Category: জাতীয়

  • খালেদাকে মানহানির মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

    খালেদাকে মানহানির মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

    মানহানির একটি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতে আবেদন করা হয়েছে।

    বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নবীর আদালতে এ আবেদন করেন মামলার বাদী এবি সিদ্দিকী।

    আবেদনে তিনি বলেন, এ মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি অন্য মামলায় কারাগারে আছেন। তাই তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হোক। শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান।

    প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ এবং মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে এই মানহানির মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

  • বিএনপির জোটে ফাটল! আসছে বিএনজেপি জোট

    বিএনপির জোটে ফাটল! আসছে বিএনজেপি জোট

    জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি) এর নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে ২০ দলীয় ঐক্যজোট। জোটে থাকছেন বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা শরীকদের একাংশ। আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানা গেছে। বিএনজেপি’র চেয়ারম্যান মো. ফয়েজ চৌধুরী নতুন জোট গঠনের বিষয়ে নিশ্চিত করেছেন।

    ২০ দলীয় জোটে থাকা শরীক দলের মধ্যে জামায়াত ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের নেতারা দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) অনেক দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা রয়েছেন। সেসব দলের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে ২০ দলীয় ঐক্যজোট।

    জোটে এলডিপি, বিজেপি, এনপিপি, ইসলামী ফন্ট, পিডিপি, লেবার পার্টি, জাতীয় নাগরিক মঞ্চ, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামিক ঐক্যজোট, বিডিপি, খেলাফত মজলিস, বিএনডেপিসহ বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ফয়েজ চৌধুরী।

    তিনি বলেছেন, বিএনপি জোটে শীর্ষ নেতাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাদের জোটে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। খুব শিগগিরই তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট ত্যাগ করবেন। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আমাদের জোটে আসার জন্য।

    তিনি বলেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রত্যাখ্যান করেছেন। বিএনপির নেতৃত্ব ছেড়ে বিএনজেপি জোটে যোগদান করবেন। মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ গড়াই হবে এই জোটের মূল লক্ষ্য।

    ফয়েজ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জোট দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জোটের নেতৃত্ব দেবে বিএনজেপি।

    তিনি বলেন, আমরা চাই একটি টেকসই গণতন্ত্রের জন্য আগামী দিনে একটি শান্তিপূর্ণ আন্দোলন করতে। আর এই শান্তিপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেবে বিএনজেপি, বিএনপি নয়। আপনারা জানেন বিএনপি ইতিপূর্বে অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে, তাদেরকে জনগণ চিরতরে প্রত্যাখ্যান করেছে। তাই আমি বিএনপির এ কর্মকাণ্ডের জন্য তাদের নেতাদের বিচার দাবি করছি।

  • প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেয়া হবে

    প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেয়া হবে

    শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জানিয়েছেন, প্রশ্নফাঁস ঠেকাতে পর্যায়ক্রমে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) তুলে দেওয়া হবে।

    সোমবার জাতীয় সংসদে প্রশ্ন ফাঁস ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, এমসিকিউ প্রশ্ন পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। তাহলে প্রশ্নফাঁসের সুযোগ থাকবে না। এসময় একটি চক্র প্রশ্নফাঁস করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

    এসময় সংসদে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস এখন স্বাভাবিক হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণের বাইরে। চরম ব্যর্থতা বলব না। মনে হয় সাহসী সৎ নিষ্ঠাবান লোক সেখানে নেই। তিনি বলেন, শিক্ষা বোর্ড দুর্নীতির আখড়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ করতে পারে না। সৎ নিষ্ঠাবান লোক খুঁজে বের করে দায়িত্ব দেওয়া উচিত। কোচিং ব্যবস্থাও দায়ী। এটা চিরতরে বন্ধ করে দেওয়া উচিত।

    এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে বিভিন্ন কৌশল নেয়ার পরও এই পর্যন্ত সব বিষয়েরই এমসিকিউ প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই ফেসবুকসহ ইন্টারনেটে ফাঁস হয়েছে। এর আগে শিক্ষা সচিবও প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

    উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কড়া হুশিয়ারি এবং প্রশ্নপত্র ফাঁস করার যারা হোতা, যারা এর সঙ্গে সম্পৃক্ত সে ধরনের যারা অপরাধীদের ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণাতেও রোধ করা যায়নি প্রশ্নফাঁস।

  • বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেফতার

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেফতার

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ও বংশাল থানা বিএনপির সভাপতি আবদুর রাজিব এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি মারুফ হোসেন সরদার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন নাশকতার ঘটনায় রমনা থানার একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।

  • ইন্টারপোলের রেড নোটিশে গ্রেফতার হচ্ছেন তারেক রহমান

    ইন্টারপোলের রেড নোটিশে গ্রেফতার হচ্ছেন তারেক রহমান

    খালেদা জিয়ার সঙ্গে দুর্নীতির একই মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেয়া হয়েছে ১০ বছরের সশ্রম কারাদণ্ড। অন্যদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও তিনি আসামি। ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার আরও বড় সাজা হবে।

    এ প্রসঙ্গে বিএনপির এক সিনিয়ার নেতা বলেন, সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় মামলায় জর্জরিত তারেক রহমানের পক্ষে দেশে আসা অসম্ভব। কারণ, এলেই তিনি গ্রেফতার হবেন। তিনি গ্রেফতার হলেও আমরা তাকে ছাড়িয়ে আনার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারব না, তা খালেদা জিয়ার কারাগারে যাওয়ার ঘটনায় প্রমাণিত।
    বর্তমানে তারেক রহমান ফেরারি আসামি। ফলে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ হাতে নিয়েছে ইন্টারপোল। পুলিশ সদর দফতরের ন্যাশনাল কাউন্সিলিং ব্যুরো (এনসিবি) সূত্রে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজাপ্রাপ্ত তিন আসামিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হচ্ছে।

    এ প্রসঙ্গে এনসিবি’র সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহীউল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা আইন মন্ত্রণালয়ে বিচার বিশ্লেষণ করে পলাতক আসামিদের বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। ওই সিদ্ধান্ত পুলিশ সদর দফতরের এনসিবিতে পাঠানোর পর, আমরা সেটি ফ্রান্সে ইন্টারপোলের সদর দফতরে পাঠিয়ে দেবো। রেড নোটিশ জারির চুড়ান্ত সিদ্ধান্ত ইন্টারপোলের সদর দফতর থেকেই দেয়া হবে।

    অপরদিকে, লন্ডনে বাংলাদেশ হাই-কমিশনে হামলায় মদদের অভিযোগে গ্রেফতার হতে পারেন খালেদার ছেলে তারেক রহমান। খালেদা গ্রেফতারের আগের দিন বুধবার তারেকের নেতৃত্বে একদল বিক্ষোভকারী লন্ডনে বাংলাদেশ হাই-কমিশনে স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলা চালান। কিছু আসবাবপত্র ভাঙ্গার পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেয়াল থেকে নামিয়ে মাটিতে ফেলে মাড়ায় বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ এই অরাজকতা চলার পরে পুলিশ এসে বিক্ষোভ ভেঙে দেয়। বিএনপি’র এক নেতা নাসির আহমেদ শাহিনকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড।

    তিনিই পুলিশকে জানান, তারেকের নির্দেশেই তারা বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনার পরে বাংলাদেশ হাই-কমিশন তারেক রহমানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে লন্ডন পুলিশের কাছে লিখিত অভিযোগ করে।

    বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, বিদেশি দূতাবাসে হামলার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। প্রধান আসামি তারেক রহমানকে গ্রেফতারের কথা বিবেচনা করছে পুলিশ।
    ফলে এক দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ইন্টারপোলের রেড নোটিশে গ্রেফতার এবং অন্যদিকে লন্ডনে অরজকতার মামলায় গ্রেফতারের সম্ভাবনা সৃষ্টি। সর্বোপরি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত হয়ে সাজাপ্রাপ্ত হলে তারেকের রাজনৈতিক ক্যারিয়ারেরই যবনিকাপাত হয়ে যাবার সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

  • মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবে সরকার- শিল্পমন্ত্রী

    মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবে সরকার- শিল্পমন্ত্রী

    গোয়েন্দা সংস্থাগুলো মাদক ব্যবসায়ীদের তালিকা করছে জানিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘সব গোয়েন্দা সংস্থার তালিকা সমন্বয় করে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’

    সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন, ‘তুলনামূলক অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ ও চুরি উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থাৎ এক্ষেত্রে আইন-শৃঙ্খলার যথেষ্ট উন্নতি সাধন হয়েছে।’
    শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা বিশেষভাবে মাদকের ব্যাপারে কনসার্ন। মাদক পাচার, মাদক ব্যবসায়ী, গডফাদার-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া তালিকার ভিত্তিতে মোট ৮৬০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এরমধ্যে ১৮৮ জন জেল হাজতে আছে। তারপরেও এটার ব্যাপারে আরও তৎপর হওয়ার প্রয়োজন। সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আগামীতে তৎপরতা আরও বৃদ্ধি পাবে।’

    গত ডিসেম্বর মাসে মাদকসেবী, মাদক ব্যবসায়ী মিলে মোট ১০ হাজার ১২৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে আমু বলেন, ‘সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। সব গোয়েন্দা সংস্থা থেকে মাদক ব্যবসায়ীদের লিস্ট তৈরি করা হচ্ছে। সব গোয়েন্দা সংস্থার তালিকা সমন্বয় করে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’

    ‘আমরা মাদকের বিষয়ে জোর দিচ্ছি। জঙ্গি ব্যাপারটা মোটামুটি একটা নিয়ন্ত্রণের পর্যায়ে আছে। মাদকটা যাতে আর বিস্তার লাভ করতে না পারে সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করেছি।’
    কমিটির সভাপতি বলেন, ‘আমরা কতগুলো কর্মপন্থা নিচ্ছি। জনগণকে সম্পৃক্ত করা, সব স্কুল কলেজের শিক্ষকদের সম্পৃক্ত করতে চাই। তারা যাতে ক্লাসে এ বিষয়ে বক্তব্য দেন। মসজিদে খুৎবার আগে বয়ানে যাতে ইমাম সাহেবরা মাদকের ক্ষতির জিনিসটা তুলে ধরেন। যাতে একটা সামাজিক বিপ্লব হয়। এগুলো যাতে কার্যকর হয় সেজন্য মনিটরিংও করা হবে।’

    ২০১৬ সালের জুলাই থেকে এ পর্যন্ত জঙ্গিবিরোধী মোট ৩২টি বড় অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে আমির হোসেন আমু বলেন, ‘অভিযানে ৭৮ জন নিহত হয়েছেন। শীর্ষ জঙ্গি গ্রেফতার হয়েছেন ৬৪ জন, ভিকটিম উদ্ধার হয়েছেন ১০৩ জন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৮ জন। নিহতদের মধ্যে পুলিশ ৬ জন, র‌্যাব একজন ফায়ার সার্ভিসের একজন রয়েছেন।’

    তিনি বলেন, ‘২০১৩ সাল থেকে এ পর্যন্ত জঙ্গি অভিযানে নিহত, হত্যা চেষ্টা, বোমা হামলা ইত্যাদি নিয়ে মোট ৮০টি মামলা হয়েছে। এরমধ্যে চারটি মামলার বিচার শেষ হয়েছে। চার্জশিট হয়েছে ২৮টি মামলার। প্রায় সব মামলার রহস্য উদঘাটিত হয়েছে।’

    গত ডিসেম্বরে দেশে ১৬ হাজার ৫৪২টি মামলা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, ‘এরমধ্যে উদ্ধারজনিত যেমন- অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, বিস্ফোরক উদ্ধার মামলা ৮ হাজার ৭৭৫টি। যা মোট মামলার ৫৩ শতাংশ।’

    আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • অরাজক পরিস্থিতি সৃষ্টির শাস্তি ৭ বছর করে দ্রুত বিচার বিল পাস

    অরাজক পরিস্থিতি সৃষ্টির শাস্তি ৭ বছর করে দ্রুত বিচার বিল পাস

    যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, সম্পত্তি বিনষ্ট, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির শাস্তি বাড়িয়ে দ্রুত বিচার আইনের সংশোধনী বিল পাস করেছে সংসদ।

    রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনের বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার সংশোধন) আইন -২০১৮’ বিলটি কন্ঠভোটে পাস হয়। বিলটি পাসের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

    এরআগে বিলের ওপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

    ২০০২ সালে প্রণীত প্রণীত বিলটি ২০১৪ সালে সংশোধীত হয়। বিদ্যমান সে আইনের ৪ ধারায় নতুন সংশোধনী এনে অপরাধের শাস্তি ৫ বছরের পরিবর্তে ৭ বছর করার প্রস্তাব করা হয়েছে। বিলে বিদ্যমান আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লেখিত পাঁচ বছরের পরিবর্তে সাত বছর শব্দগুলি প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। এছাড়া বিলে বিদ্যমান আইনের ধারা ৮ এর উপ-ধারা (২) এ উল্লেখিত সরকার বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে উক্ত আদালতের বিচারক নিযুক্ত করবে শীর্ষক নতুন (২) উপ-ধারা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে।

    বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে, চাঁদাবাজি, যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র ক্রয়-বিক্রয় গ্রহণের প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন ইত্যাদি বিভিন্ন ধরণের গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃ্খংলা পরিস্থিতির অধিকতর উন্নতির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (২০০২ সনের ১১ নং আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। উক্ত আইনে শাস্তির পরিমাণ কম থাকায় আইনটি সময়োপযোগী করা এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অধিকতর উন্নতির লক্ষ্যে এ আইনে নির্ধারিত শাস্তির পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন।

    গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ বিল: এছাড়া গতকাল সংসদে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৮’ ও ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৮’ নামের বিল দু’টি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এসব মহানগরীর জন্য স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন ও তা পরিচালনার জন্য বিধান প্রণয়নের লক্ষ্যে পৃথকভাবে দু’টি বিল উত্থাপন করা হয়। পরে বিল দু’টি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

  • ডিভিশন পেলেন খালেদা

    ডিভিশন পেলেন খালেদা

    আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জেলকোডের বিধান অনুযায়ী ডিভিশন (প্রাপ্য প্রথম শ্রেণীর সুবিধা) দেওয়া হয়েছে।

    রবিবার সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান।

    এর আগে, বিএনপির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে রবিবার সকালে খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দেন আদালত।

  • বগুড়ায় ঝুলছে জিয়া অরফানেজ ট্রাস্টের সাইনবোর্ড

    বগুড়ায় জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটি সাইনবোর্ড ঝুলছে। বগুড়া শহর থেকে ১২ কিলোমিটার দূরে গাবতলী উপজেলার সদর ইউনিয়নের তরফসরতাজ গ্রামের দাড়াইল বাজারের তরফসরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জিয়া অরফানেজ ট্রাস্টের সাইনবোর্ডটি দেখা যায়। সাইনবোর্ডের খুঁটি দুটি পুরনো হলেও বোর্ডের লেখাটি নতুন রং করা। কারা এই সাইনবোর্ডটি লাগিয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।

    গাবতলীর দাড়াইল বাজারের বাসিন্দাদের কাছে সাইনবোর্ড সম্পর্কে জানতে চাইলে তারা কেউ কিছু বলতে পারেনি। স্থানীয় বাসিন্দারা অনেকেই এড়িয়ে যান। নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানান, প্রায় সাড়ে ৯ বিঘা জমির ওপর সাইনবোর্ডটি টানানো হয়েছে। সাইন বোর্ডের নিচে জমির মধ্যে চাষবাস করা হয়েছে। সরিষার চাষ চলমান রয়েছে। ধান চাষের পর তার ফলন ঘরে তোলার চিহ্ন রয়েছে। কিছু জমিতে বেগুন ও বীজতলা রয়েছে। বেশকিছু জমি পতিত রয়েছে। জমির দুই দিক ফাঁকা।

    স্থানীয়রা বলছেন, ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানের নামে বগুড়ার গাবতলী উপজেলায় দাড়াইল মৌজায় স্থানীয়দের কাছ থেকে প্রায় ৯ বিঘা জমি ক্রয় করা হয়েছে। তৎকালীন বিএনপির এক এমপি এই জমি ক্রয় করেন। কিন্তু এরই মধ্যে প্রায় ২৪ বছর পার হতে চললেও সেখানে একটি সাইনবোর্ড ছাড়া আর কিছুই করা হয়নি। সময়ের ব্যবধানে সাইনবোর্ড মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। পরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার মাসখানেক আগে সেখানে আরেকটি নতুন সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। গাবতলীর তরফসরতাজ গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মুসা আলম জানান, ৪৭ হাজার টাকা দিয়ে ৩২ শতাংশ জায়গা কিনেছিলাম। সেই জায়গা একরকম জোরপূর্বক দলিল করে নিয়ে প্রতি শতকের দাম ১ হাজার করে দিয়েছে তৎকালীন উপজেলা প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা ও বিএনপির নেতা-কর্মীরা। কিন্তু জমিটি কার নামে দলিল করা হয়েছে তা তিনি বলতে পারেননি। তবে তিনি জানান, এই জায়গার ওপর একটি এতিমখানা করা হবে বলে তাকে জানানো হয়।

  • বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

    বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

    জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

    কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ও বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশন।

    শনিবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    রায়ের প্রতিবাদে শুক্রবার ও শনিবার সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি।

    উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

    এছাড়া একই মামলায় বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

    একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন আদালত।

    রায়ের পর পরই খালেদা জিয়াকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের লালদালানখ্যাত ২২৮ বছরের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।