Category: জাতীয়

  • পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল

    পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল

    আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন আয়োজন করেছে পাকিস্তানে। আর এর জের ধরে দীর্ঘ নয় বছর পর বাংলাদেশ থেকে পাকিস্তান যাচ্ছে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল ।

    আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ১৮ ডিসেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্র সচিব । এর পরদিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উল্লেখ করেন, ‘আমি ১৮ ডিসেম্বর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯ ডিসেম্বর বৈঠকে অংশগ্রহণ করবেন।’ ওআইসি’র অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনও বৈঠক হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘না, সেরকম কোনও কিছু হচ্ছে না।’

    ২০১২ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফর করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তারও আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।

    ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় এবং একাধিক যুদ্ধাপরাধীর অপরাধ প্রমাণিত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করে। এর বিরুদ্ধে পাকিস্তান সরকার এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ বিবৃতি দিলে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। তবে  বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার প্রসঙ্গ ওঠায় আলোচনা বেশিদূর এগোয়নি।

    পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১৯ ও ২০২০ সালে দুই দফা টেলিফোন করেন। চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে ইমরান খানের একটি শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়।

  • রমনা কালী মন্দিরের ভবন উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ

    রমনা কালী মন্দিরের ভবন উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ

    বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার সকালে ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেঝছেন। সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী ও কন্যাসহ মন্দিরে আসেন ভারতীয় রাষ্ট্রপতি। মন্দিরে তাদের অভ্যর্থনা জানান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

    রামনাথ কোবিন্দ ১৫ মিনিট সময় অবস্থানকালের মন্দিরের অংশটি উদ্বোধন করার পাশাপাশি পূজায় অংশ নেন। রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

     ১৯৭১ সালের ২৭ মার্চের গণহত্যার সময় রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।  বিমানবন্দরে নেমেই সেখান থেকে হেলিকপ্টার করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি। সাভার থেকে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

    সফরের প্রথম দিন বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোবিন্দ। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন।

    পরের দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ।

    তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ভারতীয় রাষ্ট্রপতি।

  • বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

    বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

    ২০২০ সালে বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসী কার্যকলাপ কমেছে, তবে একইসময়ে সন্ত্রাস-সম্পর্কিত তদন্ত ও গ্রেফতারের সংখ্যা বেড়েছে। এছাড়া ২০২০ সালে বাংলাদেশে তিনটি নির্দিষ্ট সন্ত্রাসী ঘটনা ঘটলেও তাতে কারও মৃত্যু হয়নি।

    ২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের পরিস্থিতি বিশ্লেষণ করে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম -২০২০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


    যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসবাদবিষয়ক বার্ষিক প্রতিবেদনে তুলে ধরা ২০২০ সালে বাংলাদেশে তিনটি সন্ত্রাসী ঘটনার মধ্যে রয়েছে- ওই বছরের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে পুলিশ বক্সে আইইডি বিস্ফোরণ, ৩১ জুলাই নওগাঁয় হিন্দু মন্দিরে হাতবোমা পুঁতে রাখা এবং ২৪ জুলাই গুলশানে পুলিশের মোরটরসাইকেলে আইইডি রাখার ঘটনা।

    চট্টগ্রাম ও নওগাঁর ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএসআইএস)। চট্টগ্রামে দুই পুলিশ ও একজন সাধারণ লোক আহত হলেও নওগাঁর ঘটনায় কেউ হতাহত হয়নি।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইএসআইএস বা একিউআইএসসহ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে বাংলাদেশ-ভিত্তিক সন্ত্রাসীদের অর্থপূর্ণ সম্পর্ক নেই বলে আগের বছরগুলোর মতোই জানিয়েছে বাংলাদেশ সরকার।


    সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরই বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে এমন ইতিবাচক তথ্য দিলো যুক্তরাষ্ট্র।


    পররাষ্ট্র দপ্তরের ওই বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৬ সালের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় বাংলাদেশের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ২০১৯ সালে সাত জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর এ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন।

    হলি আর্টিজানে হামলায় আইএসআইএসের প্রতি আনুগত্য রয়েছে দাবিকারী হামলাকারীরা একজন মার্কিন নাগরিকসহ ২০ জনকে হত্যা করেছিল।

    বৈশ্বিক করোনাভাইরাস মহামারিকালে আদালত পরিচালনায় সীমাবদ্ধতা বেড়ে যাওয়া এবং বাংলাদেশে গুরুতর সন্ত্রাসী হামলা মামলায় বিচারের দীর্ঘসূত্রিতার কারণে দোষী সাব্যস্ত হওয়ার হার ১৫ শতাংশ কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    এতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের প্রতি শূন্য-সহিষ্ণুতা নীতি এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার কথা অব্যাহতভাবে বলে আসছে বাংলাদেশ সরকার।

    ২০২০ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করা বাংলাদেশ সরকারের একটি নতুন জাতীয় সন্ত্রাস দমন ইউনিট এক পর্যায়ে দেশের প্রধান সন্ত্রাস দমন সংস্থা হিসেবে কাজ শুরু করে।

  • মুজিবের বাংলাদেশ’ পর্যটন লোগো অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

    মুজিবের বাংলাদেশ’ পর্যটন লোগো অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিজয় দিবস ও দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দিবস উপলক্ষে আজ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী বাংলাদেশ পর্যটনের ব্র্যান্ড নেম ‘মুজিবের বাংলাদেশ’ লোগো এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন।

    ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।


    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান। বঙ্গবন্ধু ভবনে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি।

    পরে সকাল ৮টার পর দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা নিবেদনের পর সর্বোস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

    আওয়ামী লীগ, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।


    এর আগে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।

    বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ প্রদর্শন করবে সম্মিলিত বাহিনী।

    প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

  • বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী

    বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী

    বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

    দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন।

    এর আগে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে আসেন।এরপরই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।কিছুক্ষণ পরেই জাতীকে শপথ করাতে প্রধানমন্ত্রী মঞ্চে উঠেন।এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

    বিকাল পৌনে ৫টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারা দেশের সঙ্গে যুক্ত থেকে শপথ বাক্য পাঠ করান।দেশের সব বিভাগ/জেলা/উপজেলা স্টেডিয়াম/মহান বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা শপথে অংশ নেন।

    এদিকে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়েছে। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত থাকছেন।

    বিজয় দিবসের দিনে দেশবাসীকে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের যে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী- নিচে তা দেওয়া হলো:

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

    আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।

    মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

    লাল-সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই পাঠ করেছেন এই শপথ

  • বরিশালের ১৫ কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত

    বরিশালের ১৫ কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত

    সারা দেশের মতো বরিশালও অনুষ্ঠিত হয়েছে ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। সকল কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    পিএসসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জি.এম সাইফুল ইসলাম জানান, বরিশালে ১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১৪ হাজার ৩৮৪ জন।

  • ফের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

    ফের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

    কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক আব্দুল হাকিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।

    এর আগে শুক্রবার দুপুরে ওই চার আসামিকে আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি।

    গত শনিবার এ মামলায় ইকবালসহ চারজনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • আটকে থাকা সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট শুরু

    আটকে থাকা সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট শুরু

    নানা জটিলতায় আটকে থাকা সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট শুরু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক শেখ মাহবুব-এ-রাব্বানী।

    তিনি বলেন, রোববার (১০ অক্টোবর) গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি থেকে প্রিন্টিংয়ের কাজ শুরু হয়েছে। কুরিয়ারে আমরা আমাদের আউটলেটগুলোতে পাঠিয়ে দেব, আবেদনকারীর মোবাইলে এসএমএস চলে যাবে। এরপর তারা এসে ওই কার্যালয় থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করবেন। তবে গ্রাহকের হাতে লাইসেন্স পৌঁছাতে আরও দুই একদিন লাগবে বলেও জানান তিনি।

    খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা আবেদন করছেন, নির্ধারিত তারিখেই তাদের লাইসেন্স সরবরাহ করছে বিআরটিএ। পাশাপাশি দীর্ঘদিন আটকে থাকা সাড়ে ১২ লাখের মতো লাইসেন্সও আগামী ছয় মাসের মধ্যে গ্রাহকদের হাতে তুলে দেওয়ার কথা বলছে সরকারি সংস্থাটি। এরই মধ্যে লাইসেন্স প্রিন্টের প্রক্রিয়া শুরু করেছে বিআরটিএ।

    এর আগে, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড সরবরাহকারী হিসেবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান টাইগার আইটি ২০১৯ সাল থেকে নিজেদের গুটিয়ে নেয়। এরপর বেশ ভালোই বিপাকে পড়ে বিআরটিএ। তবে কর্তৃপক্ষ দাবি করছে, এ সংকট আর থাকছে না। নতুন আবেদনকারীরা যথাসময়েই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন। মাদ্রাজ নামক একটি প্রতিষ্ঠান চুক্তি অনুসারে সেটি সরবরাহ করছে।

    এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছিলেন, ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে। এটা দ্রুত করার জন্য ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি, চুক্তিও হয়েছে। অক্টোবর থেকে প্রিন্টিং শুরু হবে। আশা করি, ছয় মাসের মধ্যে সব লাইসেন্স সরবরাহ করতে পারবো।

    এরই মধ্যে সেই কার্যক্রম শুরুর খবর দিল বিআরটিএ।

  • কিউকমের বিপণন প্রধান আরজে নীরব রিমান্ডে

    কিউকমের বিপণন প্রধান আরজে নীরব রিমান্ডে

    প্রতারণার অভিযোগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুয়ামূন কবির নীরব ওরফে আরজে নীরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

    শুক্রবার (৭ অক্টোবর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে শুক্রবার ভোরে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নীরবকে গ্রেফতার করা হয়।

    এর আগে ৩ অক্টোবর রাতে গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রাখার অভিযোগে কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

    গ্রেফতারের পরদিন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলন জানিয়েছিলেন, রাজধানীর পল্টন থানায় এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন।

    সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে ডিবি মতিঝিল বিভাগ গ্রেফতার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে রাখা হয়েছে।

    তিনি বলেন, করোনাকালে অনলাইনভিত্তিক ই-কমার্স ব্যবসার দ্রুত প্রসার ঘটায় কিউকম অনলাইনে ব্যবসা শুরু করে। অনেক ক্রেতা কিউকমে মালামাল অর্ডার করে পণ্য না পাওয়ায় প্রতারিত হন। এক ভুক্তভোগী কিউকমে মালামাল অর্ডার করে পণ্য না পাওয়ায় তার অভিযোগের প্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা করেন। এরপর গোয়েন্দা মতিঝিল বিভাগ মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করে।

    বাংলাদেশ ব্যাংক গত জুন মাসে এসক্রো সিস্টেম চালু করায় ক্রেতার টাকা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে চলে যায়। কিউকমের পেমেন্ট গেটওয়ে ছিল ফোস্টার। কিউকমে ক্রেতা পণ্য অর্ডার করলে ক্রেতার পেমেন্ট চলে যায় ফোস্টারের কাছে।

    কিউকম ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিয়ে চালানসহ ডকুমেন্ট ফোস্টারে জমা দেয়। ফোস্টারের পক্ষ থেকে ক্রেতাকে ফোন করার মাধ্যমে পণ্য বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিউকমকে টাকা দেয় তারা। ক্রেতা পণ্য বুঝে না পেলে ফোস্টার কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের প্রুফ অব ডেলিভারির নির্দেশনা মোতাবেক কিউকমের টাকা আটকে দেয় ফোস্টার। যার ফলে ক্রেতা পণ্য কিংবা টাকা কোনোটিই পায় না।