Category: জাতীয়

  • বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

    বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

    বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাতীয় সংসদে নেমে এসেছে অন্ধকার। সংসদ অধিবেশন শুরুর পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যাওয়া পরও সেখানে লাইন দিতে না পারায় সংসদের বেশির ভাগ রুম অন্ধকারে ছেয়ে যায়। তবে জেনারেটরের মাধ্যমে সংসদ অধিবেশন সোয়া এক ঘণ্টা চলার পর বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় তড়িঘড়ি করে সংসদের অধিবেশন মুলতবি করা হয়।

    মঙ্গলবার বিকেল ৫টায় সংসদ অধিবেশন চলার পনের মিনিট আগে বিদ্যুৎ চলে যায়। সেই অবস্থাতেই অধিবেশন শুরু হয়। পরে বিদ্যুৎ আসলেও সংসদে লাইন দেয়া যাচ্ছিল না। লাইন দিলেই কেটে যাচ্ছিল। এরপর ঘণ্টা খানেক অধিবেশন চলার পর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদের সব কাজ স্থগিত করে বুধবার বিকেল ৫টা পর্যন্ত বৈঠক মুলতবি করেন।

    এ বিষয়ে পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমাদের সংসদ চলে মেঘনা ঘাটের ৪০০ মেঘাওয়াট বিদ্যুৎগ্রিডের মাধ্যমে। কিন্তু সেখানে কারিগরি সমস্যা দেখা দেয়ায় সংসদের বিদ্যুৎ বন্ধ রয়েছে। এজন্য সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে।’

    সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণ পর তা আসলেও সংসদের লাইন দেয়া যাচ্ছিল না। বার বার কেটে যাচ্ছিল। এজন্য এখন আর লাইন দেয়ার সাহস পাচ্ছেন না কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষা করে লাইন দেয়া হবে।

    সংসদের চিফ হুইপ ও ডেপুটি স্পিকারের কার্যালয়ের কয়েকটি রুম ঘুরে দেখা গেছে তারা মোবাইলের লাইন দিয়ে জরুরি কাজ করছেন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদের বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।

  • আওয়ামীলীগ ও বিএপির প্রার্থী চুড়ান্ত

    আওয়ামীলীগ ও বিএপির প্রার্থী চুড়ান্ত

    আগামী সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে সব কয়টি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও সাবেক ক্ষমতাসীন দল বিএনপি দফায় দফায় বিভিন্ন সংস্থা এবং দলীয় বুদ্ধিজীবি ও সুধীমহল দিয়ে একাধিক জরিপের পর ৩০০আসনে প্রার্থী প্রাথমিক ভাবে চুড়ান্ত করেছে। প্রার্থী চুড়ান্তের ক্ষেত্রে দিনীতি অবলম্বন করা হয়েছে।

    এক দলগত ভাবে, দুই জোটগতভাবে। দলগতভাবে যেসব প্রার্থী চুড়ান্তকরা হয়েছে নিম্নে তার তুলে ধরা হল: ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী ৫ থেকে এবং একই আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ মনোনয়ন পাচ্ছেন তা নিশ্চিত।

    এ দু নেতার কোন প্রতিদন্ধিও নেই। নোয়াখালী ১ আসনে ক্ষমতাসীন দলের একাধীক মনোনয়ন প্রত্যাশী থাকলেও বিএনপিতে একক প্রার্থী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। সামগ্রীক বিবেচনায় এই আসনে আওয়ামীলীগ বর্তমান সংসদ সদস্য এ এইচএম ইব্রাহিমের মনোনয়ন চুড়ান্ত করেছেন। নোয়াখালী ২ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী জয়নাল আবেদিন ফারুক, তার প্রতিদন্ধি কোন প্রার্থী বিএনপিতে নাই। কিন্তু এ আসনে আওয়ামীলীগের অন্তত অর্ধডজন মনোনয়ন প্রত্যাশী।

    বর্তমান সংসদ সদস্য বয়সের ভারে নতজানু মোরশেদ আলম দলীয় মনোনয়ন চাইলেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং জনগনের সাথে সম্পর্ক তৈরীতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন হাতছাড়া হয়ে যায়। এখানে শক্তিশালী বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন ফারুককে মোকাবেলায় আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিকের মনোনয়ন নিশ্চিত করেছে। নোয়াখালী-৩ আসনে বিএনপির বরকত উল্ল্যাহ বুলুর ও আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের মনোনয়ন নিশ্চিত।

    নোয়াখালী-৪ আসনে, আওয়ামীলীগের একরামুল করিম চৌধুরী ও বিএনপির মোঃ শাহাজাহানের মনোনয়ন নিশ্চিত। নোয়াখালীল দ্বিপ উপজেলার নোয়াখালী ৬ আসন হাতিয়ায় আওয়ামীলীগের মোহাম্মদ আলী ও বিএনপির ফজলুল আজিমের মনোনয়ন নিশ্চিত বলে জানা গেছে। বিভিন্ন সূত্রমতে জোটগত নির্বাচন হলে নোয়াখালীতে কোন সংসদীয় আসন ১৪ দল বা ২০ দলের কোন শরীক দল পাওয়ার সম্ভবনা নেই। বড় ধরনের কোন অঘটন বা পরিবর্তন না ঘটলে আগামী সংসদ নির্বাচনে উল্লিখিতনেতারা আওয়ামীলীগ ও বিএনপির হয়ে পরস্পর পরস্পরের বিরুদ্ধে নির্বাচন করবেন।

  • নৌপথে নির্বাচনী বার্তা নিয়ে দক্ষিণাঞ্চল আসছে কেন্দ্রীয় আওয়ামীলীগ

    নৌপথে নির্বাচনী বার্তা নিয়ে দক্ষিণাঞ্চল আসছে কেন্দ্রীয় আওয়ামীলীগ

    এবার দক্ষিণাঞ্চলে নৌ পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নেতৃত্বে দক্ষিণাঞ্চলে নির্বাচনী সফর উপলক্ষে লঞ্চযাত্রা শুরু হবে। তবে বরিশালে নয়, নির্বাচনী সভা, সমাবেশ, পথসভা হবে বরগুনা ও পটুয়াখালীতে।

    এ উপলক্ষে সাজ সাজ রব পড়েছে এই দুটি জেলায়। পটুয়াখালীতে সম্বলিতভাবে আওয়ামীলীগ নেতা কর্মীরা সমাবেশকে সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেও দলীয় কোন্দলে জর্জরিত বরগুনায় এখনও গুমোট অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ‘নীলসাগর এক্সপ্রেস’ট্রেনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী গণসংযোগ শেষের পর ওবায়দুল কাদের জানান, ১৩ সেপ্টেম্বর নৌপথে বরিশাল বিভাগে গণসংযোগ উপলক্ষে রওনা হবেন।

    দক্ষিণাঞ্চলে আওয়ামীলীগ নেতৃবৃন্দর নৌ যাত্রার কথা স্বিকার করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। তবে তিনি জানান বরিশালে নয়, পটুয়াখালী ও বরগুনা সফরে আসছেন সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা ১৪ সেপ্টেম্বর পটুয়াখালী ও বরগুনায় নির্বাচনী সমাবেশ করবেন।

    বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান রিন্টু জানান, নেতৃবৃন্দ ১৩ সেপ্টেম্বর রাতে সুন্দরবন-৯ লঞ্চে আসবেন। তিনিও তাদের সফর সঙ্গী হিসাবে থাকবেন। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর উপলক্ষে সাজ সাজ রব পড়েছে পটুয়াখালী ও বরগুনায়। পটুয়াখালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর জানান, তারা একটি বড় কর্মী সমাবেশের আয়োজন করবেন।

    আজ সোমবার সকালে জেলা আওয়ামীলীগের জরুরী সভা আহবান করা হয়েছে। সভায় কর্মী সমাবেশের স্থান নিয়ে আলোচনা হবে। তিনি জানান, এই মুহুর্তে বৃস্টিতে মাঠগুলো পানিতে ডুবে আছে। তাই স্থান নির্ধারণ নিয়েই এই সভা।

    তিনি জানান, ১৪ সেপ্টেম্বর সকালে নেতৃবৃন্দ পটুয়াখালী এসে নাস্তা করে বরগুনা যাবেন। সেখানে সমাবেশ ও জুমার নামাজ পরে পটুয়াখালী আসবেন। পটুয়াখালরি সমাবেশ শেষ করে ঐ দিন রাতেই তারা একই লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

  • জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করতে চায় বিএনপি

    জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করতে চায় বিএনপি

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করতে চায়।

    নির্বাচনকালীন সরকার সম্পর্কে সেতুমন্ত্রী তিনি বলেন, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। এ সরকারে কোন টেকনোক্রেট সদস্য থাকবে না এবং আকারে ছোট হবে।

    ওবায়দুল কাদের আজ রাজধানীর সচিবালয়ে নিজ মন্ত্রালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভার সদস্য কতজন হতে পারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সংখ্যক সদস্য নিয়ে মন্ত্রীসভা গঠিত হয়েছিল তার সে সংখ্যক সদস্য নিয়ে গঠিত হতে পারে।

    আগামী নির্বাচনে আওয়ামী লীগের জোটের সমীকরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে জোটের সমীকরণ এক ধরনের হবে, আর না এলে আরেক ধরনের হবে। তারা নির্বাচনে এলে জোটের আসন বন্টন ও সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক মেরুকরণের ওপর আওয়ামী লীগের জোটের সমীকরণ নির্ভর করছে। যেভাবে রাজনৈতিক মেরুকরণ হবে সেভাবে আমাদের জোটেরও সমীকরণ হবে।

    দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির ঐক্যকে জাতীয় ঐক্য না বলে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য বলাই ভালো।

    কাদের বলেন, বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন। এটাকে তারা রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনীতি করতে চাইছে। তার অসুস্থ্যতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা মানুষকে তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে চাচ্ছে।

    বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্য করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নিজেদের ঘরেই কোন ঐক্য নেই। তাদের এক নেতা অপর নেতাকে সরকারের এজেন্ট বলে উল্লেখ করে। যাদের নিজেদের ঘরেই ঐক্য নেই তারা কিভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে?

    খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেবে না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের হুমকি আর তাদের তর্জন গর্জনই সার। বিএনপির আন্দোলনের বার্তা হচ্ছে যারা দশ বছরে আন্দোলন করতে পারে নি, তারা আগামী দু’মাসেও পারবে না।

    আগামী নির্বাচনে আওয়ামী লীগের জোটের সমীকরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে জোটের সমীকরণ এক ধরনের হবে, আর না এলে আরেক ধরনের হবে। তারা নির্বাচনে এলে জোটের আসন বন্টন ও সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক মেরুকরণের ওপর আওয়ামী লীগের জোটের সমীকরণ নির্ভর করছে। যেভাবে রাজনৈতিক মেরুকরণ হবে সেভাবে আমাদের জোটেরও সমীকরণ হবে।

    আওয়ামী লীগের ঢাকা-নীলফামারী ট্রেনযাত্রার সমালোচনা করে কয়েকটি গণমাধ্যমের খবরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গণমাধ্যমের একটি অংশের ভূমিকা উস্কানীমূলক ছিল। আর বিএনপির আন্দোলনের মাঠে না থাকলেও গণমাধ্যমের ওই অংশটি তাদের উস্কানি দিয়েছে।

    তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা দলীয় কর্মসূচি শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনে করে থাকি। কিন্তু বিএনপি নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে যে সভা-সমাবেশ করে সেখানে কি মানুষের দুর্ভোগ হয় না। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে যে সমাবেশ করেছে সেখানে মানুষের দুর্ভোগ হয় নি? সে বিষয়ে তো তারা কোন সংবাদ প্রকাশ করেননি।

    দেশের রাজনীতিতে বিদেশী কূটনৈতিকদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধানের আওতার মধ্যে কূটনৈতিকদের প্রয়াস যতটা সহনীয়, ততটাই আমরা গ্রহণ করি। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। সংবিধানের বাইরে কেউ কোন আচারণ করলে সেটা কোনো গণতান্ত্রিক দেশ মানে না।

    তিনি বলেন, আমাদের দেশের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ন না হয়, সে রকম প্রয়াস কূটনীতিকরা যাতে না চালান সেটাই আমরা প্রত্যাশা করি।

    দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃনমূলে তুলে ধরতে আওয়ামী লীগের আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে পটুয়াখালী ও বরগুনা এবং ২২ সেপ্টেম্বর সড়কপথে চট্টগ্রামে যাওয়ার কর্মসূচি আছে।

  • জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে: পরিকল্পনামন্ত্রী

    জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে: পরিকল্পনামন্ত্রী

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তিনি এও বলেন, এ বিষয়ে আমি বলার কেউ নই, ইসিই সিদ্ধান্ত নেবে।

    মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    পরিকল্পনামন্ত্রী বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, ত্রুটিমুক্ত, বিশ্বাসযোগ্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর করতে দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে পরিকল্পনা কমিশনে প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার প্রকল্পটি আগামী ১৮ সেপ্টেম্বর একনেক সভায় উপস্থাপন করা হবে।

    আসন্ন জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে জানিয়েছে তিনি আরও বলেন, সেই লক্ষ্য নিয়ে প্রকল্পটি একনেক সভায় তোলা হবে অনুমোদনের জন্য। আমাদের এক দিন না একদিন ইভিএম এ যেতে হবে। এটা মেকানিক্যাল ব্যাপার তাই সবার ট্রেনিং দরকার। সেজন্য জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে আমি বলার কেউ নই, ইসিই সিদ্ধান্ত নেবে।

  • সাংবাদিকদের মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ কাল

    সাংবাদিকদের মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ কাল

    সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরা তাদের মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ঘোষিত ৯ম ওয়েজ বোর্ডের ডিএর ফাইলে স্বাক্ষর করেছেন। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, এর আগে গত চলতি বছরের ২১ মার্চ সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সংবাদকর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। ওইদিন পিআইবির সেমিনার কক্ষে ওয়েজ বোর্ড চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম মালিকপক্ষ ও সংবাদকর্মী, উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে এ ঘোষণা দেন।

    এর আগে ২০১২ সালের জুনে সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল। এর কয়েক মাস পর ৫০ শতাংশ মহার্ঘ ভাতার সুপারিশ করেছিল ওই বোর্ড। যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছিল। আগের ওয়েজ বোর্ড গঠনের প্রায় ৫ বছর ৭ মাস পর গঠন করা হয় এই নবম ওয়েজ বোর্ড।

    প্রসঙ্গত, ২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিকদের সংগঠনগুলো। এই দাবিতে দীর্ঘ দিন কর্মসূচিও পালন করে তারা।

  • দশম জাতীয় সংসদের ২২তম বৈঠক অনুষ্ঠিত।

    দশম জাতীয় সংসদের ২২তম বৈঠক অনুষ্ঠিত।

    দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে আয়োজিত দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি’র ২২তম বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

    উক্ত সভায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি, শেখ সেলিম এমপি, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ এমপি, বিরোধী দলীয় সংসদ উপনেতা রওশন এরশাদ এমপি, ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী মোফাজ্জল হক।

  • কথা দিয়েছিলাম, আপনার কাছেই প্রথম আসবো: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    কথা দিয়েছিলাম, আপনার কাছেই প্রথম আসবো: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাংলাদেশে আসবেন। সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে তিনি বলেন, ‘কথা দিয়েছিলাম, আপনার কাছেই প্রথম আসবো’।

    এর আগে বিকেল পৌনে ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    জানা যায়, ২০১০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। প্রায় ৪৭৭ কোটি টাকার এ প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।

    আখাউড়া-আগরতলা রেলপথ মোট ১৫ কিলোমিটার। এরমধ্যে আগরতলা অংশে পাঁচ কিলোমিটার আর বাকি ১০ কিলোমিটার আখাউড়া অংশে।

  • ঝুঁকিপূর্ণ কারখানার সংখ্যা ১৬৩টি : বাণিজ্যমন্ত্রী

    ঝুঁকিপূর্ণ কারখানার সংখ্যা ১৬৩টি : বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক, রাজউক/সিডিএ/কেডিএ এর সদস্য ও বুয়েট এর সদস্যদের সমন্বয়ে গঠিত রিভিউ প্যানেল ১৬৩টি কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে সোমবার প্রশ্নোত্তর পর্বে মো. মামুনুর রশিদ কিরণের (নোয়াখালি-৩) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    বাণিজ্যমন্ত্রী জানান, চিহ্নিত ঝুঁকিপূর্ণ ১৬৩টি কারখানার মধ্যে ইতোমধ্যে ৩৯টি কারখানা বন্ধ ও ৪৭টি কারখানাকে আংশিক বন্ধ করা হয়েছে। বাকি কারখানাগুলোর সংস্কার কাজ চলছে।

    বর্তমানে একর্ড এর সংস্কার কার্যক্রমের অগ্রগতির হার ৮৬ শতাংশ এবং এলায়েন্সের হার ৯০ শতাংশ বলে জানান তিনি।

    মন্ত্রী বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১৩ সালের ২৪ নভেম্বর ইউরোপীয় ক্রেতা সংগঠন একর্ড, উত্তর আমেরিকার ক্রেতা সংগঠন এলায়েন্স ও জাতীয় উদ্যোগের আওতায় তিন হাজার ৭৮০টি কারখানার এসেসমেন্ট সম্পন্ন করেছে।

    রফতানির তুলনায় আমদানি তিন গুণ দাবি নাকচ করলেন বাণিজ্যমন্ত্রী : 

    সরকার দলীয় সদস্য সামশুল আলম চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমাদের অর্থনীতি চমৎকার গতিতে এগুচ্ছে। ২০৪১ সালের মধ্যে আমাদের রফতানি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

    রফতানির তুলনায় আমদানি তিন গুণ বেশী এমন দাবি নাকচ করে দিয়ে তোফায়েল আহমেদ বলেন, কথাটি সত্য নয়। ২০১৭-১৮ অর্থবছরে দেশের আমদানির পরিমাণ ছিল ৫৮ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার এবং রফতানির পরিমাণ ছিল ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। উক্ত অর্থবছরে আমদানিতে রফতানির অবদান ছিল ৬৯ দশমিক ২৫ ভাগ।

    তিনি আরও বলেন- চীন, ভারত ও সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা প্রায় ৬ বিলিয়ন ডলার রফতানি করি, কিন্তু ওই দেশটি আমাদের দেশে এক বিলিয়ন ডলারও রফতানি করতে পারে না। ইউরোপীয় ইউনিয়নে আমরা প্রায় ২০ বিলিয়ন ডলার রফতানি করি, সেক্ষেত্রে তারা আমাদের দেশে এক বিলিয়ন ডলারও রফতানি করতে পারে না। সে কারণে বাণিজ্য ঘাটতি থাকলেই যে খারাপ এটা বলা যাবে না। পাশ্ববর্তী দেশ হওয়ার কারণে চীন ও ভারত থেকে বেশি পণ্যে আমদানি হয়। কিন্তু এখন চীনে তৈরি পোশাকসহ অনেক কিছু রফতানি করি।

    মেগাপ্রকল্পের কারণে আমদানি ব্যয় বেড়েছে : 

    সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভোক্তার সক্ষমতা বাড়ার কারণে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। খাদ্যশস্য আমদানি ও সরকারের অগ্রাধিকারভুক্ত মেগাপ্রকল্পের কারণে দেশে আমদানি ব্যয় বেড়েছে।

    তিনি বলেন, বাণিজ্যঘাটতি বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। গত বছর বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় ঘাটতিপূরণে বিপুল পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। সরকারের বড় বড় কয়েকটি প্রকল্প, বিশেষ করে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প ও পায়রা বিদ্যুৎ প্রকল্পের জন্য যন্ত্রপাতি ও প্লান্ট আমদানির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে।

    ২৩ সেপ্টেম্বর ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন : 

    নবী নেওয়াজের (ঝিনাইদহ-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দুই দেশের পণ্যে বিক্রির উদ্যোগ হিসেবে বর্ডার হাট বসানো হয়। সরকার আরও কয়েকটি জায়গায় বর্ডার হাট বসানোর পরিকল্পনা করছে। আগামী ২৩ সেপ্টেম্বর ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসবেন। ওই সফরেই বর্ডার হাটের বিষয়টি উপস্থাপন করা হবে।

  • আপনি জিতুন, আমরা আসব: মমতা বন্দোপাধ্যায়

    আপনি জিতুন, আমরা আসব: মমতা বন্দোপাধ্যায়

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে মমতা বলেন, ‘আপনি জিতুন, আমরা আসব।’

    সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    অনুষ্ঠানের শেষের দিকে ভিডিও কনফারেন্সে মমতা ব্যানার্জী শেখ হাসিনাকে পূজোর শুভেচ্ছা জানান। শেখ হাসিনাও মমতা বন্দোপাধ্যায়কে জন্মাষ্টমী ও পূজার শুভেচ্ছা জানান। এ সময় শেখ হাসিনা মমতাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি জিতুন, আমরা আসব।’

    জানা যায়, ২০১০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। প্রায় ৪৭৭ কোটি টাকার এ প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।

    আখাউড়া-আগরতলা রেলপথ মোট ১৫ কিলোমিটার। এরমধ্যে আগরতলা অংশে পাঁচ কিলোমিটার আর বাকি ১০ কিলোমিটার আখাউড়া অংশে।