Author: banglarmukh official
-

রোহিঙ্গা শিশুদের কলেরা থেকে রক্ষায় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ
কক্সবাজার জেলার ১২টি আশ্রয় শিবির এবং মিয়ানমার সীমান্তের কাছে অস্থায়ীভাবে বসবাসরত ৬ সপ্তাহ থেকে ৬ বছর বয়সী রোহিঙ্গা শিশুদের কলেরা ও অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের টিকা দান কর্মসূচি মঙ্গলবার থেকে শুরু হয়েছে।ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং জিএভিআই ও ভ্যাসিন অ্যালায়েন্সের সহযোগিতায় বাংলাদেশ সরকার এই কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় ২ লাখ ৫৫ হাজার শিশুকে চিকিৎসা দেয়া হবে। সরকার ও স্বাস্থ্য অংশীদারগণ কলেরা চিকিৎসা ও প্রতিরোধে তাদের সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রেখেছে।বিভিন্ন সূচকে রোহিঙ্গা ক্যাম্প ও অন্যান্য স্থানে বসবাসরত রোহিঙ্গা শিশুদের অসুস্থতা বৃদ্ধির কথা উল্লেখ করে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেডার বলেন, ‘রোহিঙ্গাদের মত দুস্থ জনগণ সাধারণত: নিয়মমাফিক কলেরার টিকা গ্রহণ করে না।’স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, এই রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার সম্ভাব্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কলেরার অব্যাহত প্রাদুর্ভাবে সরকারের অনুরোধে হু, ইউনিসেফ ও অন্যান্য স্বাস্থ্য অংশীদারগণ দ্রুত সাড়া দেয় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। -

পারমাণবিক শক্তি জোরদারের নির্দেশ কিম জং উনের
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশের পারমাণবিক শক্তি জোরদারের নির্দেশ দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা (কেসিএনএ) জানায়, মিউনিশন’স ইন্ডাস্ট্রির অষ্টম সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এ নির্দেশনা দেন। দু’দিনব্যাপী এ সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। কেসিএনএ’র খবরে বলা হয়, এ শীর্ষ নেতা আশা প্রকাশ করে বলেন যে জাতীয় প্রতিরক্ষা শিল্পের বিজ্ঞানী ও সামরিক ইন্ডাস্ট্রির কর্মীরা গুনগত মান ও সংখ্যার দিক থেকে পারমাণবিক শক্তিকে জোরদার করবে।
এ ব্যাপারে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান হচ্ছে পারমাণবিক শক্তির দিক থেকে দেশটিকে নতুন করে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়া। সিনহুয়া। -

পেটে গজ রেখে সেলাই: ক্ষতিগ্রস্ত মাকসুদা ৯ লাখ টাকা পাবেন
পটুয়াখালীতে একটি ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের শিকার মাকসুদা বেগমকে ৯ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাউফলের নিরাময় ক্লিনিকে হওয়া এই ঘটনায় অস্ত্রোপচারকারী ভুয়া চিকিৎসক রাজন দাসকে ৫ লাখ টাকা এবং বাকি টাকা দেবে বাউফলের নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষ।বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেয়।আগামী ১৫ জানুয়ারির মধ্যে ওই টাকা ক্ষতিগ্রস্ত মাকসুদা বেগমকে পরিশোধ করতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন সামসাদ।একটি জাতীয় দৈনিকে গত ২২ জুলাই ‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হল গজ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন গত ২৩ জুলাই আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা। -

নেকড়ের সঙ্গে সালমান খানের লড়াই!
সিনেমার পর্দায় দর্শকদের আনন্দ দিতে কত কসরতই তো করেন তারকারা। কিন্তু তাই বলে সত্যিকারের নেকড়ের সাথে লড়াইয়ের মতো দুঃসাহস কেউ করেন? কেউ না করলেও এমন দুঃসাহস করেছেন বলিউড ভাইজান খ্যাত তারকা সালমান খান।
তার নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’- এর একটি দৃশ্য ছিলো নেকড়ের সঙ্গে লড়াইয়ের। সেই দৃশ্যের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পরিচালক আলি আব্বাস জাফর। তিনি বলেন, ভেবেছিলেন প্রযুক্তির মাধ্যমেই সেই দৃশ্যটি করবেন। কিন্তু দর্শকদের কাছে যেনো খুঁত না থাকে তার জন্যে প্রযুক্তির নেকড়ে নয়, দৃশ্যায়নের জন্যে বন্দোবস্ত করা হয়েছিলো একেবারে জীবন্ত রক্ত পিপাসু নেকড়ে।
অস্ট্রিয়ার তুষার ঢাকা সে জঙ্গলে কয়েকটি নেকড়ের ব্যবস্থা করেছিলেন অ্যাকশন দৃশ্যের পরিচালক টম স্ট্রাথার। এই দৃশ্যধারন সম্পর্কে ছবির পরিচালক আলী আব্বাস জাফর বলেন, ‘বলিউডের রুপালি পর্দায় এ ধরনের অ্যাকশন দৃশ্য প্রথমবারের মতো দেখবেন দর্শক। জীবন্ত নেকড়ের সঙ্গে অ্যাকশন দৃশ্য করে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে অন্যস্থানে নিয়ে গেলেন সালমান।’
আগামী ২২ ডিসেম্বরে রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি। ছবিটিতে একজন ভারতীয় গোয়েন্দা এজেন্টের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে।
-

ঢাকা সিটিতে মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ : সাঈদ খোকন
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫০০ স্কয়ার ফিটের ফ্লাটের কোনো হোল্ডিং ট্যাক্স লাগবে না। মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে তা মওকুফ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকার মুক্তিযোদ্ধা ও ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, যে সব বীর মুক্তিযোদ্ধারা আমাদের ছেড়ে চলে যাবেন, তাদের জন্য জুরাইন কবরস্থানে জায়গা সংরক্ষিত রয়েছে। আজিমপুর কবরস্থানেও যদি প্রয়োজন হয়, সেখানেও জমি বরাদ্দ দেয়া হবে।
এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা ঢাকার বিভিন্ন রাস্তার নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে করাসহ গ্যাস ও বিদ্যুতের বিল মওকুফের দাবি জানান। জবাবে সাঈদ খোকন বলেন, গ্যাস ও বিদ্যুৎ সিটি কর্পোরেশনের অধীনে না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন মেয়র।
তিনি বলেন, ঢাকা সিটির দক্ষিণে এখন ৯০ শতাংশ রাস্তাই ব্যবহারের উপযোগী, এছাড়া শতভাগ রাস্তায় এলইডি লাইট লাগানোর কাজ শেষ হয়েছে। দক্ষিণের পথচারীদের সুবিধার্থে ১০০ পাবলিক টয়লেট নির্মাণ করার কথা জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ইতোমধ্যে ১১টি টয়লেট উদ্বোধন হয়েছে। আরও ৩০টি টয়লেট উদ্বোধনের প্রক্রিয়াধীন।
উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ (বীর উত্তম), মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আমীর হোসেন প্রমুখ।
-

ভারত-ইংল্যান্ডের ‘নতুন অ্যাশেজ’
ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ কোনটি? সবাই এক বাক্যে বলবেন, শতবর্ষী পুরোণো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ। অ্যাশেজ কি একাই মাঠ কাঁপাচ্ছে?
ক্রিকেটে নতুন আরেক অ্যাশেজের জন্ম হচ্ছে। জনপ্রিয়তার নিরিখে যেটি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের সমান কাতারেই দাঁড়িয়ে গেছে। সেই দ্বৈরথটা হলো ভারত আর ইংল্যান্ডের টেস্ট সিরিজ।
চাহিদার কথা মাথায় রেখে নতুন এফটিপিতে অ্যাশেজের আদলেই টেস্ট সিরিজ রাখা হয়েছে ভারত আর ইংল্যান্ডের। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে চার বছরে এই দুই দল দুটি পাঁচ টেস্টের সিরিজ খেলবে। অ্যাশেজের পর এটিই একমাত্র সিরিজ যেটি পাঁচ টেস্টের হবে।
নতুন এফটিপিতে চার টেস্টের সিরিজ আছে মাত্র তিনটি। এর মধ্যে দুটিই ভারত আর অস্ট্রেলিয়ার। একটি ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে।
-

চলে গেলেন গেইল-ম্যাককালাম
শুধু বিপিএল কেন, বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সেরা আকর্ষণ থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। বরাবরের মত এবারও বিপিএলে তিনি খেলেছেন। প্রথম থেকে না হলেও টুর্নামেন্টের কয়েক ম্যাচ যাওয়ার পরই তিনি এসে যোগ দেন রংপুর রাইডার্সের সঙ্গে।
শুধু ক্রিস গেইলই নন, এবারের বিপিএলে অন্যতম আকর্ষণ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড, এভিন লুইস, পাকিস্তানি আফ্রিদি, মোহাম্মদ আমির কিংবা হাসান আলিরা।
শেষ পর্যন্ত ক্রিস গেইলই হলেন নায়ক। শেষ তিন ম্যাচে ২টি সেঞ্চুরিসহ মোট ৪৮৫ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি। শুধু তাই নয়, ফাইনালের মত মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একা ক্রিস গেইলের হাতেই শেষ হয়ে গেছে আগেরবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ৬৯ বলে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংসে রেকর্ড গড়লেন ১৮টি ছক্কা মেরে।
গেইলের একার রানই কেবল করতে পেরেছিল ঢাকা। তাদের ইনিংস শেষ হয়েছিল ১৪৯ রানে। গেইল তাণ্ডবের সামনেই উড়ে গেলো ঢাকা। চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স।
রংপুরকে চ্যাম্পিয়ন করার পর একদিনও ঢাকায় থাকলেন না ক্রিস গেইল। আজই চলে গেলেন তিনি। রংপুর রাইডার্সের লজিস্টিক ম্যানেজার রনি জাগো নিউজকে জানিয়েছেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে একই ফ্লাইটে নিউজিল্যান্ডে উড়ে গেলেন ক্রিস গেইল।
গেইল কেন নিউজিল্যান্ডে গেলেন? ২০ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে রয়েছেন গেইল। এ কারণেই তিনি সোজা নিউজিল্যান্ডে উড়ে গেলেন। রংপুরের আরেক ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়, জনসন চার্লস দেশে ফিরে গেছেন আজ সকালেই।
-

মার্কিন হেলিকপ্টারের জানালা খুলে পড়লো শিক্ষার্থীর ওপর
মার্কিন হেলিকপ্টারের একাংশ জাপানের ওকিনাওয়ার একটি স্কুলের সামনের মাঠে খসে পড়েছে। বুধবার হেলিকপ্টারের ওই জানালা খসে পড়ে স্কুলের একজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োদো।
ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মার্কিন বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। ঘাঁটির আশেপাশে গত কয়েক বছরে বেশ কয়েকবার দুর্ঘটনা এবং অপরাধ সংঘটিত হয়েছে। নতুনভাবে হেলিকপ্টারের জানালা খসে পড়ে একজন আহত হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জাপানের মন্ত্রি পরিষদের সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ধরনের ঘটনা কেবল স্কুলের সঙ্গে সম্পৃক্তদেরই উদ্বেগের কারণ নয়; ওকিনাওয়ার মানুষ চায়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, এটা একেবারেই দুঃখজনক ঘটনা। এখানকার বাসিন্দাদের উদ্বেগ সৃষ্টির জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি।
গত অক্টোবরে মার্কিন এক হেলিকপ্টারের ভূপাতিত হয়ে বিস্ফোরিত হয়েছে। সেই ঘটনাটি ঘটেছিল ওকিনাওয়ার উত্তরে।
সূত্র : বিবিসি
-

সাংবাদিক পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে
পাবনার ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করার মামলায় ভূমিমন্ত্রীর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল এখন জেলহাজতে।
বুধবার দুপুর ১টার দিকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের ১-নং আমলী আদালতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল জামিন নিতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
গত ২৯ নভেম্বর ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গেটে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার ৪ সাংবাদিক গুরুতর আহত হন।
এরা হলেন- সময় টিভির পাবনা প্রতিনিধি এসএ আসাদ, এটিএন নিউজ’র রিজভী জয়, ডিবিসি নিউজের পার্থ হাসান এবং ক্যামেরাপার্সন মিলন।
এ ঘটনায় ৩০ নভেম্বর ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন ডিবিসি নিউজের পার্থ হাসান।
এদিকে, ৪ সাংবাদিকের ওপর হামলা এবং তাদের আহত করার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রাখেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।
পাবনা প্রেস ক্লাব মঙ্গলবার রাতে নির্বাহী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে সিদ্ধান্ত নেয়, অবিলম্বে শিরহান শরীফসহ অন্য জড়িতদের গ্রেফতার করা না হলে প্রেস ক্লাব বৃহত্তর কর্মসূচি দেবে।
-

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান
মিয়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আগমনের ফলে বাংলাদেশের বন ও পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের অভিযোজনের ওপর মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর আহ্বানে আয়োজিত ওয়ান প্ল্যানেট সামিটে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ রোহিঙ্গা আসার ফলে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। মানবিক কারণে আমরা কক্সবাজারে ১৭৮৩ হেক্টর বনভূমিতে তাদেরকে আশ্রয় দিয়েছি। বনায়ন হুমকির মুখে পড়েছে ওই অঞ্চলে। রোহিঙ্গা সংকট আমাদের বন ও পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছে। ‘
শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, যদিও এই ঝুঁকির জন্য আমরা দায়ী নই। ‘ তিনি বলেন, ‘আমরা সীমিত সম্পদ নিয়ে জলবায়ু পরিবর্তনের পরিণতি প্রশমন ও অভিযোজন করে যাচ্ছি। ‘
শেখ হাসিনা আরো বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে প্রণীত টেকসই উন্নয়ন কৌশলের মূল স্রোতে জলবায়ু পরিবর্তন ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় জিডিপির ১ শতাংশ ব্যয় করে আসছে। ‘
সকল অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ কর্মকাণ্ডে ওয়াটার সাসটেইনেবিলিটি ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি।
এ শীর্ষ সম্মেলনে বিশ্বের প্রায় আশিটি দেশের রাষ্ট্রপ্রদান, কুটনীতিবিদ পরিবেশবিদ ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইং কিম ও ফরাসি প্রেসিডেন্ট বক্তব্য দেন। সম্মেলনের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট তা স্বাগত বক্তব্যে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস চুক্তি বাস্তবায়নে তাঁর অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর নেতৃত্বের প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে ব্যাপক প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ও বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রক্ষায় ৫০ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি বিশাল প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। তিনি বলেন, ‘উপকূলীয় এলাকার জনগণকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভাঙন এবং লবণাক্ত পানি থেকে রক্ষায় সবুজ বেষ্টনি সৃষ্টি করা হয়েছে। প্রায় ৬৭ হাজার হেক্টর জমি এসব এলাকায় বনায়নের জন্য চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আগামী পাঁচ বছরে বাংলাদেশে বনায়ন দুই শতাংশ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। ফলে বিদ্যমান বনভূমি ২২ শতাংশ থেকে প্রায় ২৪ শতাংশে উন্নীত হবে। তিনি বলেন, ‘পার্টনারদের সমর্থনসহ আমাদের নিজস্ব সম্পদ দিয়ে এই টার্গেট পূরণে আমরা প্রচেষ্টা জোরদার করব। ‘
শেখ হাসিনা জলবায়ু ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারপূরণ এবং ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।