পরপরই ৫২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরবর্তিতে তাদের মধ্যে বেশ কয়েকজন জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। খুব শিগরিরি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

    চলতি বছরের ২৪ এপ্রিল রাত ১২টার দিকে রাজধানীর শাহবাগ থানার পরীবাগে পর্যটন কর্পোরেশন পরিচালিত সাকুরা বারে যুবদল নেতা জনি (৩৫) ওরফে বাবা জনিকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় একদল হামলাকারী জনিকে পেটাতে পেটাতে বার থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে এবং বারের সামনে ফাঁকা জায়গায় তাকে হত্যা করে পালিয়ে যায়। বারের ভেতরে এসব কার্যক্রমের দৃশ্য সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে। পরে পুলিশ বারের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে।

    হত্যার ঘটনায় পুলিশ বারের ক্যাশিয়ার মাজহারুল ইসলাম নয়ন ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ ৫২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং সাকুরা বার সিলগালা করে দেয়।

    নিহত জনি মুন্সীগঞ্জের সিরাজদীখানের রাজনগরের আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি ঢাকার কল্যাণপুর এলাকার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া ওই ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। শাহবাগ এলাকায় ফুলের ব্যবসা করতেন তিনি। কল্যাণপুরের ১১ নম্বর রোডের ৫২/এ নম্বর বাসায় স্ত্রীর নাম মর্জিনা বেগমসহ মীম (১৫) ও আয়েশা মনি (৭) নামে দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।

    হত্যাকাণ্ডের পরদিন সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা দায়ের করেন নিহত জনির স্ত্রী মোছাম্মত মর্জিনা বেগম। মামলার এজাহারে সাকুরা বারের কর্মকর্তা মাহবুবকে প্রধান করে ২০-২২ জনকে আসামি করা হয়। মামলার এজহারে পূর্ব পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

    joni-(2)

    এ ব্যাপারে নিহত জনির ভাই নয়ন আহমেদ বলেন, জনি চাঁদাবাজ ছিল না। শাহবাগে ফুলের ব্যবসার পাশাপাশি যুবদলের রাজনীতি করত। আগামীতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করছিল। এ কারণে জনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যুবদলের কোন্দলের জের ধরেই জনিকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে যুবদলের নেতাদের হাত থাকতে পারে। রাজনৈতিক কারণেই সাকুরায় গিয়েছিল জনি।

    ওই ঘটনায় আটক অর্ধশতাধিক ব্যক্তির জবানবন্দি এবং সিসি টিভির ফুটেজ দেখে সাকুরার ২১ কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করার কথাও জানিয়েছিলেন পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ ২১ জনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন। আদালত প্রত্যেকের বিরুদ্ধে তিনদিনের রিমান্ডও মঞ্জুর করেন।

    গ্রেফতার ২১ আসামি হলেন- মাহবুব হোসেন, শফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, আতিকুল ইসলাম, খায়রুল ইসলাম, মো. নাসির, মনির হোসেন, আব্দুর রহিম, লোকমান মিয়া, মো. শরিফুল, মো. শহীদ, মো. পলাশ প্রধান, মো. জুয়েল, আক্তার হোসেন, জুলু মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. মেহরাজ রাজু, মো. গিয়াসউদ্দিন, মো. রুহুল আমিন রানা, মো. নূরে আলম জিকু। তারা সবাই সাকুরার বয়, ওয়েটার ও সিকিরিটি কর্মকর্তা-কর্মচারী। জনির মৃত্যুর পরপরই তাদের আটক করে থানায় নেয় পুলিশ।

    এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার পরিদর্শক (ইন্সপেক্টর- অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক তদন্তে ও পারিপার্শ্বিকতায় ২১ জন আসামি পরস্পর যোগসাজশে ওই ঘটনা ঘটিয়েছে বলে সত্যতা পাওয়া গেছে। আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বেশ কয়েকজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। কিন্তু পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশে গ্রেফতার আসামিরা জামিন পায়। জামিন পাবার পর থেকে গা ঢাকা দিয়েছে।

    তিনি আরও বলেন, আমাদের তদন্ত চলছে। কয়েকজন আসামিকে আমরা খুঁজছি। তাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করতে পারলেই তদন্ত শেষ করা যাবে। আশা করছি আমরা দ্রুতই মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব।