Category: জাতীয়

  • ঢাবির ঘটনায় যারাই জড়িত থাক আইনের আওতায় আনা হবে

    ঢাবির ঘটনায় যারাই জড়িত থাক আইনের আওতায় আনা হবে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য কার্যালয়ে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বুধবার বেলা ১১টায় রাজধানীর মা‌নিক মিয়া এভিনিউয়ে বিআর‌টিএ’র মোবাইল কোর্ট প‌রিদর্শনকা‌লে এ কথা জানান তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা খতিয়ে দেখা হবে জানিয়ে ওবায়দুল কা‌দের ব‌লেন, উপাচার্যকে অবরুদ্ধ ক‌রে হামলার চেষ্টা হ‌য়ে‌ছি‌ল। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার ক‌রে‌ছে।

    তিনি জানান, উবার, স্যাম, পাঠাও এসব নতুন প্রযুক্তির প‌রিবহন সু‌বিধাগু‌লোর বিষয়ে নী‌তিমালা পাস হ‌য়ে‌ছে। এতে সিএন‌জি অটোরিকশায় মিটার ব্যবহা‌রের প্রবণতা বাড়‌বে।

  • ঢাবিতে ছাত্রলীগ যা করেছে তা আওয়ামী লীগের চরিত্র’

    ঢাবিতে ছাত্রলীগ যা করেছে তা আওয়ামী লীগের চরিত্র’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ যা করেছে তা আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে কবর জিয়ারত করতে গিয়ে বুধবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

    ফখরুল অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রমাণ করে, এটিই আওয়ামী লীগের চরিত্র। দেশের সব জায়গায় ছাত্রলীগ এমন করছে।

    এর আগে, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • মেয়েকে এপিএস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

    মেয়েকে এপিএস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

    কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার কন্যা বেগম কানিজ ফাতেমাকে (চৈতী)। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।  প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কানিজ ফাতেমাকে নিয়োগ দেওয়া হয়েছে।

  • জাবি ছাত্র জুবায়ের হত্যায় ৫ জনের ফাঁসি বহাল

    জাবি ছাত্র জুবায়ের হত্যায় ৫ জনের ফাঁসি বহাল

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট।

    বুধবার দুপুরে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    এর আগে, এই মামলায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত।

    মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদ ছাত্রলীগের কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তিনি মারা যান। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

    একই বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

  • টানা ধর্মঘটে বরিশালে ২ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা

    টানা ধর্মঘটে বরিশালে ২ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা

    ১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের টানা ধর্মঘটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের ২ সহস্রাধিক বেসরকারী স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। এই দাবিতে শিক্ষক-কর্মচারীরা পর্যায়ক্রমে মানববন্ধন, মিছিল, সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করায় বাধ্য হয়ে গত ২২ জানুয়ারী থেকে টানা ধর্মঘট শুরু করেন তারা।

    এদিকে ধর্মঘটের কারণে বরিশালে বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যার ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

    বরিশাল বিভাগীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল জানান, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। সরকার তাদের দাবি মেনে নিলেই ক্লাশে ফিরবেন তারা।

  • অ্যাকশনে মেয়র আরিফ, ‘ধরলেই’ খরচ ১০ গুণ

    সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনের আগে নগরীকে জলাবদ্ধমুক্ত করতে ছড়া-খাল দখলমুক্তকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তাঁর প্রতিশ্রুতিতে আস্থা রেখে ভোট দিয়েছিলেন নগরবাসী। মেয়রের চেয়ারে বসে ছড়া-খাল দখলমুক্ত করতে অভিযানও শুরু করেছিলেন আরিফ। কিন্তু কিবরিয়া হত্যা মামলায় তিনি প্রায় দুই বছর কারান্তরীণ থাকায় থমকে গিয়েছিল সে অভিযান। তবে এ সময়ের মধ্যে নগরীর ছড়া-খাল রক্ষায় সিলেট সিটি করপোরেশনের ইতিহাসে সবচেয়ে বড় ২৩৬ কোটি ৪০ লাখ টাকার প্রকল্প পাস হয় একনেকে।

    গেল বছরের জানুয়ারিতে আরিফ কারামুক্ত হওয়ার পর ছড়া-খাল উদ্ধার বা দখলমুক্তকরণের দিকে তেমন মনোযোগ দেননি। তবে সিটি নির্বাচনের কয়েক মাস আগে ছড়া-খাল দখলমুক্ত করতে এবার জোরেশোরে মাঠে নেমেছেন তিনি, দিয়েছেন হুঁশিয়ারিও।

    সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে বা যারা নগরীর ছড়া-খাল দখল করে রেখেছেন, ছড়া-খালের মধ্যে স্থাপনা নির্মাণ করেছেন, তাদেরকে এসব স্থাপনা ভেঙে ফেলতে হবে।

    আরিফ বলছেন, ‘ছড়া-খালের মধ্যে নির্মিত স্থাপনা যদি দখলদাররা স্বেচ্ছায় সরিয়ে নেন, তবে তাদেরকে বাড়তি ব্যয় বইতে হবে না। স্থাপনা ভাঙতে নিতে যা ব্যয় হয়, তা-ই বহন করতে হবে। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় অবৈধ স্থাপনা না ভাঙেন, তবে সিটি করপোরেশন নিজ উদ্যোগে সেগুলো ভাঙবে। এক্ষেত্রে দখলদারকে নিজে ভাঙলে যে খরচ করতে হতো, তার ১০ গুণ বেশি খরচ বহন করতে হবে।’

    খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর ছড়া-খাল উদ্ধারে ২০০৯ সালে ১১ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছিল সিসিক। পরবর্তীতে ২০১৩ সালে ২০ কোটি টাকার আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু এ উভয় প্রকল্পেই উপকার হয়নি তেমন। সর্বশেষ ২০১৬ সালের ২২ ডিসেম্বর নগরীর ছড়া ও খাল উদ্ধারের জন্য ২৩৬ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এর মধ্যে সরকার থেকে বরাদ্দ ২০০ কোটি ৯৪ লাখ টাকা এবং বাকি ৩৫ কোটি ৪৫ লাখ টাকা সিসিকের নিজস্ব তহবিলের। সম্প্রতি এ প্রকল্পের জন্য দুটি দরপত্র আহ্বান করে সিসিক। এর একটি ১১ কোটি টাকা ব্যয়ে ছড়া-খাল খনন, অপরটি ১৭০ কোটি টাকা ব্যয়ে ছড়া-খালে রিটেইনিং ওয়াল নির্মাণ। আগামী বছরের শেষ সময় পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ রয়েছে।

    এ প্রকল্পের আওতায় রয়েছে সিলেট নগরীর মালনী ছড়া, গোয়ালী ছড়া, গাভীয়ার খাল, মুগনী ছড়া, কালীবাড়ী ছড়া, হলদি ছড়া, যুগনী ছড়া, ধোপা ছড়া, বুবি ছড়া, বাবু ছড়া, রত্নার খাল, জৈন্তার খাল ও বসুর খাল। এসব ছড়া ও খালে ২৬ দশমিক ৯৬ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল, পাঁচ কিলোমিটার ইউটাইপ ড্রেন ও সাড়ে তিন কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ এবং ১০ কিলোমিটার ছড়া ও খাল খনন করা হবে।

    সিসিকের প্রকৌশল শাখার তথ্যানুসারে, নগরীর ১৩টি ছড়া ও খাল দখল করে এক হাজারেরও বেশি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বাসা-বাড়ি, বহুতল ভবন, কমিউনিটি সেন্টার, ক্লিনিক, বিপণিবিতান প্রভৃতি। খোদ সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারির কিছু অংশ নির্মাণ করা হয়েছে ছড়ার ওপর!

    মেয়র আরিফ বলছেন, নগরীর ছড়া ও খাল দখলমুক্ত করা হবে। এজন্য এগুলোর প্রকৃত গতিপথ নির্ণয় করা প্রয়োজন।

    তিনি বলেন, ‘‘অবৈধ স্থাপনা নির্মাণ করে ছড়া ও খালের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আমরা ছড়া ও খালের গতিপথ নির্ণয় করব। এজন্য মালিকপক্ষের একজন ও সিটি করপোরেশনের একজন রেখে ছাপ্পান্ন’র সেটেলম্যান্ট ম্যাপ অনুসারে যৌথ জরিপ করা হবে। ছড়ার উৎপত্তিস্থল থেকে নদীমুখ পর্যন্ত কাজ হবে। ২৩৬ কোটি টাকার যে প্রকল্প, তার আওতায় কাজ চলবে।’’

    মেয়র জানান, ছড়া ও খাল দখল করে নির্মিত স্থাপনার মালিকপক্ষকে সেগুলো ভাঙতে প্রথমে নোটিশ দেয়া হবে। তারা সেটি না করলে সিসিক ভাঙার পদক্ষেপ নেবে। তবে সিসিক ভাঙলে ১০ গুণ বেশি খরচ দিতে হবে।

  • ঢাকায় নিহত জঙ্গির একজন চট্টগ্রামের নিখোঁজ নাফিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত জঙ্গির একজন চট্টগ্রামের নিখোঁজ হওয়া কিশোর নাফিস উল ইসলাম। বৃহস্পতিবার ঢাকায় নিহত দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য র‌্যাব ছবি প্রকাশের পর রাতে নাফিসকে শনাক্ত করে পুলিশ ও তার পরিবার।

    চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ন কবীর বলেন, নাফিস নিখোঁজ হওয়ার জিডি তদন্ত করতে গিয়ে মাদারবাড়ি জঙ্গি আস্তানার সন্ধান মেলে। বৃহস্পতিবার রাতে নাখালপাড়ায় নিহত জঙ্গিদের সনাক্ত করতে র‌্যাব নাফিসের ছবি প্রকাশ করলে নাফিসের বিষয়টি জানতে পারি। তার পরিবারও নাফিসকে সনাক্ত করেছে।

    কে এই নাফিস

    ঢাকার নাখলপাড়ায় নিহত নাফিস নগরীর চকবাজার এলাকায় বড় হলেও তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম কানাইমাদারি গ্রামে। তার বাবা নজরুল ইসলামের চট্টগ্রাম কলেজ পূর্ব গেইট এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। নাফিস কাজেম আলী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। নজরুল ইসলামের দু সন্তানের মধ্যে নাফিস বড় ছিল।

    নাফিসের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১০ সালে নাফিসের বাবা-মায়ের সম্পর্কছেদ হয়। বাবা মায়ের সম্পর্কছেদের পর থেকে উদাসিন হয়ে যান নাফিস। লেখাপড়ায় মনযোগ ছিল না।  স্কুল ছুটি হলেও কখনো কখনো সন্ধ্যায় বাসায় ফিরতো। এসব বিষয় নিয়ে তাকে মাঝে মাঝে বকাঝকা করতো অভিভাবকরা। গত ৬ অক্টোবর দুপুরে বাসা থেকে বের হবার পর নাসিফ আর ঘরে ফেরেনি। চলে যাবার সময় দোকান থেকে ৬০ হাজার টাকাও নিয়ে যায়। নিখোঁজের পর তার রুম থেকে একটি মোবাইল সেট, হিজবুত তাহরীর লিখা বই ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ।

    নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, বাসা থেকে বের পর নাসিফ শেরপুর নকলায় চলে যায়। সেখানে দুই– তিনদিন অবস্থানের পর ঢাকার যাত্রাবাড়ি আসে। নভেম্বরের শেষের দিকে নগরীর সদরঘাটে এসেছিল। সদরঘাটের আস্তানায় দুই জঙ্গি সদস্য ধরা পড়ার বিষয়টি টের পেয়ে যাত্রাবাড়ির বাসা থেকে সরে পড়ে। যার কারণে যাত্রাবাড়িতে অভিযানে গিয়েও সিটিটিসির কর্মকর্তারা তার নাগাল পায়নি।

  • নির্বাচন কমিশন যোগ্য নয় : ফখরুল ইসলাম

    নির্বাচন কমিশন যোগ্য নয় : ফখরুল ইসলাম

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত হওয়া নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ইউনিয়নগুলোকে সিটিতে আনা হয়েছে, তার সীমানা নির্ধারণ করা হয়নি, ভোটার তালিকা নিশ্চিত করা হয়নি। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন যোগ্য নয়।

    শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    দেশ বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, নিশ্চিত পরাজয় জেনে সরকার যোগসাজশ করে ডিএনসিসি নির্বাচন স্থগিত করেছে।

    এর আগে, জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

  • বরিশালে ইজতেমার মাঠ পরিদর্শন করেন পুলিশ কমিশনার

    বরিশালে ইজতেমার মাঠ পরিদর্শন করেন পুলিশ কমিশনার

    জাকারিয়া আলম দিপু.

    বরিশালে শুরু হচ্ছে জেলা পর্যায়ে ইজতেমা। নগরীর নবগ্রাম সড়কের সরদারপাড়ায় ২৫ জানুয়ারি থেকে শুরু হবে এ ইজতেমা। প্রায় ১৪ একর এলাকাজুড়ে চলছে এর প্রস্তুতি।  ইজতেমার মাঠ পরিদর্শন করেন বরিশালের পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন।

    বুধবার নগরীর নবগ্রাম রোড সংলগ্ন ইজতেমার মাঠ পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ সহ পুলিশের কর্মকর্তারা ।

    আয়োজকরা জানিয়েছেন, প্রায় ৩৫ হাজার মুসল্লির স্থান হবে এ ইজতেমায়।  এখানে প্রায় আড়াই লাখ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করতে পারবেন। ইজতেমাস্থল ঘুরে দেখা গেছে, তাবলিগে আসা মুসল্লিদের থাকার জন্য নির্মাণ হচ্ছে বিশাল শেড। স্থানীয়রা নিজ উদ্যোগে মাঠ প্রস্তুতির কাজ করে যাচ্ছেন, বয়ানের জন্য স্টেজ, অজুখানা স্থাপনে বরিশাল সিটি করপোরেশন সহযোগিতা করছে।

  • ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন স্থগিত

    ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন স্থগিত

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

    বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    এর আগে, এ বিষয়ে করা পৃথক দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।

    প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা বলা হয়।