Category: ঝালকাঠি

  • মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতা

    মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতা

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।
    ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতার বিরুদ্ধে করা একটি ছিনতাই ও চুরি মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের অব্যাহতির আদেশ দেন।

    মামলার আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলা থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন,ঝালকাঠি ইকোপার্ক রক্ষা ও নদী খাল বাচাঁও আন্দোলনের সদস্য সচিব ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক খসরু নোমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন শাহীন, সোয়েবুর মোর্শেদ সোহেল, ইকোপার্ক আন্দোলনের যুগ্ম আহবায়ক মু. আল-আমিন বাকলাই, সমাজকর্মী আক্তার হোসেন, শহর যুবলীগের যুগ্মআহবায়ক কাজী মারুফ ইরান ও যুবলীগ নেতা বাদল হোসেন।

    আদলত সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র মো.লিয়াকত আলী তালুকদারের ছেলে শফিকুল ইসলাম টিটু বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন ।পুলিশ আদলেত তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় তাদেরকে অব্যাহতি দেন।

    অব্যাহতি পাওয়া ইকোপার্ক রক্ষা আন্দোলনের নেতারা বলেন,আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা একটা মামলা দায়ের করা হয়েছে। আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। আজ তা থেকে আদলত আমাদের অব্যাহতি দিয়েছে । কিন্তু মিথ্যার পরাজয় হবেই। আর সেজন্য আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি।

  • বাস উল্টে ১৭ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

    বাস উল্টে ১৭ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

    ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরো বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন আশঙ্কাবস্থায় রয়েছে। বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল।

    প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দৌড়াদৌড়ি করে উদ্ধারের চেষ্টা চালায়। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

    এ সময় ২৫ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এরমধ্যে ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। গাড়িটিকে উদ্ধার করতে জেলা পুলিশের উদ্ধারযন্ত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। এরমধ্যে এখনও কি পরিমাণ যাত্রী আছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

    সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গেলে এখন পর্যন্ত মৃত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহত আরো কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যেও মুমুর্ষূ কয়েকজনকে দেখা গেছে। গাড়ির ভিতরে কি পরিমাণ লোক আটকে আছে তা ধারণা করা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার সম্ভব হলে তখন বিস্তারিত বলা যাবে।

  • বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতালে ডিআইজি

    বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতালে ডিআইজি

    ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

    শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আব্দুল্লাহ (৮), মেহেন্দীগঞ্জ উপজেলার রিপা মনি (২), আইরিন আক্তার (২২), ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার খুশবু আক্তার (১৭), নয়ন (১৬), সালমা আক্তার (৪২), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তারেক রহমান (৪৫), ছালাম মোল্লা (৬০), খাদিজা বেগম (৪৩), শাহীন মোল্লা (২৫), সুমাইয়া (০৬), রহিমা বেগম (৬০), আবুল কালাম হাওলাদার (৪৫), রাবেয়া বেগম (৮০), সাদিয়া আক্তার (২৪), মঠবাড়িয়া উপজেলার জাহাঙ্গীর খান (৫৮)। একজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

    ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবী জানান, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

    জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করা হয়েছে।

  • হাসপাতালে লাশের সারি, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ

    হাসপাতালে লাশের সারি, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ

    ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে একটি বাস দুর্ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতালে শোকের পরিবেশ বিরাজ করছে। এ ঘটনায় শিশুসহ প্রায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।

    শনিবার (২২ জুলাই) দুপুরে হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, শনিবার সকালে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

    নিহতের এক স্বজন জানান, শনিবার সকালে নাঈমকে (৮) ডাক্তার দেখাতে বরিশালের বাসে ওঠেন বড় ভাই তারেক (৪০)। এ সময় পথে ধীরগতিতে গাড়ি চালিয়ে যাত্রী সংগ্রহে নির্ধারিত সময়ের অধিকাংশই শেষ হয়ে যায়। পরে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ওই এলাকায় গতি না কমিয়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়।

    এ সময় সেখান থেকে ১৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের মধ্যে বড় ভাই তারেক নিহত হলেও নাঈমকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফিরোজ কুতুবী জানান, বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৩০ জনকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

  • ঝালকাঠিতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ধরাছোয়ার বাহিরে আসামি

    ঝালকাঠিতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ধরাছোয়ার বাহিরে আসামি

    ঝালকাঠিতে যৌতুকের জন্য সুমাইয়া খাতুন নামে এক নারীকে নির্যাতন করেছে তার স্বামী। সুমাইয়া খাতুন বলেন, বিয়ের পর থেকে তার স্বামী তাকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন ও অত্যাচার করে আসছে। সর্বশেষ সুমাইয়া বেগম তার বাবার বাড়িতে অবস্থানকালে বিবাদী তার বাবার কাছ থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করে। সুমাইয়া বেগম যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং খাবার বন্ধ করে অনাহারে ও অর্ধাহারে রাখতে থাকে। ৫ আগস্ট ২০২২ বিবাদী সুমাইয়া বেগমের বাড়িতে আসে এবং যৌতুকের টাকা দাবি করে। ঐদিন বিকালে বিবাদী সাকিল কে নিয়ে এক বৈঠকে যৌতুকের টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করায় এবং সংসার করার কথা বললে আসামি সুমাইয়া বেগমকে নিয়ে আর সংসার করবে না এবং যৌতুক নিয়ে অন্যত্র বিবাহ করবে বলে হুমকি দেয়। বর্তমানে সুমাইয়া বেগম তার বাবার বাড়িতে পুত্র সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

    বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২৪/২০২২ মোকাদ্দমা দায়ের করলে বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সংবাদ প্রকাশ করা পর্যন্ত আসামী সাকিল আহমেদ ইয়ামীন গ্রেফতার হয়নি।দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন বাদী সুমাইয়া খাতুন।

  • ঝালকাঠিতে রাস্তায় পাওয়া গেলো যুবকের রক্তাক্ত মরদেহ

    ঝালকাঠিতে রাস্তায় পাওয়া গেলো যুবকের রক্তাক্ত মরদেহ

    ঝালকাঠিতে আব্দুল মান্নান পাটোয়ারী (৪৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্রা বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহত আব্দুল মান্নান পাটোয়ারী রাজবাড়ী জেলার মৃত আ. খালেক পাটোয়ারীর ছেলে।

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তির মরদেহ। কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • স্টাফদের অদক্ষতায় ঝালকাঠিতে জাহাজ বিস্ফোরণ-ফায়ার সার্ভিস

    স্টাফদের অদক্ষতায় ঝালকাঠিতে জাহাজ বিস্ফোরণ-ফায়ার সার্ভিস

    ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয়বার বিস্ফোরণের ১১ ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য দগ্ধ হন। এছাড়া নদীতে লাফিয়ে পড়ে আহত হন ১০ পুলিশসহ আরো ১৪ জন।

    সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিস্ফোরণ হওয়ার পর জাহাজটিতে আবারো আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের সহযোগিতার জন্য যুক্ত হয় কোস্টগার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মীরা।

    ফায়ার সার্ভিসের পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, জাহাজের স্টাফদের অসচেতনতা, অদক্ষতা ও বিচক্ষণতার অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকা-ের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্ত:মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিস এই কমিটি গঠন করে।

    ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সাগর নন্দিনী-২ এর জ¦ালানি তেল খালাসের সময় সাবমারসেবল পাম্প প্রচন্ড তাপে বিস্ফোরিত হয়ে পুরো জাহাজে আগুন লেগে যায়। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রাতেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। ফোম দিয়ে রাতভর চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিস্ফোরণে দগ্ধ পুলিশের দুই কনস্টেবলকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। আহত অন্যদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

    এদিকে বিস্ফোরণের পর রাতভর আতঙ্কে ছিলেন সুগন্ধা নদীতীরের বাসিন্দারা।

    স্থানীয়রা জানান, শহরের মধ্যেই সুগন্ধা নদীর তীরে পদ্মা ও মেঘনা কোম্পানির দুটি ডিপো রয়েছে। এতে প্রতিদিন পাঁচ-ছয়টি জাহাজ নোঙর করে জ¦ালানি তেল খালাস করে। নদীতে এভাবে একের পর এক অগ্নিকা-ের ঘটনায় ক্ষুব্ধ শহরবাসী। সুগন্ধা নদীতীরে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নৌ ফায়ার স্টশন স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা। শহরের মধ্য থেকে তেলের ডিপো সরিয়ে নেওয়া এবং নদীতে তেলবাহী একাধিক জাহাজ নোঙর করে না রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শহরের বাসিন্দারা। শহর সুরক্ষিত রাখতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নৌ ফায়ার স্টেশনেরও দাবি জানান তাঁরা।

    ঝালকাঠির বাসিন্দা প্রশান্ত দাস বলেন, এখন নদীতে প্রায়ই জাহাজ ও লঞ্চে আগুন লেগে প্রাণহানি ঘটে। আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। নদীর তীরের মানুষ রাতে ঘরে ঘুমাতে পারে না। আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়েছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই।

    স্বেচ্ছাসেবী শাকিল হাওলাদার রনি বলেন, জাহাজে বিস্ফোরণের সময় পুরো শহর প্রকম্পিত হয়ে যায়। মানুষ আতঙ্কিত হয়ে যে যার মতো করে ছোটাছুটি করে। আমরা সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছি। চর এলাকার মানুষ রাতে ঘুমাতে পারেনি। আমাদের দাবি একটাই, নদী পথকে নিরাপদ রাখতে হবে।

    কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা ল্যাফটেনেন্ট শাফায়েত বলেন, দ্বিতীয় দফায় বিস্ফোরণের সময় কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে ছিল। বিস্ফোরণ এতোটাই ভয়াবহ ছিল যে ১০০ মিটারের মধ্যে কোন উদ্ধাকারী দল পৌঁছতে পারছিল না। জ¦ালানি তেল ছড়িয়ে পড়া রোধে কাজ করেছে কোস্টগার্ড।

    এদিকে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। দুর্ঘটনায় আহত সদর হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যদের দেখতে যান তিনি। ঝালকাঠির সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণের ঘটনাস্থল দুপুরে পরিদর্শন করেছেন জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর খায়েরুজ্জামান মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল খালেক মল্লিক, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী আরো বলেন, জাহাজে দক্ষকর্মী নিয়োগ দিতে জাহাজ কর্তৃপক্ষকে বলা হয়েছে। বর্তমানে ঝালকাঠির নৌরুট নিরাপদ রয়েছে। জাহাজটিতে এখনো পেট্রোল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই তেল খালাস করার চেষ্টা করা হবে।

    জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর খায়েরুজ্জামান মজুমদার জানান, জাহাজে বিস্ফারণের ঘটনায় বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে আন্ত মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও আরো দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। জেলা প্রশাসক সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এ ঘটনায় যদি কারো দায়িত্বে অবহেলা থেকে থাকে, তদন্ত কমিটি রিপোর্ট করলে ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে ২০২২ সালের ২৪ ডিসেম্বর ভোলার কাঠিরমাথা নামক এলাকায় তুলাতলী নদীতে সাগর নন্দিনী-৩ চলন্ত অবস্থায় ডুবে যায়। তখন বেশ কয়েকজন আহত হয়। এছাড়া ২০২১ সালের ১২ নভেম্বর একই স্থানে একই কোম্পানির জাহাজ সাগর নন্দিনী-৩ বিস্ফোরণে ৫ জন নিহত হন।

  • ঝালকাঠিতে ১২ ঘণ্টা পর তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

    ঝালকাঠিতে ১২ ঘণ্টা পর তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

    ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনার ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) কর্নেল জিল্লুর রহমান।আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

    এর আগে সোমবার (৩ জুলাই) বিকেল ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ ও আহত হন।

    আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যসহ দুজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরজন বরিশালেই চিকিৎসাধীন। বাকি ১১ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে বিকট শব্দে বিস্ফোরিত হয় তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। এ ঘটনায় নিখোঁজ ছিলেন চারজন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    বিস্ফোরিত জাহাজে ডিজেল ও পেট্রোল বোঝাই ছিল ১১ লাখ লিটার। এরই মধ্যে রোববার (২ জুলাই) প্রায় সাত লাখ লিটার তেল অপসারণ করা হয়েছে। সোমবার বাকি তেল অপসারণের দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ, আহত ও নিখোঁজ হন অনেকে। এদের মধ্যে শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হওয়া আহত পুলিশ সদস্যরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শওকত জামিন (২৪) ও দীপ সমাদ্দার (২৫)। অপরজন জাহাজের সুকানি শরীফ আহমেদ (৩৫)।

  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত

    ঝালকাঠির নলছিটিতে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন।

    আজ সোমবার সকালে উপজেলার বরিশাল -ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম(৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)।

    আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

    পুলিশ জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক বরগুনার জেলার বামনা থানা থেকে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এসময় বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি যাত্রীবাহী সিএনজি প্রতাপ এলাকায় আসলে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

    এসময় সিএনজিতে থাকা চালকসহ ৪ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যান।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

  • শান্তি সমাবেশ সফল করতে নলছিটিতে যুবলীগের প্রস্তুতি সভা

    শান্তি সমাবেশ সফল করতে নলছিটিতে যুবলীগের প্রস্তুতি সভা

    আরিফুর রহমান, নলছিটি। ।
    বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এ শান্তি সমাবেশের প্রস্তুতি সভা করা হয়।

    উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ,ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক কামাল শরিফ,যুবলীগ নেতা সরোয়ার হোসেন স্বপন প্রমুখ।

    প্রস্তুতি সভার সঞ্চালনা করেন নলছিটি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু।

    সভায় বক্তারা বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি মিথ্যাচার করছে, দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

    তারা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল ও সার্থক করতে হবে।

    #

    আরিফুর রহমান
    ০১৭৩৯৫৪৮২২৫